২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিগানের খিস্তি খেউর ও রাষ্ট্রের অসহনশীলতা

বাউল বা ফকির কোনো ধর্মবিরোধী চরিত্র নয়। তারা লোকজ দর্শনের ধারক, মানুষের ভেতরের আত্মাকে খোঁজার সাধক। কবিয়ালরা লোকসংস্কৃতির ভাষ্যকার, প্রশ্ন ছুড়ে দেন, যুক্তি তুলে ধরেন, গানকেই সমাজের আয়না করে তোলেন। এরা কেউই সহিংস নয়, রাষ্ট্রবিরোধী তো নয়ই। তবু তাদের ভাবনা, প্রশ্ন করার অধিকার, আর মুক্তচিন্তাই কিছু ধর্মীয় কঠোরতার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।

কবিগানের খিস্তি খেউর ও রাষ্ট্রের অসহনশীলতা
শিল্পী শেখর রায়ের আঁকা চিত্রকর্ম

নাজমীন মর্তুজা নাজমীন মর্তুজা

Published : 14 Dec 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

এই লেখাটা লিখতে বসতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই তীক্ষ্ণ বাক্যটা মনে পড়ে গেল: “অপবাদের প্রতিবাদ না হলে পঞ্চতলের বায়ু-কণাগুলি বুদবুদ তুলে বাতাসে মিশে যায়, জলের তলায় পাঁক থিতিয়ে পড়ে।”

এই কথার ভেতরেই লুকিয়ে আছে আমাদের সময়ের বড় সত্য। অন্যায়, অপবাদ কিংবা ভুলের বিরুদ্ধে না দাঁড়ানো মানে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে নিঃশেষ করে দেওয়া। প্রতিবাদহীনতা মানুষকে শুধু নীরব করে না, তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তখন জীবনের স্বচ্ছ জল উপরে উঠে আসে না, নিচে জমে থাকে পাঁক নেতিবাচকতা, ভয় আর আত্মসমর্পণ।

ঠিক এই জায়গাতেই আজকের বাংলাদেশের একটি অস্বস্তিকর বাস্তবতা সামনে আসে। ইসলামপন্থী কিছু মোল্লার অবস্থান ও বক্তব্য বাউল, ফকির ও কবিয়ালদের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের মনে এক অদ্ভুত প্রশ্নের জন্ম দিয়েছে

বাউল, ফকির আর কবিয়ালদের মধ্যে আসলে পার্থক্য কোথায়? আর কেন তাদের ঘিরে এত ক্ষোভ, এত আক্রমণ?

বাউল বা ফকির কোনো ধর্মবিরোধী চরিত্র নয়। তারা লোকজ দর্শনের ধারক, মানুষের ভেতরের আত্মাকে খোঁজার সাধক। কবিয়ালরা লোকসংস্কৃতির ভাষ্যকার, প্রশ্ন ছুড়ে দেন, যুক্তি তুলে ধরেন, গানকেই সমাজের আয়না করে তোলেন। এরা কেউই সহিংস নয়, রাষ্ট্রবিরোধীতো নয়ই। তবু তাদের ভাবনা, প্রশ্ন করার অধিকার, আর মুক্তচিন্তাই কিছু ধর্মীয় কঠোরতার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।

সমস্যাটা আসলে এখানে: যেখানে প্রশ্ন আছে, সেখানে একচ্ছত্র কর্তৃত্ব টেকে না। যেখানে গান, কাব্য আর দর্শন আছে, সেখানে ভয় দিয়ে মানুষ শাসন করা যায় না।

তাই বাউল-ফকির-কবিয়ালদের বিরুদ্ধাচরণ মূলত একটি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর এই অবস্থানের বিরুদ্ধে যদি সমাজ চুপ করে থাকে, যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে তারাশঙ্করের কথার মতোই আমাদের ভেতরের স্বচ্ছতা হারিয়ে যাবে, পাঁক জমবে আরও গভীরে।

প্রতিবাদ মানে শুধু শ্লোগান নয়। প্রতিবাদ মানে প্রশ্ন তোলা, ইতিহাস মনে করিয়ে দেওয়া, সংস্কৃতির পাশে দাঁড়ানো। না হলে একদিন দেখব আমাদের গান আছে, কিন্তু সাহস নেই; শব্দ আছে, কিন্তু আত্মা নেই। এই নীরবতার মূল্যটাই সবচেয়ে ভয়ংকর।

আমাদের মনে সাধারণ ভাবে অনেক প্রশ্ন আসে: ধর্মের কথা তো ধর্মতাত্ত্বিক বলে, বাউল বলে, ফকির বলে,  কবিয়াল বলে, তাহলে কিসে আসলে দ্বন্দ্বটা লেগে যায়! তাহলে কি সৃষ্টি ও স্রষ্টাকে নিয়ে তাদের চিন্তার জগতে ভিন্নতা আছে?

