আগাথা ক্রিস্টির হত্যারহস্যের ৭টি অনুপ্রেরণা স্থল
এই ভ্রমণগুলোই জন্ম দিয়েছিল তাঁর বহু কালজয়ী উপন্যাসের। মিশরের নীলনদের যাত্রা তাঁকে বিখ্যাত উপন্যাস Death on the Nile রচনায় অনুপ্রাণিত করেছিল, আর তাঁর দীর্ঘ রেলভ্রমণ হয়ে ওঠে Murder on the Orient Express-এর প্রেক্ষাপট। ক্রিস্টির কাছে ট্রেন ও জাহাজ ছিল রহস্যময় হত্যাকাণ্ডের আদর্শ মঞ্চ।
আগাথা ক্রিস্টির ভ্রমণ—হোক তা ডেভন ও লন্ডন থেকে শুরু করে নীলনদ বা পেত্রা পর্যন্ত—বিশ্বের অন্যতম বিখ্যাত রহস্যোপন্যাসগুলোর ভিত্তি গড়ে দিয়েছে। আজও ভ্রমণপিপাসুরা তাঁর পদাঙ্ক অনুসরণ করে সেই স্থানগুলো ঘুরে দেখতে পারেন। এই লেখায় বিশ্বের সেই সাতটি স্থানের কথা তুলে ধরা হয়েছে, যা আগাথা ক্রিস্টির রহস্যোপন্যাসের অনুপ্রেরণা হয়ে উঠেছিল।
১৯৭৬ সালে আগাথা ক্রিস্টির মৃত্যু হয়। এরপর পেরিয়ে গেছে পঞ্চাশ বছর। তবুও এত বছর পরেও তিনি রহস্য, রোমাঞ্চ ও হত্যাকাণ্ডভিত্তিক সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী সম্রাজ্ঞী হিসেবে রয়ে গেছেন। বিশ্বজুড়ে তাঁর বইয়ের দুই বিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। জাপানি রহস্যসাহিত্য থেকে শুরু করে আধুনিক হলিউডের ‘হুডানিট’ চলচ্চিত্র—সবখানেই তাঁর প্রভাব স্পষ্ট।
তবে ক্রিস্টি শুধু একজন লেখকই ছিলেন না; তিনি ছিলেন একজন ভ্রমণপিপাসু। মাত্র আঠারো বছর বয়সে তিনি প্রথমবারের মতো ব্রিটেনের বাইরে মিশর সফর করেন। পরে ১৯২২ সালে প্রথম স্বামী আর্চিবাল্ড ক্রিস্টির সঙ্গে দশ মাসব্যাপী এক বিশ্বভ্রমণে বের হন। সেই সফরে তাঁরা ব্রিটেন থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা ভ্রমণ করেন।
এই ভ্রমণগুলোই জন্ম দিয়েছিল তাঁর বহু কালজয়ী উপন্যাসের। মিশরের নীলনদের যাত্রা তাঁকে বিখ্যাত উপন্যাস Death on the Nile রচনায় অনুপ্রাণিত করেছিল, আর তাঁর দীর্ঘ রেলভ্রমণ হয়ে ওঠে Murder on the Orient Express-এর প্রেক্ষাপট। ক্রিস্টির কাছে ট্রেন ও জাহাজ ছিল রহস্যময় হত্যাকাণ্ডের আদর্শ মঞ্চ।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও আগাথা ক্রিস্টি গবেষক ড. মিশেল কাজমার বলেন, “ক্রিস্টি বুঝেছিলেন, যাত্রাপথে এমন সব মানুষ একত্রিত হয় যারা সাধারণত কখনো একই স্থানে মিলিত হয় না। আবার একটি বিচ্ছিন্ন পরিবেশে থেকেও তারা একে অপর সম্পর্কে এমন তথ্য জানতে পারে, যা অন্য প্রেক্ষাপটে জানা সম্ভব নয়।”
নিম্নে বিশ্বের সেই সাতটি স্থানের কথা তুলে ধরা হলো, যেখানে আজও ভ্রমণপিপাসুরা ‘দ্য কুইন অব ক্রাইম’ খ্যাত আগাথা ক্রিস্টির জীবন ও সাহিত্যকর্মের ছাপ অনুভব করতে পারেন।
১. সাউথ ডেভন, যুক্তরাজ্য
