নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের করুণ মৃত্যুগুলো-৪
কারণটা এই নয় যে আতংকে তার শরীর অবশ হয়ে পড়ে, বরং এই কারণে যে ঠিক সেই অবাক-করা মুহূর্তেই মেলকিয়াদেসের রহস্যের চূড়ান্ত সমাধানটা পরিষ্কার হয়ে যায় তার কাছে, এবং মানুষের স্থান-কালের ক্রমানুসারে পার্চমেন্টে উৎকীর্ণ লিপিগুলোকে একেবারে খাপে খাপে মিলে যেতে দেখে সে: বংশের প্রথমজন একটা গাছের সঙ্গে বাঁধা আছে আর শেষজন যাচ্ছে পিঁপড়ের পেটে।
সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ
আর্কাদিও’র স্ত্রী। আর্কাদিও একরাতে গিয়েছিল পিলার তারনেরার ঘরে। পিলার তারনেরা তাকে জানাতে পারেনি যে সে তার মা। বলেছিল, তোমার জন্য একটি মেয়ে পাঠাব, যাও। আর্কাদিও তখন শহরটার হর্তাকর্তা হয়ে স্কুলঘরে তার সদর দফতর খুলে বসেছে। একরাতে তার ঘরে আসে সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ। তার গর্ভেই জন্ম হয় আর্কাদিও’র তিন সন্তান--সুন্দরী রেমেদিউস, আউরেলিয়ানো সেগান্দো আর হোসে আর্কাদিও সেগান্দোর। বুয়েন্দিয়া পরিবারে সারাজীবন মুখ বুজেই কাটিয়ে দেয় সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ। তার কোনো উচ্চবাচ্যের খবর কখনো পাওয়া যায় না। এমন কি পুত্রবধু ফারনান্দার সাথেও তার সম্পর্ক কখনো ভালো যায়নি। সে যে কতোটা নিঃসঙ্গ ছিল তারও উল্লেখ মার্কেস করেননি। হয়তো আড়ালে রেখেই তার নিঃসঙ্গতা বুঝিয়ে দিয়েছেন। বহু বছর পর, পুত্রদ্বয়ের মৃত্যুর কয়েক বছর পর একদিন সে দু’-তিনপ্রস্থ বাড়তি কাপড়ের একটা পুঁটলি বানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আউরেলিয়ানোকে সে শুধু এতটুকুই বলে, রিয়োহাচায় তার এক জ্ঞাতি ভাই থাকে। তার কাছেই যাচ্ছে সে জীবনের শেষ কটা দিন পার করে দেবার জন্য। কখনো তার কোনো আত্মীয়-স্বজনের কথা শোনা যায়নি। আউরেলিয়ানো যখন শুনে তার কাছে আছে মাত্র এক পেসো পঁচিশ সেন্ট, তখন জোর করেই তাকে চোদ্দটা সোনার মাছ দেয়। ঘরের জানালা দিয়ে আউরেলিয়ানো দেখে, পা টেনে টেনে বয়সের ভারে নুয়ে পড়ে কাপড়ের পুঁটুলিটা হাতে আঙ্গিনা পেরিয়ে যাচ্ছে সে, দেখে, সদর দরজার একটা ফাঁক দিয়ে তার হাতটা গলিয়ে দিয়েছে সে, আর, বেরিয়ে যাওয়ার পর হুড়কোটা লাগিয়ে দিয়েছে আগের জায়গায়। এরপর আর তার কথা কখনো শোনা যায়নি কোনোদিন।
ফারনান্দা দেল কার্পিও
একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার কাছে একদিন হোসে আর্কাদিও সেগান্দো শোনে সমুদ্র থেকে আট মাইল দূরে জাহাজ আটকে পড়ে থাকার গল্প, তাই শুনে সে নদী খনন করে নৌকা নিয়ে আসে মাকোন্দোতে, সঙ্গে আসে একদল রমণী, তাদের মধ্যে একজন ফারনান্দো দেল কার্পিও। ফারনান্দাকে বিয়ে করে ঘরে তোলে হোসে আর্কাদিও সেগান্দো। তার গর্ভে জন্ম হয় হোসে আর্কাদিও, রেনাতা রেমেদিউস আর আমারান্তা উরসুলার। হোসে আর্কাদিও যাজক হওয়ার জন্য চলে গিয়েছিল রোম, আমরান্তা উরসুলা পড়তে চলে গিয়েছিল ব্রাসেলস, আর রেনাতা রেমেদিউসকে ফারনান্দা নিজেই মঠে রেখে এসেছে। সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ চলে যাবার পর সে একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়ে। বাড়িতে তখন দুজন মাত্র মানুষ। সে আর আউরেলিয়ানো। আউরেলিয়ানো মেলকিয়াদেসের ঘর ছেড়ে বেরোয়ই না। সারাদিনই পড়ে। জীবনে প্রথমবারের মতো আগুন জ্বালাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলে ফারনান্দা। কীভাবে কফি বানাতে হয় তা দেখিয়ে দেবার জন্যে সাহায্য চাইতে হয় তাকে আউরেলিয়ানোর কাছে। কিছুদিন যেতে আউরেলিয়ানোই বুঝে নেয় রান্নাঘরের দায়িত্ব। এই সময়টাতেই ফারনান্দার ওপর সতর্ক নজর রাখতে শুরু করে আউরেলিয়ানো। কান পেতে শোনে শোবার ঘরে তার পায়ের আওয়াজ। শুনতে পায়, সে তার দুই সন্তানের চিঠির জন্যে অপেক্ষা করতে করতে আর নিজের চিঠিগুলো ডাকপিওনের হাতে দেবার জন্যে দরজার দিকে যাচ্ছে। বাড়িতে একটা নকুলের রানীর পোশাক ছিল। একদিন আউরেলিয়ানো দেখে ফারনান্দা সেটা পরে ঘুরছে। না, নিজের রাজকীয় ভঙি দেখার জন্য, রাজপোশাকটা সে পড়েছে স্মৃতি উস্কে দেবার একটা উপায়ে পরিণত করার জন্য। গভীর রাত পর্যন্ত আউরেলিয়ানো শোবার ঘরে ফারনান্দার ফোঁপানো কান্নার শব্দ শুনে। একদিন ভোরবেলা বরাবরের মতো আগুন জ্বালাতে গেছে সে, দেখে, আগের দিন ফারনান্দার জন্যে যে খাবার সে রেখে গিয়েছিল তা নিভে-যাওয়া ছাইয়ের ভেতর পড়ে আছে। তখন সে ফারনান্দার শোবার ঘরে গিয়ে উঁকি দিয়ে দেখতে পায় নকুলের চামড়ার হাতাহীন কোট-ঢাকা অবস্থায় বিছানায় শুয়ে আছে সে, আগের চেয়ে অনেক বেশি সুন্দরী দেখাচ্ছে তাকে। চার মাস পর হোসে আর্কাদিও এসেও ঠিক সেই অবস্থাতেই দেখতে পায় তাকে। ফারনান্দা যে মারা গেছে তা বোঝা যায় অনেক পরে। আউরেলিয়ানো তার দাদার দাদার পানি পাইপে পারদ গরম করে গেছে মেলকিয়াদেসের ফর্মুলা মোতাবেক দেহটাকে সংরক্ষণ করার জন্যে।
হোসে আর্কাদিও