ধর্মতাত্ত্বিক, বাউল, ফকির, কবিয়াল, সবাই কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তার কথাই বলে। তাহলে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা ঈশ্বরকে মানা না মানার জায়গায় নয়। দ্বন্দ্বটা কীভাবে মানা হচ্ছে, সেই পদ্ধতি আর দৃষ্টিভঙ্গিতে।

ধর্মতাত্ত্বিকরা সাধারণত ঈশ্বরকে দেখেন বিধানদাতা হিসেবে। তিনি উপর থেকে নির্দেশ দেন

কী করা যাবে, কী যাবে না। এখানে নিয়ম, শাস্ত্র, ফরজ! হারাম, পাপ-পুণ্যের হিসাব খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর দূরে, মানুষ তাঁর আদেশ পালনকারী।

বাউল, ফকির বা কবিয়ালদের চিন্তার জগৎ অন্য জায়গায় দাঁড়িয়ে। তারা ঈশ্বরকে বাইরে নয়, মানুষের ভেতরে খোঁজে। তাদের কাছে স্রষ্টা কোনো কঠোর বিচারক নন, তিনি প্রেম, উপলব্ধি আর আত্মজাগরণের অভিজ্ঞতা। তাই তারা বলেন, মানুষকে না চিনে ঈশ্বরকে চেনা যায় না।

এখানেই মূল সংঘাত। ধর্মতত্ত্ব বলে,আগে বিধান মানো, পরে মুক্তি। বাউল বলে,আগে মানুষ হও, মুক্তি নিজেই আসবে। আরেকটা বড় পার্থক্য হলো প্রশ্ন করার অধিকার। ধর্মতত্ত্বে অনেক সময় প্রশ্নকে ভয় করা হয়, কারণ প্রশ্ন মানে কর্তৃত্বে ফাটল। বাউল-ফকির-কবিয়াল প্রশ্নকেই সাধনার অংশ মনে করে। প্রশ্ন ছাড়া তারা বিশ্বাস করে না।

সৃষ্টি ও স্রষ্টাকে নিয়েও দৃষ্টিভঙ্গির ফারাক আছে। ধর্মতত্ত্বে সৃষ্টি আর স্রষ্টার মাঝে স্পষ্ট দূরত্ব। বাউলের কাজ সেই দূরত্ব ভাঙা। সৃষ্টি মানেই স্রষ্টার প্রকাশ, আর মানুষ সেই প্রকাশের সবচেয়ে জীবন্ত রূপ। এই ভিন্নতাই দ্বন্দ্ব তৈরি করে। কারণ যেখানে নিয়মই মুখ্য, সেখানে প্রেম বিপজ্জনক। যেখানে ভয় দিয়ে বিশ্বাস টিকিয়ে রাখা হয়, সেখানে মুক্তচিন্তা সহ্য হয় না। তাই সমস্যাটা বিশ্বাসে নয়। সমস্যাটা ক্ষমতায়, ব্যাখ্যার একচ্ছত্র অধিকার আর মানুষের স্বাধীন মননে। এই দ্বন্দ্ব আসলে ঈশ্বরকে নিয়ে নয়। এই দ্বন্দ্ব মানুষকে নিয়ে মানুষ কতটা স্বাধীন হয়ে ভাবতে পারবে, সেই লড়াই!

আসুন আলাদা করে জেনে নেই বাউল কারা বাউল কী? বাউল কোনো আলাদা ধর্ম নয়। বাউল একটি জীবনদর্শন। এরা গানের ভাষায় মানুষের ভেতরের মানুষটাকে খোঁজে। মসজিদ, মন্দির, শাস্ত্র বা আচার কোনোটাকেই চূড়ান্ত বলে মানে না। বাউলের সাধনা শরীরকেন্দ্রিক, মানবকেন্দ্রিক। মানুষের মধ্যেই তারা ঈশ্বরকে খুঁজে ফেরে। বাউলের কাছে মানুষই আসল তীর্থ। দেহই সাধনার ক্ষেত্র। প্রেমই উপাসনা।

তাই বাউল পরিচয়ের মূল কোনো ধর্মীয় লেবেল নয়, বরং এক ধরনের মুক্তচিন্তা আর আত্মঅনুসন্ধান।

বাউলের আদর্শ

বাউলের আদর্শ খুব পরিষ্কার, কিন্তু সহজ নয়। প্রথমত, মানুষের ভেদাভেদ অস্বীকার।ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ,এই সব দেয়াল বাউলের কাছে অর্থহীন। তারা বলে, মানুষে মানুষে পার্থক্য করলে সাধনা ভণ্ডামি হয়ে যায়। দ্বিতীয়ত, ভিতরের সত্যের সাধনা। বাউল বাহ্যিক আচার মানে না। নামাজ, পূজা বা উপবাসের চেয়েও নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার জয় করাকে বড় করে দেখে। তৃতীয়ত, প্রেম ও সহনশীলতা।

বাউলের প্রেম ভোগের নয়, দখলের নয়। এই প্রেম মানুষকে মুক্ত করে, সংকীর্ণতা ভাঙে। চতুর্থত, স্বাধীন চিন্তা ও প্রশ্ন করার সাহস। বাউল প্রশ্ন করে। কারণ প্রশ্ন ছাড়া সত্যে পৌঁছানো যায় না। অন্ধ অনুসরণ বাউলের পথ নয়। সবশেষে, সহজ জীবন। বাউল জমাতে চায় না, দখল করতে চায় না। কমে থাকায় তার সাধনা, কমেই তার স্বাধীনতা। এই জন্যই বাউল সব সময় ক্ষমতার চোখে অস্বস্তিকর। কারণ যে মানুষ ভয়মুক্ত, প্রশ্ন করে আর প্রেমকে ধর্ম বানায় তাকে শাসন করা যায় না। বাউল আসলে আমাদেরই এক আয়না। সেই আয়নায় তাকালে বোঝা যায়, আমরা কতটা মানুষ হতে পেরেছি।

