অন্ধকার শান্তিনিকেতন এক্সপ্রেস
এই-যে কথায় কথায় বলি, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন— ভেবে দেখেছ, এটা মিথ্যে কথা? এবং সর্বনেশেও?
শান্তিনিকেতন এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে। লোকপ্রিয়। কোথায় যায়? বোলপুর। অবশ্য স্টেশনটির নাম বোলপুর শান্তিনিকেতন।
যায় না। তবু ট্রেনের নাম শান্তিনিকেতন এক্সপ্রেস কেন? তুমি পছন্দ করেছিলে, তাই। বোলপুর এক্সপ্রেস? না। তোমাকে খুশি করার জন্যই তো নামকরণে রবীন্দ্র-অনুষঙ্গ টেনে এনে তখন প্রশ্রয় দেওয়া হয়েছিল ফাঁপানো ভাবটাকে। অর্থাৎ সত্যের চেয়ে তুমি অধিক স্বচ্ছন্দ ছিলে নির্ভরযোগ্য অতীতে, যে-অতীতকে চলতি কথায় বলা হয়— ঐতিহ্য। ঐতিহ্য শব্দটির আভিধানিক অর্থ কী?
চলন্তিকা জানাচ্ছেন: কিংবদন্তী, বিশ্রুতি। পরম্পরাগত উপদেশবাক্য। ঐতিহাসিক কথা।
জ্ঞানেন্দ্রমোহন বলছেন: ইতিহাস পরম্পরাগত কথা; শ্রৌত; পরম্পরাগত উপদেশ বাক্য। আরেকটি অর্থ— প্রমাণ।
হরিচরণের সিদ্ধান্ত: পরম্পরাগত উপদেশ; যাহার নির্দিষ্ট বক্তা নাই, তাদৃশ উপদেশ (প্রবাদ)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যের বাঁধনটাকে বেশ-একটু আলগা করে দিলেন। এই-যে কথায় কথায় বলি, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন— ভেবে দেখেছ, এটা মিথ্যে কথা? এবং সর্বনেশেও? বলতে কী, এমন অসম মেলবন্ধন হয় না।
আধুনিকতাকে ভেতর থেকে, একটু একটু করে, নষ্ট করাই ঐতিহ্যের কাজ। বা, বলতে পারি— ঐতিহ্যকে ধ্বংস না করে আধুনিকতা স্ফুরিত হতে পারে না। যেমন বিহারীলাল চক্রবর্তী এবং উৎপলকুমার বসু— এমন মেলবন্ধন কি সম্ভব?
কথা উঠতে পারে, এই ঐতিহ্যের স্বরূপ কী? কোন ঐতিহ্যের কথা বলছি আমি?
আমার উত্তর: উপমহাদেশে ঐতিহ্যের যে-বিস্তার এখন ঘটে চলেছে, তাতে ঐতিহ্য নিজেই আতঙ্কিত। শব্দটির অন্তরে ক্রমশ প্রবিষ্ট হচ্ছে সংস্কৃতির, পরম্পরার, ছদ্মবেশে ধর্মের ধূপগন্ধ। তার আপাত-মিষ্টতা আমাদের ধন্দে ফেলে দেয়। এই ‘নব্য ঐতিহ্য’ থেকে সতর্ক দূরত্ব রক্ষা সাহিত্যের এখন একটি বড়ো কাজ।
তুমি ভেবেছিলে— থাক-না একটু ঐতিহ্য। তাতে যদি হালকা এক-আধটু অলঙ্কার প্রয়োগ করতে হয় তো হোক! কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, এরকম আলঙ্কারিকতা কবিতার মুক্ত রপটিকে রুদ্ধ করে দিতে পারে। এবং কবিতাকে ধ্বংস করে দিতে পারে।
তবে কি সোজাসুজি, স্পষ্ট করে, কথা বলাই কবিতার কাজ? না। কবিতার অনেকগুলো কাজের মধ্যে প্রধানতম কাজ অসত্য না-বলা; 'শান্তিনিকেতন' শব্দের মধ্যে এখানে সেই অসত্যটুকু রয়ে গেছে।
বিখ্যাত সুফি দরবেশ জুনায়েদ একদিন সশিষ্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উলটো দিক থেকে গলায় দড়ি বেঁধে তার গোরুকে টানতে টানতে নিয়ে আসছিল একটা লোক। জুনায়েদ সঙ্গের মুরিদের কাছে জানতে চাইলেন— ‘দেখ তো, কে কার বাধ্য? গোরুটি মানুষের, নাকি মানুষটি গোরুর?’
