‘এ জীবন লইয়া কী করিব?’—পাঠ পর্যালোচনা
অনেক মেধাবী ছেলে এবং মেয়েকে আমি ফেসবুকে অসাধারণ কিছু ভাবনা নিয়ে হাজির হতে দেখি, কিন্তু সে ভাবনাগুলোর আর বিস্তার ঘটে না। চমৎকার একটা কিছু তারা হয়তো বলেন একটা প্যারাগ্রাফের ভেতরে।
পিকাসো যেমন বলেছিলেন শিল্প হচ্ছে একটা মিথ্যা, যা সত্যকে বুঝতে সাহায্য করে। আমি অক্ষর দিয়ে একটা মিথ্যা জীবন রচনা করতে করতে আমার এই সত্যিকার জীবনটাকে বুঝবার চেষ্টা করি, বিশ্বায়নের যে চাপ সেটাকেও মোকাবিলা করার চেষ্টা করি। চ্যাপলিনের কথাটা আমার পছন্দের। তিনি বলেছিলেন শিল্প হচ্ছে—‘আ লাভ লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়েল রিটেন’। শিল্প হচ্ছে পৃথিবীর কাছে লেখা একটা প্রেমপত্র কিন্তু সুলিখিত।
—শাহাদুজ্জামান
আমি সাধারণত বক্তৃতার বই তেমন একটা পড়ি নি বা কখনো সেরকম ভাবে পড়তেও ইচ্ছে হয় নি। এর পেছনে বিভিন্ন কারণ আছে। প্রথম কারণটা হল, বক্তব্যের বিষয় আমার ভালো লাগবে কিনা তা নিয়ে সংশয়। দ্বিতীয় কারণটা হল, যার বক্তৃতা আমি লিখিত রূপে পড়ব সে বক্তা হিসেবে কেমন এবং লেখক হিসেবে কেমন।
তবে সব সংশয় কাটিয়ে আমি শাহাদুজ্জামানের ‘এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা’ বইটা পড়লাম। বইয়ের বিষয়-সূচি আমার মধ্যে বইটা পড়ার আগ্রহ জাগিয়েছে এবং লেখক শাহাদুজ্জামানের ব্যাপারে আমি জানি। এ বইটা পড়ার আগে থেকেই আমি তার লেখালেখির সাথে পরিচিত।
‘এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা’ মূলত একটা বক্তৃতার বই। বইটি ২০২৫ সালের জুলাই মাসে বেঙ্গলবুকস থেকে প্রকাশিত হয়েছে। কথাসাহিত্যিক ও চিকিৎসা নৃবিজ্ঞানী শাহাদুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে লেখালেখি করেন। লিখেছেন অসাধারন সব গল্প, উপন্যাস, ও প্রবন্ধ। সেই সাথে নিজের কাজ ও নানাবিধ বিষয়ে তার চিন্তা-ভাবনা নিয়ে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রিত হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। এবং সেসব অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার মধ্য থেকে নির্বাচিত সাতটি বক্তৃতা নিয়েই ‘এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা’ বইটি।