এরপর আসি ফকির প্রসঙ্গে। আসলে কতোজনেই বা ফকিরের সাথে পরিচিত! আসুন, ফকির কী তা জানি। 

ফকির কোনো পেশা নয়, কোনো পোশাকও নয়। ফকির হলো এক ধরনের মানসিক অবস্থা। ফকির সে, যে নিজেকে শূন্য করতে চায় লোভ থেকে, অহংকার থেকে, ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে। বাইরে সে দরিদ্র হতে পারে, কিন্তু ভেতরে সে ভয়হীন। ফকির ঈশ্বরকে ভয় পায় না, আবার ব্যবহারও করে না।

সে ঈশ্বরকে ভালোবাসে। ফকির, যারা পার্থিব সমস্ত কিছু ত্যাগ করেছেন, যারা সাধনার উচ্চস্তরে পৌঁছে গেছেন, যারা সমাজ সংসার থেকে দূরে থেকে কেবল মনের মানুষের সাথে বসবাস করেন, যাদের চাওয়া বা পাওয়ার আর কিছু নেই অর্থাৎ ঈশ্বর আর তাঁর মধ্যে বিশেষ পার্থক্য নেই, যারা কামেলিয়াত অর্জন করেছেন।

ফকিরি কী

ফকিরি মানে দারিদ্র নয়। ফকিরি মানে আসক্তিহীনতা। যার কম আছে--কেবল তাই নয়, যে কম চায়—সে-ই ফকির। ফকিরি বলে: যা আছে, তাই যথেষ্ট। যা নেই, তার জন্য আত্মা বিক্রি করার দরকার নেই। এই দর্শনে ভোগ নয়, নিয়ন্ত্রণই শত্রু। ফকির নিজের ওপর নিয়ন্ত্রণ চায়, অন্যের ওপর নয়।

ফকিরির চিন্তার জগৎ

ফকিরির ঈশ্বর দূরে কোথাও বসে নেই। সে মানুষের নিশ্বাসে, দুঃখে, প্রেমে। তাই ফকির মানুষের সেবাকেই ইবাদত মনে করে। ক্ষুধার্তকে খাওয়ানো, ভেঙে পড়া মানুষকে শক্ত করে ধরা--এগুলোই তার নামাজ, তার জিকির। ফকিরি প্রশ্ন করে: শুধু মুখে ঈশ্বরের নাম নিলে যদি মানুষ হওয়া না লাগে, তবে সেই নামের মূল্য কী?

কেন ফকিরি অস্বস্তিকর

ফকিরি ভয় দেখায় না। লোভ দেখায় না। এই কারণেই ক্ষমতার কাছে ফকির বিপজ্জনক। কারণ যে মানুষ ভয়মুক্ত, সে কেনা যায় না। যে মানুষ কম চায়, তাকে শাসন করা কঠিন। ফকিরি মানুষকে মাথা নিচু করতে শেখায় না। ফকিরি মানুষকে সোজা হয়ে দাঁড়াতে শেখায় নরম মন নিয়ে, কিন্তু দৃঢ় মেরুদণ্ডে। এই কারণেই ফকির কেবল সাধক নয়। ফকির আসলে এক জীবন্ত প্রতিবাদ। আরও একটা সম্প্রদায় আছে সেটা হলো:

দরবেশ। আসুন, দরবেশ কী করে ভাবে, চলে তাদের আর্দশ জেনে নিই।

দরবেশ কারা

দরবেশ মূলত সুফি ধারার সাধক। তারা ধর্মের খোলস নয়, ধর্মের আত্মাকে ধরতে চায়। দরবেশ মানে সে মানুষ, যে নিজেকে ভেঙে ভেঙে প্রেমে গড়েছে। ক্ষমতা, সম্পদ, যশ,এই তিনের লোভ ছেড়ে যে মানুষ ভেতরের আলোর দিকে হাঁটে, সে-ই দরবেশ। দরবেশ ঈশ্বরকে পায় ভয় দিয়ে নয়, প্রেম দিয়ে। তার সাধনার ভাষা নীরবতা, সেবা আর ধ্যান।

দরবেশদের কাজ কী

দরবেশের কাজ কোনো প্রতিষ্ঠানের চাকরি নয়। তাদের কাজ জীবনকেন্দ্রিক। প্রথমত, মানুষ জাগানো।

দরবেশ মানুষকে মনে করিয়ে দেয় তুমি শুধু দেহ নও, শুধু পরিচয় নও, তুমি এক গভীর সত্তা। দ্বিতীয়ত, প্রেম শেখানো। দরবেশের প্রেম সীমাবদ্ধ নয়। ধর্ম, জাত, বর্ণ, ভাষা, এই দেয়ালগুলো সে মানে না। তাই দরবেশের দরবারে সবাই সমান। তৃতীয়ত, অহং ভাঙা। দরবেশ নিজের অহং ভাঙে আগে, তারপর অন্যকে আয়না দেখায়। সে কাউকে ছোট করে না, কিন্তু মিথ্যা গর্বও পোষণ করে না।