হোসে আর্কাদিও’র নাম তার দাদার নামে রাখে তার পিতা আউরেলিয়ানো সেগান্দো। সম্পর্কে সে উরসুলার নাতির ছেলের ছেলে। সে যখন খুব ছোট, উরসুলা তখন থুত্থুরে বুড়ী। তাও তার সান্নিধ্যটাই ছিল উরসুলার শেষ বাৎসল্য। ছোটবেলাতেই যাজক-প্রশিক্ষাণলয়ের উদ্দেশ্যে রোম পাঠিয়ে দেয়া হয় তাকে। বৃহস্পতিবার দুপুর দুটার সময় তাকে বিদায় জানবার দৃশ্যটা জীবনের কখনো ভুলতে পারে না উরসুলা। ওটাই ছিল হোসে আর্কাদিওকে উরসুলার শেষ দেখা। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া তখন গৃহবন্দি, ভয়াবহ নিঃসঙ্গতায় আক্রান্ত। উরসুলা তাকে বন্দিদশা থেকে বের করে আনার জন্য হোসে আর্কাদিওকে কাজে লাগিয়েছিল। তাতে অবশ্য কেনো ফল হয় না। কর্নেল আউরেলিয়ানোই একমাত্র লোক যে হোসে আর্কাদিওর বিদায়পর্বে অংশ নেয় না। সে শুধু বিড়বিড় করে বলে, ‘ওটাই কেবল দরকার আমাদের। একজন পোপ।’
হোসে আর্কাদিও ফিরে আসে বহু বছর পর, তার মা ফারনান্দারও মৃত্যুর চারমাস পর। লোকসমাগমহীন এক অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পন্ন করার পর ঘরদোর সে বসবাসের যোগ্য করে। বাড়িতে তখন দুজন মাত্র পুরুষ, সে আর আউরেলিয়ানো। আউরেলিয়ানো ঘর ছেড়ে বেরোয়ই না। সারাক্ষণই মেলকিয়াদের ঘরে বসে পার্চমেন্টটা উদ্ধার করার কাজে লেগে থাকে। মাঝে মাঝে রান্না করে। কদাচিৎ হোসে আর্কাদিওর সঙ্গে কথা হয় তার। হোসে আর্কাদিও আবিষ্কার করে আউরেলিয়ানো ইংরেজি পড়তে পারে, পার্চমেন্ট পাঠ ছাড়াও বিশ্বকোষটার ছয় ভল্যুমের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সে একেবারে উপন্যাসের মতো পড়ে ফেলেছে। সে ভেবেছিল এই কারণেই বুঝি আউরেলিয়ানো রোম সম্পর্কে এমনভাবে কথা বলতে পারে যেন অনেকদিন ওখানে থেকেছে সে, কিন্তু শিগগিরই সে আবিষ্কার করে বিশ্বকোষে যা আছে তার বাইরেও অনেক কিছু তার জানা, যেমন জিনিসপত্রের দাম। এসব তথ্য সে কোথায় পেল জিজ্ঞেস করায় যে-জবাব মেলে তা স্রেফ এই, ‘সব কিছুই জানা হয়ে গেছে।’
সময় কাটানোর জন্য হোসে আর্কাদিও শহর থেকে ধরে আনে একদল বাচ্চাকাচ্চা। তাদের মধ্যে বয়োসন্ধির দোরগড়ায় পৌঁছেও খাটো প্যান্ট পরতো সবচেয়ে বড় চারটে বাচ্চা। তারা হোসে আর্কাদিওর নানারকম সেবাযত্ন করতো। গোসল করতে চৌবাচ্চায় নামলে তার আপাদমস্তক সাবান মাখিয়ে দিত। এরপর তারা গা মুছিয়ে দিতো, পাউডার ছড়িয়ে দিতো সারা গায়ে, জামা-কাপড় পরিয়ে দিতো।
তখন হোসে আর্কাদিও হাত খরচ যোগার করত বাড়িতে রাখা চেম্বারপটগুলো বিক্রি করে। চেম্বারপটগুলো কেনার পেছনে একটা ঘটনা আছে। মেমে (রেনাতা রেমেদিউস) তৃতীয় ছুটি কাটাতে আসার সময় সাথে করে নিয়ে এসেছিল চারজন সন্ন্যাসিনী আর আটষট্টিজন সহপাঠী। ফারনান্দা কপাল চাপড়ে বলে উঠেছিল, ‘কী সব্বোনাশ! এ- মেয়েতো দেখছি ওর বাপের মতোই অসভ্য, বর্বর!’ যেদিন ওরা এসে পৌঁছায় সে-রাতে সেই স্কুলছাত্রীরা শুতে যাবার আগে বাথরুমে ঢোকার জন্যে এমন হুটোপুটি শুরু করে দেয় যে রাত একটার সময়ও দেখা যায় শেষ ক’জন ভেতরে ঢুকছে। ফারনান্দা তখন বাহাত্তরটা চেম্বারপট কিনে আনে। মেয়েগুলো চলে যাবার পর চেম্বারপটগুলো ফারনান্দা মেলকিয়াদেসের ঘরে নিয়ে রেখে আসে।কলাশ্রমিকের গণহত্যার পর সৈন্যরা বাড়িতে আসে হোসে আর্কাদিওর খোঁজে। হোসে আর্কাদিও তখন মেলকিয়াদেসের ঘরে ঘুমাচ্ছিল। ঘরটাতে তালা মারা ছিল। সবগুলো ঘর খুঁজে অফিসারটি তালা খোলায়। লণ্ঠনটা নিজের হাতে নিয়ে ঘরটা তন্নতন্ন করে খোঁজে। এসিডের বোতলগুলো দেখে, কাচের আলমারি আর কিছু যন্ত্রপাতি তার নজরে পড়ে। অফিসারটি বুঝতে পারে এখানে কেউ থাকে না। এমনকি কয়েকটা আলমারিতে ডাঁই করে রাখা বাহাত্তরটা চেম্বারপট আবিষ্কার করার আগ পর্যন্ত তার মধ্যে কৌতূহলের কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না। যাওয়ার জন্য তৈরি হয়ে হোসে আর্কাদিও সেগান্দো খাটিয়ার কোনায় বসে আছে। এমন গম্ভীর ও চিন্তিত তাকে আর কখনো মনে হয়নি। রহস্যজনক ঘটনা হচ্ছে এই, তাকে দেখতে পায় কেবল আউরেলিয়ানো সেগান্দো আর সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ। অফিসারটি সৈন্যদের বলে, ‘ঘরটাতে যে গত একশ বছরে কেউ থাকেনি তা নিশ্চিত। ওখানে এমনকি সাপ-টাপও থাকতে পারে।’
সৈন্যরা তাকে দেখতে পায়নি বলে পরবর্তী ছয়মাস, সৈন্যরা মাকোন্দো ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত হোসে আর্কাদিও সেগান্দো ওই ঘরেই থাকে, আর ওই চেম্বারপটগুলোতে হাগে। বহু বছর পর তার ভাইয়ের ছেলে হোসে আর্কাদিও সেই চেম্বারপটগুলো বিক্রি করে করেই যখন দৈনন্দিন হাতখরচা চালাচ্ছিল তখনই হঠাৎ একদিন আবিষ্কার করে বহু বছর আগে উরসুলার লুকিয়ে রাখা তিনটে মোটা কাপড়ের বস্তার ভেতর সাত হাজার দুশো চোদ্দটি হিস্পানি স্বর্ণমুদ্রা।
একদিন গোসলখানা থেকে ফিরে এসে হোসে আর্কাদিও দেখে চারটা বাচ্চা ঘরটা লন্ডভন্ড করে নগ্ন হয়ে একজন আরেকজনের গায়ের ওপর শুয়ে আছে। সে উন্মাদের মতো চিৎকার করতে করতে এমন নির্দয়ভাবে চাবকে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যেরকম কেউ কখনো হিংস্র নেকড়ের পালকেও চাবকায়নি। একদিন সেই চারটা বাচ্চা হোসে আর্কাদিওকে চৌবাচ্চায় চুবিয়ে মারে। তারপর স্বর্ণমুদ্রাগুলো নিয়ে চলে যায়। সেই দিনই বিকেলবেলা, রান্নাঘরে হোসে আর্কাদিওকে না পেয়ে সারা বাড়ি খুঁজে শেষে আউরেলিয়ানো তার ফুলে ওঠা শরীরটা আবিষ্কার করে। আর কেবল তখনই আউরেলিয়ানো উপলব্ধি করে কতোটা ভালোবাসতে শুরু করেছিল সে হোসে আর্কাদিওকে।
পিলার তারনেরা
