আভন্যু দে শঁজেলিজে
ইশারা করছি যাকে দেখিয়ে, চেয়ে দেখি সে এবার আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে।
গাড়ির লাইসেন্স প্লেট যে ফ্রান্সেই প্রথম শুরু হয় তাও জানলাম ওনাদের একজনের কাছ থেকে।
শঁজেলিজে (Champs-Élysées) সড়ক কমবেশি প্রায় সব দেশের সব পর্যটকেরই জানা। ফ্রান্সের প্যারিস শহরের রমরমা বাণিজ্যিক পরিবেশে বিপণন ও আনন্দময় পথ চলাচলের কেন্দ্র হিসেবে এর লোকপ্রিয়তা প্রচণ্ড। এক কথায় সবাক অবাক পথভ্রমণ এখানে প্রায় সকলেরই। আমারও। আমি এদিক ওদিক যেদিকেই তাকাই, আনন্দিত হই। অনেক মুগ্ধতা চারদিকের পরিবেশে ছড়ানো রয়েছে। এর ঐতিহাসিক প্রেক্ষাপট আমাকে আরো বেশি আনন্দ দেয়। এর জগৎজোড়া নাম-ডাকের হাক আমাকে, তোমাকে, আপনাকে, যে কাউকে, হ্যাক করে ড্র্যাগ করে এনে ব্ল্যাক আউট করে দিয়ে বিহ্ববলতায় ভাসাতে পারে, এ বাবা কোথায় এলাম, এরকমই ভাবাতে। এর বহুদিনের সুপরিচিতি গল্পে যে কাল্পনিক আবহ তৈরী করেছে তা আমাকে এর সামনে দাঁড় করিয়ে দিয়ে মোহিত করেছে অনেকটাই, নিঃসন্দেহে। তবে তাকিয়ে ভাব করি, যতটা না মুগ্ধ তার চেয়েও বেশি হয়েছি সেই রকম দেখাতে, মানে হাবভাব করতে। সাথে মেয়ে ও বর আছে। যেহেতু আমি সুদীর্ঘকাল আমেরিকা-প্রবাসী তাই কোনো কিছুরই সৌন্দর্য, ‘মারডালা’ স্টাইলে এখন আর আমাকে মুগ্ধ তেমন করে না। জীবনের বহু বছর পেরিয়ে চলে এসেছি, তাই চোখ অভ্যস্থ হয়ে গেছে অনেক ভীষণ সৌন্দর্যেও। আসলেই তাই, অনেক ভীষণ সৌন্দর্য দেখতে আমি অভ্যস্ত হয়ে উঠেছি বহুকাল ধরেই। সহসাই সব কিছুতে ওয়াও অনুভব করি না, মুখ হা হয়ে ঝুলে পরে না। দোকানপাটে তো নয়ই। তবে বুঝতে পারছি, যারা ছবি তোলা পছন্দ করেন তাদের জন্য বলা যায় এ এক সচিত্র পথমালা। পর পর সাজানো সব লোকপ্রিয় বিশ্বখ্যাত দোকানের ডালা এখানে। সমষ্টি তুষ্ট করবে সার্বজনীন প্রত্যাশাকে, দেখার অবশ্যই, কেনার হয়তোবা নয় অনেকেরই। আমিও না কেনার দলে। কিনি আজকাল কম, দেখতেই ভালো লাগে বেশি। (জি, ডলার বাঁচানোর প্রচেষ্টা !)। ভেবেছিলাম আমার বর শুনে বলবে, বউ তার খুব ভালো। কিনবে না বলছে সবকিছুতেই। কিন্তু সে বললো, ইউরোর দেশে ডলার বাঁচিয়ে কি করবে, সেই রকম কর, ভাত না থাকলে পোলাউ খাও। বলে হাসলো। আমি ধাঁধায় পরে গেলাম, বলে কি এই লোক। তবে আমি খুবই ভালোভাবে চেপে ধরে থাকলাম আমার পার্স। বিলাসবহুল হাই-ফাই ঐসব হাইএন্ড স্টোরগুলোর দিকে চেয়ে চেয়ে দেখি আর ভাবি, কি করবি তোরা! আমি এক পয়সাও খরচ করবো না তোদের পিছনে !! তারপর কিপ্টা কিপ্টা, এই বলে নিজের দিকে চেয়ে নিজেই চোখ নাচাই। আমার বর তার মেয়ের দিকে চেয়ে বললো, তোমার মায়ের ব্যাগে মিলিয়ন ডলার আছে মনে হচ্ছে, যেভাবে চেপে রেখেছে। আমার মেয়ে নির্বিকার ভাবে বললো, ওর ক্রস বডি ব্যাগে মাত্র ২০০ ডলার ক্যাশ আছে, ইয়েস মাত্র $২০০ ডলার।
সর্বত্র তো এখন ক্রেডিট বা ডেভিড কার্ডেই কাজ চলে তাই ক্যাশ রাখে কে। তবে আমার মেয়ে তার বাপকে বলছে শুনলাম, আমাকেও $২০০ ডলার ক্যাশ সবসময় সাথে রাখতে বলেছে, দিয়েছে-ও। বলেছে, বিপদে $২০০ ডলারই -ই আমাদের বাঁচাবে। বলে সে, হেসে হেসে মাথা দুলায়, ভাবখানা এমন জ্ঞানের কথা সে জীবনেও শুনেনি। এবং তাই শুনে ও দেখে তার বাপও আমাকে নিয়ে হাসতে লাগলো। সে বলতে লাগলো, এই জায়গায় তেলের টাকাওয়ালারা ৪/৫ টা বৌ নিয়ে এসে কোটি টাকার বাজার করে যায় ,আর তোমার মা ২০০ ডলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে রানীর ভঙ্গিতে।
আমি যে কাদের কারণে রানী রানী ভাব করি তা যদি তারা জানতো তাহলে তারাই রাজা হয়ে যেতো। জানান না দিয়ে আমি বরঞ্চ দোকানপাটেই মন দিলাম। বৃষ্টি আসবে আসবে করছে। আসুক। চারদিকের উল্লসিত জনতার ভেজাভিজি নিয়ে ভয় নেই যখন , তখন আসুক,’ আয় বৃষ্টি ঝেপে, ধান দিবো মেপে’। আমার বর শুনেই বললো ,' ধানের ভিতর পোকা,
জামাইবাবু বোকা'। আমি অবাক হয়ে বললাম, মানে কি? সে বললো, বৃষ্টি হলেই আমাকে ক্যামেরা ব্যাগে ভরে ফেলতে হবে। বিশাল এক ব্যাকপেক তার সাথী। ওতে সে 'বিশ্বের সবচেয়ে সুন্দর সড়ক ' বলে পরিচিত এই ২ কিলোমিটার লম্বা পথ, পাশে যার ৭০ মিটার তাতে দিনভর ঘুরে বেড়ানোর জন্য যা যা প্রয়োজনীয় সবই ভরেছে। সবই ভ্রমণ উপযোগী প্রয়োজনীয় জিনিসপত্র।
