২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাবুদ্দিন আহমেদ: আমি একজন শিল্পী হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারি না

রাজু আলাউদ্দিন

Published : 16 Dec 2016, 01:59 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাহাবুদ্দিন আহমেদ কেবল বাংলাদেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন একই সঙ্গে আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধাদের একজন, যার এক হাতে ছিল অস্ত্র আর অন্য হাতে তুলি। কিংবা তারই আদর্শ কাজী নজরুলের ভাষায় শাহাবুদ্দিনের 'এক হাতে বাঁকা বাঁশের বাশরী আর হাতে রণতুর্য। স্বাধীনতাযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে প্রত্যক্ষ অংশগ্রহণ তার শিল্পীজীবনকে বদলে দিয়েছিলো চিরকালের জন্য, যে-বদল তার শৈল্পিক অভিব্যক্তিকেই কেবল বৈশিষ্টমন্ডিত করেনি, ছবির বিষয়বস্তুকেও দিয়েছে গনমুখিতা। বহু শহীদের আত্মত্যাগের ফলে যে-স্বাধীনতা অর্জিত হয়েছে তিনি তার অমরগাথা রচনা করেছেন ক্যানভাসে রং ও তুলির সুনিপুন টানে; রং এখানে রক্তের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে আছে ক্রোধ ও সাহসের বার্তা রূপে। শোক এখানে শৌর্যের বীরোপম অভিব্যক্তি নিয়ে আমাদেরকে একথাই জানিয়ে দিচ্ছে যে স্বাধীনচেতা মানুষ অদম্য, মহত্তম স্বপ্নের কোনো বিনাশ নেই, তা গতি ও পেশিময় ইশারায় আমাদেরকে উজ্জীবিত করে। তার রংয়ের প্রক্ষেপ ও এর বিন্যাস এমনভাবে করা হয় যা দেখলে মনে হবে এগুলো ঠিক ক্যানভাসে থাকতে চাইছে না, কারণ রংয়ের মধ্যে তিনি অসামান্য দক্ষতায় এমন এক চাঞ্চল্য সঞ্চার করেন যে তা ক্যানভাসের সীমাবদ্ধতাকে ভেদ করে বেরিয়ে পড়ার জন্য শোরগোল তুলছে। বিন্যাসের গতিময় অভিব্যক্তি এই শোরগোলকে উস্কানি দিচ্ছে ক্যানভাসের ছোট্ট পরিসর থেকে অবারিত প্রান্তরের দিকে ছুটে যাওয়ার জন্য যেখানে রয়েছে যুদ্ধ শৌর্য প্রকাশের জন্য, যেখানে রয়েছে স্বাধীনতার বীজ শাখাপ্রশাখায় বিকশিত হওয়ার লক্ষ্যে। ঠিক এইভাবে শিল্পী শাহাবুদ্দিন অদৃশ্য ও অমেয়কে রংয়ের মাধ্যমে ধ্বনিময় করে তোলেন। যুদ্ধকালীন গেলোবারুদের শব্দ ও গন্ধকে তিনি রংয়ে রূপান্তরিত করেছেন, কিংবা এর উল্টোটাও সত্যি এই জন্য যে যুদ্ধের পর তার ছবিতে রংকে তিনি শব্দ ও গন্ধে রূপান্তরিত করেছেন। রূপান্তরের এই মহত্তম শিল্পীকে বিজয় দিবসে জানাই আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা।

শিল্পী শাহাবুদ্দিনের দীর্ঘ এই সাক্ষাৎকারটি গৃহীত হয়েছিল গত বছরের অক্টোবরের প্রথম দিকে, তার জন্মদিনের কয়েকদিন আগে।
কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিনের সাথে দীর্ঘ সাক্ষাৎকারে শিল্পী শাহাবুদ্দিন স্বাধীনতাযুদ্ধে তার অভিজ্ঞতা ও চিত্রকলায় এর প্রভাব নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও আছে বঙ্গবন্ধুর সাথে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ ও মূল্যায়ন। ভিডিওতে ধারণকৃত এই সাক্ষাৎকারের লিখিত রূপটি শিল্পীর পরামর্শে প্রমিত বাংলায় প্রকাশ করা হলো। সাক্ষাৎকারটির শ্রুতিলিখন করেছেন গল্পকার অলাত এহসান। বি. স.

রাজু আলাউদ্দিন: আপনি তো '৭১-এর আগে থেকেই চিত্রকলার সঙ্গে ছিলেন, মানে আঁকতেন, আমার যদ্দূর মনে পড়ে। এবং পরবর্তীতে তুলি ছেড়ে আপনি অস্ত্র হাতে নিলেন। এবং এটার ছাপ আপনার চিত্রকলার ভেতরে আছে। আপনার যে স্বাধীনতাযুদ্ধ, তারপর শেখ মুজিব এবং সংগ্রামী অভিব্যক্তিগুলো–এই সবগুলোর সঙ্গে আপনার…

শাহাবুদ্দিন আহমেদ: একটা জিনিস, তুমি প্রায়ই দেখছি 'শেখ মুজিব' বলছো, শেখ মুজিব বললে কিন্তু খাটো মনে হয়, সব সময় তিনি বঙ্গবন্ধু।

রাজু: আমি অবশ্য কোনো খাটো মনে করা থেকে বলিনি।

শাহাবুদ্দিন: জানি, আমি জানি। কিন্তু অন্যরা শিখবে কী করে তাহলে। (আচ্ছা, ঠিক আছে আমি তাহলে বঙ্গবন্ধু করেই বলছি-রাজু) কারণ 'রবীন্দ্র,' 'রবীন্দ্র'–এ রকম কেমন লাগে না?