মুরিদ বলল— ‘দেখাই যাচ্ছে হুজুর, গোরুটিই মানুষের বাধ্য।’
দরবেশ হাসলেন। একটা ছুরি বের হল তাঁর প্রাচীন ঝোলা থেকে। দড়িটি কুচ করে কেটে ফেলা মাত্র গোরু দে-দৌড়! দরবেশ বললেন— ‘এবার দেখ তো!’
গোরুর পিছু-পিছু 'প্রভু' তখন ছুটছে ঊর্ধ্বশ্বাসে।
তুমি ভাবছ, দড়ি তোমার হাতে। কিন্তু না। দড়ির ছিন্ন অংশ তোমার হাতে অবশ্যই রয়েছে— নেই কবিতা। ছাড়া পেতেই সে ছুটেছে অলৌকিক তৃণভূমির দিকে— অনন্তের চিরবিচরণভূমিতে। সে-জায়গাটা-যে কোথায়, এখনো শনাক্ত করা যায়নি।
কেন সে ফিরে গেল অন্তরের বিচরণভূমিতে? ফিরে গেল, কারণ, প্রথমাবধিই তুমি তাকে ভেবেছিলে পণ্য হিসেবে; যাকে দরকার মতো কাজে লাগানো যাবে। তার প্রজননক্ষমতা কাজে লাগিয়ে গোরুর বংশবৃদ্ধি করবে, তার দুধ বাছুরের মুখ থেকে ছিনিয়ে নিজে ভোগ করবে বা বিক্রি, তার শ্রমশক্তি চামড়া মাংস হাড়— সব। তার ছন্দ, অলঙ্কার, বিন্যাস, গীতিময়তা, এমনকি তার অতলতা পর্যন্ত— সব, সব। ভেবেছিলে, ছন্দের দোলায়, শব্দের ব্যবহারে, চমকে দেবে। শিঙে তেল। গলায় লাল ফিতে। হাটে তোলা মাত্র ঘাগু পাইকাররাও এক-এক করে আসবে, যেমন আসেন মিষ্টিমধুর ছন্দদোলায় আকৃষ্ট হয়ে আবৃতিকারেরা।
এখন তো তোমাকে সহ্য করতেই হবে কবিতার এই অস্বীকৃতি!
ধরো, ছন্দ। এই যন্ত্র বা উপকরণটির কর্মক্ষমতা কম নয়। সম্ভবত, মানুষের স্মৃতিতে যে সুর আর তাল আদিম কাল থেকে রয়ে গেছে সুপ্ত, সেই সুর আর তালে অনুরণন তোলার ক্ষমতা রয়েছে এই যন্ত্রটির। তবু তার ক্ষমতা কিন্তু সীমিত। সে একটু বেচালে হাঁটলে আমরা তো বলি— কানে লাগছে! কিন্তু খেয়াল করি না, কান তত নির্ভরযোগ্য ইন্দ্রিয় নয়। অন্তত শ-পাঁচেক বছর আগেই বাংলার এক কবি কানের চেয়ে প্রাধান্য দিয়েছেন অন্য কিছুকে। চণ্ডীদাস লিখেছিলেন— ‘কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।’
অর্থাৎ কান-নামের ইন্দ্রিয় আসলে একটি সুড়ঙ্গপথ। সেই পথ পেরিয়ে যেতে পারলে আমরা কেউ-কেউ হয়তো পৌঁছে যেতে সক্ষম হব আবছায়া সেই অঞ্চলে, চণ্ডীদাস যাকে বলেছেন— মরম।
এই মরম কী বস্তু? স্বরাগম হয়ে মর্ম থেকে মরম। আভিধানিক অর্থ— মন, হৃদয়, তত্ত্ব, রহস্য। নানান ব্যাখ্যা রয়েছে সেসবের। কিন্তু কোনো ব্যাখ্যাই কবি-লিখিত এই মরমের রূপ, গুণ, অবস্থান স্পষ্ট করতে পারে না। পারে শুধু একটা আন্দাজ দিতে।