আমি যে দোকানটি মনে মনে খুঁজছিলাম সেটাই সামনে পড়েছে, ওতেই ঢুকলাম।
চল্লিশ বছর আগে আমার শ্বশুর এই শঁজেলিজে সড়কে অবস্থান করা 'মন্টব্লান্স' দোকান থেকে একটা কলম কিনে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশে। সেই কতকাল আগে। সেই থেকে এই শঁজেলিজে আর এই দোকানের নাম আমরা শুনে আসছি। অবশ্য আমি শুনতে শুরু করেছি আমার বিয়ের পর থেকে। ইমতিয়াজের জন্য এটি একটি ইমোশনাল ইস্যু। আমি আবেগকে ধারণ না করে সবেগে বিতাড়িত করতে চাইলাম। এটা ওটা দেখতে ও দেখাতে লাগলাম। সেই ঐতিহাসিক যুগের দোয়াত কালির কলমের বহর সাজানো দেখে হাসলাম। শুমা খুব অবাক এই রকম কালির কলম দেখে। ওদের জমানায় এটা বিরল কিছু। বাংলাদেশেও নেই সম্ভবত আজ আর দোয়াত কলম, আর আমেরিকাতে তো প্রশ্নই আসে না। অবাক লাগলো দেখে যে, এটি একটি কলমের দোকান শুধু, অথচ হাবভাব যেন সোনার দোকানের মতন। কি অভিজাত ও পরিপাটি। সব লেখকদেরই এখানে আসা উচিত। হাজার ইউরোর দামে কলমগুলো সব থরে থরে সাজানো। আমার পোজপাজ বেশি একটু সবসময়ই, আর কে, ওই ইমতিয়াজের থেকে বেশি। ড্রেস ইজ এড্রেস এর গল্পটা আমি খুবই ভালোভাবে মগজে ঢুকিয়ে ফেলেছি। সুটেড বুটেড আটটেনডেন্সরা ধরেই নিয়েছে আমি খুবই ধনী কেউ, ওই যে বাংলাদেশের অবৈধ অর্থ উপার্জনকারীদের একজন ভাবছে। বাংলাদেশের আকাশে বাতাসের বাহাস তো দিকে দিকে টাকার ঝনঝনানিতে ভরপুর, ওই এগারো লক্ষ টাকা দিয়ে এক ছাত্রের ছাগল কাণ্ডের পর থেকে যেরকম দিকে দিকে টাকার ঝনঝনানি দেখলাম আর বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে হারে সব ধনকুবেরদের মুখোশ উন্মোচিত হতে লাগলো তাতে আমার বারেবারেই মনে হচ্ছিলো ভালোই হয়েছে আমি বিলিনিওর নই। আবে-তাবে বড়োলোক হয়নি যারা, তারা-ই সৌভাগ্যবান। বড়লোকদের মনে হচ্ছে একেকজন লুটেরা। লুটেরা থেকেই সম্ভবত "লুটেটিয়া প্যারিসিওরাম" -যা প্যারিসের পূর্ব নাম ছিল, তা বেশ কয়েকবার মাথায় চক্কর দিয়ে গেলো। মনে রাখতে ঠিক করলাম -' লুটে টিয়া প্যারিসিও রাম' এভাবেই ভাববো। আমি যেখানে রয়েছি এখন তার নাম খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে আনুষ্ঠানিকভাবে নামকরণ প্যারিস হওয়ার আগে ছিল "লুটেটিয়া প্যারিসিওরাম"। মনে রাখার এমন পদ্ধতি শুনে আমার মেয়ে চোখ বড়ো বড়ো করে চেয়ে থাকলো। তারপর জানতে চাইলো , কে ওরা প্যারিসিও রাম, যারা লুটে টিয়া পাখি? আমার মেয়ে ভালোই বাংলা বুঝে তারপরও মাঝে মাঝে পথ হারায়। আমার বর সাথে সাথে বললো, তোমার মা-কে আর জিজ্ঞেস করতে যেয়ো না, থামাতে পারবে না। প্যারিসে শুনেছি আছে মাত্র একটি 'স্টপ' সাইন কোনো একটি রাস্তার উপরে, তাই সাবধান তোমার মা-কে স্টপ নাও করাতে পারো। কি অবাক কান্ড, মাত্র একটি? আমাদের আমেরিকাতে রাস্তায় রাস্তায় 'স্টপ' সাইন বোর্ড। অথচ এখানে মাত্র একটি! এবার আমি যারপর নাই গোছের অবাক হলাম। তবে এখানে কারোরই থামাথামিতে যেন ইচ্ছে নেই। ছুটছে সব। রাস্তার পাশে পাশে রয়েছে সাইকেলের রাস্তা, চালকদের ছুটে চলাও খুব দ্রুত। আমার পাশ দিয়েই প্রচন্ড গতিতে ছুটে গেলেন তারা। প্রতি জুলাই মাসে “তুর দ্য ফ্রঁস” নামের বাইসাইকেল প্রতিযোগিতাটি প্যারিসের শঁজেলিজে রাজপথে গিয়ে শেষ হয়। দেখে মনে হচ্ছে এখনও যেন এনারা প্রতিযোগিতায় রয়েছে।
দোকান থেকে বের হওয়ার পরপরই একটি সাইকেল আমার পাস দিয়ে গিয়ে পড়লো আরেকজনের ঘাড়ে। ঘাড় যে মট করে ভেঙে দেয়নি সেই বেশি। অর্গান ডোনেট করতে না চাইলে বলতে হয় ফ্রান্সের নিয়ম অনুযায়ী, না হলে দান হয়ে যাবে। আরেকটু হলেই যে এর চোখ হাত পা সব অর্গান আরেকজনের শরীরে ঢুকে যেত তা যদি বুঝতো এই সব দামাল ছেলের দল, তাহলে তো হয়েই ছিল কাজ! সব দেশেরই বালক দল সমান্তরাল ভাবেই ধাববান, সৃষ্টিতে বা অনাসৃষ্টিতে, বসন্তে বা বর্ষায়।ওরা অপ্রতিরোধ্য।