রাজু: কিন্তু তিনি যখন আমাদের সংস্কৃতির অংশ হয়ে যান তখন আমরা বলি 'রবীন্দ্র', 'রবি ঠাকুরের গান', আমরা তো আরো সংক্ষিপ্ত করে বলি 'রবি'।

শাহাবুদ্দিন: হ্যাঁ, যেমন অনেকেই 'ঠাকুর' বলে না? 'ঠাকুর পরিবার',– মনে হয়, আহা তারা কত আত্মীয়! এই রকম মনে হয়।

রাজু: হ্যাঁ, তবে সাংস্কৃতিক আত্মীয়তার কারণে তো সেই আত্মীয়তার অভিব্যক্তি আসতে পারে, তাই না?

শাহাবুদ্দিন: হ্যাঁ, অন্তর থেকে ভালবাসলে 'শালা মুজিব' বললেও কিছু আসে নায় না, তাই না? কিন্তু যেহেতু এমন একটা দেশে আছি যেটার অস্তিত্ব কেউ কেউ স্বীকারই করতে চায় না। ওই জন্য বলছিলাম। আজ হোক কাল হোক একদিন তো হবেই সেই নাম। এই সময়টা খুব সেনসিটিভ, ডেলিকেট, এই সময় যদি আমরা না বলি, তাহলে ওরা আমাদের এই না-বলার সুবিধাট নেবে।

রাজু: ঠিক আছে আপনার এই কথাটা খুবই যুক্তিসঙ্গত। তো বঙ্গবন্ধুর প্রসঙ্গ আপনার ছবিতে রিপিটেডলি আসে। এবং সেটা আসার পেছনে, আমি মনে করি যে, একটা জাতির তিনি প্রতীক, বাঙালি জাতির, তাই না? এই বড় প্রতীক বা এই আইকন আপনি ধরেছেন আপনার ছবিতে। তার আগে আমার প্রশ্ন হলো, '৭১-এ যুদ্ধে যাওয়ার আগ্রহ আপনার কি করে হলো?


শাহাবুদ্দিন: হুম, আগ্রহ। হঠাৎ করে কিন্তু আগ্রহ হয় না কখনো। এটা এ্যাকসিডেন্ট না। এটা তো আর এই না যে মারামারি করলাম, গন্ডগোল হয়েছে কোথাও–এরকম ছোট কোনো ঘটনা নয়। একটা স্বাধীনতা যুদ্ধে কোনো লোক যখন যায়, তখন একটা প্রস্ততি নিতে হয়; আমরা তো একটা জাতি, তুমি এর অংশ, এটা তো চট করে হয়ে যায়নি। আমার তো প্রয়োজন ছিল না যুদ্ধে যাওয়ার, তাই না? কারণ আমার তো নিজস্ব–তুমি তো একটু আগেই বললে ছবি আঁকার কথা– স্বপ্নই তো ছিল বড় শিল্পী হওয়ার, সেই ছোটবেলা থেকেই। যে-বংশের কেউ জানতোই না তুলি কাহাকে বলে। আমার বংশে কেউ কোনো দিন ছবি আঁকে নাই। আমার বাবা, উনি রাজনীতিবিদ। উনি ছোট্টবেলা থেকে, একই বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে, উনারা একই দলে একই সাথে, কলকাতায় আন্দোলন করেছেন সোহরাওয়ার্দি সাহেবের সাথে। তো ওইটার একটা প্রভাব… (আপনার মধ্যে ছিল–রাজু)। আমরা আট ভাই, আট ভাইর মধ্যে আমি দ্বিতীয়। তো সব ভায়েরাই ছাত্র আন্দোলনে জড়িত। বলতে গেলে ছাত্রলীগের। আমার বড় ভাই জগন্নাথ কলেজে ছাত্র লীগের ভিপি ছিলেন। তার পর উনি যখন জগন্নাথ কলেজে ছিলেন, তখন কলেজে সরকারবিরোধী রাজনীতিকদের যা হয় আর কি–উনাকে রাসটিকেট দিয়ে বের করে দিলেন। উনি নরসিংদি চলে গেলেন। আমাদের গ্রামের বাড়ি নরসিংদি, থানা রায়পুরা। গ্রামের নাম আলগি, আলগি (হাসি), মেঘনা নদীর পাড়ে। উনি ওখানে গিয়েও রাজনীতিতে জড়িয়ে পরলেন। আমিই একমাত্র ব্যক্তি যে এসবে নেই। তার পরের ভাই, উনিও ঢাকা সিটির ছাত্রলীগের কি যেন ছিলেন। উনি এখন ইউরোপে, মানে ফ্রান্সে। তার পরের ভাই তেজগাঁ স্কুলে পড়তো। এই হলো পারিবারের রাজনৈতিক চালচিত্র। রাজনীতির সূত্রে যা হয়, প্রতিদিন খাবার টেবিলে বাবার বন্ধুরা আসা যাওয়া করতো। বঙ্গবন্ধুর দলের লোকেরা আসতো যেত, ওইগুলি…(আপনার মাথার মধ্যে ছিল, বা আপনার মনগঠনে এসব ছিল–রাজু )। আশ্চর্য, যদিও আমি এইগুলির প্রতিবাদ করতাম যে 'খামাখা এইসব আবোলতাবোল কী বলে যাচ্ছে'… কারণ এর ফলে আমার ডিস্টার্ব হতো ছবি আঁকায়। কিন্তু আমি তখন কলেজে যেতাম, আর্ট কলেজে গিয়ে দেখি ওখানে সেই গন্ধ নাই, যে-গন্ধ আমি ঘরে পাই। আমার মনটা সম্পূর্ণ খারাপ হয়ে যেত। মনে হতো তারা ঠিক বাগড়ম্বর করছে।