চতুর্থত, সেবা। ক্ষুধার্তকে খাওয়ানো, অসুস্থকে পাশে বসে সেবা দেয়া, ভাঙা মনকে সাহস দেওয়া--এগুলো দরবেশের ইবাদত। পঞ্চমত, ভয়হীনতার চর্চা। দরবেশ ভয় দিয়ে ধর্ম শেখায় না। সে বলে, ভয় দিয়ে পাওয়া বিশ্বাস টেকে না।

কেন দরবেশরা আলাদা

দরবেশ কোনো শাস্ত্র অস্বীকার করে না, আবার শাস্ত্রকেই শেষ কথা বানায় না। তার কাছে শাস্ত্র পথ দেখায়, 

কিন্তু গন্তব্য নয়। এই কারণেই দরবেশ কখনো শাসকের প্রিয় হয়নি। কারণ দরবেশ মানুষকে ভক্ত বানায় না, মানুষ বানায়। দরবেশ আসলে সমাজের অঘোষিত এক বাতিঘর। চুপচাপ আলো দেয়, পথ দেখায়, কিন্তু কারও ওপর আধিপত্য করে না। এবার আসা যাক পীরদের প্রসঙ্গে যারা বায়াত করান। পীর মানে কোনো জাদুকর বা অলৌকিক ক্ষমতার মালিক--এটা আসল কথা না।

পীর মূলত পথপ্রদর্শক। শব্দটা এসেছে “পীর” বা “মুর্শিদ” থেকে যিনি ভেতরের পথে হাঁটতে শেখান।

এখন আসল জায়গায় আসি।

পীর কারা

যাঁরা নিজে সাধনার ভেতর দিয়ে গেছেন, নিজের অহং, লোভ, ভয়, হিংসা এই জিনিসগুলোর সাথে লড়াই করেছেন, আর সেই অভিজ্ঞতা থেকে অন্য মানুষকে দিশা দিতে পারেন। তাঁরা ধর্মের বাইরের কেউ নন, আবার কেবল ধর্মের মুখস্থ কথাও বলেন না। তাঁদের কাজ বিশ্বাস নয়, উপলব্ধি।

এদের কাজ আসলে কী

১) মানুষের ভেতরের মানুষটাকে জাগানো। ইরের নিয়ম নয়, ভেতরের শুদ্ধতা এই জায়গায় নিয়ে যাওয়া।

২) আত্মশুদ্ধির পথ দেখানো

কীভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ কমাতে হয় এই চর্চা শেখানো।

৩) স্রষ্টাকে বাইরে নয়, নিজের ভেতরে খুঁজতে শেখানো। মসজিদ, মন্দির, খানকা এসব মাধ্যম। গন্তব্য নয়।

৪) শিষ্যকে নিজের পায়ে দাঁড়াতে শেখানো

সত্যিকারের পীর শিষ্যকে নিজের উপর নির্ভরশীল করে না। বরং একদিন বলেন “এবার তুমি নিজেই চল।”

একটা জরুরি কথা

সব পীর এক রকম না। ইতিহাসে যেমন প্রকৃত পীর আছেন, তেমনি ব্যবসায়ী পীরও আছেন। যিনি ভয় দেখান, অলৌকিক লোভ দেখান, টাকা-পয়সা বা অন্ধ আনুগত্য চান তিনি পথ দেখান না, পথ আটকান।

সংক্ষেপে বললে পীর হলেন আয়নার মতো। তিনি কিছু দেন না আপনাকে, আপনার নিজের মুখোমুখি দাঁড় করান। এটাই পীরের কাজ। কিন্তু এখনকার সময়ে পীর জনপ্রিয়তা হারাচ্ছেন আস্থার জায়গাটা নড়ে উঠেছে ! 

সংক্ষেপে বলি, কারণটা ভেতরের আর বাইরের দুটোই। এক--আধ্যাত্মিকতা কমে গেছে, আচার বেড়েছে।

সাধনার জায়গায় অনুষ্ঠান, উপলব্ধির জায়গায় লোক দেখানো। মানুষ সেটা ধরে ফেলছে।

দুই-- বিশ্বাসের বদলে ভয় আর লোভ। দোয়া বরকতের নামে ভয় দেখানো, আশার নামে প্রতিশ্রুতি বেচাকেনা; এতে আস্থা ভাঙে।

তিন--মাজার ঘিরে বাণিজ্য। ভক্তি যখন ব্যবসা হয়ে যায়, তখন পবিত্রতা টেকে না।

চার--প্রশ্ন করার জায়গা নেই। আজকের মানুষ প্রশ্ন করে। অন্ধ আনুগত্য আর মেনে নেয় না।

পাঁচ--প্রকৃত পীরের অভাব। আছেন, কিন্তু আড়ালে। সামনে যারা বেশি, তাদের অনেকেই পথে নয়, প্রচারে।

এই জন্যই পীর ও মাজার সভ্যতা মানুষের কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা হারাচ্ছে।

এখনকার সমাজে জামায়াতে ইসলামী, হিজবুত তাহরীর, শিবির, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, আমরা এসব সংগঠনের নেতাদেরকে এমন একটা উচ্চতায় পৌঁছে দিয়েছি যে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকুক না থাকুক আমরা তো হুজুর মাশায়েখ মনে করে তাদের বানী তাদের নিয়মকে অনুসরণ করছি! এসব ইসলামপন্থী দলদের নেতাদের কাছে কেন সমস‍্যা মনে হচ্ছে বাউলদেরকে? 