চারদিকে থরে থরে আবালবৃদ্ধাবণিতাসহ বহু ধরনের মানুষ, বহু দেশের বহু সংস্কৃতির মানুষ। সবারই আনন্দ যেন দেখা যাচ্ছে। মনে হলো এখানে আনন্দকে যেন ছুঁয়ে ছুঁয়ে দেখা যায়। বেড়াতে গেলেই আনন্দ আসবে অনিন্দ্য সৌন্দর্যে মন্ডিত হয়ে, এটাই তো স্বাভাবিক। আর তাই দেখতে আমি-ও যেন পৌঁছে গেলাম ২০২৪ সালের ৩০শে আগস্ট এই মহা সড়কে। তারই মাঝে হঠাৎ একটি মানবীকে দেখলাম, এতো হৈ-চৈয়ের মাঝে সে যেন বেমানান, একা, নিঃসঙ্গ। বিষন্ন ভাবেই এদিক ওদিক চাইছে। বয়স ৫০/৫৫ হবে হয়তোবা। যদিও চাইনিজদের বয়স আমি বুঝতে পারি না। সে আমার সামনে দিয়ে গিয়ে 'সেরোস্কি' নামের পাথরের দোকানে ঢুকলো। এই দোকান আমি যেখান থেকে এসেছি সেই ডালাসেও (টেক্সাস) রয়েছে। অতি দামি সব পাথরের অলংকার এতে পাওয়া যায়। আমার কেনার ইচ্ছে নেই। আমি বেপরোয়া টাকা খরচ করতে অপছন্দ করি। তারপরও দেখার জন্য এবং পার্থক্য বুঝতে ঢুকলাম, আমেরিকা আর ফ্রান্সের মধ্যে কি আছে, কেমন আছে, কি নাই ইত্যাদি পর্যবেক্ষণ করার আশায়। কিন্তু তা কি আর সম্ভব, সেই মহিলা, সেই চাইনিজ লেডি আমার চোখের সামনেই একটা মালা কিনে নিলো দুই হাজার ডলারে। আমি রীতিমতো ভেবাচেকা খেয়ে চেয়ে রইলাম। কিন্তু টাকাতে কি আর শান্তি আনে! না, ইউরোপেও না, আনে না। এতো সুন্দর একটা জিনিস কিনে পেঁচা স্টাইলে মুখ বানিয়ে দাড়ায়ে আছে সে। আমার মেয়ে বললো, তুমি এরকম মুখ বাকায়ে দাঁড়িয়ে আছো কেন। চাইনিজটা যেহেতু আমার ভাষা বুঝবে না তাই বললাম জোরেই , ওকে নকল করছি। আমার মেয়ে বললো, ওহ মম, লেট্ হার গো, ওর মতন করে ওর দিকে চেয়ে থাকবে না। মেয়েকে তার বাপ বললো, তোমার মেয়ের হাতে পাথর আছে নাকি দেখ, মারবে ওর মুখে। ওরা বাপ্-মেয়ে আমাকে নিয়ে মজা করতে ব্যস্ত। ওদের দোকানে ছেড়েই ঝনঝনিয়ে আমি বের হয়ে এলাম। অযথাই এতো টাকা দিয়ে পাথর কেনার মানে নেই। কাউকে দান করলেও ভালো। কত মানুষ না খেয়ে আছে। গরিব দেশে জন্মানোর ফলশ্রুতি কি এই! সব গিয়ে ঠেকে ওই অভাবে।
অথচ, তারপরও, প্যারিসে যাবো আর একবারও 'লুই ভিটোন' (লুই ভুইতোঁ) এর আঙিনাতে যাবো না, তাতো না। না কিনতে পারলে নেই, ঢুকতে তো আর অসুবিধা নেই। জানতাম না লাইনে দাঁড়াতে হবে। দাঁড়ালাম। লম্বা লাইন। আমাদের একদম পিছনে এসে দাঁড়ালো সেই চাইনিজ লেডি। আমি দেখিনি প্রথমে, দেখেছে আমার মেয়ে। সে বললো, দেখো মা তোমার বান্ধবী এসেছে। বলেই আবার বললো, ওকে ওর নাম জিজ্ঞেস করতে যেয়ো না যেন, তাকিয়ো না ঐভাবে, আই -ভ্রু ঠিক করো, এই দোকান সবার। ভেবেছিলাম মেয়ের এই কথাতে ভ্রু কুচকাবো জিজ্ঞেস করতে আমি কবে বলেছি এটা আমার দোকান। কিন্তু মেয়ের কথাতেই বুঝলাম যে ভ্রু অলরেডি কুঁচকেছে, এটাকে বলে অটো -কুঁচকানো। প্রবাসী হওয়াতে আমার ডিকশনারিতে প্রচুর আমারই তৈরিকৃত বাংলা ইংরেজি মেশানো গাঁজাগুজি করে ঢুকে যাওয়া এক মিশ্র শব্দ ভান্ডারের সন্ধান পাওয়া যায়। আমার বর লাইনে আমার পিছনে, সেখান থেকেই বললো, তোমার মা ভাবছে ওই মহিলা-ই সব কিনে নিয়ে যাবে, তোমার মায়ের জন্য কিছুই আর থাকবে না। আমি ভাবছি এবার আমার হাসা উচিত কি উচিত না কিন্তু দেখলাম আমার মেয়ে খুব হাসছে। ও হাসলেই আমি খুশি। কাল সকালে যখন পরিষ্কার করতে আসবে এই জায়গা কোনো কর্মী সে অবাক হয়ে ভাববে এতো মুক্তা এলো কোথা থেকে! রাস্তাময় মুক্তা। মুক্তাময় রাস্তা। তারপরেও জোরে জোরে বললাম, ইস -রে কি কথা, সব কিনে নিয়ে যাবে, যেন সে মহারানী ভিক্টোরিয়া। মেয়ে বললো, মা, ওনার মাথায় কোনো মুকুট নেই, নো ক্রাউন। আমার বর বললো, মহারানী ভিক্টোরিয়া-কে না টেনে ফ্রান্সে যতদিন আছো, ততদিন বলতে পারো, উনি যেন কোনো এক জীন ডি 'আর্ক্ বা মারিয়ান হয়েছেন। কে ওনারা আমি জানি। বাপ্ মেয়ের আলাপ-ও কানে আসছে । সম্ভবত সমস্ত ফরাসি ইতিহাসের সবচেয়ে শ্রদ্ধেয় মহিলা, জিন ডি'আর্ক (১৪১২), যিনি শত বছরের যুদ্ধের সময় ইংরেজদের সাথে লড়েছেন, ডাইনি বলে অপবাদ দিয়ে ব্রিটিশরা পুড়িয়ে মেরেছিল, পাঁচ শতাব্দী পরে ক্যাথলিক চার্চ তাকে সেন্ট হিসাবে স্বীকৃতি দেয়। সবই জানা কথা। মারিয়ান (উচ্চারণ, মারজান) ফরাসি বিপ্লবের পর থেকে প্রজাতন্ত্রের জাতীয় মূর্তি, সেই সাথে স্বাধীনতার দেবীর প্রতিকৃতি হিসেবে সুপরিচিত। কিন্তু আমি আমার দুই ওস্তাদকে কোনো পাত্তা না দিয়েই, কোনো উত্তর না করেই, সান গ্লাস পরে নিলাম, এখন কাকে দেখছি কেও তা আর বুঝতেও পারবে না। বাপ্ মেয়ে তো নয়ই। ভালো করে দেখলাম মহিলাটি চিকনা -পাতলা মহিলা, চাইনিজদের মতন ছোটোখাটো। চোখে মুখে যথারীতি বিরক্তি ও বিষন্নতা। এতো সুন্দর