কাজী নজরুল ইসলামের ‘মোহাররম’ কবিতা
বাঙালি মুসলমানের যে কোন ধর্মীয় উৎসবে নজরুল অপরিহার্য। এখনো রোজার ঈদে ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি ছাড়া সম্পূর্ন হয় না আমাদের ঈদ আয়োজন।
তেমনি মর্হরম এলেই বেজে ওঠে তার শোকগীতি ‘মোর্হরমের চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়”। একই বিষয়ে বিদ্রোহী কবির ‘মোহররম’ কবিতাটিও পাঠকনন্দিত। তার আরো কিছু পুরাণভিত্তিক কবিতার মতো এখানেও কারবালার কাহিনী বর্ণনার পাশাপাশি এ থেকে তৎকালীন পরাধীন ভারতের কী শিক্ষা নেওয়া উচিত তার আভাস দিয়েছেন কবি।
‘মোর্হরম’ প্রথম ছাপা হয় ১৩২৭ বঙ্গাব্দের আশ্বিনে ‘মোসলেম ভারত’ পত্রিকায়। সে সংখ্যার গোড়ায় একটা ছবি ছিল, তার উপরে লেখা ছিল ‘কারবালা - প্রান্তরে ইমাম হোসেনের সমাধি’। ছবির নিচে লেখা ছিল :
“মোর্হারম! কারবালা! কাঁদো ‘হায় হোসেনা!’
দেখো মরু - সূর্যে এ খুন যেন শোষে না!!”
মোসলেম ভারতে প্রকাশিত ‘মোর্হারম’ কবিতাটির শেষে ছিল এই শ্লোকটি -
“দুনিয়াতে খুনিয়ারা দুর্মদ ইস্লাম
লোহু লাও, নাহি চাই নিষ্কাম বিশ্রাম।”
গ্রন্থভুক্ত হওয়ার সময় এই শ্লোকটি বর্জিত হয়। ১৩২৯ বঙ্গাব্দের ১৬ ভাদ্র তারিখে ‘ধূমকেতু’ পত্রিকার বিশেষ মোহররম সংখ্যায় কবিতাটি পুনমুদ্রিত হয়।
কবিতাটি পরে ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে অন্তভর্ূূক্ত হয়। অগ্নিবীণা’ প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবরে, বাংলা ১৩২৯ সালের কার্তিক মাসে। নিচে কবিতাটি বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনাবলী ১ খন্ড থেকে হুবহু তুলে দেওয়া হলো। কবিতার শেষে দেওয়া নিঘন্টটিও নজরুল রচনাবলী থেকে নেওয়া।
কাজী নজরুল ইসলাম
নীল সিয়া আস্মান, লালে লাল দুনিয়া, -
“আম্মা! লা’ল তেরি খুন কিয়া খুনিয়া।”
কাঁদে কোন্ ক্রন্দসী কারবালা ফোরাতে,
সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে!
রুদ্র মাতম্ ওঠে দুনিয়া-দামেশ্কে-
“জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে ?”
‘হায় হায় হোসেনা’, ওঠে রোল ঝঞ্চায়,
তল্ওয়ার কেঁপে ওঠে এজিদেরো পঞ্জায় !
উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনায়,
আলি-জাদা হোসেনের দেখা হেথা যদি পায়।
মা ফাতেমা আস্মানে কাঁদে খুলি’ কেশপাশ,
বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস।
রণে যায় কাসিম ঐ দু’ঘড়ির নওশা ;
মেহেদির রঙটুকু মুছে গেল সহসা !
‘হায় হায়’ কাঁদে বায় পূরবী ও দখিনা
‘কঙ্কণ পঁইচি খুলে ফেল সকীনা !’
কাঁদে কে রে কোলে ক'রে কাসিমের কাটা-শির ?
খান্ খান্ খুন হ'য়ে ক্ষরে বুক-ফাটা নীর।
কেঁদে গেছে থামি’ হেথা মৃত্যু ও রুদ্র,
বিশ্বের ব্যথা যেন বালিকা এ ক্ষুদ্র !
গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা,
“আম্মা গো, পানি দাও, ফেটে গেল ছাতি, মা !”
নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার,
কারবালা-প্রান্তরে কাঁদে বাছা আহা কার !
দুই হাত কাটা তবু শের-নর আব্বাস,
পানি আনে মুখে, হাঁকে দুশমনও ‘সাব্বাস্’।
দ্রিম্ দ্রিম্ বাজে ঘন দুন্দুভি দামামা,
হাঁকে বীর, ‘শির দেগা, নেহি দেগা আমামা”।
কলিজা কাবাব-সম ভুনে মরু-রোদ্দুর,
খাঁ খাঁ করে কারবালা, নাই পানি খর্জুর।
মা’র স্তনে দুধ নাই, বাচ্চারা তড়পায়,
জিভ চুষে কচি জান্ থাকে কিরে ধড়টায় ?
দাউ দাউ জ্বলে শিরে কারবালা-ভাস্কর,
কাঁদে বানু-“পানি দাও, মরে জাদু আস্গর !”
পেলো না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন,
ডাকে মাতা, - ‘পানি দেবো ফিরে আয় বাছা শুন্ !”