ইংল্যান্ডের টরকুয়ে শহরে আগাথা ক্রিস্টির জন্ম। ইংলিশ রিভিয়েরা অঞ্চল তাঁর জীবন ও সাহিত্য—উভয়ের ওপর গভীর প্রভাব ফেলেছিল। ডার্ট নদীর তীরে অবস্থিত তাঁর সাবেক বাসভবন ‘গ্রিনওয়ে হাউস’ এখন একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে তাঁর ব্যবহৃত আসবাব, ব্যক্তিগত সংগ্রহ এবং প্রথম সংস্করণের বহু বই। এর পাশেই ডার্টমুরে রয়েছে ‘মুরল্যান্ড হোটেল’, যেখানে অবস্থান করেই তিনি তাঁর প্রথম উপন্যাস লেখেন।
টরকুয়েতে দর্শনার্থীরা ‘আগাথা ক্রিস্টি মাইল’ নামে পরিচিত পথ ধরে হাঁটতে পারেন। এই পথজুড়ে রয়েছে তাঁর উপন্যাসে ব্যবহৃত বারোটিরও বেশি বাস্তব স্থান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য ইম্পেরিয়াল হোটেল’, যেখানে আগাথা ক্রিস্টির দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্র—এরকুল পোয়ারো ও মিস মার্পল—উভয়ই অবস্থান করেছে, এবং টরকুয়ে মিউজিয়াম, যেখানে যুক্তরাজ্যের একমাত্র আগাথা ক্রিস্টি গ্যালারি অবস্থিত। ‘ইংলিশ রিভিয়েরা কাস্টম ট্যুর’ ডেভনের আশেপাশে আগাথা ক্রিস্টি-থিমযুক্ত বিভিন্ন ভ্রমণের আয়োজন করে।
ডেভনের উপকূলের বার্গ আইল্যান্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। বিচ্ছিন্ন এই দ্বীপটিই And Then There Were None উপন্যাসের ভয়াল দ্বীপ-প্রেক্ষাপট নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছিল। ‘ইন্টারন্যাশনাল আগাথা ক্রিস্টি ফেস্টিভ্যাল’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর ম্যাট নিউবেরি বলেন, “বার্গ আইল্যান্ড খুবই চমৎকার একটি জায়গা। প্রতিদিন দুবার জোয়ারের সময় এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই এটা ‘খণ্ডকালীন দ্বীপ’ নামেও পরিচিত।” এখানকার আর্ট ডেকো হোটেলে একসময় ক্রিস্টি অবস্থান করেছিলেন; পরবর্তীতে সেই হোটেলই উপন্যাসে রহস্যময় অট্টালিকার রূপ পায়।
প্রতি বছর অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল আগাথা ক্রিস্টি ফেস্টিভ্যাল’-এ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও সফরের মাধ্যমে তাঁর স্মৃতিকে উদ্যাপন করা হয়।
২. লন্ডন, যুক্তরাজ্য
১৯৩০-এর দশকে আগাথা ক্রিস্টির মালিকানায় আটটি বাড়ি ছিল, যার মধ্যে ছয়টিই লন্ডনে। এর মধ্যে ‘৫৮ শেফিল্ড টেরেস’ ছিল সবচেয়ে বিখ্যাত, যেখানে তিনি পাঁচ বছরেরও বেশি সময় বসবাস করেছিলেন। এরপর উল্লেখযোগ্য হলো ‘২২ ক্রেসওয়েল প্লেস’, যা তিনি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কিনেছিলেন।
এরকুল পোয়ারোসহ তাঁর বহু চরিত্রের আবাসস্থল ছিল লন্ডন। বর্তমানে ‘London Walks Agatha Christie Walking Tour’-এর মাধ্যমে দর্শনার্থীরা তাঁর উপন্যাসে ব্যবহৃত বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন। লন্ডনের ওয়েস্ট এন্ডে অবস্থিত ‘সেন্ট মার্টিনস থিয়েটার’-এ আজও মঞ্চস্থ হচ্ছে The Mousetrap, যা বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলমান নাটক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। নাটকটির চমকপ্রদ সমাপ্তি এতটাই