ফ্রান্স দেশে যে ৫ জনের একজনই ডিপ্রেশনের রোগী এটা আগেই পুঁথিগত বিদ্যার মতন জেনে রেখেছিলাম। কিন্তু পরমুহূর্তেই ভাবলাম, এতো অভিবাসী না হয়ে টুরিস্ট হতে পারে, ৫ জনের দলে একে ঢুকানো ঠিক হবে না। কিন্তু পরমুহূর্তেই ভাবলাম, না, এসেছি যখন ফ্রান্স, তখন ফ্রান্স লেডিদের আমার দেখার দরকার। ওদের সোনালী চুল, হলুদ সাদা ধবধবে গায়ের রং, নীল চোখ এগুলো নিয়েই কিছুটা পর্যবেক্ষণ করা উচিত, কিন্তু ওই যে আমি দীর্ঘদিন প্রবাসী তাই আমার এতো দেখা হয়ে গিয়েছে এই সব রং আর ডং যে, গায়ের সৌন্দর্য আমাকে আকর্ষণ করে না, মনে হয় পুরাতন এই সব কিছু। তবে সমাজ ব্যবস্থা, ওদের ব্যবহার, রীতিনীতি, আচার এগুলোতে পার্থক্য থাকবে নিশ্চয়ই, ওতে মনযোগী হওয়া উচিত। শুনেছি এরা অতি ভদ্র মিশুকে জাতি, দেখা যাক কি দেখি।একটা ভাত টিপে পাতিল ভর্তি ভাতের উপর রায় দেব ভাবছি, কিন্তু মানুষ যে এক থেকে অন্যজন অনেক পৃথক তা ভাবতে চাইলাম না, অথচ তাই মানি। সকল জাতিতে সকল দেশে প্রদেশে মানুষে মানুষে প্রচুর ভালো মন্দের মিশ্রণ আছে, তারপরও সামগ্রিকভাবে যে ভাব-টা উঠে আসে তাই নিয়ে বুঝি ভাবছিলাম।ঘুরে দেখি কয়দিন তারপর বললো কেমন এই জাতি। হাতি (বিশাল) না পাতি (ছোট )।
লুই ভুইতোঁ-নের লাইনে আমরা এবার সবার সামনে, বুঝলাম এবার সরেজমিনে চেক করা হবে। রীতিমত সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ঢুকা গেলো দোকানে। দোকান না বলে অন্য কিছু বলা উচিত। কি বলা উচিত তা অবশ্য আমি বুঝে উঠতে পারি নাই তখনো, এখনো। এদের কয়েক লাখ টাকার নিচে তো কোনো পার্স নেই তা আগেই জানি। তাই শুধু মাত্র দেখে যাবো এরকমই ভাবনা আমার। বলা হয় লুই ভিটনের ফ্ল্যাগশিপ স্টোরে থামা ছাড়া 'এই প্যারিস শহরের একটি ভ্রমণ-ও সম্পূর্ণ হবে না'। তাই যেন লোকশ্রুতি সম্পূর্ণ করতেই ঢুকলাম। এবং ভুলে গেলাম চাইনিজ মহিলাটিকে।
এটা আসলেই একটা এক্সপেরিয়েন্স, লুই ভিটোন এর এরকম ঐতিহাসিক একটা দোকানে এসে বেশ আনন্দিত আমিও। আমাদের একজন সেলসমেন দেওয়া হলো। সে ঘুরিয়ে দেখালো পুরো এলাকা। কেনার নিয়ত নেই কিন্তু ইমতিয়াজ ভাবলো প্যারিসে এসে এই দোকানে ঢুকে কিছু কিনে না নেওয়া ঠিক হবে না। ইমতিয়াজ আমাকে একটা পার্স কিনে দিলো। আমি আর শুমা ফিশফিশিয়ে বলাবলি করছিলাম, এই মানুষ যে কখনো মলেই যায় না সে আজ দেখে শুনে কিনছে একটা ব্যাগ তাই সেটাই দারুন পাওয়া। অবাক কান্ড আমার মেয়েও যেন তাই বুঝলো। এবং আরো অবাক কান্ড আমি যা চাচ্ছিলাম সেই ব্যাগই যেন পেলাম, সেই ব্যাগটাই সে দিলো কিনে: ছোট, ক্রস বডি ব্যাগ। আজ যেন কেবল অবাক হওয়ারই দিন। শুমশুম তার ফোন ধুমধুম করে প্রচুর ছবি তুললো। তাতে দেখা যাচ্ছে আমি প্রচুর হাসছি। আমি যে খুব হাসছি তা কিন্তু ব্যাগ পেয়ে না, ইমতিয়াজের কথার কারণে হাসছি। ওর কাজই হচ্ছে হাসিয়ে রাখা আমাদেরকে সবসময় কারণে অকারণে। বলছিলো সে, লুই ভুইটন এর ম্যানেজার বা সেলস লেডি যে দরজায় আমাদের একগাদা চেকএর পরে অভ্ভর্থনা জানালো, তাকে সে এতো এতো প্রশ্ন করেছে যে, আজ তার বেতন উসুল। আমারও ধারণা, ওই হেভি পোজপাজের মহিলা ইমতিয়াজকে সহসা ভুলবে না। সর্বদাই ইমতিয়াজের আশেপাশে চারপাশ দিয়ে যেই যায় তাকেই বহুবিধ প্রশ্নের মুখোমুখি হতে হয়। আমরা ছিলাম খুব কম সময়। বেশি হলে একঘন্টা। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে বেড়ানো, কেনাকাটা নয়। কিন্তু পরের দিন যখন আমরা পাসপোর্ট নিয়ে এলাম টেক্স ফেরত পেতে, দেখলাম মহিলাটি ঠিকই তাদের শত শত আগুন্তকের মাঝে আমাদের চিনে ফেলেছে। শুধু সে না, ওই দোকানের সবাই। কারণ সম্ভবত ওরা সবই রাতভর ইমতিয়াজের সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করতে ব্যস্ত ছিল। ইমতিয়াজও বললো, ওরা কেউ বাসায় ফিরেনি সারারাত, বসে বসে উত্তর খুঁজেছে, ইতিহাস ঘেটেছে। শুমাকেও বললো, এদিক ওদিক খুঁজে দেখো ওদের ইতিহাসের বইও খুঁজে পাবে কিছু। কি কি প্রশ্ন করেছিল সে! তা জানতে হলে ইমতিয়াজকে খুঁজে বের করুন আপনারা। আমি কাউকে রাতভর জাগিয়ে রাখতে চাই না। আমরা সেদিন আধাঘণ্টার মধ্যেই ব্যাগ কিনে দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে আমি-ও আর সবার মতন বা আরো অনেকের মতন