২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর ঘুরে আবার এলো সরস্বতী পূজা

ঢাকা শহরের অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হলের মূল ফটকে ফি বছর এই সময়টায় একটা ব্যানার দেখা যায়। নানান রঙে রাঙানো সেই ব্যানার ঘোষণা করে একটি উৎসবের। এ উৎসব একজন দেবীকে ঘিরে। তিনি বিদ্যা ও সংস্কৃতির দেবী, তিনি সরস্বতী। মঙ্গলবার সেই দেবীরই পূজা, এ নিয়ে মেতে উঠেছে রাজধানীসহ সারাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 10:29 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিদ্যার দেবী বলে খুব স্বাভাবিক ভাবেই ঘরোয়া পরিবেশ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র--ছাত্রীরা মহা সমারোহে উদযাপন করে সরস্বতী পূজা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হিন্দু ছাত্র অধ্যুষিত আবাসিক হল ঘুরে দেখা যায় পূজা উপলক্ষে কোথাও আয়োজনের কোনো কমতি নেই।

সব জায়গাতেই আলোকমালা আর নান্দনিক সাজে সাজানো হয়েছে দেবী সরস্বতীকে। মঙ্গলবার হবে বাণী অর্চ্চনা।

পূজা উপলক্ষে কোনো সরকারি ছুটি না থাকলেও এদিন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই থাকে বন্ধ। দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বী ছাত্র --ছাত্রীরা মেতে থাকে পূজার আমেজে। তবে আনন্দ ভাগাভাগি করতে তাদের সঙ্গে যোগ দেয় অন্য ধর্মাবলম্বী সহপাঠীরাও। সবকিছু মিলিয়ে এ দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন থাকে জমজমাট।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে সকাল ১১টায়। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ আবাসিক হল এখন সরগরম। অন্যদিকে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারই প্রথম স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার।

হিন্দু পুরাণ মতে দেবী দুর্গার তিন মেয়ের একজন হলেন সরস্বতী। তার হাত চারটি। এই চারটি হাত মানুষের শিক্ষার ক্ষেত্রের গুরুত্বপূর্ণ চারটি জিনিসকে প্রতিফলিত করে। এগুলো হলো মন, বুদ্ধিবৃত্তি, সতর্কতা এবং নিজস্বতা। সেইসঙ্গে হাতগুলো দিয়ে তিনি ধরে থাকেন বই, সাদা মুক্তার মালা, এক পাত্র পবিত্র জল ও একটি বীণা। বীণা দ্বারা সংস্কৃতির সকল ক্ষেত্র এবং বিজ্ঞানে তার দক্ষতা বোঝানো হয়। তবে কোথাও কোথাও দুই হাত বিশিষ্ট সরস্বতী প্রতিমাও দেখতে পাওয়া যায়।

এ দেবীর আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যান্য দেবীর মতো তাকে স্বর্ণ বা দামী পাথর দিয়ে তাকে সাজানো হয় না। তিনি সব সময়ই পোশাকের দিক থেকে সাদাসিধে। তিনি পরিধান করেন সাদা রংয়ের পোশাক এবং তার বাহন হলো একটি রাজহাঁস। তার আসন হিসাবে ব্যবহৃত হয় সাদা পদ্ম।

তবে সময়ের বিবর্তনে অন্যান্য সবকিছুর মতো দেবী সরস্বতীর সাজেও পরিবর্তন আনা হয়েছে কোথাও কোথাও। তার সাদাসিধে পোশাকের পরিবর্তে জমকালো পোশাকেও উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে অবশ্য বিতর্কেরও অন্ত নেই।