প্রথম বক্তৃতাটির বিষয় হল ‘বিশ্বায়নের কালে লেখালেখি’ যেখানে তিনি বিশ্বায়নের প্রভাব এবং বিশেষ করে বিশ্বায়নের এই যুগে কীভাবে পৃথিবীর এক প্রান্তের খবর, সেই প্রান্তের মানুষদের জীবন-যাপন, দুঃখ-কষ্ট ইত্যাদি অপর প্রান্তের মানুষকে প্রভাবিত করে এবং বিশ্বায়নের এই সময়ে লেখালেখির ক্ষেত্র ঠিক কেমন দাঁড়িয়েছে।
বিশ্বায়নের প্রভাবে পৃথিবীর এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের দুঃখে যে ব্যথিত হচ্ছে তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,
‘’এবার ঈদের ছুটিতে ব্রিটেন থেকে দেশে এলাম। রাতে কোরবানির পোলাও মাংস খেয়ে সবাই বসেছে টেলিভিশনে ঈদ আনন্দ অনুষ্ঠান দেখতে। আমি এক ফাঁকে বললাম, একটু খবরটা দেখি। বিবিসির খবর শুনতে গিয়ে দেখলাম, সিরিয়ায় সরকারি আর বিদ্রোহী বাহিনীর পাল্টাপাল্টি আক্রমণে অনেকগুলো নিরীহ শিশু মারা গেছে। পর্দায় সেইসব শিশুর মৃতদেহ। এরপর চ্যানেল ঘুরিয়ে যতই ঈদ আনন্দ অনুষ্ঠানে ফিরে আসি না কেন, সেইসব মৃতশিশুর মুখ তো মন থেকে পুরোপুরি মুছে যায় না।‘’
এই লাইনটুকু দিয়ে তিনি বিশ্বায়নের মানবিক দিকটা খুব সূক্ষ্ণভাবে তুলে ধরলেন।
এখন, এই কথাটুকুর রেশ ধরে আমি আমার নিজের কথা একটু বলি। পৃথিবীর অপর কোনো প্রান্তের কোনো কথা নয়। বলা যেতে পারে, ঢাকার অপর প্রান্তের খবর। তবে সে খবরও এতো দ্রুত জানতে পেরেছি সেটার কারণও বোধ হয় বিশ্বায়ন বা কানেক্টিভিটি। কিছুদিন আগে, মাইলস্টোন স্কুল ও কলেছে এক বিমান বিধ্বস্তের ঘটনার অনেক শিক্ষার্থী মারা গিয়েছে, অনেকেই গুরুতরভাবে আহত হয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রথম কিছুদিন তো অন্য কোনো কাজে মনই দিতে পারলাম না। সারাদিন ওই বাচ্চাগুলোর মুখগুলোই চোখে ভাসে। এবং ফেসবুক-ইন্সটাগ্রামের কল্যাণে আমি দেখলাম, সব মানুষেরই এরকম অবস্থা। সবাই সেই বাচ্চাদের জন্য কষ্ট পাচ্ছে।
শাহাদুজ্জামানের ‘মামলার সাক্ষী ময়না পাখি’ বইয়ে একটা গল্পের লাইন এরকম—‘মৃত্যু নিয়ে আমার অবস্থান খুব পরিষ্কার। আমি এর ঘোরবিরোধী।’ মাইলস্টোনের বাচ্চাদের মৃত্যু দেখতে গিয়ে আমার এরকমটা মনে হয়েছে। বিশ্বায়নের সুবাদে ভৌগোলিকভাবে ফিলিস্তিনের থেকে অনেক দূরে অবস্থান করা সত্ত্বের সেখানকার বাচ্চাদের মৃত্যু দেখতে গিয়েও আমার এমনটাই মনে হয়। এবং বারবার জেমস বাল্ডউইনের এ কথাটি মনে পড়ে--“The children are always ours, every single one of them, all over the globe; and I am beginning to suspect that whoever is incapable of recognizing this may be incapable of morality.”