ব্যাগের প্যাকেট হাতে ছবি তুললাম। দোকান থেকে বের হওয়ার আগে পর্যন্ত ব্যাগটি আমাদের হাতে সেলসম্যান দিচ্ছিলো না। দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার মনে হয় ওদের নিয়ম। হাতে পেয়েই ধমাধম আবার ছবি। ফ্রান্স থেকে বের হওয়ার আগেই রেল স্টেশনে টেক্স-এর টাকা ফেরতের কাজ হয়ে গিয়েছিল। তাও মাত্র দুই মিনিটে। প্যারিস স্টেশনে কিয়াস আছে, ওতেই টেক্স রিটার্ন দাবী করা যায়, সবই যন্ত্রপাতির এখতিয়ারে চলে গেছে, কোন মানুষ নেই। কারো দেখা পাওয়া মানে হচ্ছে সমস্যা আছে। ভেজাল আছে। তাই মানবের সাথে দেখা হচ্ছে। মানব-মানবীর সাথে দেখা না হওয়াই যেন তখন কাম্য। যন্ত্রই ভালো চালক।
আমেরিকাতে তিনটি স্টেটে চালক বিহীন টেক্সী বেরিয়ে গেছে ইতিমধ্যেই, অতটা মানবহীনতা অবশ্য প্যারিসে শুরু হয়নি। আমাদের যে উবার সকালে এনে শঁজেলিজে নামিয়ে দিয়েছিলো সেটি ছিল মানব-চালিত। শুধু তাই না আরো কথা আছে। 'হাউ আই মেট উইথ ইওর মাদার' মুভির শুরুর দিকেই টেক্সী ড্রাইভার রঞ্জিত বলেছিলো তার দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু তখনো বুঝিনি যে ফ্রান্সে পৌঁছেই এতো শতজন দেশি টেক্সি বা উবার চালকের সাথে দেখা হবে। কি প্যারিস কি লন্ডন সর্বত্রই যেন হাত বাড়ালেই বাংলাদেশী উবার চালক পাওয়া যাচ্ছিলো। আমাদের চালক বজলুল রাশিদ, নিজ দায়িত্বেই বলে দিলেন প্যারিস গেট আর্ক দ্য ত্রিয়োম্ফ নেমে হেটে হেটে গিয়ে শঁজেলিজের দোকানপাট দেখা শুরু না করে, সব দেখা শেষ করে যেন প্যারিস গেটের দিকে আসা শুরু করি। উনি তাই আমাদের নামালেন শঁজেলিজের মধ্যেখানে। যে কোনো অসুবিধায় যেন তাকে আমরা ফোন করি। আমার মতন আপনারাও নিশ্চয়ই জীবনে বহুবার ভেবেছেন মানুষ কেন এতো ভালো হয়, তাই নয় কি! উবার চালকরা সবাই খুব দামী গাড়ি নিয়ে হাজির হয়েছেন এবং প্রতিজনেরই দেশ নিয়ে প্রচুর জিজ্ঞাসা তাদের। যদিওবা ওনাদের মতন আমরাও প্রবাসী, বাংলাদেশ থেকে যায়নি, তারপরও স্বদেশী দেখেই রাজনীতি নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন। আমার দেখা মতে, কোনো গ্রামের কোন একজন মুদির দোকানের চা বিক্রেতাও প্রচুর জ্ঞান রাখে দেশের রাজনীতি সম্পর্কে, রাজনীতি সচেতন একটা দেশ। আমেরিকার খুব কম মানুষই সামগ্রিক রাজনৈতিক কার্যকলাপ নিয়ে ভাবে। যে যার মতন নিজেকে নিয়েই যেন ব্যস্ত। অথচ এতো সচেতন হওয়ার পরও কেন যে এতটা পিছিয়ে পরে রয়েছে আমার দেশ বাংলাদেশ, তা সত্যি ভাবনার বিষয়।
চালকেরা খুবই উৎসাহ সহকারে আগ্রহ নিয়েই আমাদের ফান্সের পথেঘাটে যা কিছু আছে সে বিষয়ে বলেছে। কোথায় কোথায় বেড়াতে হবে তাও জানিয়েছে। গাড়ির লাইসেন্স প্লেট যে ফ্রান্সেই প্রথম শুরু হয় তাও জানলাম ওনাদের একজনের কাছ থেকে। জানার কি শেষ আছে! একজন জানালো 18th arrondissement square রাস্তাটির নামকরণ হয়েছে নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনুসের নামানুসারে । অবশ্যই বাংলাদেশী হিসাবে আমি গর্বিত হলাম। দেখতে যাবার ইচ্ছেও প্রবল হলো। রাস্তার উপর একটা নাম লেখা, দেখার মতন কিছু নয় জানালো আরেকজন। আমাদের ডালাসে একটা রাস্তা রয়েছে যেখানে কেনেডিকে গুলি করা হয়েছিল, একটা ক্রস চিহ্ন রয়েছে রাস্তার উপরে, সাই সাই করে তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু ঐটুকু দেখতেই প্রচুর পর্যটক আসেন। আমরাও, যে-ই বেড়াতে আসুক তাকে ওখানে নিয়ে যাই। কিছু বিষয় হয়ই ঐতিহাসিক, গুরুত্ব পায় সেটাই। এবং সেই ইতিহাস যদি আমাদের জানা থাকে তাহলে তো সোনায় সোহাগা।
হাটতে হাটতে ক্লান্ত হয়ে ঝলমলে চিকচিকে -"আভন্যু দে শঁজেলিজে"র এই প্রাঙ্গনে মেকডোনাল্ড দেখে ঢুকলাম। ধারণা ছিল না এখানে মেক(মেকডোনাল্ড) থাকবে। নামি-দামি জায়গা, দামি খাবারের দোকানপাট থাকবে এটাই ভেবেছিলাম। মেক বিশ্বময় পরিচিত কিন্তু সস্তা এর খাবার। এখানেও আমার ঢুকবার উদ্দেশ্য পর্যবেক্ষণ ও তুলনা এবং সেই সাথে রেস্টরুমে যাওয়া। যেহেতু এটি মার্কিন ফ্রানচাইস এতে উন্নত ধরনের এবং রেস্টরুমের ব্যবস্থা থাকবে।
