২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাদমস্তক একজন নির্বিরোধী, নিবেদিত প্রাণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওই একবারই দেশের বরেণ্য গবেষক হিসেবে আমরা আব্দুল মান্নান সৈয়দকে পেয়েছিলাম স্কলার-ইন-রেসিডেন্স হিসেবে।

খালিকুজ্জামান ইলিয়াস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:24 AM

মান্নান ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলেও তাঁর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের--যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই। একবার প্রায় ৫৫ বছর আগে কবি নুরুল হুদার সঙ্গে তাঁর বাসায় যাই । মনে পড়ে একটা ঘর সবুজ একটা লনে--মূল বিল্ডিং থেকে বিচ্ছিন্ন। সেখানেই মান্নান ভাই সম্ভবত একা থাকতেন এবং লেখালেখি করতেন। পরে ভেবে দেখেছি ব্যাপারটা তাঁর স্বভাবের সঙ্গেও বেশ যায়—একটু নির্জন, আলাদা, নিভৃতচারী।  তিনি লিখতেন আত্মনিমগ্ন হয়ে এবং সেই ষাটের দশক থেকেই কী গদ্যে, কী পদ্যে খুব নিরীক্ষাধর্মী লেখা লিখতেন। সে সময় আমার বড় ভাই আখতারুজ্জামান ইলিয়াসের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি—বলা চলে হরিহর আত্মা। দুজনেই ঢাকা কলেজের নর্থ হোস্টেলে থাকতেন সম্ভবত একই রুমে। দুজনে নিউমার্কেটে গিয়ে খোলা জায়গায় ঘাসের ওপর বসে অনেক রাত পর্যন্ত লেখালেখি নিয়ে গল্প করতেন বলেও ভাইয়ের কাছে শুনেছি। আব্দুল মান্নান সৈয়দের রচনা সংখ্যা অনেক; গল্প সংগ্রহ সত্যের মতো বদমাশ  বেরোবার পরই তিনি তখনকার পাঠক মহলে বেশ পরিচিত হন--গতানুগতিকতার বাইরে গিয়ে ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য।

তাঁকে আমি দু'বছর বেশ কাছে থেকে দেখি যখন সম্ভবত ২০০৬-২০০৭ সালে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলার ইন রেসিডেন্স হিসেবে কবি নজরুল ইসলামের ওপর গবেষণা করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের তখনকার বনানী ক্যাম্পাসে ইংরেজি বিভাগেরই একটা কক্ষে বসতেন এবং নিয়মিত অফিস করতেন। সেসময় গবেষক হিসেবে তাঁর যে শ্রম, নিষ্ঠা আর কৌতুহল দেখেছি তার তুলনা হয় না। সে সময় তাঁর সান্নিধ্যে আমরা বিশেষ করে অধ্যাপক হারুন-উর-রশিদ, অধ্যাপক আব্দুস সেলিম, অধ্যাপক সেলিম সারোয়ার, অধ্যাপক আজফার হোসেন, এবং আমি সাহিত্যের নানা বিষয়ে আলোচনা করে দারুণ উপকৃত হয়েছি।

নজরুলের ওপর অনেক দিন থেকেই তিনি লেখালেখি করেন। মনে পড়ে বহু বছর আগে কাজানজাকিসের ওপর আমার একটা প্রবন্ধ ছাপতে দিতে গিয়েছিলাম নজরুল একাডেমী পত্রিকার অফিসে। সহযোগী সম্পাদক শাহাবুদ্দীন আহমদের ঘরে দেখি মান্নান ভাই বসে আছেন। উনিও নিয়ে গেছেন কবি নজরুলের ওপর লেখা তাঁর একটা প্রবন্ধ। আমাদের দুজনের লেখাই ছাপা হয়েছিল ওই পত্রিকার শরৎ ১৩৭৭ সংখ্যায়। কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই দুবছর খুব একাগ্র চিত্তে তিনি নজরুলের কাজ ও জীবন নিয়ে ব্যাপক গবেষণা করেন। একবার কলকাতা গিয়েও কিছুদিন সেখানে অবস্থান করে সেখানকার ইউনিভার্সিটি থেকে নজরুলের ওপর বিপুল সংখ্যক তথ্য উপাত্ত জোগাড় করে আনেন। আমাকে একবার বললেনও উপাত্ত যা হাতে আছে তাতে সাতশো পৃষ্ঠার একটা বই হয়ে যাবে। মূল কাজটি সম্ভবত শেষ করতে পারেন নি, তবে দু বছরে তিনি তিনটি জ্ঞানগর্ভ বক্তৃতা দেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে--দেশের নানা গুণীজনের উপস্থিতিতে। মনে পড়ে এর প্রথম বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে এসেছিলেন নজরুলের সংস্পর্শে আসা নবতিপর কবি আবুল হোসেন; অন্য দুটোয় এসেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান ও ড. রফিকুল ইসলাম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওই একবারই দেশের বরেণ্য গবেষক হিসেবে আমরা আব্দুল মান্নান সৈয়দকে পেয়েছিলাম স্কলার-ইন-রেসিডেন্স হিসেবে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি আয়োজন সম্ভব হয়েছিল ইংরেজি বিভাগের প্রফেসর হারুন-উর-রশিদের উদ্যোগে। উপাচার্য হাফেজ জি এ সিদ্দিকী এবং গভরনিং বোর্ডের তদানীন্তন সভাপতি জনাব ইফতেখারুল আলম সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। পরে এই তিনটে বক্তৃতার সংগ্রহ নিয়ে কাজী নজরুল ইসলাম : তিন অধ্যায়  নামে একটি বইও প্রকাশ করেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি। কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের প্রকাশনা যদ্দূর জানি ওই প্রথম। গবেষক হিসেবে আমাদের এই গবেষণাবিমুখ দেশে মান্নান ভাই একটি ব্যতিক্রম বটে। এরও বহু বছর আগে জীবনানন্দ দাশের ওপর লেখা তাঁর শুদ্ধতম কবি  বইটি এখানকার সাহিত্য মহলে বেশ আলোড়ন তুলেছিল। মান্নান সৈয়দের গবেষণা আমার কাছে কিছুটা নিরস ও যান্ত্রিক মনে হলেও নিষ্ঠাবান ও নিখুঁত গবেষণার জন্য হয়তো তার প্রয়োজন রয়েছে।

মান্নান সৈয়দ লিখেছেন প্রচুর। গল্প, কবিতা, প্রবন্ধ ছাড়াও তিনি বিশিষ্ট অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিমের সঙ্গে মিলে দুটি পত্রিকা—শিল্পকলা ও চারিত্র্য—সম্পাদনা করেছেন বেশ কয়েক বছর। এভাবে মান্নান ভাইয়ের কথা মনে হলে আমার চোখে ভাসে আপাদমস্তক একজন নির্বিরোধী, নিবেদিত প্রাণ, লেখক-কবি-শিক্ষকের প্রতিকৃতি। সব মিলিয়ে বলতে পারি আব্দুল মান্নান সৈয়দকে বাংলা সাহিত্যের পাঠক গবেষণায়, কবিতায় এবং কথাসাহিত্যে দীর্ঘকাল মনে রাখবে। আজ তাঁর ১৪–তম মৃত্যুবার্ষিকীতে জানাই আমার অকুন্ঠ শ্রদ্ধা।