২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প অমর্ত্য-কথা

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্পর্কে কবি একরাম আলির অন্তরঙ্গ অবলোকন

অল্প অমর্ত্য-কথা

আলোকচিত্রে অমর্ত্য সেন

একরাম আলি একরাম আলি

Published : 09 Sep 2022, 12:50 AM

Updated : 09 Sep 2022, 11:03 PM

দিনটা ছিল ২২ মার্চ। ১৯৯৫ সাল। বারে বুধ— মানে ছুটির দিন। বোলপুর স্টেশন থেকে ‘প্রতীচী’ বাড়িতে যখন পৌঁছোই, আন্দাজ বেলা দশটা। হলে হবে কী, চৈত্র মাস। বেলা দশটাতেই শান্তিনিকেতন ঝাঁ-ঝাঁ।

গেট পেরিয়ে মোরাম বিছানো রাস্তা শেষ হয়েছে বাঁধানো চাতালে— নাকি খোলা বারান্দায়? একটা-দুটো মোড়া সেখানে। সদর এবং ভিতরের বাগানে যাওয়ার মুখোমুখি দরজা এমনই খোলা-যে, বসার ঘরের খুচরো আসবাবের ওপাশে ভিতরের বাগান স্পষ্ট দেখা যায়। সেখানে গৃহকর্ত্রী অমিতা সেন। ব্যস্ত।

ছেলে এসেছে। বৌমা। নাতি-নাতনি। ভরভরন্ত বাড়ি। এবার ছেলের টানে আসবে আরও অনেকে। এখন যেমন আমি।

হঠাৎ আমার দিকে চোখ— কে?

এগিয়ে এলেন যিনি— তিনি ক্ষিতিমোহন সেনের কন্যা, আশুতোষ সেনের পত্নী, অমর্ত্য সেনের মা। আমি তখন এক সাংবাদিক— আর দুনিয়ার সমস্ত সাংবাদিকের কাছে সেই মুহূর্তটির দাম কোটি ডলার। শরীরে ট্রেনের ধুলো। কপালে ঘাম। প্রণাম করার সঙ্গে সঙ্গে ‘থাক, থাক, বাবা। কোথা থেকে আসছ?’

সোজা কলকাতা থেকে? এই গরমে? বাবলুর ইন্টারভিউ নিতে? নাম কী? কোন কাগজ? কেন দেবে না। এত কষ্ট করে এসেছ, নিশ্চয় দেবে। তা, উঠেছ কোথায়? ও, উঠবে পূর্বপল্লী গেস্টহাউজে? বেশ। বোসো, চা খাও।

বসতে বলে তিনি কোথাও গেলেন এবং চা এল। ফিরে এলেন হাসিমুখে— ‘শোনো, বাবলু বলল সাড়ে তিনটেয় আসতে। ঠিক সাড়ে তিনটেয় কিন্তু।’

বসার ঘরটা এমনিতে বড়ো কিছু নয়। কিন্তু সামনে-পিছনের দরজা খুলে দিলে সে-এক প্রান্তর! তদুপরি আশ্রমকন্যা সামনে। মনে হচ্ছিল, খোয়াইয়ে বসে আছি।

এরপর পুর্বপল্লী গেস্টহাউজ। স্নান, খাওয়া আর ঘড়ির কাঁটা পিছলে যেন তিনটে না-পেরিয়ে যায়, সেদিকে ঘন ঘন চোখ রাখা।

হয়েছে কী, অ্যাডাম স্মিথের মৃত্যুর দু-শো বছর পর ভারতে— এমনকি বাম-শাসিত পশ্চিমবঙ্গেও— মুক্ত অর্থনীতি নিয়ে জোর কথা হচ্ছিল সে-সময়। ডাকসাইটে মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু ঘন ঘন বিদেশ যাচ্ছিলেন নতুন পুঁজির সন্ধানে। এরকম এক সময়ে এশিয়াটিক সোসাইটিতে বক্তৃতা দিতে আসেন অমর্ত্য সেন। বক্তৃতা শেষ করে বেরোনো মাত্র সাংবাদিকদের প্রবল চাপ ড. সেনের প্রতি— ভারতের মতো কল্যাণকামী রাষ্ট্রের কি মুক্ত বাজারে ঢোকা উচিত?