অবাক হয়ে লক্ষ্য করলাম অতি অপ্রতুল বাথরুম ব্যবস্থা এই প্যারিসে। আমি আমেরিকা থেকে বিশেষ করে টেক্সাস থেকে গিয়েছি বলে এরকম মনে হয়ে কিনা জানি না অথবা অন্য কোনো ধরনের আয়োজন বা অবস্থান ছিল কিনা যা আমি খুঁজেই পাইনি। লন্ডন থেকে ট্রেনে ফ্রান্স এসে আমার বর ইউরো খরচ করে টয়লেটে গেলো, তাও অনেক খুঁজে একটি পাওয়ার পর। যাই হোক, আমেরিকার মেক ও ফরাসি মেক, দেখি কোনটা কি রকম, একই রকম হওয়ার কথা, তারপরও দেখার সখ। বলা হয়ে থাকে, যে দেশে যায় প্রোডাক্ট, সেই দেশের কিছু মশলা যোগ হয়, কি জানি সত্যি না মিথ্যা ! ব্যাংককে ২০ বছর আগে আমি একবার ম্যাকডোনাল্ডস-এ খেয়েছিলাম। আজও মনে হয় সেই স্বাদ মুখে লেগে আছে , আর কোথাও সেই রকম পাইনি। পরবর্তীতে শুনেছি ওটা ওই দেশীয় মসল্লার গুণ ছিল। একপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে! আমার তো লাগেই। প্রথম প্রথম আমেরিকাতে খুব মেকডোনাল্ডস-এ যাওয়া হতো। আমার মেয়ে তখন ছোট। তার পছন্দের ছিল কিডস মিল বক্স, এতে বিভিন্ন ধরণের ছোট ছোট খেলনা দেওয়া থাকতো ( এখনো না থাকার কথা না), তাই বোধ হয় টানতো অন্য বাচ্চাদের মতন তাকেও। প্যারিসের এই মেকের ভিতরেরটা এতই সুন্দর যে এটি মিলে গেছে সাঁজালিজের জৌলুসের সাথে। সবাই অর্ডার দিচ্ছে কিয়োসে। কম্পিউটারে স্ক্রিনে এটা ওটা বার্গার, নাগেট, ফ্রান্স ফ্রাই পছন্দ করছে, দাম চুকাচ্ছে। যন্ত্রের সাথে এই আদান প্রদান ডালাসেও (আমেরিকা) আছে। তবে আমাদের যেতে হবে রেস্টরুমে। রিসিট দেখিয়ে রেস্ট রুমের কোড নিতে হবে কিনা জানতে সেই সনাতনী অর্ডার নেওয়ার কাউন্টারে গেলাম। এ যেন বার্ধক্যের রোগে জর্জরিত। খালি। কেউ নেই। আমার বর রাস্তায় দাঁড়িয়ে প্রাণ ভরে ছবি তুলতে ব্যস্ত। ভেতর থেকে ব্যস্তভাবে এক বাদামি লোক এসে হাজির হলো। রং বুঝা যাচ্ছে কিন্তু মুখ বুঝা যাচ্ছে না। মাথার উপরে তো বিশাল সাদা রঙের টুপি বা ক্যাপ জাতীয় কিছু, চুল কপাল সব ঢাকা তাতে। নাকের নিচ থেকে একধরণের পর্দা দেওয়া। একটু ভালো করে চাইতেই বুঝলাম এটা নাকের মাস্ক না , দাড়ির মাস্ক এর মতন কিছু , তার সব দাড়ি তাই দিয়ে বেঁধে ডেকেছে। খাবারের দোকান তাই চুল না পড়ার জন্য এই বাবস্থা। আমার কেবলি মনে হলো লোকটা বাঙালি । জানতে চাইলাম, বাথরুমে যেতে কোনো কোড লাগে কিনা। সে মাথা নেড়ে না বললো, মুখের কথা খরচ করে জবাব দিলো না। হাত তুলে নিচের দিকে চলে যাওয়া একটা সিঁড়ির দিকে ইশারা করলো। আমি জানি ইমতিয়াজ ফ্রেঞ্চ ফ্র্যাই খুব পছন্দ করে, ভাবলাম ওর জন্য একটা অর্ডার করি। ওই লোক আবারো হাত তুলে কিয়াস দেখিয়ে দিলো। মানে ঐখানে গিয়ে অর্ডার করো। আমার জানার ইচ্ছে এই লোক বাংলাদেশের কিনা? তাই জানতে চাইলাম, ফ্রাঞ্চ ফ্রাই কি ফ্রান্সের আবিষ্কার? আমার প্রশ্নে লোকটা এতই বিরক্ত হলো যে আমি তাতেই বুঝে গেলাম এ অবশ্যই দেশি পাবলিক। ভাবখানা এতো জানার কি দরকার! খেতে আসছেন খেয়ে চলে যান! তার সব ভঙ্গিমাতে মুখ লুকানোর একটা চেষ্টা ছিল। যেন আমি তার বাড়ির পাশের বাসার প্রতিবেশী , তাকে আলু ভাজতে দেখে ফেলেছি, সেই এসি/ডিসি এর মতন, গিয়ে দেশে সবাইকে লাগাবো। আমার মেয়ে চলে গেলো কিয়োসে। আমার খুব রাগ লাগছিলো এই লোকের উপর। আমার মেয়ে চলে যাচ্ছে দেখে সেও ভিতরের দিকে চলে যাচ্ছিলো। ডেকে বললাম, ফান্সে যে আলু ব্যান্ড ছিল বহু কাল তার কারণেই কি মেগডোনাল্ডস-এর ফ্রেঞ্চ ফ্রাই এতো জনপ্রিয়। আমার মেয়ে ফিরে এসে আমাকে টেনে নিয়ে যেতে যেতে বললো, ওকে কেন জ্বালাচ্ছ ? ওকি কলেজ টিচার যে তোমার সব কথার উত্তর জানবে? ইউ শুড আস্ক গুগুল। হি ইজ নট ইন্টারনেট। আমি আমার মেয়েকে আর বললাম না যে, সে দেশি তাই আমাকে এভোইড করছে। নিজেই বললাম, হবে লোকটা ভুটানি, জাপানি কোনো দেশের, তাই এরকম। মেয়ে বলতে চাইলো, পরিষ্কার দেখা যাচ্ছে যে সে নেপালি ভুটানি কিছুই না, কিছু না বলতে দিয়ে আমি রেস্টরুমের দিকে চলে গেলাম, যেতে যেতে আনমনে আওড়াতে আওড়াতে গেলাম, দেশীগুলাকে বাঁচাতে বাঁচাতে আমার জীবন গেলো। তবে রেস্টরুম দেখে আমি খুশি হয়ে গেলাম। নিঃসন্দেহে অনেক ভালো এবং সুন্দর একটি রেস্টরুম। এসে দেখলাম বাপ্ মেয়ে মিলে ফ্রাঞ্চ ফ্রাই খাচ্ছে। আমার জন্য আইসক্রিম-ও নিয়েছে। আমি বলিনি তারপরও নিয়েছে। মেকডোনাল্ডস- এর আইসক্রিম খুব মজা, আমেরিকার মতন এখানেও দাম কম। ফ্রান্স- এ ঢুকেই এক লাফে গাছের