শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া
রূপকথার শিয়াল পণ্ডিতের কাহিনীর শুরুটা সবাই জানে। কুমিরের সঙ্গে নাকি আমার শত্রুতা। আমার কুটিল বুদ্ধির কাছে “বোকা কুমীরের” পরাজয়। মানুষ পারেও। কুমিরের সঙ্গে আমার বহুদিনের সুসম্পর্ক।
১
আমি শিয়াল পণ্ডিত। মানুষের লেখা রূপকথায় আমার কোন সুনাম নেই। না থাকারই কথা। মানুষের মত অহংকারী প্রাণীর লেখা গল্পে সেটাই স্বাভাবিক। যে প্রজাতির অধিকাংশ সদস্য মনে করে পৃথিবী ও সারা মহাবিশ্ব তৈরিই হয়েছে তাদের জন্য, এমনকি অপেক্ষাকৃত বুদ্ধিমানগুলোও নিজেদের ওপর “বুদ্ধিমান প্রাণী” সিলমোহর লাগিয়ে গর্বে ফুলে থাকে, যারা সামান্য লোভ আর আরামের জন্য পুরো পৃথিবীটাকেই ধ্বংসের কাছে নিয়ে যায়, তাদের কাছ থেকে অন্য কোন প্রজাতির সুনাম শোনাতো অসম্ভবই। আমার বুদ্ধিমত্তাও তাই তাদের কাছে ব্যঙ্গের আয়োজন। আজ আমি তাই এই কাহিনী বলে যাচ্ছি, ভবিষ্যতের কোন আরও বুদ্ধিমান আর সংবেদনশীল প্রাণির আশায়, মহাবিশ্বের ইতিহাসের ভেতর যখন পৃথিবীর ইতিহাস ঢুকবে, তখন তাতে যেন শুধুমাত্র মানুষের বর্ণিত কাহিনী না থাকে।
রূপকথার শিয়াল পণ্ডিতের কাহিনীর শুরুটা সবাই জানে। কুমিরের সঙ্গে নাকি আমার শত্রুতা। আমার কুটিল বুদ্ধির কাছে “বোকা কুমীরের” পরাজয়। মানুষ পারেও। কুমিরের সঙ্গে আমার বহুদিনের সুসম্পর্ক। কুমির ডাইনোসরদের যুগ দেখেছে, দেখছে হিমযুগ আর তারপর মানুষের উত্থান। তার কাছ থেকে আমি প্রকৃতির ইতিহাস জেনেছি। কুমির আমার মত প্রথাগত, পুঁথিগত পণ্ডিত নয়, কিন্তু তার অভিজ্ঞতা অনেক বিদ্যার চাইতে ওজনদার। কুমির আমাকে প্রায়ই বলত যে মানুষ একসময় পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, আর তার অনেক আগেই নিজে ও অন্যান্য বড় বড় প্রজাতিকেও শেষ করে ফেলবে। কিছুদিন আগেও মানুষ প্রকৃতিকে সম্মান করত, নিজেকে তার অংশ বলে মনে করত। আর এখন মানুষ নিজেকে প্রকৃতির বাইরের আলাদা এক অস্তিত্ব ভাবে। সে সব কিছু তার অধীন করতে চায়, এমনকি পৃথিবীকেও। মানুষ অন্য প্রাণীদের কাছ থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছিল। কুমীরের কথা বিশ্বাস করলেও, আমি চেয়েছিলাম, সকল প্রাণীর একটা সুন্দর সহবস্থান। আমার সে ভাবনাটা ভুল ছিল, যে মানুষ তার নিজের প্রতিবেশীর সঙ্গেই শান্তিতে থাকতে পারে না, যে কল্পিত জাতি, রাষ্ট্র আর ধর্মের নামে আরেক মানুষকে অবলীলায় হত্যা করে, সে কিভাবে পৃথিবীতে অন্য প্রাণীদের সঙ্গে মিলেমিশে থাকবে।