হাজারো প্রশ্নের একটাই উত্তর ছিল অমর্ত্য সেনের— আজ তাঁর বলার বিষয় ছিল ইতিহাস। সে-বিষয়ে কোনো প্রশ্ন থাকলে উত্তর তিনি দেবেন। অন্য প্রশ্নের নয়।

সেই অন্য প্রশ্নের উত্তরের খোঁজে এমন একজনের পিছু-পিছু শান্তিনিকেতন ধাওয়া, গোটা বিশ্ব ততদিনে জেনে ফেলেছে— নাবাল ডালে যাঁর জন্য অর্থনীতির নোবেলটি পেকে ঝুলে আছে।

কাঁটায় কাঁটায় সাড়ে তিনটে? না। দু-মিনিট আগে।

শান্তিনিকেতনে তখন দুপুর। চড়া রোদে রিকশা থেকে নেমে কলিং বেল। দরজা খুললেন অমর্ত্য-কন্যা ইন্দ্রাণী। আসার কারণ জেনে বসতে বললেন। গেলেন ভিতরে।

বসে আছি। সন্দেহ বশে ঘড়িতে চোখ। এ বাবা, এখনো তো তিন মিনিট বাকি!

এবং তিনি এলেন। কাঁটায় কাটায় তিনটে বাজিয়ে। প্রাথমিক পরিচয়ের পর শুরু হল সাক্ষাৎকার-পর্ব। ঠিক হল— আমি প্রশ্ন করব, উত্তর দিলে লিখে নেব। আমার অফিসে ফ্যাক্স করার আগে তিনি পুরো সাক্ষাৎকারটি একবার পড়বেন। দরকারে আমার লেখার পরিমার্জন করবেন।

এভাবে টানা সাড়ে তিন ঘণ্টা! মাঝে একবার সৌজন্য-সাক্ষাৎ করে গেছেন অমর্ত্য-জায়া এমা জিয়োর্জিনা রথসচাইল্ড। ঢলঢলে পাজামা-পাঞ্জাবি, বেতের ছাতা— এসেছেন আরেক বিখ্যাত অর্থনীতিবিদ ড. প্রণব বর্ধন, অমর্ত্য সেনের ছ-বছরের অনুজ। বার্কলে ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর।

শেষ বিকেলে পিছনের বাগানে বৈকালিক চায়ের আসরে ড. বর্ধন-সহ পরিবারের সবাই। ড. সেনের আর আমার চা বসার ঘরে।

নানা বিষয় নিয়ে কথা। কিন্তু, যে-মানুষটাকে ঘুরতে হয় দেশে-দেশে, বলতে হয় অবিরাম ইংরেজি— ঘরে এবং বাইরে, সেই মানুষটি-যে সাড়ে তিন ঘণ্টার কথায় উচ্চারণ করেননি একটাও ইংরেজি শব্দ! আমি যেন ওঁত পেতে আছি— একটাও কি বলবেন না? না। আশ্রম-কন্যার সন্তান। নামকরণ স্বয়ং রবীন্দ্রনাথের— যিনি পারিবারিকভাবে ছিলেন তাঁদের গুরুদেব। এ-অভ্যাস রবীন্দ্র-আবহে অর্জিত।

সাক্ষাৎকার-পর্ব একসময় শেষ হল। খুশি তিনি। হাঁফ ছেড়ে বাঁচার জন্য? না কি প্রশ্নগুলো পছন্দ হওয়ার জন্য? পরদিন ফের ‘প্রতীচী’। খুঁটিয়ে পড়লেন। দরকারে কাটাকুটি করলেন। শেষে চা ও প্রণাম। এবং বিদায়।

তিন বছর পরে

ভেবেছিলাম, আর দেখা হবে না। কিন্তু হল। অথচ হল না। তিন বছর পর, ১৯৯৮-এ, পেলেন নোবেল। আর দুই বাংলা হয়ে উঠল উত্তাল। কলকাতায় এলেন রাষ্ট্রীয় অতিথি হয়ে। থাকার ব্যবস্থা ছিল তাজ বেঙ্গলে। যে-দিন নন্দনে তাঁর ভাষণ, বলার বিষয়— আওয়ার কালচার দেয়ার কালচার, ভিড়ে ভিড়াক্কার। তারই মধ্যে পুলিশ কর্ডন করে তাঁর যাওয়ার মতো একটা গলি বের করেছে কোনো মতে। সেই গলির একেবারে গায়ে আমি দাঁড়িয়ে। উনি আসছেন। আকাশ-নীল শার্ট, গাঢ় নীল প্যান্ট। একদিকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অন্য দিকে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। সঙ্গে আরো দু-একজন। আচমকা ডান হাত উপরে তুলে তাঁর ডাক— ‘একরাম!’

