মধ্যরাতে সঞ্চয়িতা পাঠ
এটি সমাজের উল্টো ন্যায়বিচারের চিত্র--যেখানে ক্ষমতাবান অন্যায় করেও সম্মানিত, আর দুর্বল মানুষ ন্যায়সঙ্গত হয়েও অপমানিত। ক্ষমতা ও অর্থের জোরে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করার এক নির্মম বাস্তবতা।
প্রায় সময়ই আমার এমনটি ঘটে। একে তো বয়সের ঝামেলা আর পাশাপাশি বিক্ষিপ্ত মন নিয়ে আর কতদুর হাঁটা যায়! গোটা পৃথিবী যেন গরম কড়াইয়ের উপর জ্বলছে! তাই, একটু শান্তির খোঁজে মনপ্রাণ সারাক্ষণ মুখিয়ে থাকে। সেদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল। না, কিছুতেই আর ঘুম আসছে না। বইয়ের সেলফে চোখ পড়তেই কবি গুরু যেন আমাকে ইশারা দিয়ে ডাকলেন! ‘চলে এসো আমার কাছে!’ আমি কাছে গেলাম। আদর করে সেল্ফ থেকে সঞ্চয়িতা তুলে নিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম, কবিগুরুর সঙ্গে নানান কথা বলেই আজ রাত পার করে দিলে কেমন হবে?
মনে মনে একটা আইডিয়া ঠিক করে ফেললাম। সঞ্চয়িতার পাতায় বিক্ষিপ্তভাবে বিচরণ করলে কেমন হয়? না, কোন গভীর জ্ঞানের সন্ধান করার জন্যে নয়, কোন তত্ত্বতালাশের জন্যেও নয়, স্রেফ নিজের মনের এক টুকরো শান্তি বর্ষণের জন্যেই এই প্রয়াস। আমি বেশ ভালো করেই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের মনের নানা অনুষঙ্গ দিয়ে বিচার করে তাঁকে নানাভাবে পাওয়া যায়, আবিস্কার করা যায়। তাঁর গান বা কবিতা আমাদের তৃষিত আত্মায় নানাভাবে খোরাক যোগায়। তিনি কখনও কখনো প্রেমিক আবার কখনো কঠিন মহাজন আবার কল্পনার ইশ্বর। তাঁকে কতভাবেই না পাই আমরা! আমি সঞ্চয়িতার পাতা উল্টাই, কবিগুরুর নৈকট্য অনুভব করি আবার কল্পনায় নিজেকে নানাভাবে আবিষ্কারও করতে থাকি। এই আবিষ্কার আনন্দের, আবার বেদনারও। হঠাৎ মনে হলো গভীর রাতে আমার এই কবিগুরু পাঠকে লিখিত একটি আঁকার দিয়ে রাখলে কেমন হয়? সেই ভাবনা থেকে সঞ্চয়িতা থেকে তিনটি তিন রকম কবিতা বেছে নিলাম।
আবারও বলি, এই ভাবনাগুলো একেবারেই আমার মতন করে সাজিয়েছি। জানি, কবিগুরুর কবিতাকে নানাভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, দেখতে পারবেন এবং আত্মস্থ করতে পারবেন। সেটিই কবিতার আনন্দ।
কবিতা: জীবনদেবতা
‘কী দেখিছ, বঁধু, মরম-মাঝারে রাখিয়া নয়ন দুটি?
করেছ কি ক্ষমা যতেক আমার স্থলন পতন ত্রুটি’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনদেবতা’ কবিতার এই দুটি লাইন আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আহা! এ যেন গভীর আত্মসমর্পণ ও আত্মজিজ্ঞাসার এক অনন্য প্রকাশ!
এখানে ‘বঁধু’ বলতে কবি কাকে বুঝিয়েছেন? তিনি কি আক্ষরিক অর্থেই বঁধু? নাকি এক অন্তর্যামী সত্তা? যাকে আমরা জীবনদেবতা, ঈশ্বর, কিংবা নিজের অন্তর্গত চেতনা হিসেবেও ভাবতে পারি! এখানেই রবি ঠাকুরের কবিতা পাঠের আনন্দ। কোন এক রৈখিক মানে নেই, কোন জটিল সমীকরণও নেই। আপনি যেমন ভাববেন ঠিক তেমনভাবে দেখতেও পাবেন, আবিষ্কারও করতে পারবেন। এই লাইনদুটো পড়লে মনে হয় কবি যেন নিজেই তাঁরই কাছে প্রশ্ন রাখছেন।
‘কী দেখিছ, বঁধু, মরম-মাঝারে রাখিয়া নয়ন দুটি?’
তিনি কি বলতে চাইছেন, তুমি তো আমার হৃদয়ের গভীরে দৃষ্টি রেখে আছ, তুমি সবই দেখছ—আমার গোপন অনুভূতি, আমার সত্য ও অসত্য, আমার সকল ভেতরের কথাও তুমি জান। এখানে এক ধরনের স্বচ্ছতা ও উন্মুক্ততার বোধ আছে—নিজেকে লুকোনোর আর কোনো জায়গা নেই। পরের লাইনেই যেন সেই আকুতি!