বিখ্যাত যে দর্শকদের তা কাউকে না বলার জন্য অনুরোধ করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগাথা ক্রিস্টি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে কাজ করতেন। হাসপাতালের ফার্মেসিতে ওষুধ বিতরণের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতি বছর দুটি করে উপন্যাস লিখতেন। ফার্মেসিতে কাজের অভিজ্ঞতা তাঁকে বিষ ও বিষক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান দিয়েছিল, যা তাঁর গোয়েন্দা কাহিনিগুলোর জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছিল।
সে সময় তিনি বেলসাইজ পার্কের ‘লন রোড ফ্ল্যাটস’ (আইসোকন ফ্ল্যাটস নামেও পরিচিত)-এ বাস করতেন। এই ভবনের বাসিন্দাদের মধ্যে ছিলেন বাউহাউস স্থপতি ওয়াল্টার গ্রোপিয়াস এবং আসবাব ডিজাইনার মার্সেল ব্রয়ার। বর্তমানে আইসোকন গ্যালারি ভবনটির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে।
৩. লুক্সর ও আসওয়ান, মিশর
১৯০৮ সালে একজন ডেব্যুটান্ট হিসেবে আগাথা ক্রিস্টি প্রথমবারের মতো মিশর ভ্রমণ করেন। সে সময় তিনি তাঁর মায়ের সঙ্গে বর্তমানে ‘কায়রো ম্যারিয়ট হোটেল’ নামে পরিচিত একটি হোটেলে অবস্থান করেছিলেন। পরবর্তী বছরগুলোতে মিশর তাঁর নিয়মিত গন্তব্যে পরিণত হয়। তিনি তাঁর দ্বিতীয় স্বামী, প্রত্নতাত্ত্বিক ম্যাক্স ম্যালোয়ানের সঙ্গে বহু প্রত্নতাত্ত্বিক খননকাজে অংশ নিতে প্রায়ই সেখানে যেতেন।
এই ভ্রমণগুলোর অনুপ্রেরণাতেই তিনি Death on the Nile উপন্যাসটি লেখেন। উপন্যাসটির কাহিনি নীলনদের একটি বিলাসবহুল ক্রুজ জাহাজকে কেন্দ্র করে আবর্তিত। এর অনুপ্রেরণা ছিল স্টিম শিপ ‘Sudan’, যা ১৮৮৫ সাল থেকে আসওয়ান ও লুক্সরের মধ্যে চলাচল করছে। সৌভাগ্যবশত, বাস্তবে এই জাহাজে কখনো কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
ক্রিস্টির আরেকটি উপন্যাস Death Comes as the End সম্পূর্ণভাবে প্রাচীন মিশরের থিবস শহরকে কেন্দ্র করে রচিত। ভ্রমণকারীরা আজও লুক্সরের কাছে কারনাক মন্দির কমপ্লেক্স এবং ডেনদেরা মন্দির কমপ্লেক্স ঘুরে দেখতে পারেন। এর মধ্যে রয়েছে হাথর মন্দিরও। আসওয়ানের কাছে ফিলাই মন্দিরসমূহ এবং বিশাল আবু সিম্বেল কমপ্লেক্সও অন্যতম আকর্ষণ। Death on the Nile-এ আবু সিম্বেলকে একটি হত্যাচেষ্টার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।
বই লেখার সময় আগাথা ক্রিস্টি প্রায়ই উইন্টার প্যালেস লুক্সর এবং ওল্ড ক্যাটারাক্ট আসওয়ান হোটেলে অবস্থান করতেন (বর্তমানে উভয়ই সোফিটেল-এর অধীনে পরিচালিত)। এর মধ্যে ওল্ড ক্যাটারাক্ট আসওয়ান-এ আজও একটি ‘আগাথা ক্রিস্টি স্যুইট’ রয়েছে, যেখানে অতিথিরা নীলনদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন—যা হয়তো ক্রিস্টি নিজেও তাঁর লেখালেখির সময় দেখেছিলেন।
৪. ইস্তাম্বুল, তুরস্ক