মাথায় মগডালে উঠে দাম বসে থাকেনি। আমার দিকে চেয়েই মেয়ে বললো, শোনো মাম, প্রথম কথা, ফ্রেঞ্চ ফ্রাই ফ্রান্সের কোনো সৃষ্টি নয়। সেকেন্ডলী, আলু ব্যান্ড ছিল বহু বহু আগে ১৭৪৮ থেকে ১৭৭২ সালে, কারণ ভাবা হতো এটি লেপ্রোসি রোগের কারণ। তার মামা গুগুল তাকে সব জানিয়েছে। বয়স বিশ পার হলেই মেয়েরা মা হয়ে যায়, মায়েদের মা। সবজান্তা মেয়ে-মা। আমার মেয়ের ভাবভঙ্গি দেখলে আমার তাই মনে হয়। মেয়ের বাপ এবার জানতে চাইছে, আলু গবেষক মা-মেয়ে, তোমাদের কি সমস্যা হয়েছে। কিন্তু আমি আমার বরের দিকে তাকালামও না। আমার নজর আইসক্রিমেও না। আমি দেখছি সেই চাইনিজ মহিলাকে, সে এসে ঠিক আমাদের পাশের চেয়ারে বসেছে। আমি কিছু বলার আগেই আমার বর মেয়েকে বললো, তোমার মা ভাবছে এই মহিলা কি আমাদের পিছু নিলো নাকি ! দুইজনই আমাকে নিয়ে এবার হাসছে। আমি জবাব দিলাম না। আসলেই এ আমাদের পিছে পিছেই আসছে কি? আমি চিন্তিত। কিন্তু দেখি মহিলাটির বিষন্ন চোখ দুটি বাহিরের দিকে চেয়ে আছে। দেখছে কোলাহল। এখানে বহু দূর থেকেই দেখা যায় আইফেল টাওয়ারের চূড়া। পথের শেষে দাঁড়িয়ে থাকা আর্ক্ দে ত্রিয়োম্ফ। ১২টি রাস্তার মিলন মেলার মধ্যেখানে রয়েছে আর্ক্ দে ত্রিয়োম্ফ। অনেক উপর থেকে মহাকাশ থেকে দেখতে কি সুন্দরই না লাগবার কথা। লাগে-ও। অনেক উপর থেকে তোলা কোনো এক ছবিতে দেখেছিও। নির্মাণ কাজ রাজা লুই-ফিলিপ-এর রাজত্বকালে (১৮৩৩-১৮৩৬) শেষ হয়। তাই দেখছি আমরা ২০২৪ সালে। হায়, মানুষ কবে বুঝবে কীর্তি-ই রেখে যায় স্মরণীয় করে, কর্মকান্ড হওয়া উচিত তাই সংস্কারমুখী, পরিশুদ্ধ ।
বৃষ্টি পড়ছে। খুবই হালকা পলকা বৃষ্টি। ভিজছে যেন এরিক বোমপার্ড, এমিলিও পুচি, বানানা রিপাব্লিক, লেভিস, হুগো বস, গুচি, ক্রিস্টোন ডিওর, মালো, শ্যানেল, হার্মেস, মার্নি, নিনা রিকি, ভালেন্তিনো, জিল সানডের ইত্যাদি সব বিলাসীদোকানগুলো। ঝিরঝিরে এই বৃষ্টি ভেজায় না কিন্তু রেখে যায় ভেজা ভেজা বাতাসের এক সুগন্ধ। চারদিকের এতো বিশ্বখ্যাত পারফিউমের সুগন্ধময় দোকানের সৌরভ বিলীন করে যেন সেই গন্ধই আমি পেতে লাগলাম।
পাশের রেস্টুরেন্ট-ই ফ্লোরা ড্যানিকা, ঠিক করলাম সব ঘুরে এসে এখানেই খাবো দুপুরের খাবার।
কিন্তু ঘুরতে ঘুরতে কখন যে দুপুর পেরিয়ে গেছে নিজেরাও জানি না। বলতে গেলে আমরা জারা, লেভিস, সিট্যাডিয়াম আরো কিছু দোকানের দরজা দিয়ে এক রকম মুখ ঢুকিয়ে একটু উঁকি দিয়ে দেখেই বেরিয়ে এসেছি , আমেরিকাতেও আছে ওই দোকান, এখন সময় নেই নষ্ট করার, এরকমই ভাব ছিল আমাদের। দোকানের ভিতরে ঢুকার চেয়ে হাজারো মানুষের সাথে শঁজেলিজের পথচারী হতেই আমাদের বেশি আনন্দ দিচ্ছিলো। যখন দেখলাম বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে, বুঝলাম শঁজেলিজের এই বিশালতা এক ঘুরাতে শেষ করা যাবে না। তখন ঠিক করলাম খেয়ে নেই আগে, তারপর শক্তিশালী হয়ে আবার চক্কোর দিবো। ঢুকে পড়লাম আগেই ঠিক করে রাখা রেস্টুরেন্ট-ই। আমার মেয়েকে বললাম, ফ্লোরা ড্যানিকা মানে কি? সে সাথে সাথে বলে দিলো, তোমার আপকামিং কোনো লেখাতে এ নিয়ে লিখতে হবে না। আমার বর বললো, আমরাও যেন না থাকি। কি অবাক কান্ড, তাহলে আমি একা একা ঘুরছি এই সুন্দর প্যারিসে!! যদি লিখি তিন প্লেট অর্ডার করেছি খাবার, তাহলে বাকি ২ প্লেট কে খেয়েছে যদি তোমরা নাই থাকো? এটা একটা জাতীয় পর্যায়ের চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তখন। আমার দুশ্চিন্তায় ওরা দুইজন হেসে দিলো।তারপর আমার মেয়ে বললো, ২ টা লিখো না, লেখো ১২ প্লেট অর্ডার করেছো, কারণ তুমি ভাবছো ফ্রান্সে যখন ১২-টি টাইম জোন রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ জোন এবং প্রতিটিতে যখন ১টা বাজবে তখনি তুমি একটা করে প্লেট সাবাড় করবে ভেবেছো।