রূপকথার এ কথা সত্যি যে, কুমিরের ছানাদের আমি আমার পাঠশালায় শিক্ষা দিয়েছিলাম। আমার পাঠশালা ছিল সবার জন্য উন্মুক্ত। কুমীর হোক আর ঝিঁঝিঁ পোকাই হোক সবাইকে আমি সমান চোখে দেখতাম। কোন মানব শিশু আসলেও তাকেও আমি সমান ভাবেই দেখতাম। আমার আশা ছিল, অন্তত নিম্নবর্গের মানুষেরা, যাদের উচুবর্গের মানুষেরা, মানুষ আর প্রাণীদের মাঝামাঝি রেখে দিয়েছে, তাদের মধ্যে অন্তত কেউ কেউ আসবে। কারণ সমাজের উঁচু তলার মানুষেরা শিক্ষাকে শুধু তাদের একচেটিয়া অধিকার বলে মনে করেন। নিচু তলার কাউকে তাদের শিক্ষায়তনে স্থান দেন না।আমার এই পাঠশালায় আসলে তারা শিক্ষা পাবে। মানুষ আর অন্যান্য প্রাণীদের দূরত্বটা কিছুটা হলেও ঘুচবে। এখন আমি বুঝি, আমার এই আশাটা উচুবর্গের মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
তাই কোন মানব শিশু আমার এই প্রাকৃতিক পাঠশালায় কখনো আসেনি। অধিকাংশ মানুষ বিদ্যা শিক্ষাকে অর্থ উপার্জন আর সম্মানিত হবার উপায় হিসাবে দেখে। আর যে শিক্ষা তাকে তার ঐশ্বরিক অবস্থান থেকে প্রকৃতির সন্তান করে তোলে, “বিতর্কিত” নীতি শিক্ষা দেয়, তাকে সে রীতিমত ভয়ের চোখে দেখে। আমার পাঠশালায় কোন অর্থকরী শিক্ষা দেয়া হত না। কিন্তু মানুষ না এলেও অন্যান্য সংস্কারমুক্ত প্রাণীরা এলো। আমার পাঠশালা বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখর হয়ে উঠল। মানুষের মত জীঘিংস প্রাণীর পক্ষে তা মেনে নেয়া কষ্ট হয়ে উঠল। তারা আমার পাঠশালাটাকে তাদের প্রতিপক্ষ হিসাবে দাড় করাল। অথবা, মানব চরিত্রটাই বোধকরি এমন, যে তার সবসময়ই একজন প্রতিপক্ষের প্রয়োজন হয়। কাউকে পরাজিত না করতে পারলে, তার কাছে সব নিষ্ফল মনে হয় । যেহেতু আমার পাঠশালাটাকে বন্ধ করে দেবার সরাসরি কোন কারণ পাওয়া যাচ্ছিল না, তারা আমার পাঠশালাটাকে সবার কাছে তাই হাস্যকর করে তুলতে চাইল।
একদিন কুমীর এসে বলল,
- কি শিয়াল পণ্ডিত, তুমি নাকি তোমার সব ছাত্রদের পড়াশুনার নামে নিজের উদর পূর্তি করছ?
- তাই নাকি বন্ধু কুমীর। তা, কাকে কাকে খেলুম?
- আমার সাত বাচ্চাকে নাকি তুমি খেয়ে পালিয়ে গেছ?
- হুম, কিভাবে খেলুম।তুমি দেখনি?
- দেখেছি তো। কিন্তু আমি নাকি এমনই বোকা যে নিজের সন্তানদেরও ঠিক ভাবে চিনিনা। তাই এক বাচ্চাকে সাতবার দেখিয়ে তুমি সবাইকে খেয়ে নিয়েছ।
- কে বলল এসব কথা? নিশ্চয়ই মানুষ!
- সে আর বলতে। শিক্ষা তো কেবল মানুষের জন্য, আমাদের তাতে দরকার কি? বিশেষত আমার মত “বোকা কুমীরের”।
- আমাকে নিয়ে বলেছে তার তো ব্যাখ্যা আছে, কিন্তু এত জন থাকতে তোমাকে আমার সঙ্গে জড়াল কেন।
- কারন আমি তোমার শক্তিমান। আমি এসব কথা শুনে রাগ করে চলে গেলে তখন তোমাকে বিপদজনক প্রমান করা যাবে। আর তোমার এই শটীর পাঠশালা এমনি বন্ধ হয়ে যাবে।
- আর আমি ছাত্রদের খেয়ে ফেলছি এটা সবাই বিশ্বাস করবে?