এমন একটি অস্পষ্ট অঞ্চল পেরিয়ে আমরা পৌঁছে যাই প্রাণে। তাই, শেষ গন্তব্য হচ্ছে প্রাণ। কা নে র ভিতর দিয়া ম র মে পশিল গো আকুল করিল মোর প্রা ণ। প্রথমে কান, তারপর মর্ম, শেষে প্রাণ— ত্রিস্তরীয় এই যন্ত্রব্যবস্থার প্রথম ধাপ কান, যে খাড়া হয়ে আছে শুধুমাত্র ছন্দের বেচাল ধরবার জন্যে। অবশ্য, শুধু ছন্দের বেচাল ধরাই তার কাজ নয়, আরো একটা গুরুতর কাজ রয়েছে তার— শব্দের ওজন পরিমাপ করে সে, জানিয়ে দেয় শব্দটির যথাস্থান কোথায়। দ্বিতীয় স্তরে মরম। কোনো কথা এই মরমে ঢুকলে আমাদের প্রাণ আকুল হয়। তৃতীয় এবং শেষ স্তর তাই প্রাণ। প্রাণের কয়েকটি অর্থ এখানে আমরা বেছে নিতে পারি— জীবন, বায়ু, পরমাত্মা।
তাহলে প্রাণকে— জীবনকে, বায়ুকে এবং পরমাত্মাকে— আকুল করাই কবিতার কাজ।
কোথায় বসে তুমি লিখলে, ছাপা হল কোথায়, সাহিত্যের কোন্ প্রশাসক তোমার কবিতা অপছন্দ করলে ধ্বসে যাবে তুমি, নাকি তাঁর পছন্দে ছপ্পড় ফেড়ে নেমে আসবে সৌভাগ্য— এ সব গৌণ। তোমার কবিতার মুখ্য বা একমাত্র কাজ প্রাণকে— জীবনকে, বায়ুকে, পরমাত্মাকে, আকুল করা।
দুই
কীভাবে হবে সেটা? কোন্ পদ্ধতিতে প্রাণকে আকুল করবে কবিতা? সব কবিতাই কি করবে, না কি কোনো-কোনো কবিতা? আমাদের কবি, অর্থাৎ তুমি, জানালায় চোখ রেখে এইসবই সাতপাঁচ ভাবছো।
ধরা যাক, তুমি লিখলে:
‘আমি আলো, হাওয়া, আমি বৃষ্টিকে ভয় পাই
পালিয়ে যেতে যেতে রোদন-ভরা এ-বসন্তের দিকে
একপলক পিছন ফিরে তাকাই
কত কথা লুটিয়ে পড়েছে এই পথে
খরায় শুকিয়ে গেছে গোপথের বনপুলক
তবু পথপাশে হ্যাজাকের আলোয় কীর্তনীয়া
দু-হাত ছড়িয়ে দিয়েছে নীল মথুরার দিকে
তার উত্তর সে জানে যেমন আমার প্রশ্নও আমি ভুলিনি
তবু আমাদের দেখা হল না বলেই
পিছন ফিরে একপলক তাকাই’
তিন স্তবকের একটি লেখা, কবিতার মতো সাজানো। মোট দশটি পঙক্তি। লেখা হল। পড়লে। ফের পড়লে। বিড়বিড় করে আবার।
এরপর কবিতাটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নাও। পারছ কি? এবার পড়ো। পড়ো আবার।
জানালার ওপাশে হেলানো খেজুর গাছ। শরৎকাল। তাই আকাশ একটু বেশি নীল। সূর্য ওপাশে ডুবছে। এপাশে খেজুর গাছে এক পোঁচ সন্ধ্যের রং। ওই একই গাছের বিপরীত দিকে গোধূলির আলো। খেজুর গাছটি যেন ধারণ করে আছে দুই গোলার্ধকে।
কবিতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়ার পর ভেবেছ দেখেছ কি, দুই গোলার্ধের মধ্যে তোমার অবস্থান ঠিক কোথায়?
