১১ ফেব্র“য়ারি সেন্ট মার্টিনে শুরু হবে ঘুড়ি উৎসব
সুতো ছেঁড়া ঘুড়ির পেছনে দৌঁড়ানোর সেই শৈশবকাল এখনও আমাদের নস্টালজিক করে তোলে। ঘুড়ি তো তখন আকাশে উড়তো না, উড়তো সবার স্বপ্ন। স্বপ্নের ঘুড়ির মাধ্যমে তখন আমাদের চলতো আকাশ ছোঁয়ার চেষ্টা।
রংদার ঘুড়ির সেই শৈশবকে ফিরিয়ে আনতেই প্রথম ঘুড়ি উৎসবের ধারণাটা আসে কয়েকজন তরুণ শিল্পীর মনে। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের উল্টো দিকের ছবির হাটে আড্ডাবাজির ফাঁকে ফাঁকে আইডিয়াটা দিন দিন পরিপূর্ণতা পেতে থাকে। এটা ২০০৫ সালের ঘটনা। আস্তে আস্তে সেই স্বপ্নের সঙ্গে যোগ দেয় লেখক, সাংবাদিক, ছাত্র এবং আরও বিভিন্ন পেশার লোকজন।
ঘুড়ি উড়াতে প্রয়োজন বাতাসের নিরন্তর প্রবাহ। আর সার্বক্ষণিক বায়ুপ্রবাহের সর্বোচ্চ নিশ্চয়তা দিতে পারে সমুদ্র। সে কারণে ওই বছরই প্রথমবারের মতো ‘ঘুড়ি উৎসব ২০০৫’ উদযাপিত হয় বাংলাদেশের সর্ব দক্ষিণের প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরায় (সেন্ট মার্টিন)।
এ ঘুড়ি উৎসবটা একটু অন্যরকম। ঘুড়ি কিনলাম, সুতা কিনলাম আর একদিন উড়ালাম-- বিষয়টা মোটেও সেরকম নয়। সেন্ট মার্টিনে পাঁচদিনব্যাপী ঘুড়ি বানানো বিষয়ক কর্মশালায় যেসব ঘুড়ি বানানো হয়েছিলো সেগুলোই উৎসবের শেষ দিন বর্ণিল করে তুলেছিলো ওই দ্বীপের আকাশ। এ উৎসবে উড়ানো ঘুড়ির সবগুলোই উৎসবে অংশগ্রহণকারী লোকদের নিজেদের বানানো।
প্রথমবারের সফলতা উৎসাহী করে তোলে আয়োজকদের। ফলে ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো আবার আয়োজন করা হয় ঘুড়ি উৎসব। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ উৎসব। স্থান বরাবরের মতোই সেই সেন্ট মার্টিন।
এবারের উৎসব চলবে ফেব্র“য়ারি ১১ থেকে ১৭ তারিখ শনিবার পর্যন্ত। উৎসবে যোগদানকারীদের ভাগ করা হয়েছে দুইটি দলে। এক দলের নাম ঘুড়িয়াল, অন্যদলটি উড়িয়াল।
মজার এই নামকরণ প্রসঙ্গে উৎসবের একজন উদ্যোক্তা জানালেন, “ঘুড়িয়াল দল অগ্রবর্তী দল হিসাবে পাঁচ দিন আগেই চলে যাবে সেন্ট মার্টিন। সেখানে তারা ঘুড়িবিষয়ক কর্মশালায় অংশ নেবে আর ঘুড়ি বানাবে। যেহেতু তারা ঘুড়ি বানাবে সেহেতু তারা ঘুড়িয়াল। আর যেহেতু উড়িয়ালরা ঘুড়িয়ালদের বানানো ঘুড়ি উড়াবে সেহেতু তারা উড়িয়াল।”
ঘুড়িয়াল দল ১০ ফেব্র“য়ারি যাত্রা করে পরদিন পৌঁছাবে সেন্ট মার্টিন। সেদিন থেকেই শুরু হবে ঘুড়ি বিষয়ক কর্মশালা। ঘুড়িয়াল দলে আসন সংখ্যা সীমিত।
অন্যদিকে উড়িয়াল দল যাত্রা শুরু করবে ১৫ ফেব্র“য়ারি, বৃহস্পতিবার রাতে। শুক্রবার তারা গিয়ে পৌঁছাবে সেন্ট মার্টিন। শনিবার হবে মূল উৎসব। সকাল থেকে সারাদিনব্যাপী চলবে ঘুড়ি উড়ানো। রাতে ঘুড়িগুলোকে নিলামে ওঠানো হবে। সেখান থেকে পছন্দমতো ঘুড়ি কিনতে পারবে যে কেউ।
উড়িয়াল দলের সঙ্গে যাত্রা করে আপনিও যোগ দিতে পারেন ঘুড়ি উৎসবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ছবির হাটে। ছবির হাট বসে প্রতি শুক্রবার। এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় চারুকলার উল্টোদিকে ছবির হাটের লোকজনের দেখা মিলবে।
