Published : 03 Mar 2026, 02:40 PM
হেমন্তের রোদ ঝলমলে এক সোনালি সকাল
আমরা চড়ে বসি এক হাউজবোটে
যেন এক দৃষ্টিনন্দন জলগৃহ
ভাসছে নীল জলের দৃশ্যমান প্রায়-সমুদ্রে...
এ ভাসার অন্যরকম মানে আছে
কারণ কুড়িজন কবি-লেখকের এই নৌভ্রমণ
আড্ডা, গল্প আর নানা তর্ক-বিতর্কের
আলোয় উদ্ভাসিত হবে
নৌকা ভিড়বে ঘাটে ঘাটে
ভ্রামণিকদের ইচ্ছেরা যেন একেকটা ছেঁড়া ঘুড়ি
উড়ে উড়ে এক ঘাট থেকে যাবে অন্য ঘাটে
এক ঘাট গল্প শোনাবে অন্য কোনো ঘাটের
অন্য কোনো ঘাট শোনাবে গল্প আরও অন্য কোনো ঘাটের...
গল্পের রং ছড়িয়ে পড়বে রংধনুর বর্ণচ্ছটায়
ভাসতে ভাসতে হাউজবোট পৌঁছে যায়
পলওয়েল পার্কে
জায়গাটি ভারি দৃষ্টিনন্দন, হৃদয়ছোঁয়া
এখানে স্থাপিত কলসি কাঁখে আদিবাসী নারীদের
নৃত্যরত ভাস্কর্য
যেন এক জীবন্ত পরিবেশনা
পাথরে বাঁধানো বিচিত্র টেবিল ও বেঞ্চ
ঝুলন্ত সেতুর দোল দোল দুলুনি
নিরিবিলি নিঝুম কটেজ
ঘাটে বাঁধা রংবাহারি নৌকো
সবকিছু ছাপিয়ে একটি শোককাহিনি
কেমন রুদ্ধশ্বাসে কথা বলে ওঠে!
এই শোকের গল্পে প্রতিদিন
ভিজে যায় কারও না কারও চোখ!
২০১৪ সালের ১৯শে মার্চ
মার্কিনপ্রবাসী আলাউদ্দিন স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে
বেড়াতে আসেন জলপাহাড়ের রাঙ্গামাটি
ঐদিনই একটি ইঞ্জিন বোট লেকের সৌন্দর্য দেখাবে বলে
তাদের ভীষণ প্রল্ব্ধু করে
তারাও মহাউৎসাহে চড়ে বসেন নৌকায়
আহা! পাহাড় ও জলের কী নয়নসুখকর মিতালি!
হঠাৎ ঝড়ো বাতাসে ভীষণ দুলে ওঠে নৌকাটি
তরঙ্গবিক্ষুব্ধ লেকের জল যেন হয়ে ওঠে সমুদ্রসম
হিতাহিত জ্ঞানশূন্য লিমা ভয়ে লাফ দেন জলে
স্ত্রীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন স্বামীও
নিমেষেই জলের অতলে হারিয়ে যান দুজনেই!
ঝড় শেষে ডুবুরিদের কত যে খোঁজাখুঁজি
কারোই মেলেনি হদিস!
প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দূর-প্রবাসীর সেই আনন্দযাপন
মুহূর্তেই হয়ে গেল সহমরণের প্রতীক!
তিন দিবস-রজনি পর-২২শে মার্চ
পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় ভেসে ওঠে লাশ
সেদিন জলেডোবা যুগল মৃত্যু দেখেছিল স্থানীয় মানুষ!
পার্বত্য শহর রাঙ্গামাটির মানুষেরা
ভালোবাসার এই মৃত্যুময় বিরল দৃশ্যে
ভারি বেদনাহত হয়েছিল!
একদিন লেকের কূল ঘেঁষে তৈরি হলো পলওয়েল পার্ক
এই পার্কের পাশেই একদিন ভেসে উঠেছিল
লিমা ও আলাউদ্দিনের লাশ
এই দৃশ্যে মর্মাহত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
তাই এই যুগলমৃত্যুকে চিরভাস্বর করে রাখতে
এই পার্কেই নির্মিত হলো ‘লাভ পয়েন্ট’
‘ভালোবাসার শোকগাথা’
তাই প্রেমিক-প্রেমিকারা নিজেদের প্রেমকে চিরস্থায়িত্ব দিতে
ছুটে আসে এই লাভ পয়েন্টে
একেকটি তালা লক করে তারা ফিরে যায় যে যার গন্তব্যে
এই লাভ লকের স্মৃতি প্রতিদিন বয়ে বেড়ায়
পুলিশের এই পর্যটন স্পট
অগণন তালারাশি প্রেমের বন্ধনের সাক্ষী হয়ে
হয়তো বেঁচে থাকবে অনন্তকাল!
এই বিশ্বাসের আগুনে পুড়ে পুড়ে খাঁটি হোক
বিশ্বের সকল প্রেম
কারণ প্রেমহীন পৃথিবী ধূসর মরু ছাড়া আর কিছু নয়!