মাকোন্দো পত্তনের সময় যে গণ-হিজরতের সমাপ্তি ঘটে তারই অংশ হিসেবে পিলার তারনেরা এসেছিল তার পরিবারের সঙ্গে। চোদ্দ বছর বয়েসে সে ধর্ষিত হয়েছিল। যে- লোকটা তাকে ধর্ষণ করেছিল বাইশ বছর বয়স পর্যন্ত তার পিছু লেগে ছিল, আর হলপ করেছিল পৃথিবীর শেষ পর্যন্ত সে তার পিছু নিবে। মূলত সেই ভয়েই তারা মাকোন্দো চলে আসে। মাকোন্দোতে এসে পিলার তারনেরা শুরু করে পতিতাবৃত্তি। তাশ দেখে সে ভবিষ্যৎ বলতে পারে। একরাতে তার ঘরে যায় হোসে আর্কাদিও। হোসে আর্কাদিওর সঙ্গে মিলনে তার গর্ভে জন্ম হয় আর্কাদিওর। বহু পরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার সঙ্গে মিলনে তার গর্ভে জন্ম হয় আউরেলিয়ানো হোসের। দুটো ছেলেকেই বুয়েন্দিয়া পরিবার ঘরে তুলে নেয়, এবং কোনোদিন তাদের মাতৃ পরিচয় জানতে দেয় না। সারা উপন্যাসেই পিলার তারনেরা একটা রহস্যময় আবহ বিস্তার করে রাখে। সে মারা যায় বহু পরে, উরসুলারও মৃত্যুর অনেক পরে। সেও একশ বছরের অধিককাল বেঁচে ছিল। আর একদিন সে মারা যায় আচমকা। সর্বশেষ অধ্যায়টি মার্কেস শুরু করেছেন পিলার তারনেরার মৃত্যুবর্ণনা দিয়েই, “আমোদ-উৎসবের এক রাতে, পিলার তারনেরা তার নিজের স্বর্গের প্রবেশপথের ওপর নজর রাখার সময় বেতের দোলকেদারায় বসা অবস্থাতেই মারা যায়। তার শেষ ইচ্ছে অনুযায়ী, কফিনে পুরে নয় বরং তার দোলকেদারাতে বসা অবস্থাতেই তাকে কবর দেয়া হয়, নাচঘরের মেঝেতে খোড়া একটা বিশাল গর্তের ভেতর আটজন লোক দড়ি ধরে সেটা নামিয়ে দেয়।”
তার সঙ্গে থাকতো যে মেয়েগুলো তারা কানের দুল, ব্রৌচ আর আংটি খুলে গর্তটার ভেতর ফেলে দিয়ে একটা অলীক ধর্মীয় অনুষ্ঠানের উদ্ভাবন ক’রে বসে।
আউরেলিয়ানো বাবিলনিয়া, আমারান্তা উরসুলা ও আউরেলিয়ানো
আমারান্তা উরসুলা আউরেলিয়ানো সেগান্দো আর ফারনান্দা দেল কার্পিও’র মেয়ে। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার মৃত্যুর পর পরই জন্ম হয়েছিল তার। বড় হওয়ার পর ব্রাসেলস পড়তে যায় সে। কয়েক বছর পর, বাড়িটা যখন একেবারেই নির্জীব, হোসে আর্কাদিও মারা যাওয়ার কিছুদিন পর স্বামীর গলায় বাঁধা রেশমের একটা রশি ধরে কোনোরকম জানান না দিয়ে মাকোন্দো ফিরে আসে সে। এসেই যতটা না খুশি হয়ে তার চেয়ে বেশি শংকিত হয়ে চেঁচিয়ে ওঠে, ‘হায় ঈশ্বর, দিব্যি বোঝা যাচ্ছে বাড়িটাতে কোনো মেয়েলোক নেই।’