- হায় শিয়াল পণ্ডিত। কেবল পুঁথিগত বিদ্যাই নিয়েছ, বাস্তবতা বোঝনি। অবিশ্বাস্য খারাপ কথাটাই সবাই আগে বিশ্বাস করে। তোমার পাঠশালা একবার ভাঙলে আবার হবে, হয়তো আরও শক্তিশালী হবে। কিন্তু তোমার চরিত্র একবার ভেঙ্গে ফেলা গেলে, আর কোনদিন তোমার পাঠশালা তৈরি হবে না । এখনই অনেক বাবা মাই ছাত্র খেয়ে ফেলা পণ্ডিতের পাঠশালায় তার সন্তান পাঠাতে ভয় পাবে।
- মানুষ স্বভাবত কুটিল প্রাণী জানতাম। কিন্তু তাই বলে এতটা খারাপ বলে আগে ভাবিনি। আমার পাঠশালায় কোন দরিদ্র মানব শিশুরা আসেনা সমাজের ভয়ে। অন্য কোন প্রাণী শিক্ষিত হোক তাও তারা চায়না। আমার প্রাকৃতিক শিক্ষা, যা পৃথিবীর ওপর মানুষের নিজের চাপিয়ে দেয়া শ্রেষ্ঠত্ব অস্বীকার করে, তাই সেটা মানুষ বন্ধ করতে চাচ্ছে।
কুমিরেরে সাত ছেলেকে পড়াবার কথা বলে খেয়ে ফেলার এই গল্পটা কিভাবে সবাই বিশ্বাস করল তা আমাকে অবাক করে । কারও মনে একবার প্রশ্ন জাগল না, আমার সেই পাঠশালায় তো আরও অনেক শিক্ষার্থী ছিল, তারা কুমিরের চাইতে ঢের নিরীহ, তাদের ছেড়ে কেন আমি হিংস্র কুমিরের ছানা খেতে যাব। একজন শিক্ষক কি তার সন্তান তুল্য ছাত্রদের ক্ষতি করতে পারে। মানব জাতির ইতিহাসের ভেতরই অবশ্য আমি সে উত্তর পেয়েছি। মানব শিক্ষকরা পারে। গুরু দ্রোণাচার্য একলব্যকে শিক্ষা তো দেনই নি, উল্টো তার আঙ্গুলটা কেটে নিয়েছিলেন গুরু দক্ষিণা হিসাবে। মানব অনেক শিক্ষকদের কাছে তার ছাত্ররা শুধুই অর্থের উৎস।
আমি চিন্তায় পরলাম। যে কোন মিথ্যে প্রচারণা এভাবেই শুরু হয়। কুমীর এখনও আমার সাথে আছে। কিন্তু কতদিন? যখন তাকে বার বার নিজের “বোকামীর” গল্প শুনতে হবে, তখন একসময় তা আর হাসির থাকবে না। আর এত মাত্র শুরু। মানুষ এত সহজে থামবে না।
আমার দুশ্চিন্তা দুর্ভাগ্যজনক ভাবে সত্যি হল। কিছুদিন পরেই আমাকে তা শুনতে হল এক মানুষের কাছ থেকেই।
- কি শিয়াল পণ্ডিত, তোমার পেটেতো দেখি অনেক বুদ্ধি।
আমি সতর্ক হলাম। মানুষ একমাত্র প্রাণী, যে মনে এক আর মুখে আরেক কথা বলতে পারে। মাথার বুদ্ধিকে যখন পেটে নিয়ে গেছে, তখন তা খুব ভাল কিছু হবেনা।
- ধন্যবাদ, প্রশংসার জন্য।
- তুমি যেভাবে কুমীরকে বোকা বানিয়ে তার ছানাদের খেয়েছ, সেই বুদ্ধির তুলনা হয়না।
- তুমি ভুল করছ। আমি কুমীর ছানাদের খাইনি।
- কি যে বল তুমি। শুনলাম এরপর থেকে নাকি তুমি কুমীরের ভয়ে কাঁকড়া খেতেও নদীর পারে যাচ্ছ না।
- আমি আবার বলছি, এটা সত্যি নয়। আমি কুমীর ছানাদের খাইনি, আর নদীর ধারে যেতেও আমার কুমীরের কোন ভয় নেই।
- সেদিন নাকি কুমীর জলের ভেতর তোমার পা টেনে ধরে প্রতিশোধ নিতে চেয়েছিল?
