আ আ ম স আরেফিন সিদ্দিক: মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম জেগে উঠেছে
অধ্যাপক ড. আবু আহসান মোঃ সামসুল আরেফিন সিদ্দিক। জন্ম ১৯৫৩ সালের ২৬ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অধ্যাপক সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। অধ্যাপক সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, শাহবাগ আন্দোলন এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন নির্বাণ পাল-এর সাথে।
নির্বাণ পাল: ২০১৪ সালের ২৬ মার্চ উদযাপনের বিশেষ কোন তাৎপর্য আছে কি?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: হ্যাঁ, এবারের স্বাধীনতা দিবস অবশ্যই বিশেষ তাৎপর্যময়। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা জেগে উঠেছে। তাই নতুন মহিমায় এবার পালিত হল স্বাধীনতা দিবস। এতদিন মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করতে গেলে আমাদের বসে থাকতে হত বয়:বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের দিকে তাকিয়ে। এখন তরুণ মুক্তিযোদ্ধারা জেগে উঠেছে স্বমহিমায়।
নির্বাণ পাল: নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা মানে?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: যারা মুক্তিযুদ্ধ করেনি, দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিংবা মুক্তিযোদ্ধা সমর্থক পরিবারের সন্তান। তারা এবার দারুণভাবে জেগে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে।
নির্বাণ পাল: তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধার আত্মপ্রকাশের প্রেক্ষাপট কি?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক:তরুণ প্রজন্মের প্রতি বয়স্কদের একটা অভিযোগ ছিল- এখনকার নতুন প্রজন্মের কোন দেশপ্রেম নেই, তারা ইতিহাস সচেতন নয়, তাদের চিন্তার গভীরতা খুব কম, তারা সবসময় আনন্দ-ফূর্তিতে মশগুল থাকে ইত্যাদি। শাহবাগের সেই লক্ষ লক্ষ তরুণ বয়স্ক আঁধ মরাদের ঘা দিয়ে বুঝিয়ে দিয়েছে ভিতরে ভিতরে কতটা দেশপ্রেমিক, কতটা অকুতোভয় মুক্তিসেনা হিসেবে গড়ে উঠেছে আজকের নতুন প্রজন্ম।
নির্বাণ পাল: তারুণ্যের শাহবাগ আন্দোলনে আপনার আত্মতৃপ্তির জায়গাটা আসলে কোথায়?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: শাহবাগ আন্দোলনের শুরু থেকেই জুড়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি বড় অংশ। পরে সেই তারুণ্যের কাফেলায় যুক্ত হয়েছে তাদের পরিবার ও আত্মীয়স্বজন। সময় গড়াতে থাকলে এদের সাথে যুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবাররা। অবশেষে এক বিরাট চাঁদের হাটে পরিণত হয় শাহবাগ আন্দোলন। প্রবীণ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের নবীন প্রজন্মের অসম্ভব মেলবন্ধনটি তখনই গড়ে ওঠে। এক জরিপে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৮% ছাত্র-শিক্ষক কোন না কোন সময়ে শাহবাগ আন্দোলনে যুক্ত হয়েছেন।
নির্বাণ পাল: বায়ান্ন, একাত্তর, নব্বই-এর পরে তাহলে কি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরেকটি জাতীয় ইতিহাস নির্মাণে নেতৃত্ব দিল?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: সে তো বলাই যায়। কিন্তু তারও আগে ওয়ান ইলেভেনে গণতন্ত্র রক্ষার যুগান্তরকারী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা ।
নির্বাণ পাল: গণতন্ত্র রক্ষার ব্যাপারটা ব্যাখা করবেন ?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: দেশী-বিদেশী চক্রান্তে, নির্বাচিত নেতৃত্বের হাত থেকে তত্ত্বাবধায়ক নামক গোঁজামিলের আবরণে দেশের নেতৃত্ব যখন সেনা শাসকের হাতে তুলে দেয়া হয় এবং সেনা শাসকরা যখন সমস্ত রাজনৈতিক পক্ষকে কোণঠাসা করে নিরঙ্কুশ রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চলছিল তখনই জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সে আগুন ছড়িয়ে পড়ে সবখানে। আন্দোলনে টিকতে না পেরে পেটুয়া সেনা শাসকরা গণতন্ত্র ফিরিয়ে দিয়ে বিদেশে গা ঢাকা দেয়।