ওরিয়েন্ট এক্সপ্রেস আগাথা ক্রিস্টির জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল। ১৯২৮ সালে বিবাহবিচ্ছেদের পর এটিই ছিল তাঁর প্রথম একক ভ্রমণ। পরবর্তীতে তিনি তাঁর দ্বিতীয় স্বামী ম্যাক্স ম্যালোয়ানের সঙ্গে বহুবার এই ট্রেনে ভ্রমণ করেন।
ক্রিস্টির বিখ্যাত উপন্যাস Murder on the Orient Express-এর মাধ্যমে কিংবদন্তি ওরিয়েন্ট এক্সপ্রেস বিশ্বজুড়ে অমর হয়ে আছে। যদিও মূল ট্রেনটির চলাচল ২০০৯ সালে বন্ধ হয়ে যায়, বর্তমানে বিলাসবহুল ভেনিস–সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস ১৯২০-এর দশকের পুনরুদ্ধার করা ঐতিহাসিক বগি ব্যবহার করে সেই ঐতিহ্যবাহী যাত্রার অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করছে।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ভ্রমণকারীরা সিরকেজি স্টেশন ঘুরে দেখতে পারেন, যা ছিল ওরিয়েন্ট এক্সপ্রেসের মূল স্টেশন। স্টেশনটির রেলওয়ে জাদুঘরে সেই যুগের নানা স্মারক সংরক্ষিত রয়েছে—যার মধ্যে পুরোনো কর্মীদের টুপি, ট্রেনের সাইনবোর্ড এবং একটি পুনর্নির্মিত ডাইনিং কারও অন্তর্ভুক্ত।
ইস্তাম্বুলের ঐতিহাসিক পেরা প্যালেস হোটেলে অবস্থানকালে আগাথা ক্রিস্টি Murder on the Orient Express উপন্যাসটি লিখেছিলেন। ১৮৯২ সালে নির্মিত এই হোটেলটি মূলত ওরিয়েন্ট এক্সপ্রেসে আগত যাত্রীদের থাকার জন্যই তৈরি করা হয়েছিল। আজও হোটেলটি তার সাহিত্যিক ঐতিহ্য স্মরণে একটি ‘আগাথা ক্রিস্টি স্যুইট’ সংরক্ষণ করে রেখেছে, যেখানে আন্ডারউড টাইপরাইটারের মতো যুগের নিদর্শন রয়েছে—যা অতিথিদের ক্রিস্টির সময়ের আবহ অনুভব করতে সাহায্য করে।
৫. কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
১৯২২ সালের গ্র্যান্ড ট্যুরের সময় আগাথা ক্রিস্টি এবং তাঁর প্রথম স্বামী দক্ষিণ আফ্রিকায় সার্ফিং করেছিলেন এবং সেটি তাদের দুজনের জন্যই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। গবেষক কাজমারের ভাষায়, “সার্ফিংয়ের সেই অভিজ্ঞতাই পরে The Man in the Brown Suit উপন্যাসে স্থান পায়।” দক্ষিণ আফ্রিকাকে আংশিক পটভূমি করে লেখা এই প্রাথমিক থ্রিলারে সেই ভ্রমণের প্রভাব সুস্পষ্ট।
ক্রিস্টি কেপ টাউনের মুইজেনবার্গ বিচে সার্ফিং করেছিলেন। মৃদু ঢেউ এবং রঙিন ভিক্টোরিয়ান বাথিং বক্সের জন্য সৈকতটি আজও শহরের অন্যতম জনপ্রিয় সার্ফিং গন্তব্য। কেপ টাউনে অবস্থানকালে তিনি ঐতিহাসিক মাউন্ট নেলসন হোটেলে (বর্তমানে বেলমন্ড-এর অধীনে পরিচালিত) ছিলেন। হোটেলটি গোলাপি রঙের বাহ্যিক সৌন্দর্য এবং টেবিল মাউন্টেনের মনোরম দৃশ্যের জন্য সুপরিচিত।
দক্ষিণ আফ্রিকা সফরের সময় আগাথা ক্রিস্টি সরকারি অতিথি হিসেবে পার্লামেন্ট ভবনও পরিদর্শন করেন। বর্তমানে ভ্রমণকারীরা গাইডেড ট্যুরের মাধ্যমে এই ঐতিহাসিক ভবনটি ঘুরে দেখতে পারেন। এছাড়া তিনি কনস্টানশিয়া অঞ্চলের ওয়াইন এস্টেটগুলোও পরিদর্শন করেন, যার মধ্যে বর্তমানের বসখেনডাল এস্টেট অন্যতম।