এটার কারণ উদ্দেশ্য কী? আমার মতে এটা আসলে ক্ষমতার দ্বন্দ্ব, ধর্মের না। চলুন পরিষ্কার করে বলি।

প্রথম কারণ: কর্তৃত্বের প্রশ্ন। বাউল কোনো সংগঠনের অধীনে না। নেতা মানে না, ফতোয়া মানে না, শৃঙ্খলার খাঁচায় ঢোকে না। ইসলামপন্থী দলগুলোর রাজনীতি দাঁড়িয়ে আছে আনুগত্য আর নিয়ন্ত্রণের ওপর। বাউল সেখানে অস্বস্তিকর। দ্বিতীয় কারণ: ধর্ম বনাম সাধনা। এই দলগুলো ধর্মকে আইন, নিয়ম, শাসনব্যবস্থা হিসেবে দেখে। বাউল ধর্মকে দেখে অভিজ্ঞতা হিসেবে—দেহে, মনে, প্রেমে। এই দুই দৃষ্টিভঙ্গি একসাথে চলে না। তৃতীয় কারণ: প্রশ্ন করার সাহস। বাউল প্রশ্ন করে: নামাজ পড়লেই কি মানুষ হওয়া যায়? দাড়ি-টুপি কি নৈতিকতার গ্যারান্টি? এই প্রশ্নগুলো ক্ষমতার ভাষায় বিপজ্জনক। চতুর্থ কারণ: ভয়ের রাজনীতি। বাউল ভয় শেখায় না। নরক-হেফাজত-শাস্তির গল্পে মানুষ বাঁধে না। আর যেখানে ভয় নেই, সেখানে নিয়ন্ত্রণ দুর্বল।

পঞ্চম কারণ: মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া। বাউলের জন্য মঞ্চ, মাইক, সংগঠন লাগে না। একটা একতারা আর সত্য কথা যথেষ্ট। এই সরাসরি সংযোগটাই প্রতিষ্ঠিত ধর্মীয় নেতৃত্বের জন্য হুমকি।

উদ্দেশ্য কী

বাউলকে “ভ্রান্ত”, “কাফের”, “ইসলামবিরোধী” বললে মানুষ দূরে থাকবে। মানুষ দূরে থাকলে প্রশ্ন কমবে।

প্রশ্ন কমলে কর্তৃত্ব টিকে থাকবে। এটাই মূল কথা। বাউল আসলে ধর্মের শত্রু না, ধর্মের নামে ক্ষমতার শত্রু।

 এই সুত্র ধরেই বলতে পারি রসম্প্রতিক ঘটে যাওয়া একজন কবিয়ালকে নিয়ে তাঁর বাহাসের কিছু অংশ নিয়ে! আল্লাহকে অবমাননা করার দায়ে তিনি এখন জেল হাজতে! কেন কী কারণে বা কোন বাহাসের উত্তরের 

অংশে তিনি এমন শব্দ ব্যবহার করেছেন সেটার ব্যাখ্যা অবশ্যই দরকার! সেই ছোট বেলায় “এণ্টনি ফিরিঙ্গি বাবু” সিনেমায় দেখেছি কবি গানের আসর! কথার পৃষ্ঠে কথা যুক্তি, তথ্য, শব্দের আঘাতে প্রশ্ন ও উত্তর নিয়ে জমজমাট আসর! 

এন্টনির ভূমিকায় অভিনেতা উত্তম কুমার

“এণ্টনি ফিরিঙ্গী বাবু”–র কবিগানের ঢঙে কয়েকটা প্রশ্ন–উত্তর দিচ্ছি।

প্রশ্ন (কবি):

বল তো হে ভদ্রলোক, দেশ কি শুধু জন্মের মাটি?

না কি মানুষের কর্মেই গড়ে পরিচয়ের জাতি?

উত্তর (এণ্টনি):

দেশ যদি জন্মে হতো, তবে মন কেন পাল্টায়?

ভালোবাসা যে মাটি বেছে নেয়, নাম জিজ্ঞেস করে না ভাই।

প্রশ্ন:

তুমি বিদেশি হয়ে কেন বাংলার গান ধরো?

নিজের শিকড় ভুলে কি পরের ঘরে বাস করো?

উত্তর:

শিকড় যদি প্রেমে বাঁধা, সে কি দেশ চেনে কই?

বাংলা আমার শ্বাসে মিশে, ধার করা কিছু নয়।

প্রশ্ন:

ধর্ম আলাদা, ভাষা আলাদা

কেমন করে এক হও?

এই ভেদাভেদ পেরিয়ে তুমি কীসে মানুষ হও?

উত্তর:

ধর্ম যদি মানুষ ভাঙে, সে ধর্ম আমি মানি না।

মানুষ আগে, সব পরেশ এইটুকুই আমার জানা।

প্রশ্ন:

লেবাসে না মিললে কেন তোমায় আপন ভাববো?

রঙে-ধর্মে আলাদা হলে কীভাবে পাশে রাখবো?

উত্তর:

হৃদয় যদি এক সুরে বাজে, লেবাসে কী আসে যায়?

মানুষ চেনা যায় আচরণে, পোশাকে নয় হায়।

প্রশ্ন:

বল এণ্টনি, শেষ কথা কী এই দুনিয়ার হাটে?

