অ-যতি অবিরাম
স্মৃতির সৌন্দর্যের সমস্ত রাক্ষস সেইসব চুল থেকে পরির প্রভায় ঝরে পড়ে
অদূর
অনেক রাত ঝরে গিয়ে সকালের গায়েগতরে একটু বৃষ্টি অনেকটা বজ্রের শব্দে নভেম্বরের চাঁদের গলা বসে গেছে তোমার কথা তাই ভেঙে ভেঙে আসছে দরিয়া বহুদূরে তবু ঢেউয়ের বিভাতে ডাঙায় নাচ জোড়া লাগছে নুনছাড়া ভাতে স্ল্যাংলেস সেক্সে কী মজা আছে ব্রায়ান অ্যাডামসের জন্মদিন চলে গেছে আরও বহু বহু মৃত্যুদিন আসছে অবলীলায় লেখা আমার কবিতাগুলো যে কবি-শালারা কপি করে বহু ভেবেচিন্তে তারা গোয়া-মারা খাক কোনও না কোনওখানে প্রেমের নামে যারা শুধু বদগন্ধ ছড়িয়ে যাচ্ছে তাদের আত্মা ধুয়ে দাও খোদা স্যান্ডেলিনা সাবানে যত সুর আছে বেনারসের ধূলাতে আদমশুমারি শেষ হয়ে গেলে মনশুমারির আয়োজন করে দেখা যেতে পারে কত লাশ জিন্দাবেশে ঘুরছে দুনিয়াতে আর যরথুস্ত্র-মঠে মৃতদেহ শকুনে ঠুকরে খেলে মন ঠোকরাবে কে অফিস ধরো আগে বাস চলে গেল বলে পোষাকের ভেতরে ১০টা-০৫টা রুটিনড লাশ চালান করে দিয়ে তোমার যেটুকু শ্বাস অবশিষ্ট আছে তাকে নগ্ন করে পরিদের পার্কে ফ্ল্যার্টের বিদ্যাবুদ্ধি ফেলে নিজ কতলকারীর শুভ জন্মদিন পালন করতে অপেক্ষায় থাকো ফিরে ফিরে প্রতি ডিসেম্বরে
শহর, মহানগর
০১টা ছোট্ট শহর মহানগর হয়ে মরে যায় যেমন প্রতিটি শিশু মরে যাওয়ার মতো বৃদ্ধ হয় ফুল মুন ছেয়ে থাকে তোমার অন্ধ মন তুমি ফেলে এসেছ কোথায় তোমার চোখসাপেক্ষ চাঁদের যৌবন পায়ে পায়ে আমার সঙ্গে চলেছে যত পথ তাদের স্মরণে কখনও হাতে ফুল নিয়ে দাঁড়াতে হবে তোমার চুলের কাছে স্মৃতির সৌন্দর্যের সমস্ত রাক্ষস সেইসব চুল থেকে পরির প্রভায় ঝরে পড়ে নদী শুকিয়ে গেছে নাকি তোমার চোখের চর বড় হয়ে গেছে; ভেবে দেখে জানিও পিয়াস; শহর হারাতে হারাতে হারতে হারতে মহানগরে তুমি অকালগত আমাকে ভেবে বসে থেকো একটু শহরের শবের পাশে
কাজী আবদুল বাসেত
সমস্ত আর্টের জঞ্জাল থেকে দূরে থাকতে চেয়েও কোনও হুটহাট শুক্রবারে একটা গ্যালারির কেন জানালা থাকে না সে প্রশ্ন মনে আসে বটে মন এও জানে ছবি নিয়ে যেতে পারে কারও চুলের জানালা খুলে বয়ে যাওয়া রঙিন নদীতে ঢাকাতে প্যারিসে মুন্সিগঞ্জে গুমোট গরমে ভাবো পাখা হাতে সে তোমার আশেপাশে ভাবনায় বহু হাওয়া বয়ে বয়ে একটাই দুনিয়াতে কোথায় এত রেখা