- বললাম তো যেখানে কিছুই হয়নি, সেখানে প্রতিশোধের কথা আসছে কেন?
- তুমি নাকি সেখানেও বুদ্ধি করে বলে উঠেছিলে, “কুমীর এত বোকা তা তো জানতাম না। আমার ঠ্যাঙ না ধরে কামড়ে ধরেছে লাঠি?” আর তাই শুনে তোমার পা ছেড়ে লাঠি ধরতেই তুমি ছুটে পালিয়েছ?
মানুষটা তার রক্তাক্ত রসিকতায় নিজেই হাসছিল।
দ্বিতীয় এই গল্প শোনাতে কুমীর আমার কাছে এলনা। তার ছানাগুলোও পাঠশালায় আসা বন্ধ করে দিল। আমি এ আশংকাই করছিলাম। আমি নিজেই রওয়ানা দিলাম কুমীরের কাছে।
কুমীর নদীর পাড়ে রোদ পোহাচ্ছিল। আমাকে দেখে প্রথমে সে কিছু বলছিল না। এমনকি যখন তার পাশে এসে আমি বসলাম, তখনও যেন ঘুমিয়ে পড়েছে, এমন ভাবে চোখ বুজে রইল। আমি বুঝতে পারলাম, কুমীর এই বিষয়ে আর কথা বলতে চাইছে না। সে অল্প একটু লেজ নারিয়ে যে আমার ভদ্রতা দেখিয়েছে তাই অনেক। এটাই স্বাভাবিক, শক্তিশালী কুমীরের সম্মান আজ “বোকা” কুমিরের গল্প গিলে খেয়েছে। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করব। কিছুক্ষণ পাশে চুপচাপ থেকে ফিরে আসছিলাম। খেয়াল করিনি, কিছু রাখাল বালক আমাদের দেখছিল। তারা আমাকে জিজ্ঞেস করল,
- কুমীর কি মারা গেছে?
- না, মারা যাবে কেন?
- তবে কি, মারা যাবার ভান করে তোমাকে খেতে চেয়েছিল?
- আমাকে খেতে যাবে কেন?
- ওই যে, তুমি ওর ছানাদের খেয়ে ফেলেছ, তাই তোমার ওপর ওর রাগ।
- ভুল কথা শুনেছ তোমরা, ওর ছানারা আমার ছাত্র আর আমি তাদের খুব আদর করি। আমি আর কুমীর খুব ভাল বন্ধু।
- কি যে বল তুমি শিয়াল পণ্ডিত, সবাই জানে তুমি কিভাবে কুমিরকে বোকা বানিয়ে ওর ছানাদের খেয়েছ, আর এখন আমাদের কাছে খুব ভাল সাজছ।
আমি আর কি বলব? দশ কাণ্ডে ভগবান ভূত, আর আমি তো কোন ছাড়। খুব শিগগিরি, আমার ধূর্তামি আর কুমীরের বোকামির তৃতীয় গল্প চরিয়ে পড়ল। কুমীর কিভাবে আমাকে মড়ার ভান করে খেতে চেয়েছিল, আর আমি তা ধরে ফেলেছিলাম।
২
আমি বুঝতে পারলাম, মানুষ আমার শিক্ষক সত্ত্বা আরা পাঠশালাকে ধ্বংসের কাছে নিয়ে গেছে। আমার পাঠশালাকে টিকিয়ে রাখতে মানুষের কাছে যাবার সিধান্ত নিলাম আমি। শক্তিশালী আরা ধূর্ত মানুষকে বোঝানো যে অসম্ভব তা আমি জানতাম, কিন্তু আমাকে তো শেষ পর্যন্ত চেষ্টা করতেই হবে।
মানুষকে গিয়ে আমি সুধালাম,
- তোমরা কেন আমার পাঠশালার ওপর এরকম মিথ্যাচার করছ। কোন মানব শিশুতো আমার এই পাঠশালায় পড়েনা, তারপরও আমার পাঠশালার নিয়ে কেন তোমরা এত হাস্যকর গল্প বানাচ্ছ।
- কি যে বল শিয়াল পণ্ডিত। আমরা কেন তোমার পাঠশালা নিয়ে মাথা ঘামাব। তবে হ্যাঁ, তোমার পাঠশালার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। মানুষের পাঠশালার বাইরে একমাত্র তোমারই শুধু পাঠশালা আছে। তোমার পড়ানোর বিষয়, ছাত্র নির্বাচন সবই তো অন্যরকম। একটু বাড়তি আগ্রহ থাকাটাই কি স্বাভাবিক নয়?