যদি পারো, তোমায় থাকতে হবে নিরালম্ব হয়ে। অর্থাৎ গোলাকার খেজুর গাছের সব দিকে। অসংখ্য কক্ষে ঘুরতে হবে তোমায়; চক্রবৎ প্রদক্ষিণরত সূর্যের থেকে অধিক পরিশ্রম করে। তাহলে হয়তো-বা দৃশ্যটি পূর্ণতার দিকে যেতে পারে। তবু শেষ পর্যন্ত পারে না।
ধরো, তুমি গেছো কোনো জঙ্গলে। জানালায়, বারান্দায়, বনপথে, গাছ আর গাছ। মাথার ওপর ফাঁকে-ফাঁকে আকাশ— চেরা নীল। জঙ্গলে নানা পাখির কলতান। পোকামাকড়ের টানা আর সমবেত শব্দ। কাঠবিড়ালি নিঃশব্দে এক গাছ থেকে নেমে আরেক গাছে ওঠার আগে চকিতে দেখে নেয় তোমার মতো এক আগন্তুককে। সহজ কথায়— তুমি চলে গেছো ভিন্ন এক প্রকৃতির কাছাকাছি। প্রকৃতি? প্রকৃতি কেমন?
এইখানে শুরু হল আরেক জটিলতা। একটি গাছ। তার ডালপালা। তার পোকামাকড়। শাখাপ্রশাখার বিভিন্ন অঞ্চলে কচি পাতার উন্মেষ। কোথাও পরিপক্ব পাতা ঝরে যাচ্ছে। অবস্থান পালটে-পালটে যাচ্ছে পোকাদের। গাছের বৃদ্ধি এবং ক্ষয় ঘটে চলেছে প্রতিনিয়ত। অর্থাৎ মুহূর্তের ভগ্নাংশে পালটে যাচ্ছে চারপাশের দৃশ্য। তাহলে কোন্ বৃক্ষ তুমি দেখছ, কবি? বর্ণনা দিচ্ছ কোন্ জঙ্গলের? যা-ই লিখবে, তোমার লেখা হবে অংশের বর্ণনা। তাতে আর যা-ই থাক, পূর্ণতা থাকতে পারে না।
এ বিশ্বে পূর্ণতা কোথাও নেই। যদি সেই জার্মান ভদ্রলোকের কথা শুনি, তাহলে মেনে নিতে হয়— ‘There are no facts, but only interpretations.’
ওই-যে ‘নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’, ও কি সত্যিই জ্বলছে? না কি আমরা বিশদীকরণ করছি? তাই, নিছক বর্ণনা থেকে— বহু দিন হল— হাত তুলে নিয়েছে কবিতা; সে-বর্ণনা যতই শ্রুতিমধুর হোক। তুমি এখন আর ধ্রুবতারার বর্ণনা দাও না। কেন দাও না? অনেক কাজ পড়ে রয়েছে তোমার। ধ্রুবতারাকে নিয়ে কী করবে, এখন সেই সব কথা বলবার জন্যে তুমি উন্মুখ। যেমনটা উৎপলকুমার বসু লিখেছিলেন— ‘প্রিয় হে সবুজ ফল, তোমাকে কঠিন হতে দেব না, আমার প্রতারণা এই’। আবার তিনিই লিখে রেখেছেন— ‘আমি চাই নিজে দেখা দিক ঐ সন্ধ্যাতারা।‘ কবির ক্ষমতা, অভীপ্সা, কি তাহলে এই?
ধরো, তুমি লিখতে শুরু করলে। দেখ— একেকটা শব্দসমষ্টিতে, বাক্যে, ছোটো-ছোটো সূর্যোদয়ের কৌশল এমন ভাবে উসকে ওঠে-যে তুমি চমকে যাও— কোনো সত্য কি দাঁড়িয়ে গেল তবে; কোনো পুরাতন সত্যের পুনর্মূল্যায়ন হল? অথবা শব্দের?
যখন তুমি পড়েছিলে শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতা, যার নাম ‘কারনেশন’—
‘মায়াবী সকাল ফিরে এনেছে কে, কে মঞ্জরীর অস্বচ্ছ আলোছায়
বাগানে ঘুরছে স্খলিত নিদ্রা, কেই-বা দুপুরে
ঘুমায় উষ্ণ বায়ুর বিলাসে ঝাঁঝাঁ গায়ে গায়ে...’