আসলে তখনকার সময় আমাদের চারুকলা ছিল মস্কোপন্থীদের ঘাঁটি । মতিয়া গ্রুপ বলতো না… এর নাম শুনেছো নিশ্চয়ই। ওই গ্রুপই নাইনটি নাইন পার্সেন্ট। আরও কয়েকজন যারা তারা কিছুই করতো না। আমার কিন্তু একটু খটকা লাগতো, বাসায় শুনি এক রকম–আমি কিন্তু এসব বলছি ছয় দফার আগের ঘটনা–যে ওরা বলে, 'জানিস, আমাদের নেতা ধর্মঘট ডেকেছে, এই হবে ওই হবে।' আমি এসব শুনে বন্ধুদের বলি, 'এই ধর্মঘট ডেকেছে কেন?' এ নিয়ে কেউ কিছু বলতে পারলো না। ওরা এই জগতেরই না বা ওরা এই লাইনেরই না। আমার খুব খারাপ লাগতো। আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি, তখন এই গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলন আরম্ভ হলো। এই যে ছাত্র সংগ্রাম পরিষদ। তোমার বয়স তখন কত?

রাজু: আমার জন্ম তো ৬৩ সালের পর।

শাহাবুদ্দিন: আসলে ওগুলোই বিরাট কারণ আমার মুক্তিযুদ্ধে যাওয়ার। যেহেতু ছাত্র আন্দোলন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সব আরম্ভ হয়ে গেছে। তখন সংগ্রাম পরিষদে তোফায়েল আহমেদ, আ. স. ম. আবদুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, ফেরদৌস কুরাইশী–এরা সব একত্রিত হয়ে গেল। এদের সবার দল এক হয়ে গেল। এখনকার এই বঙ্গবন্ধু তখন তো শুধুই শেখ মুজিব, তাই না? এই শেখ মুজিবকে জেলে ঢুকিয়েছে। আমার এখনও খেয়াল আছে, আমার বাবা-চাচারা বলতো, জানিস, লৌহমানব আইয়ুব খান মানে পাকিস্তানের প্রেসিডেন্ট, লৌহমানব এসেছে! কে যে বাঁচে আর কে মারা যায় বলা মুশকিল। কিন্তু আমাদের নেতা মুজিব ভাইয়ের কী সাহস! উনি ঠিকই ডাক দিয়েছেন: 'গণতন্ত্র রক্ষা করতে হবে, আমাদের জান দিতে হবে, রক্ত দিতে প্রস্তুত হতে হবে।' সবাই রাস্তায় নেমে গ্যাছে। এই আরম্ভ হলো আরকি। আমাদের ছাত্র সংগঠনের ভেতরে শিল্পী সাহিত্যিক কবির সংখ্যা কম। যারা গান বাজনা করে ছবি আঁকে তারা সব মস্কোপন্থী, তারা ভাল চিন্তা ভাবনা করে, প্রোগ্রেসিভ। ছাত্রলীগের মধ্যে ওটা নেই। যখন জানতে পারলো–আমার সব ভাই যেহেতু ছাত্র লীগ করে– তখন আমার ভাইকে তারা বললো, 'তোর ভাই আর্ট কলেজে পড়ে, এইটা কোনো কথা হলো, আমরা পয়সা দিয়ে পোস্টার বানাই। আর তোর ভাই থাকতে আমাদের এতো কষ্ট করতে হয়!' ওরা পয়সা দেয় ছাত্র ইউনিয়নের ছেলেদেরই। ওরা পয়সা দেয়, তার বিনিময়ে ওরা শ্লোগান লিখে দেয়। তো আমার ভায়েরা এসে আমাকে পটায়। ভাইদের বলি ধ্যাৎ, রাখ এই সব, এইটা আমার জীবন না। আমি ছবি আঁকবো।