৬. বার্বাডোস
ক্রিস্টির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে অনেক বেশি ভ্রমণ করেছে। কিন্তু মিস মার্পল তাঁর গোয়েন্দা জীবনে মাত্র একবারই ব্রিটেনের বাইরে গিয়েছিলেন। A Caribbean Mystery উপন্যাসটির পটভূমি হল কাল্পনিক সেন্ট অনোরে দ্বীপ, যার অনুপ্রেরণা এসেছে আগাথা ক্রিস্টির ১৯৫৬ সালের বার্বাডোস সফর থেকে।
বার্বাডোসে অবস্থানকালে ক্রিস্টি কোরাল রিফ ক্লাবে ছিলেন। পরবর্তীতে তিনি এই হোটেলকেই কল্পনার রূপ দিয়ে উপন্যাসে মিস মার্পলের ‘গোল্ডেন পামস রিসোর্ট’ হিসেবে উপস্থাপন করেন। বর্তমানে পারিবারিকভাবে পরিচালিত এই রিসোর্টটি এখনো এমন এক পরিবেশ ধরে রেখেছে, যেন একটি ঐতিহ্যবাহী ইংরেজ কান্ট্রি হাউসকে উষ্ণমণ্ডলীয় দ্বীপে স্থানান্তর করা হয়েছে।
আজকের ভ্রমণপ্রেমীরা ফ্রেইটস বে বা সুপ বোল-এ সার্ফিং করতে পারেন—যেমনটি সার্ফিংপ্রেমী আগাথা ক্রিস্টি হয়তো করতেন। আবার মিস মার্পলের মতো দ্বীপের শান্ত সৈকতে সময় কাটানো কিংবা গাজেবো এক্সপেরিয়েন্স বা দ্য সিপিং রুম-এর মতো স্থানীয় আড্ডাস্থলে বার্বাডোসের বিখ্যাত রাম পাঞ্চ উপভোগ করাও সম্ভব।
৭. পেত্রা, জর্ডান
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবে পেত্রা বিশ্বজুড়ে পরিচিত হওয়ার বহু আগেই, আগাথা ক্রিস্টি এই প্রাচীন নগরীকে তাঁর একটি রহস্যময় হত্যাকাণ্ডের পটভূমি হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর উপন্যাস Appointment with Death একদিকে যেমন একটি খুনের রহস্য, তেমনি এটি ভ্রমণকাহিনির আবহও বহন করে। গল্পটি এমন একটি পরিবারকে কেন্দ্র করে আবর্তিত, যারা জেরুজালেম থেকে পেত্রা ভ্রমণ করে। জর্ডানের বিখ্যাত রোজ সিটি-কে তিনি খুব রহস্যময় ও অশুভ আবহে উপস্থাপন করেছেন। বিশেষ করে আজকের ইনস্টাগ্রাম-খ্যাত সরু গিরিখাত সিক (Siq)-কে তিনি বর্ণনা করেছেন এক ‘মৃত্যুর উপত্যকা’ রূপে।
বর্তমানের ভ্রমণকারীরা পেত্রার ঐতিহাসিক আল-খাজনেহ (দ্য ট্রেজারি) থেকে শুরু করে আধুনিক পেত্রা মিউজিয়াম পর্যন্ত ঘুরে এই প্রত্নতাত্ত্বিক স্থানের ভৌগোলিক ও ঐতিহাসিক বিস্তৃতি সম্পর্কে ধারণা নিতে পারেন। এছাড়া উপন্যাসের চরিত্রদের মতোই মঠ (Monastery) বা হাই প্লেস অব স্যাক্রিফাইস-এ ট্রেক করে উঠে প্রাচীন শহরের পাখির চোখে দেখা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন।
পেত্রা সফরের অন্যতম আকর্ষণ হলো ‘Petra by Night’ অনুষ্ঠান। শত শত প্রদীপ ও লণ্ঠনের আলোয় আলোকিত এই সন্ধ্যাকালীন অভিজ্ঞতা সেই রহস্যময় ভয়াল পরিবেশেরই স্মৃতি জাগিয়ে তোলে, যা আগাথা ক্রিস্টি তাঁর Appointment with Death উপন্যাসে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন।
তথ্যসূত্র: https://www.bbc.com/travel/article/20260318-seven-places-behind-agatha-christies-mysteries