নির্বাণ পাল: জাতির ইতিহাস নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ গবেষণা ও জ্ঞান-সৃজন সে কাজটিতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রমশ পিছিয়ে যাচ্ছে না?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: সাম্প্রতিক কিছু র্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনেক পিছনের সারিতে দেখানো হয়েছে, কিন্তু জরিপকারীরা যে সমস্ত সূচক ব্যবহার করেছেন সেখানে আমাদের আপত্তি আছে। কত কম খরচে এবং কত কম জনবল দিয়ে আমরা একটি ছাত্রকে গ্রেজুয়েশন ডিগ্রি দিই সেটা ভাবলে বিশ্বের অনেক বড় বড় পন্ডিতের মাথা ঘুরে যাবে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিশ্বের যে কোন আধুুনিক বিশ্ববিদ্যালয়ের সমান। সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের শীর্ষস্থানীয় নানারকম সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের শীর্ষপদে অধিষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা প্রমাণ করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যকারিতা। বিশ্বের অনেক দেশের শিক্ষা বোর্ডের কনসালটেন্ট হিসেবেও কাজ করছে আমাদের ছাত্র-শিক্ষকরা। বর্তমানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরতদের একটি বড় অংশই পি.এইচ.ডি ডিগ্রীধারী। যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়ে যা বিশ্বে বিরল।
নির্বাণ পাল: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক সময় প্রচুর আন্তর্জাতিকমানের গবেষণা পত্র, জার্নাল ও সাময়িকী প্রকাশিত হত, কিন্তু এখন তা কমে গেল কেন?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: যথাযথ তদারকি ও যোগ্য ব্যাবস্থাপনা এবং সঠিক অর্থ বরাদ্দের অভাবেই এটা হয়েছে। আমি দায়িত্ব নিয়েই এ বিষয়ে নজর দিই। আগের গবেষণা পত্র, জার্নাল ও সাময়িকী গুলো এখন আবার নিয়মিত প্রকাশিত হচ্ছে। নতুন নতুন অনেক বিভাগ গবেষণা পত্র ও জার্নাল প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। আমি তাদের সর্বোতভাবে সহায়তা করার চেষ্টা করেছি।
নির্বাণ পাল: বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণার দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে কিছু বলবেন?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: এই মুহূর্তে নয়-দশটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের শিক্ষা বিনিময় কর্মসূচী শুরু হয়েছে। আরও বেশকিছু খ্যাতিমান প্রতিষ্ঠানের সাথে শিক্ষা বিনিময় কর্মসূচী শুরু করতে যাচ্ছি আমরা।
নির্বাণ পাল: শিক্ষা বিস্তারের জন্য বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুক্তি হতে পারে কি ?
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক: আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ান-এর প্রতিষ্ঠাতা কে হেক সান (KIUHAK SUNG) ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি চারুকলায় ভাস্কর্য নির্মাণের জন্য কিছু তাৎক্ষণিক অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতে তিনি কিছু শিক্ষা বৃত্তি এবং ১০০ জন ছাত্রের ইন্টার্নশীপের প্রস্তাব দিয়েছেন। এরকম আরও প্রতিষ্ঠানের সাথে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের মত গণমাধ্যম এবং সরকার এ ব্যাপারে আমাদের সহায়তা করতে পারেন।
নির্বাণ পাল: আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ।
আ.আ.ম.স আরেফিন সিদ্দিক:আপনাদেরকেও ধন্যবাদ।
(ভিসির বাসভবনে ২০ মার্চ ২০১৪ রাতে এ সাক্ষাৎকারটি গৃহিত হয়েছিলো।)
