২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হান কাংয়ের ‘গ্রিক পাঠমালা’ থেকে যা আছে শেখার

আমরা মানুষরা যে ঠিক কতটা ভঙ্গুর তা কিন্তু আমরা পদে পদেই টের পাই। আমাদের বয়ে বেড়ানো ট্রমা, জীবনে চলতে গিয়ে আমাদের অর্জিত অভিজ্ঞতা, আমাদের দুঃখ-কষ্ট, প্রিয়জন হারানোর বেদনা, এমনকি আনন্দও আমাদেরকে বোঝায় মানবজীবন ঠিক কতটা ভঙ্গুর।

নীলিমা রশীদ তৌহিদা নীলিমা রশীদ তৌহিদা

Published : 12 Sep 2025, 01:10 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

The beautiful is beautiful.

The beautiful is noble.

The beautiful is difficult.

― Han Kang, Greek Lessons

২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী হান কাংকে নোবেল পুরষ্কারে ভুষিত করার কারণ হিসেবে নোবেল প্রাইজ কমিটি বলেন, “for her intense poetic prose that confronts historical traumas and exposes the fragility of human life.” সম্প্রতি হান কাংয়ের তিনটি বই হাতে এলো। বই তিনটি হল Greek Lessons, The White Book, The Vegetarian. তিনটি বইয়ের মধ্যে সবার আগে পড়েছি Greek Lessons. যদিও গত বছরই The Vegetarian বইটির প্রথম কয়েক পাতা পড়েছিলাম। সেসময় বইটি শেষ করিনি। সেদিক দিয়ে হিসেবে করলে, Greek Lessons ই আমার পড়া হান কাংয়ের প্রথম সম্পূর্ণ উপন্যাস।

Greek Lessons পড়ার সাথেই সাথেই আমি নোবেল কমিটির বলা উক্ত কথাটি বুঝতে পারলাম। এত শক্তিশালী সমসাময়িক কাব্যিক গদ্য আমি অনেকদিন বাদে পড়লাম। আমরা মানুষরা যে ঠিক কতটা ভঙ্গুর তা কিন্তু আমরা পদে পদেই টের পাই। আমাদের বয়ে বেড়ানো ট্রমা, জীবনে চলতে গিয়ে আমাদের অর্জিত অভিজ্ঞতা, আমাদের দুঃখ-কষ্ট, প্রিয়জন হারানোর বেদনা, এমনকি আনন্দও আমাদেরকে বোঝায় মানবজীবন ঠিক কতটা ভঙ্গুর। মানবজীবনের এই দিকটির অসাধারণ এক রূপায়ন আমরা দেখতে পাই হান কাংয়ের লেখায়। 

হান কাং রচিত এবং ডেবোরা স্মিথ(Deborah Smith) ও এমিলি ইয়ে ওন(Emily Yae Won) অনূদিত ‘Greek Lessons’ বইটি একটি অসাধারণ গল্প যেখানে লেখক দুজন মানুষের সংগ্রাম ও কিভাবে ভাগ্য তাদেরকে একই বৃত্তে নিয়ে আসে তা ফুটিয়ে তুলেছেন। 

Greek Lessons বইটিতে আমরা এক নারীকে দেখতে পাই যিনি তার জীবনে ঘটা একটি ট্রমার কারণে নিজের বাকশক্তি হারিয়ে ফেলেন। মৃত্যুর কাছে হারান মাকে; স্বামীর সাথে তালাকের পর কাস্টোডি কেসে হেরে গিয়ে হারান পুত্রকে। হয়ে যান নির্বাক। সোলের(Seoul) এক নৈশ শিক্ষাপ্রতিষ্ঠানে মৃত প্রায় একটি গ্রিক ভাষা শেখার কোর্সে তিনি ভর্তি হন। 

বইটির দ্বিতীয় প্রধান চরিত্র হল সেই নির্বাক নারীর গ্রিক অধ্যাপক যিনি ক্ষয়িষ্ণু রোগের কারণে ধীরে ধীরে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। একজন মানুষ যে জানে, ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে এবং এক সময়ে সে অন্ধ হয়ে যাবে। সে নিজেকে খুঁজে পায় হারিয়ে যেতে থাকা এক প্রাচীন ভাষায়। এবং তাই তো, প্রাচীন এই ভাষাটি নিয়ে গ্রিক শিক্ষক বলেন, “its complicated grammatical system–and the fact that it was a long-dead language–meant Greek felt to me like a safe, quiet room.”