‘করেছ কি ক্ষমা যতেক আমার স্থলন পতন ত্রুটি’
এখানে কবি তাঁর ভুল, বিচ্যুতি, পতন—সবকিছুর জন্য ক্ষমা প্রার্থনা করছেন। আমাদের জীবনে যে দুর্বলতা, ভুল পদক্ষেপ, নৈতিক বিচ্যুতি ঘটে, তার স্বীকারোক্তি এখানে স্পষ্ট। কবি জানতে চাইছেন—তুমি কি আমাকে ক্ষমা করেছ? আবার কবিতাটি খুব রোমান্টিকভাবেও ব্যাখ্যা করা যায়। আক্ষরিক অর্থেই বঁধুর কাছে নিঃশর্ত সমর্পণ! কী দেখিছ, বঁধু, মরম-মাঝারে রাখিয়া নয়ন দুটি? এমন রোমান্টিক কয়েকটি শব্দ যেন আত্মায় এসে আঘাত করে। একদিকে অন্তরের গভীরে ঈশ্বর বা প্রিয় মানুষের উপস্থিতি, অন্যদিকে আমাদের মতন রক্তমাংসের মানুষের বিনম্র স্বীকারোক্তি ও ক্ষমাপ্রার্থনা। এ যেন নিজের সঙ্গে, নিজের সত্তার সঙ্গে, এবং এক বৃহত্তর অস্তিত্বের সঙ্গে গভীর সংলাপ।
কবিতা: অবিনয়
‘হে নিরুপমা,
চপলতা আজ যদি কিছু ঘটে করিয়ো ক্ষমা।’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অবিনয়’ কবিতার এই পংক্তিগুলোতে প্রেম, লজ্জা, আবেগ ও প্রকৃতির মিলিত এক সূক্ষ্ম সুর ধরা পড়ে। আমি কবিতাটিকে এভাবেই দেখতে চাই। এখানে ‘নিরুপমা’ আর কেউ নয় প্রিয়তমা, যিনি তুলনাহীন। কবি তাঁর কাছে একধরনের আগাম ক্ষমা চাইছেন। কেন ক্ষমা চাইছেন? পরের লাইনটিতে এর উত্তর দিচ্ছেন। ‘চপলতা’ বলতে বোঝানো হচ্ছে হঠাৎ আবেগে কিছু বলা বা করা—যা হয়তো স্বাভাবিক সংযমের বাইরে। প্রেমের তাড়নায় মানুষের যে অস্থিরতা বা বেপরোয়া মুহূর্ত আসে, কবি সেটাকেই বিনয়ের সঙ্গে স্বীকার করছেন।
এই লাইনদুটো পড়ে আমি কিছুক্ষণ বইয়ের পাতা থেকে মুখ তুলে নিজের অন্তরের গভীরে ডুব দিই। সত্যিই তো! এমন ঘটনা কি আমাদের ঘটে না? হঠাৎ আবেগের কারণে আমরা এমন কিছু করে ফেলি যা সংযমের বাইরে চলে যায়? আহা! এ কারণেই বুঝি রবীন্দ্রনাথকে এতো ভালোবাসি? আমাদের অন্তরের খবর তিনি সব রেখে দিয়েছেন তাঁর কবিতার পাতায় বন্দী করে। এবার কবিতার পরের লাইনে যাওয়া যাক।
এল আষাঢ়ের প্রথম দিবস,
বনরাজি আজি ব্যাকুল বিবশ
এখানে কথাগুলো খুবই স্পষ্ট। কোন রাখঢাক নেই। আষাঢ় মাসের প্রথম দিন, অর্থাৎ বর্ষার সূচনা। এই সময় প্রকৃতি নিজেই যেন উত্তেজিত, অস্থির, আবেগময় হয়ে ওঠে—গাছপালা, বনভূমি সব যেন এক ধরনের উন্মুখতায় কাঁপছে। তারপর ‘ব্যাকুল বিবশ’ শব্দযুগল প্রকৃতির সেই অপ্রতিরোধ্য আবেগকে প্রকাশ করে। আজ প্রকৃতি নিজেই যখন উচ্ছ্বসিত ও আবেগে উদ্বেল, তখন তাঁর নিজের মনও সেই স্রোতে ভেসে যেতে পারে। তাই যদি কোনো চপলতা বা অপ্রত্যাশিত আচরণ ঘটে, প্রিয়তমা যেন তা ক্ষমা করে দেন। মনে করিয়ে দেয় আমাদের অস্থির মনের homeless mind-এর কথা। মানুষ আর প্রকৃতির মন ঠিক যেন এমনই। কখনো চপল, কখনও শান্ত আবার কখনও অপ্রতিরোধ্য ।প্রকৃতির এই চরিত্রটি কত সুন্দর করেই না রবীন্দ্রনাথ এখানে আঁকলেন! এখানে প্রকৃতির ঋতুচক্র ও মানবমনের আবেগ একসূত্রে গাঁথা—বর্ষার অস্থিরতা যেন প্রেমিকের হৃদয়ের অস্থিরতারই প্রতিচ্ছবি।
কবিতা: দুই বিঘা জমি
‘বাবু কহে হেসে, ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়!