বাড়িটার একটা শ্রী ফিরিয়ে আনার প্রাণান্তকর চেষ্টায় নিয়জিত হয় সে। যেসব লাল পিঁপড়া এরি মধ্যে বারান্দার দখল নিয়ে নিয়েছিল সেগুলোকে সে ছত্রভঙ্গ ক’রে দেয়, গোলাপের ঝাড়গুলোতে ফিরিয়ে আনে প্রাণের স্পন্দন, আগাছাগুলো উপড়ে ফেলে আর পটগুলোতে নতুন ক’রে ফার্ন, অরিগ্যানো আর বেগনিয়া লাগিয়ে রেলিং বরাবর সেগুলো সাজিয়ে রাখে। উরসুলার মতোই কর্মঠ সে, আর প্রায় সুন্দরী রেমেদিওসের মতোই রূপসী। তার স্বামী গাঁস্ত কীটতত্ত্বের ওপর উচ্চতর পড়াশোনা করেছিল, যদিও তার মূল বৃত্তি ছিল বিমানচালনা। স্ত্রীকে সে এতোই ভালোবাসে এক বছর হয়ে গেলেও আমারান্তা উরসুলাকে সে ফিরে যাবার তাড়া দিতে পারে না। সে বুঝতে পারে বউ তার এক স্মৃতিকাতরতার মরীচিকায় আটকে গেছে। সকালবেলাটা সে লাজুক আউরেলিয়ানোর সঙ্গে মেলকিয়াদেসের ঘরে বসে গল্প করে কাটিয়ে দিত। বিশ্বকোষে যেসব কথা সেই সব আউরেলিয়ানো কী ক’রে জানে জিজ্ঞেস করায় গাস্তঁ ঠিক সেই জবাবটি পায় যা হোসে আর্কাদিও পেয়েছিল: ‘সব কিছু জানা হয়ে গেছে।’ আমারান্তা উরসুলার সঙ্গে পুরনো দিনের গল্প করতে করতে এক সময় নিজের অজান্তেই আমরান্তা উরসুলার প্রেমে পড়ে যায় আউরেলিয়ানো বাবিলনিয়া। এটা টের পেয়ে আমারান্তা উরসুলা তখনই ব্রাসেলস ফিরে যেতে চায়। সম্পর্কে আউরেলিয়ানো তার বোনের ছেলে, সেই ঝুড়িতে করে নিয়ে আসা হয়েছিল যাকে। কিন্তু, এক বিকেলে জোর করেই আউরেলিয়ানো আমারান্তা উরসুলাকে বিছানায় নিয়ে যায়। প্রচণ্ড কামোদ্দীপনার এক পর্যায়ে আমারান্তা উরসুলাও তাকে প্রশ্রয় দেয়, তারপর থেকে লাগামহীন ভালোবাসার মত্ততায় ডুবে যায় তারা। গাস্তঁ ব্রাসেলস ফিরে যায়। বাড়িটা খালি পেয়ে আরো যেন বিকারগ্রস্ত হয়ে পড়ে তারা। বাড়ির এমন কোনো স্থান নেই যেখানে তারা দৈহিকভাবে মিলিত হতে বাকি রাখে। কামাবেগের সেই হতবিহবলতার ভেতরেই আমারান্তা উরসুলা চেয়ে দেখে পিঁপড়েগুলো বাগানটা তছনছ করে ফেলেছে, বাড়ির কড়িকাঠগুলো দিয়ে তারা তাদের প্রাগৈতিহাসিক খিদে মিটিয়ে নিচ্ছে, সারা বাড়িটা দখল করে নিচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওগুলোকে তার শোবার ঘরে পাওয়া যায় আমরান্তা উরসুলা সেগুলো ঠেকানো নিয়ে মাথা ঘামায় না। একটা মাত্র ঘর তারা কোনোরকমে বাঁচিয়ে রাখে নিজেদের শোবার জন্য। এর মধ্যে আমারান্তা উরসুলা গর্ভবতী হয়ে পড়ে। ঘরে বসে বসেই আলস্যের দিনগুলো পার করে সে। এক রোববার বিকেলে একটি পুত্রসন্তানের জন্ম দেয় । চোখভরা অশ্রু নিয়ে আমারান্তা উরসুলা তাকিয়ে দেখে বাচ্চাটা দুর্দান্ত বুয়েন্দিয়াদের মতোই হয়েছে। নিঃসঙ্গচারী স্বভাব দূর করার জন্যে সে যেন আগে থেকেই তৈরি। কারণ এক শতাব্দীর মধ্যে একমাত্র তারই জন্ম হয়েছে ভালোবাসা থেকে। আমারান্তা উরসুলা বাচ্চাটার নাম রাখতে চায় রদ্রিগো। কিন্তু, আউরেলিয়ানো বাবিলনিয়া বলে, না, ওর নাম রাখবো আমরা আউরেলিয়ানো, বত্রিশটা যুদ্ধ জয় করবে ও।’