অপরদিকে, অন্যজন যে কিনা মানসিকভাবে বিধধস্ত হয়ে হারিয়ে ফেলেছে শব্দ উচ্চারনের ক্ষমতা, কথা বলার ক্ষমতা সে নিজের হারানো কন্ঠকে ফিরে পেতে দ্বারস্থ হয় সেই একই ভাষার কাছে। ব্যাপারটা যেন এমন যে ওই ভাষা রপ্ত করতে গিয়েই সে তার কন্ঠ আবার ফিরে পাবে। এবং এটা তার জন্য একদমই অস্বাভাবিক নয়। কারণ কিশোরী বয়সে সে যখন প্রথম বার নিজের বাকশক্তি হারিয়েছিল, তখন ফরাসি ভাষা শিখতে গিয়েই সে তার কথা বলার শক্তি আবার ফিরে পেয়েছিল।

‘Greek Lessons’ এ, প্রাচীন গ্রিক ভাষাটি হল একটি প্রভাবক। দুজন মানুষ এই প্রায় হারিয়ে যাওয়া ভাষাটির মাধ্যমেই নিরাময়ের পথে হাঁটে। এবং তাদের দুজনের দুঃখ-কষ্ট, ভোগ-ভোগান্তিই তাদের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করে। একজন দুর্বল দৃষ্টির অধিকারী হওয়া সত্ত্বেও অন্যজন্যকে ঠিক সেভাবেই দেখতে পারে যেভাবে দেখা দরকার এবং ততটা বুঝতে পারে যতটা সবল দৃষ্টির অধিকারীরাও বোঝে না। কাউকে বুঝতে হলে, হৃদয় দিয়ে বুঝতে হয় যেমনটা Antoine de Saint-Exupery তাঁর The Little Prince গ্রন্থে বলেছে, 

“It is only with the heart that one can see rightly; what is essential is invisible to the eye.’’

বইটিতে শারিরীক অসুস্থতা ও মানসিক অবস্থাকে খুবই নিবিড়ভাবে তুলে ধরা হয়েছে। 

 ‘Greek Lessons’ এমন একটি বই যা আপনাকে হতবাক করবে, বিচলিত করবে। বইটার মধ্যে আমরা যেমন দুঃখ, কষ্ট ও হতাশা দেখতে পাই, সেরকমভাবে দেখতে পাই ঘটে যাওয়া ঘটনাকে মেনে নিয়ে কোনো কিছুকে আকড়ে ধরে থাকা। যেভাবে এই দুইজন ব্যক্তি নিজেদের ইচ্ছাশক্তির মাধ্যমে সবকিছু মোকাবেলা করে তা আসলেই আমাকে ভাবিয়েছে। দুই কথকের কথনে, আমরা তাদের অতীতকে দেখি, দেখি তাদের চারপাশের পরিস্থিতি। আরও দেখি কিভাবে তাদের শরীর তাদেরকে প্রতারিত করে। পড়তে পড়তে আমরাও যেন তাদের শরীরে আটকা পড়ে যাই।

বইটিতে একটি লাইন আছে যে, ‘’If something is lost, something else is gained.’’ বইটিকে একটি বিষন্ন বই বলা যায় কিন্তু ওই যে বলা হয়, ‘’There is light at the end of the tunnel.’’ তবে আমরা যদি একটু চিন্তা করি তাহলে খুব স্পষ্টভাবেই দেখি যে, বইয়ে দুই কথকের জীবনকে অন্ধকারাচ্ছন্ন মনে হয় বৈকি, কিন্তু দুজন কাছাকাছি এসে নিজেদের জীবনকে করতে পারে আলোকিত। তাদের কিছুটা একই রকমের কষ্ট, তাদেরকে কাছাকাছি আনে। তারা একে অপরকে বোঝে হৃদয় দিয়ে এবং হারিয়ে যাওয়া সেই ভাষা শেখার মাধ্যমে। ভাষা শুধু শব্দ উচ্চারণ করা নয় কিংবা মনের সাথে মিল না রেখে শুধু  কথা বলে যাওয়াও নয়, ভাষা ধারণ করার বিষয়ও বটে। হান কাংয়ের ‘Greek Lessons’ আমাদের সেটাই শেখায়।