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে—
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’
এই কবিতাটি খুবই জনপ্রিয় একটি কবিতা। এ কথাও জানি যে কবিতাটি উপরোল্লিখিত দুটো কবিতা থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ইশ্বর নেই, প্রেমিক বা প্রেমিকাও নেই। আছে মানুষের হিংস্রতা, লোভ, ক্ষমতা আর পরাজয়ের গ্লানি। কবিতাটি নিয়ে নতুন করে বলারও কিছু নেই। কিন্তু আমি তো আমার কথা বলতেই পারি, আমার অনুভতির কথা জানাতেই পারি। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার উপরের লাইনগুলোতে এক গভীর ব্যঙ্গ, বেদনা এবং সামাজিক অন্যায়ের তীব্র প্রতিবাদ প্রকাশ পেয়েছে।
‘বাবু কহে হেসে, ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়!’
এখানে জমিদার বা ‘বাবু’ উল্টোভাবে গরিব কৃষককে চোর বলে অপমান করছে। আমাদের সমাজে দুর্বলের উপর সবলের যে অত্যাচার যুগ যুগ ধরে হয়ে আসছে সেই চিত্রটি ফুটে উঠেছে এই লাইনটিতে। লক্ষ্য করুন, ‘সাধুবেশে পাকা চোর’ বলার মধ্যে তাচ্ছিল্য আছে—যেন বাহ্যিকভাবে সৎ সাজার আড়ালে সে চুরি করতে এসেছে। অথচ বাস্তবে কিন্তু কৃষকটি তাঁর নিজের জমিতেই এসেছেন, তাঁর নিজের অধিকার নিয়ে। যেখানে আমি নিজের জায়গায় নিজের অধিকার নিয়ে দাঁড়িয়ে আছি সেখানে অন্যজন কথা বলার কে? এ কি প্রহসন! পরের লাইনে কবি সে কথাই ব্যাখ্যাই করেছেন,
‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে—’
কৃষক এই কথা শুনে এক অদ্ভুত প্রতিক্রিয়া জানায়—সে হাসে, কিন্তু সেই হাসির ভেতর লুকিয়ে আছে অশ্রু, আছে সমাজের প্রতি, তথাকথিত সভ্যতার প্রতি এই শ্লেষ। বর্তমান সময়ে ভূ-রাজনীতিতে এই লাইনটি যেন মোক্ষম! নিছক হাসি নয়, বরং এক করুণ, অসহায়, আত্মবিদ্রূপের হাসি। তারা নিজের দুর্দশা দেখে যেন কাঁদতেও পারে না, হাসতেও পারে না—দুইয়ের মাঝামাঝি এক গভীর বেদনাময় অবস্থান। পরের লাইনটিকে আমরা দেখবো একটি উপসংহার টেনে দেয়া। এই হলো বাস্তব চিত্র। সে কারণে কবি তীব্র ব্যাঙ্গ যোগ করে বলেছেন,
‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ আবারও সেই জিও-পলিটিক্স এখানে চলে আসছে। হাজার অন্যায় দেখেও এই সভ্য দুনিয়ায় কোথাও কোন ক্রন্দন তৈরি হয় না। এর পেছনে লুকিয়ে আছে করুন,অসহায়, আত্মবিদ্রুপের হাসি। নিজের দুর্দশা দেখে সে যেন কাঁদতেও পারে না, হাসতেও পারে না- দুইয়ের মাঝামাঝি এক গভীর বেদনাময় অবস্থান।
এখানে কবি তীব্র ব্যঙ্গ করেছেন। কৃষক বলছে আজকে তুমি, যে অন্যায়ভাবে আমার জমি দখল করেছ, তুমি ‘সাধু’ বা মহৎ বলে গণ্য হচ্ছ; আর আমি, যে নিজের জমিতে দাঁড়িয়েছি, আমি হয়ে গেছি চোর। এটি সমাজের উল্টো ন্যায়বিচারের চিত্র- যেখানে ক্ষমতাবান অন্যায় করেও সম্মানিত, আর দুর্বল মানুষ ন্যায়সঙ্গত হয়েও অপমানিত। ক্ষমতা ও অর্থের জোরে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করার এক নির্মম বাস্তবতা। কবি এখানে শুধু একজন কৃষকের ব্যক্তিগত দুঃখই তুলে ধরেন নি, বরং পুরো সমাজব্যাবস্থার ভণ্ডামি আর অবিচারের মুখোশ খুলে দিয়েছেন।
জন্মদিনে কবিগুরুকে স্মরণ করছি।