- আগ্রহ থাকলে তোমার আমার পাঠশালায় এস, এটাতো সবার জন্য উন্মুক্ত। কিন্তু কোন উঁচু বর্গের মানুষ তো এ পর্যন্ত দেখতেও আসেনি। নিচু বর্গের যে কজন এসেছিল তারাও তাদের সন্তানদের পাঠায় নি। তারপরও কেন তোমরা কেন আমার পাঠশালা নিয়ে এত চিন্তা করছ?
- এটা তুমি ঠিক বললে না শিয়াল পণ্ডিত । কোন শিক্ষায়তনই ছোট নয়। কে জানে তোমার পাঠশালা হয়তো এমন কিছু শেখাবে, যা সব পাল্টে দেবে।
আমি বুঝলাম, আমার আশংকাই সত্যি। তারা প্রথাগত শিক্ষার বাইরে আর কোন শিক্ষাকে টিকে থাকতে দেবে না।
- বেশ, তা হলে বল, কি করলে আমার এই পাঠশালা তোমাদের মত হবে, যখন তার প্রতি কোন প্রতি তোমাদের কোন কৌতূহল থাকবে না?
- তোমার পাঠশালার পরিবর্তনের আগে, তোমার পরিবর্তন দরকার শিয়াল পণ্ডিত।
- আমার?
- হ্যাঁ, তোমার।
- কি ধরনের।
- দেখো, শিক্ষকতা একটা অনেক বড় ব্যাপার। তুমি মানুষ হও আর শিয়ালই হও, যেন তোমাকে দেখেই যেন বোঝা যায়, হ্যাঁ, ইনি একজন শিক্ষক।
- তা কি করলে, আমাকে দেখলে বোঝা যাবে যে, আমি একজন শিক্ষক?
- তার জন্য অনেক কিছু করতে হবে, তবে অন্তত তুমি নাপিতের কাছে গিয়ে একটু চুল দাড়িটা কেটে নাও, যাতে তুমি যে সাধারণ কেউ নও, সেটা বোঝা যায়।
যদিও এর মাঝে যুক্তির কোন বালাই নেই, তারপরও আমি রাজি হলাম। মানুষ কি চাচ্ছে তা বোঝা দরকার।
৩
গরিব, অন্তজ্য মানুষরা গ্রামের এক প্রান্তে থাকে। সেখানে নাপিতের বাসা খুঁজে বের করলাম। নাপিতের উঠোনে তার বাচ্চারা খেলা করছে।
- বাচ্চারা বাসায় কেন নাপিত ভায়া। পাঠশালায় যায়নি?
- না শিয়াল পণ্ডিত। পড়াশুনা ওদের ভাল লাগে না। আর করেই বা কি হবে? নাপিতের ছেলে তো নাপিতই হবে।
- তা হোক, কিন্তু পড়াশুনা তো শুধু কাজের জন্যই নয়, নিজেকে চেনার জন্য, পৃথিবী, সমাজ সব কিছু জনতে হলে তো আগে শিক্ষাটা লাগবে।
- কি জানি এত সব তো বুঝি না। কিন্তু সবাই বলে পড়াশুনা করে সময় নষ্ট না করে কাজে লাগালে তাড়াতাড়ি কিছু পয়সা আসবে।
- ও আচ্ছা, তা ওরা যেতে চায় না?
- চায় তো। বড়টার কান্নাকাটিতে পাঠিয়েছিলাম। কিন্তু কয়েকদিনের মধ্যে ওর শখ মিটে গেছে।
- কেন?