‘বিশ্বায়নের কালে লেখালেখি’তে ফিরে আসি আবার। বিশ্বায়নের যুগে লেখক হিসেবে পাওয়া সবচেয়ে বড় সুযোগটার কথাও শাহাদুজ্জামান বলেছেন। কিভাবে বিশ্বায়ন একজন লেখককে ভৌগোলিকভাবে তার এই ছোট জীবন থেকে নিজেকে উত্তোলিত করে একটা বড় প্রেক্ষাপটে দেখার সুযোগ দিয়েছে। তিনি বলেছেন,
“আমি যে দেশ, কাল, সময়ের ভেতর জীবনযাপন করছি, পুরো বিশ্বের প্রেক্ষাপটে তার অবস্থানটা কোথায়, সেটা বুঝে নেওয়ার একটা সুযোগ এখন তৈরি হয়েছে। আমি যে লেখাটা লিখছি সেটা বিশ্বসাহিত্যের মানচিত্রে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা বিচার করার সুযোগও এখন আগের চেয়ে বেশি। আমার পক্ষে সহজে জানা সম্ভব হচ্ছে বিশ্বপ্রেক্ষাপটে কোথায় আমার শক্তি, কোথার আমার সীমাবদ্ধতা।”
বিশ্বায়নের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি যেখানে সবকিছুই হাতের নাগালে। এই সময়টা নিয়ে শাহাদুজ্জামান এখানে যেভাবে আলোচনা করেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। পড়তে পড়তে কোথাও না কোথাও কিছু ভাবনার খোরাক আপনি পাবেন, কিছু ভাবনার উদ্রেক আপনার মধ্যে হবে। এই বক্তৃতায় তিনি যা বলেছেন তা নতুন কিছু অবশ্যই নয়। তবে তিনি বিষয়গুলোকে যেভাবে তুলে ধরেছেন এবং তার মধ্যে সেতু বন্ধন করেছেন তা আমাকে মুগ্ধ করেছে।
এছাড়া বইটিতে সমাজবিজ্ঞানী রবার্ট হল্টন বিশ্বায়নের যে সাংস্কৃতিক প্রভাবের কথা বলেছেন তা নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। রবার্ট হল্টন বিশ্বায়নের তিন ধরনের সাংস্কৃতিক প্রভাবের কথা বলেছেন। ১। হোমোজেনাইজেশন—যেখানে কোনো রকম প্রতিবাদ, প্রতিরোধ ছাড়াই পশ্চিমা বা বাইরের যে কোনো সংস্কৃতিকে একেবারে হুবহু নকলা করা হয়, ২। পোলারাইজেশন—যেখানে পশ্চিমা বা অন্য সংস্কৃতির যে কোনো বিষয়কেই সন্দেহ করা, অগ্রাহ্য করা, কিংবা পুরোপুরি প্রত্যাখান করার একটা প্রবণতা লক্ষ করা যায়, ৩। হাইব্রিডাইজেশন—যেখানে হোমোজেনাইজেশন ও পোলারাইজেশন এর মাঝামাঝি একটা বিষয় ঘটে; নিজের সংস্কৃতি ও বাইরের সংস্কৃতির মধ্যে একটা সংকরায়ন ঘটে। শাহাদুজ্জামান এ বইটিতে হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলেন যে কোনো কিছুর একেবারে অন্ধ অনুকরণ কিংবা তাকে কোনো বাছবিচার ছাড়া সম্পূর্ণ প্রত্যাখান--এর কোনোটি না করে, হাইব্রিডাইজেশনের কথা ভাবা যেতে পারে। তবে সেক্ষেত্রে লক্ষ রাখতে হবে কাজটি যাতে সঠিকভাবে হয়। এবং বিশ্বায়নের এই সাংস্কৃতিক প্রভাবটা নিয়ে বলতে গিয়ে তিনি অতুল মুখোপাধায়্যের একটা গানের দুটো লাইন উদ্ধৃত করেন—
“আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায়, পদ্মায়।”
এবং এ প্রসঙ্গেই শাহাদুজ্জামান বলেন, “আমি সারা পৃথিবীর কাছে যাব ঠিকই কিন্তু সেটা বাংলার হাত ধরে। এবং পৃথিবীর যা কিছু মহান সেটা আমি গ্রহন করব।”