সে-হয়তো-বা পঞ্চাশ বছর আগের কথা। কিন্তু আজো যখন তুমি পড়, নিদ্রা শব্দের আগে স্খলিত বিশেষণে পৌঁছে থমকে কি যাও না শব্দটির পুনর্মূল্যায়ন দেখে? এতদিন তোমার জ্ঞানপরিধির মধ্যে প্রদক্ষিণ করেছে স্খলিত চরণ! কিন্তু এখানে সারা রাত নিদ্রাহীন কেউ একজন সকালে বাগানে ঘুরছে। পারছে না। তার সারা শরীরে জড়িয়ে রয়েছে ঘুম। শরীর বেয়ে সেই ঘুম নেমে আসছে পায়ে— ‘বাগানে ঘুরছে স্খলিত নিদ্রা,’। সারা রাতের ঘুম এসে জড়িয়ে ধরতে চাইছে পা দুটোকে। শব্দের এই পুনর্মূল্যায়নের পুলিনে সেই ফেনিল তরঙ্গ কি ধেয়ে এল না, যাতে সত্যেরও পুনর্মূল্যায়ন সম্ভব?
তুমি তো সেই মানুষ, যে এতটুকু সত্যের প্রতিধ্বনি পেলে দাঁড়িয়ে পড়। এতটুকু কবিতার স্পন্দন— যেখানে অতি সাধারণ কোনো অভিশপ্ত প্রাণীর সোনালি ইচ্ছাগুলো নিজের চারপাশকে আলোকিত করে তুলছে।
তিন
ধরো, সকাল আন্দাজ দশটা। হুইল চেয়ার। তুমি বসে আছ। কেউ একজন তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সামনে বন্ধ দরজা। খুলে যেতেই বড়ো একটা ঘর। বেডশিট, জানালা-দরজার পর্দা— সব সবুজ। তিন-চারজন মহিলা-পুরুষ ব্যস্ত। তাঁরাও সবুজে আচ্ছাদিত। এমনকি মাথাও। গোটা ঘর জুড়ে মিষ্টি সুরে ধ্বনিত হচ্ছে ‘যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে...’। হুইল চেয়ার এগিয়ে চলেছে। চলন্ত চেয়ারের পাশে কারো কণ্ঠস্বর— ‘কী, ভয় করছে?’
‘--আপনি আছেন তো।‘
শুনেই তিনি কক্ষটির বাকি সবকিছুর মধ্যে মিলিয়ে গেলেন। তিনি তোমার ডাক্তার। হুইল চেয়ার থেকে কখন যেন তোমায় ধরাধরি করে তোলা হয়েছে লম্বাটে একটা টেবিলে।
এখন তুমি শুয়ে রয়েছ সবুজ বিছানায়, যেটা বিছানা হয়েও বিছানা নয়। অন্য কিছু। কেননা, তোমার বুক আর পেটের ওপরে, অনেকটা ওপরে, দু-দিকে দু-টো অচেনা মেশিন। নিখুঁত। অত্যাধুনিক। নীরবতায় ভরা তাদের ঝকঝকে উপস্থিতি আনুগত্য দাবি করছে। বাঁদিকে, অল্প তফাতে, কম্পিউটার। নীল স্ক্রিন। তোমার দৃষ্টি সোজা সিলিঙে। সেখানে তীব্র আলোর জটলা। হোক, তবু সিদ্ধান্ত নিয়েছ— অন্যদিকে দৃষ্টি দেবে না। হঠাৎ গান ছাপিয়ে ডানদিক থেকে ভেসে এল—
‘আমি আলো, হাওয়া, আমি বৃষ্টিকে ভয় পাই
পালিয়ে যেতে যেতে রোদন-ভরা এ-বসন্তের দিকে
একপলক পিছন ফিরে তাকাই...’
সব কৌতূহল নিঃশেষ হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে তুমি দেখতেও চাইছ না— কে। কণ্ঠস্বর নিজেই এগিয়ে এসে বলে দিচ্ছে, এ-গলা ডাক্তারের: ‘কী, এখন আর ভয় করছে? আপনারই লেখা!’