আমি স্তম্ভিত। বাক্যহারা। জীবনে এমনটা আর হয়েছি কি না, মনে পড়ে না। কাছাকাছি যখন, তখনো তাঁর মুখ জলের আবরণে আবছা। লজ্জায় চোখ মুছে দেখি— তাঁর মুখে হাসি।

আরো আট বছর…

সাল ২০০৬। মাস কি অক্টোবর? সেবার তাঁর গ্রামীণ ব্যাংক-সহ ড. মুহাম্মদ ইউনুস পেলেন নোবেল শান্তি পুরস্কার। আবার বাঙালি! আবার হইচই। শেষ বিকেলে সম্পাদকের ঘরে ডাক— ড. সেনকে ধরো। ওঁর রিঅ্যাকশন নাও। রিঅ্যাকশন কেন, একটা বাই লাইনই তো হতে পারে, না কি? ছোটো হোক। এক-দেড়শো শব্দ। কিন্তু ওঁর নামেই ছাপতে হবে। দেখো।

বেরিয়ে এসে মাথায় হাত দিতে গিয়ে দেখি, আমার হাত আমারই মাথা খুঁজে পাচ্ছে না! আক্ষরিক অর্থে যিনি গেছো বাবা। কোথায় তাঁকে পাই? চরমতম বিপদে যাঁকে ঘিলুর উপরিতলে ভেসে উঠতে দেখি, তিনি একজনই— শঙ্খ ঘোষ। একটা নাম্বার হস্তগত হল। ড. সেনের ভগ্নী সুপূর্ণা দত্ত। থাকতেন সল্ট লেকেই।

না। দাদা এই মুহূর্তে কোথায়, জানা নেই তাঁর। তাই নাম্বারও নেই। ‘প্রতীচী’-তে ফোন করলে সুবিধে হতেও পারে। কেয়ারটেকার (সম্ভবত তখন শান্তিবাবু) জানে।

কে? কী ব্যাপার? কেন? জেনে নেওয়ার পর সেখান থেকে পাওয়া গেল একটা নাম্বার। বোস্টন ইউনিভার্সিটির। সেমিনার ছিল। ওরা বলতে পারে। না পারলে এই নাম্বারে। এটা হোটেলের।

সময় মেপে দেখলে হোটেলেই খোঁজ করা উচিত।

হ্যাঁ। ছিলেন। তবে এখন নেই। সেমিনার থেকে এসে রাতেই হোটেল ছেড়ে দিয়েছেন।

ফের ‘প্রতীচী’। হাতে এল কেম্ব্রিজের গৃহপালিত নাম্বারটি।

অবশেষে, ওপারে, সত্যিই আমার কাঙ্ক্ষিত গলা।

জানা গেল— এখনো তেমন সকাল হয়নি। যদিও বাইরে ন-জন রিপোর্টার। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট-সহ। তবু, অন্যায় আবদারটি শুনলেন। নিজেই বের করলেন সমাধান-সূত্র। একজনকে ডাকবেন, দু-মিনিট কথা বলবেন। সঙ্গে সঙ্গে যেন আমি ফোন করি। এইভাবে ওঁদের কথার ফাঁকে ফাঁকে আমার কাজটা হতে পারে।

হলও। দেড়শো মাত্র শব্দ। কিন্তু কথাবার্তা ছিল আন্তরিক। যেন কথা বলছিলেন কোনো নিকট-বন্ধুর সম্পর্কে। একবার শুধু পাশে-থাকা কারো, সম্ভবত এমা রথসচাইল্ডের, সাহায্য নিতে হয়েছিল। মুহাম্মদ ইউনুসের গ্র্যামি-পাওয়া মেয়ে মনিকা ইউনুসের নামটা নিশ্চিত করার জন্যে, ও-বাড়ির সঙ্গে যাঁর সম্পর্ক ছিল।

সত্যি বলতে কী, এই ফোন-পর্বটি ছিল অবিশ্বাস্য, যেটি মেনে নিতে কষ্ট হয়েছিল কারো কারো। কিন্তু, ঘটেছিল-যে ঠিক এমনটাই!