কে জেতে, কে হারে সব শেষে কী থাকে হাতে?

উত্তর:

নাম-যশ সব মাটিতে মেশে, থাকে শুধু কর্মচিহ্ন।

মানুষ হয়ে বাঁচতে পারলেই, সেটাই বড় অর্জন।

অসাধারণ বাহাস, অবশ্য পুরোটাই নির্ভর করে পরিবেশ, গবেষণা, শিক্ষা, স্থান কালপাত্রের উপরে।

কবিগান বা কবিয়াল সম্পর্কে সম‍্যক ধারণা:-

কবিয়াল মূলত লোককবির এক বিশেষ ধারা। তারা মঞ্চে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে ছড়া, গান আর প্রশ্ন–উত্তরের লড়াই করেন। এটাকে বলা হয় কবিগান।

এরা শুধু কবিতা পড়েন না। এরা তর্ক করেন ছন্দে, যুক্তি দেন সুরে। এক পক্ষ প্রশ্ন তোলে, আরেক পক্ষ সঙ্গে সঙ্গে উত্তর বানায়। বিষয় হতে পারে প্রেম, ধর্ম, সমাজ, দর্শন, এমনকি সমসাময়িক রাজনীতি।

কবিয়ালের বড় শক্তি হলো উপস্থিত বুদ্ধি আর ভাষার দখল। বই মুখস্থ করে নয়, মুহূর্তের ভেতর শব্দ গড়ে তোলাই তাদের কাজ। গ্রামবাংলার হাট, মেলা, উৎসবেই তাদের আসল মঞ্চ ছিল।

অনেক কবিয়াল ছিলেন দারুণ তীক্ষ্ণ সমালোচক। তারা হাস্যরসের ভেতর দিয়ে সমাজের ভণ্ডামি, ধর্মীয় গোঁড়ামি আর ক্ষমতার দম্ভকে খোঁচা দিতেন। তাই কবিয়াল মানে শুধু বিনোদন নয়, লোকসমাজের এক জীবন্ত বিবেক। সহজ করে বললে কবিয়াল হলেন সেই মানুষ, যিনি গান দিয়ে প্রশ্ন করেন, আর গান দিয়েই জবাব দেন।

আর কবিগান হলো-

বাংলার লোকসংস্কৃতির এক ধরনের তর্কমূলক গান। দু’জন কবিয়াল বা দু’দল মুখোমুখি দাঁড়িয়ে গানেই প্রশ্ন তোলে, গানেই উত্তর দেয়। এখানে ছন্দ, সুর, যুক্তি আর ব্যঙ্গ একসাথে কাজ করে। এটা কেবল গান নয়, এটা জনসমক্ষে বুদ্ধির লড়াই।

কবিগানের শিকড় গ্রামবাংলার পালাগান, পাঁচালি, শাক্ত ও বৈষ্ণব পদাবলিতে। মানুষের দৈনন্দিন প্রশ্ন—জীবন, মৃত্যু, ঈশ্বর, প্রেম, সমাজ এসব নিয়েই শুরু। শুরুটা ছিল অনানুষ্ঠানিক, হাটে-মেলায়, আড্ডায়।

গবেষকদের মতে, কবিগানের স্পষ্ট রূপ দেখা যায় ১৮শ শতকের মাঝামাঝি, অর্থাৎ প্রায় ১৭৫০–১৭৮০ দশকের মধ্যে।

বিকাশকাল

১৮ শতকের শেষ ভাগ থেকে ১৯ শতক—এই সময়টাই কবিগানের স্বর্ণযুগ। তখন কবিগান শুধু গ্রামে নয়, কলকাতা শহরেও জনপ্রিয় হয়ে ওঠে। জমিদার বাড়ি, নাট্যমঞ্চ, উৎসব সবখানেই কবিগানের আসর বসত।

এই সময় কবিগান আরও ধারালো হয়।

ধর্মীয় তর্ক → দার্শনিক তর্ক

প্রেমকথা → সামাজিক ব্যঙ্গ

লোকবিশ্বাস → যুক্তিভিত্তিক প্রশ্ন

কবিগানকে সবচেয়ে শক্ত ভিত দেন গোজলা গুই, হরু ঠাকুর, আর বিশেষ করে নিধুবাবু (নিধুবাবু রায়)।

তিনি ১৮শ শতকের শেষ ভাগে কবিগানকে শহুরে রুচি আর সংগীতের শৈল্পিকতায় উন্নীত করেন। এরপর

ভোলা ময়রা, রাম বসু, অ্যান্টনি ফিরিঙ্গি। এই নামগুলো কবিগানকে জনমানুষের ভাষা আর সাহসে ভর করে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে যান।

সংক্ষেপে--

   •   উদ্ভব: ১৮শ শতকের মাঝামাঝি

   •   বিকাশের স্বর্ণযুগ: ১৮শ শেষ ভাগ থেকে ১৯শ শতক

   •   প্রধান অবদানকারী: নিধুবাবু, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি

   •   প্রকৃতি: গান দিয়ে তর্ক, ছন্দে যুক্তি, সুরে প্রতিবাদ

কবিগান আসলে লোকসমাজের খোলা আদালত যেখানে বিচারকও মানুষ, রায়ও মানুষের ভাষায়। অনেকের মনে প্রশ্ন এসেছে একজন স্বল্পশিক্ষিত মানুষ কি কবিয়াল হতে পারে?  হ্যাঁ, পারে। শুধু পারে না, ইতিহাস বলছে, বেশিরভাগ কবিয়ালই স্বল্পশিক্ষিত ছিলেন। স্বল্পশিক্ষিত বলছি প্রাতিষ্ঠানিকতার অর্থে, জ্ঞানের পরিমাণ বুঝাতে নয়। এখানে ডিগ্রি কাজে লাগে না। লাগে ভাষার কান, মানুষের মন পড়ার ক্ষমতা, আর মুহূর্তে ভাব গেঁথে ফেলার শক্তি। কবিগান বইয়ের বিদ্যা নয়, জীবনের বিদ্যা।অনেক কবিয়াল পড়াশোনা কম জানতেন, কিন্তু লোককথা জানতেন, ধর্মীয় কাহিনি জানতেন, সমাজের ভণ্ডামি চিনতেন। হাটে-মাঠে বসে মানুষের কথা শুনতে শুনতেই তাদের শিক্ষা হয়েছে। অ্যান্টনি ফিরিঙ্গির কথাই ধরুন। প্রথাগত শিক্ষা খুব বেশি ছিল না। তবু তিনি বাংলা ভাষা, ছন্দ আর লোকমানস এমনভাবে ধরেছিলেন যে তিনি কিংবদন্তি হয়ে ওঠেন। 

কবিয়াল হওয়ার শর্ত একটাই: মুখে ভাষা থাকতে হবে, মাথায় বুদ্ধি থাকতে হবে, আর মনে সাহস থাকতে হবে। শিক্ষা থাকলে ভালো। না থাকলেও কবিয়াল হওয়া আটকায় না। কারণ কবিগান জন্ম নেয় মাথার ভেতর নয়, জন্ম নেয় মানুষের ভিড়ের মাঝখানে। কবিয়ালরা খিস্তি খেউর করেন, বেশিরভাগ নোংরা ভাষায়; কারণটা কী? অনেকের প্রশ্ন জাগতে পারে মনে! এটা একটা বাস্তব প্রশ্ন। আসল কারণটা রোমান্টিক নয়, সামাজিক। কবিগান ল্যাবরেটরিতে জন্মায়নি। জন্মেছে হাটে, মেলায়, জনতার ভিড়ে। সেই ভিড়ের ভাষা শুদ্ধ ছিল না, জীবন্ত ছিল। খিস্তি-খেউর সেই লোকভাষারই অংশ। আরেকটা দিক আছে। কবিগান মানে লড়াই। যুক্তিতে না পারলে প্রতিপক্ষকে নড়বড়ে করতে হয় ব্যঙ্গ, ঠাট্টা, অশ্লীল ইঙ্গিতে। খেউর এখানে অস্ত্র। দর্শক হাসে, উত্তেজিত হয়, দল বাঁধে। এই প্রতিক্রিয়াই কবিয়ালের শক্তি।

এখানে নৈতিকতার প্রশ্নটা আলাদা। অনেক সময় খেউর আসলে সরাসরি নোংরামি নয়, আড়ালে ইঙ্গিত। যৌনতা, শরীর, দৈনন্দিন নিষিদ্ধ বিষয়গুলো লোকসংস্কৃতিতে চাপা ছিল না। কবিয়ালরা সেগুলো শব্দে বের করে আনত। আর একটা কারণ ভুলে গেলে চলবে না-- দর্শকের চাহিদা। ভিড় খেউর চায়, সেখানে খেউরই চলে। নোংরা ভাষা অনেক সময় জনপ্রিয়তার শর্টকাট হয়ে দাঁড়িয়েছে। তবে সব কবিয়াল একরকম ছিলেন না। ভোলা ময়রা বা নিধুবাবুর মতো কবিয়ালরা খেউরের চেয়ে রসবোধ, যুক্তি আর শ্লেষে বেশি জোর দিয়েছেন। খেউর তখনও ছিল, কিন্তু নিয়ন্ত্রিত। সোজা কথা, কবিয়ালরা খেউর করেছেন কারণ সেটা ছিল লোকভাষা, লড়াইয়ের কৌশল, আর জনতার মন জেতার সহজ রাস্তা। কিন্তু খেউরই কবিগানের আত্মা নয়।

আত্মা হলো বুদ্ধির খেলা, ভাষার দখল, আর সময়কে প্রশ্ন করার সাহস।

কবিগানের যুক্তিতে এটা কি অপরাধ? ঐতিহ্যগত কবিগানের দৃষ্টিতে না। কবিগানের মৌলিক বৈশিষ্ট্যই হলো

প্রশ্ন করা, খোঁচা দেওয়া, প্রতিষ্ঠিত ধারণাকে নাড়া দেওয়া। ঈশ্বর, ধর্ম, সমাজ, ক্ষমতা সবই কবিগানের প্রশ্নের টেবিলে এসেছে। লোকসংস্কৃতিতে “প্রশ্ন করা = বিদ্রোহ” এই সমীকরণটা স্বাভাবিক।

তাহলে সমস্যা কোথায়? সমস্যা তৈরি হয় আধুনিক রাষ্ট্রীয় কাঠামোতে। আজ কবিগান আর শুধু হাটের মঞ্চে সীমাবদ্ধ নয়। ভিডিও হয়, ভাইরাল হয়, আইন ঢুকে পড়ে। ফলে যা আগে ছিল

লোকজ প্রশ্ন → সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তা আজ হয়ে যায় আইনগত অভিযোগ → শাস্তিযোগ্য বিষয়। এখানে সংঘাতটা আসলে লোকসংস্কৃতির স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় সংবেদনশীলতা।

সোজা কথা--

   •   কবিগানের যুক্তিতে প্রশ্ন করা অপরাধ নয়

   •   বরং প্রশ্ন করাই কবিগানের প্রাণ

   •   কিন্তু আজকের বাংলাদেশে সব প্রশ্নের জায়গা সমান নিরাপদ নয়!

  বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে একজন কবিয়াল জেল হাজতে বন্দী অবস্থায় আছে! কবিগানের যুক্তিতে অপরাধ হয়েছে কি না এর উত্তর ঐতিহ্যগতভাবে পরিষ্কার: হয়নি। কারণ কবিগানের হৃদপিণ্ডই হলো আঘাত করা, নাড়া দেওয়া, প্রশ্ন ছুড়ে দেওয়া। সেটা ভাষায়, উপমায়, খেউরে, বিদ্রুপে। কবিগান কখনো ভদ্র সেমিনারের ভাষা মানেনি।

এখন আসা যাক “ধর্মানুভূতিতে আঘাত” প্রসঙ্গে। এটা আদতে আইনি শব্দ, ধর্মতাত্ত্বিক নয়। কোরআন হাদিসে এই টার্ম নেই। আছে কুফর, শিরক, বিদআত কিন্তু “আমার অনুভূতি আহত” এই যুক্তি ধর্মীয় নয়, আধুনিক রাষ্ট্রীয়।

প্রথম সৃষ্টি কী—এখানে ইসলামের ভেতরেই মতভেদ আছে। আরশ, কলম, পানি—সবটাই স্বীকৃত মত। সেখানে একজন বাউল বা কবিয়াল প্রশ্ন তুললে সেটা ধর্মের ভেতরের বিতর্কের বাইরে যায় না। প্রশ্ন করাই তো ইলমের শুরু। এখন ভাষার জায়গাটা ধরি। আবুল সরকার যে ভাষা ব্যবহার করেছে, সেটা নিঃসন্দেহে আক্রমণাত্মক। কিন্তু প্রশ্ন হলো সে কাকে আঘাত করেছে?

যদি বলা হয় আল্লাহকে—তাহলে একটা বড় দার্শনিক সমস্যা দাঁড়ায়। ইসলামে আল্লাহ নিরাকার, অঙ্গহীন। সেখানে “মুখ”, “পশ্চাৎদেশ” এই শব্দগুলো বাস্তব অঙ্গ বোঝাতে আসেনি। এটা স্পষ্টতই উপমা, এনালজি, ভাষাগত শক ভ্যালু। এখানে বক্তব্যের কেন্দ্র ছিল: “বাণীর ভিন্নতা কেন?” অঙ্গের কথা ছিল ভাষার হাতুড়ি, লক্ষ্যবস্তু নয়। লোকসংস্কৃতিতে এটা খুব পরিচিত কৌশল। পালা, খেউর, কবিগানে শরীরী ভাষা দিয়ে বিমূর্ত প্রশ্ন তোলা হয়। এটাকে আক্ষরিক ধরে অপমান বলা মানে লোকভাষার ব্যাকরণ না বোঝা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা “ধর্মানুভূতিতে আঘাত” ধারণাটাই ইতিহাসে নিরপেক্ষ নয়। বড় ধর্মগুলো নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে আগের বিশ্বাসকে আঘাত করেই। এটা অস্বীকার করা মানে ইতিহাস অস্বীকার করা। তাই এই ধারণাকে প্রশ্ন না করলে মুক্ত চিন্তা অসম্ভব। কারণ অনুভূতি কখনো সার্বজনিক মানদণ্ড হতে পারে না। হলে যে বেশি আহত বোধ করবে, সেই বেশি ক্ষমতাবান হবে। এটা স্বৈরাচারের শর্টকাট।

আবুল সরকার যা বলেছেন তা ভাষার অপরাধও নয়। যদি সেটাকে অপরাধ হিসেবে ধরা হয় তাহলে গণমানুষের ব্যবহৃত ভাষাকেই অস্বীকার করা হয়। দ্বিতীয়ত, আবুল সরকারের কথার একটি ভগ্নাংশকে এখানে ধরে নিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে, তাঁর পুরো ব্ক্তব্যকে আমলে নেয়া হয়নি। যদি নিতো তাহলে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করার কোনো ‍যুক্তসঙ্গত কারণ থাকতো না। পুরো ঘটনাটা আসলে লোকসংস্কৃতির স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় ভয়ের সংঘর্ষ। কবিগান প্রশ্ন তোলে বলেই কবিগান। সেই প্রশ্ন তুলে জেলখানায় গেলে, সমস্যা কবিয়ালের নয়, সমস্যা সমাজের প্রশ্ন সহ্য করার ক্ষমতায়। একটা সমাজে সহনশীলতা যখন কমে যায়, সেই সমাজটি বদ্ধ জলাশয়ের মতো হয়ে ওঠে। বদ্ধ জলাশয় মানে পানি পচে যাওয়া। সেই পানি পানের যোগ্য থাকে না।