- একেতো ওদের প্রতি মনোযোগ দেয় না, আলাদা বসতে দেয়। তার ওপর ন্যাপতার ছেলে বলে পণ্ডিত মশায় প্রায়ই অন্যদের পরানোর সময় তার নিজের মাথা বানাতে বলে। এটা কোন বাচ্চার ভাল লাগে বল। তার ওপর আমরা নিজেরা তো নিরক্ষর, পড়ালেখায় সাহায্য করতে পারিনা, তাই অন্যদের চেয়ে পেছনে পরে থাকে, গালমন্দ খায়, তাই ওরাও আর যেতে চায় না।
- তা আমার পাঠশালায় তো পাঠাতে পার। আমার ওখানে সবাই সমান।
- কিন্তু তোমার ওখানে নাকি ভাল পড়াশুনা হয়না। উল্টো পাল্টা জিনিশ শেখায়।
- তা পাঠিয়ে একবার দেখইনা। অন্তত এতটুকু বলতে পারি, আমার ওখানে সবাই সমান।
- সেও তো আরেক সমস্যা। মানুষের বাচ্চা হয়ে, কাঁকড়া, ব্যাঙ, কুকুর- বেড়ালের বাচ্চাদের সাথে একসাথে বসবে?
- তোমার বাচ্চাকে আলাদা বসায় বলে ওর মনে খারাপ হয়, একই কাজ যদি আমি অন্যদের সাথে করি তা কি অন্য বাচ্চাদের ভাল লাগবে।আর শিক্ষার সময় সবাই সমান, সেটাই কাম্য।
- সেটা অবশ্য ভালই বলেছ। কিন্তু আমি একা পাঠালে অন্যরা কি বলবে?
- তুমি চাইলে আমি অন্যদের সঙ্গে আমি কথা বলতে পারি।
- ঠিক আছে, চলো আমার পাশেই কুমার ভায়ার কাছে যাই।
- চল তাহলে।
কুমারের বাসায় ঢুকে একটু চমকে গেলাম। বেশ একটা উৎসব উৎসব ভাব। নাপিত জিজ্ঞেস করলো,
- কি ব্যাপার কুমার ভায়া। বিশেষ কিছু হচ্ছে নাকি আজ?
- হ্যাঁ নাপিত ভায়া। আমার মেয়েটার আজ বিয়ের কথা পাকা হবে।
কুমারের মেয়েটা তার পাশেই বসে ছিল। ছোট্ট একটা মেয়ে। আমি মেয়েটার জন্য গভীর বেদনা বোধ করলাম।
শুধালাম,
- কুমার ভায়া, এত ছোট বয়সে ওকে বিয়ে দিচ্ছ কেন?
- কি করব, এটাই তো রীতি। বয়স্থা মেয়ে ঘরে রাখলে অকল্যাণ হয়।
- তাই বুঝি? তা কে বলে এ কথা?
- সবাই বলে। আর বাসায় রেখে কি করব? স্বামীর কাছেই তো যাবে, আগে আর পরে।
- পাঠশালায় পাঠিয়েছিলে কখনও?
- না, পণ্ডিত মশায় বললেন, স্ত্রী শিক্ষা মেয়েদের বিগড়ে দেবে। আমরা ছোট জাত, পরে ঝামেলায় পরবো।
- কিন্তু এত আগে স্বামীর ঘরে পাঠালে যদি কোন সমস্যা হয়, তাহলে তোমার মেয়ে সেটা কিভাবে সামলাবে?
- কি আর করবে, কপাল তো মেনে নিতেই হবে, তাই না শিয়াল পণ্ডিত।
- যদি কিছু মনে না কর, আমার মনে হয়, তোমার মেয়েটা বিয়ে, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি এগুলোর জন্য অনেক ছোট। ওকে আরও কিছুদিন তোমার কাছে রাখ। আমার পাঠশালায় পাঠাও। শিক্ষা পেলে অর জন্য অনেক পথ খুলে যাবে। নাপিত ভায়াও তার ছেলেকে পাঠাতে চাচ্ছে।
- তাই নাকি, নাপিত ভায়া। তুমি না তোমার ছেলেকে তোমার কাজে লাগাবার কথা চিন্তা করছ?
নাপিত জবাব দিল,
- তাই তো ভেবেছিলাম। কিন্তু, শিয়াল পণ্ডিতের কথায় যুক্তি আছে। উঁচু বর্ণের মানুষেরা আমাদের বাচ্চাদের কখনই পড়তে দেবে না। আমাদের জন্য শিয়াল পণ্ডিতের পাঠশালাই ভাল। বিদ্যে কিছুটা শিখলে তো খারাপ কিছু না। আমার সঙ্গে বাসাতেই কাজ শিখবে।
- কিন্তু সমাজের আর সবাই কি বলবে?