তুমি ভাবছ— কেন লিখেছিলে এসব? তুমি আলো, হাওয়া, তুমি বৃষ্টিকে ভয় পাও? পালিয়ে যেতে যেতে কোন উত্তরের অপেক্ষায় পিছন ফিরে তাকিয়েছিলে তুমি?
মনে করতে পারছ না। মনে পড়ছে না। স্মৃতির ভেতর হাত ঢুকিয়ে তোলপাড় করছ। কিন্তু তোমার হাতে গ্লাভস। ছুঁতে পারছ না স্মৃতিতরঙ্গ। শুধু মনে পড়ছে— এ-ভয়ের জন্ম জ্ঞানোন্মেষ থেকে। সত্যি-সত্যিই তুমি আলোকে ভয় পেয়েছ। ভয় পেয়েছ হাওয়াকে। বৃষ্টির ধারায় তোমার ওপর সরাসরি মেঘ-আকাশ-বজ্র-বিদ্যুতের ধেয়ে আসা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছ। অর্থাৎ, তোমার চারপাশের প্রকৃতি তোমাকে প্রতিনিয়ত আতঙ্কিত করেছে।
কথারা লুটিয়ে পড়েছে। কেউ দেখেনি যে-বনপুলক গাছটিকে, পাতা আর ফুল-সমেত শুকিয়ে সেই গাছ আজ অদৃশ্য। খাঁখাঁ শূন্যতায় শুধু হ্যাজাক জ্বলছে। দু-হাত ছড়িয়ে গাইছে কীর্তনীয়া— যে-দৃশ্যে প্রশ্ন আর উত্তর পরস্পরের মুখোমুখি। কোনো কিছুর নিষ্পত্তি নেই। দুই পক্ষই রয়েছে এবং থাকে চিরজীবী হয়ে।
‘তবু পথপাশে হ্যাজাকের আলোয় কীর্তনীয়া
দু-হাত ছড়িয়ে দিয়েছে নীল মথুরার দিকে’
ভোর হয়ে এল কি? অন্ধকারে যারা মুখোমুখি হতে পারে, আলো তাদের আচ্ছাদিত করে দেয়। আর তাই হয়তো-বা নষ্ট হয়ে গেছে দেখা হওয়ার সব সম্ভাবনা।
‘তবু আমাদের দেখা হল না বলেই
পিছন ফিরে একপলক তাকাই’
অ্যাঞ্জিওপ্লাস্টির সব আয়োজন শেষ। আচমকা ডাক্তার সরকারের গলা— ‘নাও স্টার্ট!’
অনেকেই ভাবে— সন্তানকে যথোপযুক্ত মানুষ করতে হলে বাবা-মায়ের কাছে কোনো কিছু আড়াল করার অধিকার বাচ্চার থাকা উচিত নয়। কেননা, আড়াল করার এই প্রবণতা শিশুটিকে একসময় বিচ্ছিন্ন করে ফেলতে পারে পরিবার থেকে। ঠিক এই যুক্তিতেই কেউ এসে তোমার বিছানার গা ঘেঁসে, শিয়রে, একদিন দাঁড়াবে— যেমন এখনই কেউ-না-কেউ দাঁড়িয়ে আছে। মাতৃরূপে। পিতৃরূপে। অথবা, চিকিৎসকরূপে। হতেও পারে কোনো স্বৈরাচারী সে।
এই পরিবেশে থেকে একজন মানুষ হয়ে তুমি মানুষের কাছ থেকে স্বীকৃতি পেয়েছ কি? না। স্বীকৃতি চাইতে ঠিক পৌঁছে গিয়েছ এমন কারো দোরগোড়ায়, যিনি গুরুজন অথবা বিশেষজ্ঞ অথবা সাহিত্যের কোনো প্রশাসক। সে-স্বীকৃতি তুমি পেয়েওছ হয়তো। তবে, তার জন্য তোমাকে বিসর্জন দিতে হয়েছে তোমার একাকিত্ব, নিজস্ব অসুখ, ব্যক্তিগত নির্জনতা। তোমার বোলপুর এক্সপ্রেস।
আর সেগুলোর সমষ্টিই-যে ছিল তোমার মৌল প্রাণ! তোমার সম্বল! তোমার সত্য।