পুত্রহীনার আর বিধবার কাঁদনে
ছিঁড়ে আনে মর্মের বত্রিশ বাঁধনে!
তাম্বুতে শয্যায় কাঁদে একা জয়নাল,
“দাদা ! তেরি ঘর কিয়া বরবাদ্ পয়মাল্ !”
হাইদরী হাঁক হাঁকি’ দুলদুল-আস্ওয়ার
শম্শের চম্কায় দুশমনে ত্রাসবার।
খসে পড়ে হাত হ'তে শক্রর তরবার,
ভাসে চোখে কিয়ামতে আল্লার দরবার।
নিঃশেষ দুশমন ; ওকে রণ-শান্ত
ফোরাতের নীরে নেমে মোছে আঁখি-প্রান্ত !
কোথা বাবা আসগর ? শোকে বুক ঝাঁঝরা,
পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁজরা !
ধুঁকে ম’লো, আহা, তবু পানি এক কাৎরা
দেয়নি রে বাছাদের মুখে কম্জাতরা !
অঞ্জলি হ’তে পানি প'ড়ে গেল ঝরঝর,
লুটে ভুমে মহাবাহু খঞ্জর-জর্জর !
হল্কুমে হানে তেগ ও কে বসে ছাতিতে?-
আফ্তাব ছেয়ে নিল আঁধিয়ারা রাতিতে।
আস্মান ভরে গেল গোধুলিতে দুপুরে,
লাল নীল খুন ঝরে কুফরের উপরে !
বেটাদের লোহু-রাঙা পিরহান হাতে, আহ্ -
‘আরশে’র পায়া ধ’রে কাঁদে মাতা ফাতেমা,
“এয়্ খোদা, বদলাতে বেটাদের রক্তের
মার্জনা করো গোনা পাপী কম্বখ্তের !”
কত মোর্হরম এলা, গেলো চলে বহু কাল -
ভুলিনি গো আজো সেই শহীদের লোহু লাল !
মুসলিম ! তোরা আজ ‘জয়নাল আবেদীন’,
‘ওয়া হোসেনা - ওয়া হোসেনা’ কেঁদে তাই যাবে দিন !
ফিরে এলো আজ সেই মোর্হরম মাহিনা,-
ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না।
উষ্ণীষ কোরানের, হাতে তেগ্ আরবির,
দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির, -
তবে শোন ঐ শোন বাজে কোথা দামামা,
শমশের হাতে নাও, বাঁধো শিরে আমামা !
বেজেছে নাকাড়া, হাঁকে নকীবের তূর্য,
হুঁশিয়ার ইসলাম, ডুবে তব সূর্য !
জাগো, ওঠো মুসলিম, হাঁকো হায়দরি হাঁক,
শহীদের দিনে সব লালে-লাল হ’য়ে যাক্ !
নওশার সাজ নাও খুন-খচা আস্তিন,
ময়দানে লুটাতে রে লাশ এই খাস্ দিন !
হাসানের মত পিব পিয়ালা সে জহরের,
হোসেনের মত নিব বুকে ছুরি কহরের,
আস্গর সম দিব বাচ্চারে কোরবান,
জালিমের দাদ নেবো, দেব আজ গোর জান্ !
সকীনার শ্বেতবাস দেবো মাতা-কন্যায়,
কাসিমের মত দেবো জান্ রুধি’ অন্যায়।
মোর্হারম ! কারবালা ! কাঁদো “হায় হোসেনা !”
দেখো মরু-সূর্যে এ খুন যেন শোষে না !
নির্ঘন্ট :
আরশ - খোদার সিংহাসন। আম্মা - মা। মাতম্ - হাহা ক্রন্দন। লাল - জাদু। দুনিয়া-দামেশকে - দামেশক-রূপ দুনিয়ায়।
এজিদ - হোসেনের প্রতিদ্বন্দ্বী রাজা। দুলদুল- ইমাম হোসেনের ঘোড়ার নাম। কাসিম - ইমাম হাসানের পুত্র, ইমাম হোসেনের জামাতা, সকীনার স্বামী। নওশা- বর। সীমার - হোসেনের হত্যাকারী। ফাতিমা - ইমাম হোসেনের ছোট মেয়ে। ইমাম হোসেনের মায়েরও একই নাম।
আমামা - শিরস্ত্রাণ। বানু - আসগরের মাতা। আসগর - ইমাম হোসেনের শিশু-পুত্র। বরবাদ - নষ্ট। পয়মাল - ধ্বংস। জয়নাল- ইমাম হোসেনের পুত্র। দুলদুল-আসওয়ার - ‘দুলদুল’ ঘোড়ার সওয়ার ইমাম হোসেন। কমজাতরা - নীচমনাগণ। এক কাৎরা - এক বিন্দু। হলকুম - কণ্ঠ। তেগ - তরবারি। আফতাব - সূর্য।
মর্সিয়া - শোক-গীতি। শমশের - তরবারি। জহর - বিষ। কমবখ্ত - হতভাগ্য। দাদ - প্রতিশোধ। নবীব - তূর্যবাদক।
বাংলাদেশ/