- তোমার মেয়ে, আমার ছেলে আর অন্যদের আরও কিছু ছেলেমেয়ে একসাথে গেলে কেউ আর তখন কিছু বলবে না।
কুমার কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল,
- তা খারাপ বলনি। আমি তাহলে আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলে আসি।
কুমারের স্ত্রী বুদ্ধিমতী মহিলা। সে নিজেই এসে আমাদের আলোচনায় যোগ দিল। মা হিসাবে সে তো জানে তার মেয়ে কি সমস্যায় পরবে। সে নিজেও তো বাল্য বিয়ের ভুক্তভোগী। কুমার আর নাপিতের মধ্যে যা কিছু দ্বিধা ছিল, তার প্রখর সমর্থনে তা দূর হল।
আমার যখন শিশুদের কি শিক্ষা দেয়া যাবে তাই নিয়ে আলাচনা করছি, তখন দুজন মানুষ এসে উপস্থিত হল। কুমার তাদের অভ্যর্থনা জানাল। তাদের মাঝে একজন পাশের গ্রামের ঢুলি, যার ছেলের সাথে কুমারের মেয়ের বিয়ের কথা চলছে। আর গ্রামের পুরুত মশায়। যিনি আজ ছেলে মেয়ের কুষ্ঠি, গ্রহ আর ভাগ্য দেখে ঠিক করবেন বরকনে উপযুক্ত হবে মিল কিনা। তাতো বটেই, বাচ্চা দুটো ছেলে-মেয়ের মধ্যে বিয়ে হলে,ভাগ্য ছাড়া আর কি দেখার আছে?
বিয়ের কথার বদলে পড়াশুনার কথা অবশ্যই অতিথিরা বিশষত পুরুত মশাই আশা করেনি। তবে কুমারের বউয়ের শক্তিশালী অবস্থান ঢুলিকে নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করল। বলা বাহুল্য তার ছেলেটিও নিরক্ষর। কেবল পুরুত মশাই মেনে নিতে পারছিলেন না।
তিনি বললেন,
- এটা তো ঠিক হচ্ছে না। এত সুন্দর কুষ্ঠি মিলেছে, সামনে ভাল লগ্ন আছে, তার পর বিয়ে না দেবার কি আছে। আর পড়াশুনা করে ওরা কি করবে। শিয়াল পণ্ডিতের পাঠশালায় কি আর ভাল রান্না বা ঢোল বাজানো শেখাবে? শিক্ষা তাদেরই শুধু দরকার যারা এটা ব্যবহার করে অর্থ উপার্জন করবে।সবাই পড়াশুনা করে এই সব কাজ ছেড়ে দিলে আমাদের সমাজের কি হবে।
বলা বাহুল্য সমাজের নিচু তলার মানুষগুলোর একথা বলার শক্তি নেই যে, কেন নাপিতের ছেলেকে নাপিতই হতে হবে। তারা চুপ করে রইল।
আমি কথা বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে কথা বলতে হল।
- তা আপনি ঠিকই বলেছেন পুরুত মশায়। কিন্তু পড়াশুনা শুধু তো আর অর্থ উপার্জনের জন্য নয়। আমার পাঠশালার কোন শিক্ষার্থীই শিক্ষা দিয়ে অর্থ উপার্জন করে না। কিন্তু অর্থ উপার্জন ছাড়াও জীবনের অন্য মানেগুলো জানবার জন্য শিক্ষার দরকার আছে। আর আমরা তো বলছিনে যে, এই বিয়ে হবেনা। কেবলমাত্র সময়টা একটু পিছিয়ে যাচ্ছে। ওরা আরেকটু বড় হয়ে বিয়ে করবে। আপনিই করাবেন।
- কি জানি বাপু। শিয়াল পণ্ডিতের পাঠশালা নিয়ে নানা কথা শুনি। কুমিরের বাচ্চাদের নাকি তুমি খেয়ে ফেলেছ। এখন মানুষের বাচ্চাদের নিয়ে তুমি যে কি করবে তা ঈশ্বরই জানেন।
আমাকে বাচাতে কুমারের স্ত্রী এবার এগিয়ে এল।
- পুরুত মশাই। আমার বাচ্চাদের আমি পড়াতে চাই। বিয়ে কয়দিন পরে হলে কিছু হবে না।