থাকে তুলির হৃদয় থেকে সম্ভাব্য কী খুন ঝরে পড়ে ওয়াটারে-অয়েলে থইথই মিশ্রমাধ্যমের দরিয়াতে বিষন্ণ গোধূলির পায়ের কাছে চুপচাপ বসে থেকে হাতে কুড়িয়ে পাওয়া দৃশ্যের ভাষা ফ্রেমে ঝুলিয়ে চোখে অনুমান করো ছবিটাই বলে দিতে পারে আছে কিনা সে ঢাকায় এই নভেম্বরে নাকি ভীষণ ব্যস্ত, অনন্ত অতীত আর আগামীরও আগেপরে কোথাও কখনও রংয়ের অক্ষরে সে লিখছে তোমাকে
নিরন্তর
বেঁচে থাকার স্তূপে যোগ হয়ে আরও একটু বেঁচে থেকে ফুল না ফুটিতে তোমার মালঞ্চ ফুরাতে দেখে রাশান উপন্যাসে ঢুকে আলেসার পিছু পিছু ০১টা নিরালা কুটিরে মন ফেলে এসে ভুলে গত শতাব্দীতে এখন এই মোহাম্মদপুর হুমায়ুন রোডে গোলাপেও নেহারির গন্ধ-ছোটা মহল্লা থেকে কোন ক্রাশ এন্ড কনফেশনের মকবরা পিছে ফেলে এতকালকার বুড়ো সূর্যের দাপটের সঙ্গে লড়ার মতো কার্তিকের ছায়াবীথি খুঁজে বের করে গত পরশু বা তারও আগের তরশুর স্বপ্ন তেল না জল রঙে নাকি মিশ্রমাধ্যমে এঁকে বন্ধ্যা গ্যালারির গায়ে ঝুলিয়ে কবিতাকে কবর দিতে চেয়ে প্রতিরাতে আবারও কবিতার চড়ে ও চুমুতে ঘুম ভেঙে আকাশের বনে গহন তারার ঝোপঝাড়ে কে আমাকে ফেলে রেখে গেছে আমার জন্মেরও আগে
ভোর: হুমায়ুন রোড
ভোরের জানালা ধুয়ে যেতে আছে পাখিদের ওড়াওড়ি আছড়ে পড়ে ফজরের ওজুর পানি ঢেলে জ্বরে প্রায় মরে পড়ে থাকা বেনামাজি বান্দার চোখের মোকামে সে তখন আধা ঘুম আধা জাগরণ সাজাতে সাজাতে নিজ অগোচরে কোথাও তার সঙ্গে খোয়াবখানায় বসে শিক্ষানবিশি ছবি এঁকে থাকে ক্লদ মনে আর রঙের ডিব্বা ভেঙে যাকে কখনও পায়নি আর পাবেও না সে তার তীব্র ন্যাংটোতে সেই অবর্ণিল ফুলছায়া ঝাঁকে ঝাঁকে পিউকাঁহা ঝরিয়ে ঝরিয়ে সবকিছু রেখে দেয়া অনন্তের আলামত-রূপ সময় কী যে ঠিক করে আর কী যে ভুল কুয়াশার ক্বাসিদা শিশুদশা কাটতে না কাটতে পৌষের লিরিক এতিম মেয়ের মতো দুঃখের দানা চোখে ফুটিয়ে যা দেখে ফেলেছি অলরেডি কুমারিতা হারিয়েছে সেইসব ছবি আর আলু না মহব্বত বেশি আগে পচে-জানে নাকি শাহজাদি অবোধ্য কবিতা ও গানে দিল ফাটে বেশি আর একটা দিলের ধারেকাছে নর্দমায়ও উপচে পড়ছে ভরপুর ভোরের অনুনয়- অনুতাপ সোনার শিঙ্গা ধরে না রাখতে পেরে আকাশ এই প্রাভাতিকে সমস্ত সৌন্দর্য খাদসহ ঝরছে মাটি থেকে সোজা ওই বাঁকাচোরা তোমার দিকে কিংবা দিগন্তরে