আমি একটু ভাবতে লাগলাম এ কেমন হবে? সায়েনন্স ফিকশান হবে কি? না মজার কিছু? আমার মেয়ে ফান করেছে কিন্তু আমি এই জটাধারী বিষয়টির ফ্যান হয়ে গেলাম। আমাদের আমেরিকাতে তিনটি টাইম জোন। ক্যালিফোর্নিয়াতে যখন ১১টা বাজে টেক্সাসে তখন দুপুর ১টা, ফ্লোরিডাতে ২টা। তাহলে আমেরিকাতেই শুধু তিন টাইম জোনের জন্যে তিনবার ১টা বাজলে আমি তিনটা প্লেট সাবাড় করে দিতে পারবো। আর ওরা দুইজন চেয়ে চেয়ে দেখবে। চোখ বড় বড় করে ওরা চেয়ে চেয়ে দেখবে, ভাবতেই আমার হাসি পেয়ে গেলো। দারুন দৃশ্য। তবে এটা নিয়ে পরে অনেক ভাবা যাবে। একটা সায়েন্স ফিকশন লেখা হয়েও যেতে পারে কখনও। আমার বর বললো, তোমার বান্ধবীকে দেখলাম যেন এই মাত্র। হু ইজ শি, আমি তো অবাক, কে আমার বান্ধবী। আমার বর বললো, ওই যে হলুদ টুপির সাদা ছাতি, যার উপর প্যারিসের সব বিখ্যাত দর্শনীয় জায়গারই ছবি আছে, তুমি-ও একটা কিনেছো, সবাই প্যারিস এলেই সেই ছাতা কিনে। সেই ছাতার সেই একাকী মহিলাটি। ওহ মাই গোস, এখানেও ফলো করে চলে এসেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম একে। সে রেস্টুরেন্টের ভিতরে চলে গেছে। আমরা বসেছি বাহিরে। এখন থেকে এদিক ওদিক চেয়ে আইফেল টাওয়ার, আর্ক্ ইত্যাদি সব খেতে খেতে দেখার ইচ্ছে । আমরা এক আবাসিক হোটেলের অত্যধিক ভাড়া দেখে জানতে পারি, এটা থেকে শুয়ে শুয়ে ঘুমায়ে ঘুমায়ে আইফেল টাওয়ার দেখা যাবে তাই এতো ভাড়া। ঘুমায়ে ঘুমায়ে কিভাবে দেখা যাবে তা যেহেতু বুঝতে পারিনি তাই অন্য হোটেলে উঠেছি। এই রেস্টুরেন্টের উপরে তেরপাল বা সামিয়ানা জাতীয় কিছু টাঙানো। বাহিরের দিকের অধিকাংশ রেস্টুরেন্টেই দেখলাম বসার সব সিট পাশাপাশি। সামনাসামনি না। এটাই এদের তরিকা। এই রেস্টুরেন্টে সিট বিন্যাস ব্যতিক্রম। টেবিলের চারদিক জুড়ে আমরা বসতে পারবো। খাবার চলে আসলো। আমাদের হারাম হালাল বাছার অভ্যাসের কারণে বুঝে শুনে অর্ডার করতে হয়েছে। মেয়ে বারে বারেই বলছে এই দেশে আমেরিকার মতন 'কাস্টমার ইজ অলওয়েজ রাইট ' পলিসি না। এখানে সেফ রাইট, 'দি বিজনেস ইজ অলওয়েজ রাইট '। তাই খাবার খারাপ বলা যাবে না। তাই বুঝে শুনেই বেছে বেছে খাবার নিয়েছি আমরা। যে সার্ভ করছে কেন যেনো দেখেই মনে হলো এ বাঙালি। জানতে চাইলাম, ঠিক তাই, দেশি। তবে কথা বলছে হয় ইংরেজি নয় তো সিলেটি ভাষায়। এ বেশ আন্তরিক। দেশি দেখে লুকিয়ে না পরে ছুটে গিয়ে তার পক্ষ থেকেও আমাদের জন্য পিঠা জাতীয় কত গুলো কেক নিয়ে এলো। তার আন্তরিকতায় মনটা আর্দ্র হয়ে উঠলো। দেশি তো এমনি হওয়ার কথা । আমেরিকাতে টিপস দেওয়া যেমন অবধারিত, এখানে তা না। দেশি দেখে একগাদা টিপস দিয়ে না আবার কি বিপদে পড়ি। তবে এই লোক খুবই ভালো। নাম লিটন। লিটন নামের মানুষেরা সবসময়ই আমারদের জন্য বর হয়ে এসেছে। দেশের রাজনীতি নিয়ে তার দেখলাম প্রচুর মতামত, উৎসাহ এবং ভাবনা। আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের টেবিলে আসা যাওয়া করতেই থাকলো এটা ওটা ছুতো ধরে। খুব ইচ্ছে হচ্ছিলো ওনাকে বলি, ভাই আপনিও বসুন আমাদের সাথে, একটু খান। বলা আর হয়ে উঠেনি, ওই হলুদ ছাতাকে দেখা গেলো, পাশে, সেই কারণে। চাইনিজ মহিলাটি ঠিক পাশের সিটেই এসে বসেছে। আমার মাথায় খেলে গেলো প্রচুর ডিটেকটিভ চরিত্র। কি চায় এ! আমরা তিনজন তিনজনের দিকে চাইলাম। চোখাচোখি। মুখে কোনো বুলি নেই। এই মহিলা আমাদের কোনো একধরনের বুলিং এর মধ্যে রেখেছে। লিটন সাহেবকে জিজ্ঞেস করলাম, এদেশে শুনেছি প্রচুর চোর। প্যারিসের চোর-ও জগৎ জুড়ে পরিচিতি পেয়েছে। বলা হয়, City of Love, City of Light (Paris) Became City of Thief. বলে আমি ইশারায় চাইনিজটিকে দেখলাম, বললাম, ফলো করছে কেন জানি না।
ইশারা করছি যাকে দেখিয়ে, চেয়ে দেখি সে এবার আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। আমি যে ভয় পেয়ে চিৎকার করে উঠিনি সেই ঢের। আরো হেসে বললো, আমি বাংলা বুঝি, ছিলাম কিছুদিন বাংলাদেশে। কেউ ছিল এক সময়ে ওখানে আমার। এখন নেই। তুমি যে বলছিলে না ৩লক্ষ দিয়ে নিয়ে গেলো লুই ভিটোন, আমি ১০ লক্ষ দিয়ে কিনতে পারি। কিন্তু তুমি ভাগ্যবতী। মেয়ে বর নিয়ে ঘুরছো। ওরা কিনে দিচ্ছে। আমি স্বাধীন হয়েও পরাধীন একাকিত্বের দুর্ভাগ্যের কাছে। তোমাদের দেখে ভালো লাগছিলো। তাই দেখছিলাম। এটা যদিওবা একধরনের চুরি। কিন্তু দোষণীয় কিছু কি!
মন চাইছে, একেও বলি, এসো, বসো, আমাদের সাথে।
লেখাটি যদি আমি এখানেই শেষ না করতাম তাহলে হয়তোবা আপনারাও জানতে পারতেন, কিছু পরে একটি বাংলাদেশী মানুষ এক চাইনিজ মহিলার হাত ধরে এগুচ্ছে পারিস গেটের দিকে। মানবতা কখনোই একা ছেড়ে দেয় না কাউকে।