পুরুত মশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। এমনটা তার প্রত্যাশিত ছিল না। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন।
আমরা শিশুদের কিভাবে পাঠশালায় পাঠানো হবে তা নিয়ে আলোচনা করলাম।
৪
আমার শটির পাঠশালায় সত্যি সত্যি মানব শিশুরা আসা শুরু করল। আমি আমার প্রাকৃতিক শিক্ষা তাদের দেয়া শুরু করলাম। শিশুরা তো কাদা মাটির মত। তাদের যা শেখাবে তাই তারা বিশ্বাস করবে। কিন্তু মানব সমাজে শিশুদের চাইতে বড়দের সংখ্যাই বেশি। আর তার শিশুদের মত ভাবে না। তাই সমাজের উঁচু বর্গের মানুষরা আমার ধারনা মতই মানব শিশুদের শিয়াল পণ্ডিতের পাঠশালায় আসা নিয়ে অনেক ধরনের কথা বলল। কিন্তু মানব শিশুর সংখ্যা বেড়েই চলল। তাই এরপর যা ঘটল তা কেবল মানুষই করতে পারে।
এক বিকালে, কুমারের স্ত্রী, যে নিজ উদ্যোগে আমার পাঠশালায় মানব শিশুদের পাঠানোর কাজটি কাঁধে তুলে নিয়েছিল, সে এল। তার ছোট্ট মেয়েটি, আমার প্রথম মানব শিক্ষার্থীদের একজন বিকালে আর বাসায় ফেরেনি। আমি খুব দুশ্চিন্তায় পরলাম। গ্রামের রাস্তায় হারানোর কোন প্রশ্ন নেই। আমি কুমারের স্ত্রীর সঙ্গে খুঁজতে বের হলাম।
খুব বেশিদূর যেতে হল না। পাঠশালার পেছনে বিলটার ভেতর ভাসছে আমার প্রিয় কুমারের মেয়ের মৃতদেহ। কুমারের স্ত্রী চিৎকার দিয়ে উঠল। আমি কি করব বুঝতে পারছিলাম না। গায়ের মেরা জন্মের পরই সাতার শিখে যায়। পানিতে ডুবে মৃত্যু কোন দুর্ঘটনা হতে পারে না।যাই হোক আমি সাতরে তার মৃতদেহটা নিয়ে আসলাম। কুমারের স্ত্রী বাচ্চাটাকে ধরে কাঁদছিল। আমি দৌড়ে গিয়ে কুমার আর অন্যদের খবর দিলাম। সবাইকে নিয়ে যখন আমি ফিরে এলাম তখন সেখানে অনেক লোক। তাদের মাঝ থেকে পুরুত মশায় এগিয়ে এলেন।
- এই যে শিয়াল পণ্ডিত, এই কুমারের মেয়েকে হত্যা করেছে।
- কি বলছ তুমি, কেন আমি তাকে হত্যা করব।
- যে কারণে তুমি কুমিরের ছানাদের খেয়েছিল। তোমার কত বড় সাহস, একটা পশু হয়ে তুমি মানুষকে শিক্ষা দিতে চাও। আমাদের হাজার বছরের সংস্কার, লোকাচার, ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও।
- আমি তো জোর করে কিছু করিনি। যারা শিক্ষা লাভ করতে চায় তাদের সাহায্য করেছি মাত্র।
- অনেক চালাকি হয়েছে শিয়াল পণ্ডিত, আর নয়, এবার তোমাকে শিক্ষা দেব আমরা।
তার মুখের কথা শেষ না হতেই একদল আমার শটীর পাঠশালার ওপর ঝাঁপিয়ে পরল। বাকিরা আমার ওপর। পশুর রক্ত শরীরে আছে বলে হয়তোবা আমি কোন ভাবে সেদিন পালিয়ে জীবন বাঁচিয়েছিলাম। যে জীবন অবশ্য এখন আমার কাছে মূল্যহীন। বনে বাদারে ঘুরে বেরাই আর মাঝে মাঝে সেই ছোট্ট মেয়েটার কথা মনে পরলে গভীর রাতে বেদনায় চিৎকার করে উঠি। মানুষের গল্পে আমার সেই বেদনা নেই। আছে শুধু উপহাস যা মানুষ অন্যদের করে চলে অবিরত।