আউরেলিয়ানো আলোটা উঁচু করে ধরে, আর দাই বাচ্চাটার সারা শরীরে লেগে থাকা নীল আঠাল পদার্থটা একটা কাপড় দিয়ে মুছতে শুরু করে। ওকে যখন উপুড় করা হয় তখনই কেবল ওরা দেখতে পায় যে অন্য সব পুরুষের চেয়ে বাড়তি একটা জিনিস আছে তার, সেটা ভালো ক’রে দেখার জন্যে ঝুঁকে পড়ে সবাই। জিনিসটা আর কিছু না, শুয়োরের লেজ।
অঝোর ধারায় রক্ত ঝরে আমারান্তা উরসুলা মারা যায়। বাচ্চাটাকে একটা ঝুড়িতে রেখে আউরেলিয়ানো বাবিলনিয়া বেরিয়ে যায় বন্ধুদের খোঁজে। কিন্তু, সারা শহর ঘুরেও সে কাউকে খুঁজে পায় না। অনেক রাতে বাচ্চাটার কথা মনে পড়ে তার। বাড়ি ফিরে এসে ঝুড়িটা খুঁজে পায় না। হয়তো দাই ফিরে এসে বাচ্চাটাকে নিয়ে গেছে এই ভেবে সে পুরনো দোলকেদারাটায় বসে। এই দোলকেদারাতে বসেই এই পরিবারটির প্রথম যুগে রেবেকা এমব্রয়ডারি শেখাত, কর্নেল জেরিনাল্দো মার্কেসের সঙ্গে আমারান্তা চেকার খেলতো, আর এটাতে বসেই আমরান্তা উরসুলা বাচ্চাটার জন্য ছোট ছোট কাপড়চোপড় তৈরি করেছিল। আউরেলিয়ানো টের পায় নিজের আত্মার ভেতর এতখানি অতীতের দমবন্ধকরা ভার সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। আর তখনই সে দেখতে পায় বাচ্চাটিকে। বাচ্চা মানে চামড়ার একটা ফোলানো শুকনো থলে, জগতের সমস্ত পিঁপড়া সেটাকে বাগানের শান বাঁধানো পথ ধরে তাদের গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আউরেলিয়ানো স্থির হয়ে যায়। কারণটা এই নয় যে আতংকে তার শরীর অবশ হয়ে পড়ে, বরং এই কারণে যে ঠিক সেই অবাক-করা মুহূর্তেই মেলকিয়াদেসের রহস্যের চূড়ান্ত সমাধানটা পরিষ্কার হয়ে যায় তার কাছে, এবং মানুষের স্থান-কালের ক্রমানুসারে পার্চমেন্টে উৎকীর্ণ লিপিগুলোকে একেবারে খাপে খাপে মিলে যেতে দেখে সে: বংশের প্রথমজন একটা গাছের সঙ্গে বাঁধা আছে আর শেষজন যাচ্ছে পিঁপড়ের পেটে।
দরজা-জানালা আটকে আউরেলিয়ানো বাবিলনিয়া সেই পার্চমেন্টটা পড়তে যায়, যেখানে ভবিতব্যের কথা লেখা আছে। সে জোরে জোরে সেসবের পাঠোদ্ধার করতে শুরু করে, একেবারে খুঁটিনাটি বর্ণনাসমেত মেলকিয়াদেস একশ বছর আগেই তার মাতৃভাষা সংস্কৃততে এই বংশের ইতিহাস লিখে রেখে গেছে। শেষ বাক্যটা পড়ার আগেই আউরেলিয়ানো বাবিলনিয়া জেনে যায় শহরটাকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এগিয়ে আসছে এক প্রবল দমকা বাতাস, নিঃসঙ্গতার একশ বছরের সাজা পাওয়া জাতিগুলো পৃথিবীতে দ্বিতীয় কোনো সুযোগ পায়নি।
(এ আলোচনার উদ্ধৃতিগুলো ব্যবহৃত হয়েছে জি এইচ হাবীবকৃত বাংলা অনুবাদ ‘নিঃসঙ্গতার একশ বছর’ বাতিঘর সংস্করণ ডিসেম্বর ২০১৭ থেকে। )