‘এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা’ বইয়ের আরেকটি গুরুত্বপূর্ন অধ্যায় হচ্ছে ‘ডিজিটাল মানব’ যেখানে তিনি ডিজিটালাইজেশনের সঙ্কট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এটা বিশ্বায়নের যুগ। এবং এই মুহূর্তে আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। আমাদের কাছে কিন্তু তথ্যের অভাব নেই, বিভিন্ন কাজ শেখার কৌশলেরও অভাব নেই। কিন্তু যেটুকু তথ্য আমাদের কাছে আছে কিংবা এই যে আমরা বিভিন্ন মাধ্যমে এত এত পডকাস্ট কিংবা স্কিল নিয়ে এত এত ভিডিও দেখি, আমাদের সেই দক্ষতাগুলো কি আদৌ হয়েছে? নাকি আমরা শুধু একের পর এক ভিডিও দেখে যাই শুধু যার বিষয়গুলো কিছুটা এরকম—’how to manage your time’, ‘how to be successful’, ‘how to be extraordinary’. আমরা কি কনটেন্ট দেখে সেটা নিয়ে ভাবি বা তারপর সে অনুযায়ী পদক্ষেপ নিই? নাকি শুধু স্ক্রল করে একের পর এক ভিডিও কনজিউম করে যাই? এটা কিন্তু ভাবনার বিষয়। ফেসবুক বা অন্যান্য মাধ্যমের একটা রিলস ৬০ সেকেন্ডের হয়ে থাকে কিন্তু এই ৬০ সেকেন্ডও নাকি মানুষ টানা দেখতে পারে না। গড়ে নাকি মানুষের মনোযোগ ধরে রাখার পরিধি নাকি মাত্র ৭-৮ সেকেন্ড। তাহলে এই যে, এত এত মিডিয়া আমরা কনজিউম করি তার মধ্যে কতটুকু আমরা নিজেদের মধ্যে বাস্তবিক অর্থেই ধারণ করি বা এর কতটুকুই বা ধারণ করার মত?
ফেসবুক ও লেখালেখি নিয়ে বলতে গিয়ে শাহাদুজ্জামান খুবই গুরুত্বপূর্ন এবং প্রাসঙ্গিক একটা কথা বলেছেন এবং আমাদের চারপাশে এমন ঘটনা আমরা হর-হামেশাই দেখে থাকি। তিনি বলেন, “লেখালেখির প্রেক্ষিত থেকে দেখলে অবশ্য বলব উপাত্ত হিসেবে, অবজারভেশন সোর্স হিসেবে, ইনফরমেশন সোর্স হিসেবে অনলাইন-পৃথিবী একটা ইন্টারেস্টিং জায়গা। তবে ফেসবুক এমন একটা জায়গা, যেখানে চিন্তার বিস্তার ঘটানোর সুযোগ সীমিত। অনেক মেধাবী ছেলে এবং মেয়েকে আমি ফেসবুকে অসাধারণ কিছু ভাবনা নিয়ে হাজির হতে দেখি, কিন্তু সে ভাবনাগুলোর আর বিস্তার ঘটে না। চমৎকার একটা কিছু তারা হয়তো বলেন একটা প্যারাগ্রাফের ভেতরে। তারপর সেটাকে শোকেসের ডেকোরেশন পিসের মতো ফেসবুক পেজে ঝুলিয়ে রাখা হয়। ওই চিন্তার আর কোনো বিস্তার ঘটে না। বোধিপ্রাপ্ত মুনি ঋষির মতো তারা একটা বাণী দিয়ে বসে থাকেন। হয়তো কোনো একটা মত দিয়ে রাখেন কিন্তু সেই মতটাকে ডিফেন্ড করার কোনো প্রয়োজন তারা বোধ করেন না। একজন হয়তো লিখলেন যে—মানিক বন্দ্যোপাধ্যায় চতুর্থ শ্রেণির লেখক। কেন উনি তা মনে করছেন, সেটা বিস্তারিত ব্যাখার তার কোনো দায় নেই। তার মতকে আবার অনেকে সহমত জানাবেন। হয়তো কেউ আবার তার বিরোধিতা করবেন দু-এক লাইনে। কিন্তু এভাবে চিন্তাচর্চার নানা বিপদ আছে বলে মনে করি। আবার এ-ও দেখি যে লেখালেখির ক্ষেত্রে এক ধরনের ডেমোক্রেটাইজেশনের সুযোগ তৈরি হয়েছে অনলাইন সাহিত্যচর্চার মাধ্যমে।”
ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে অনেক বিষয়ে নিয়ে বলতে দেখি। এত মানুষ এত কথা বলে কিন্তু প্রয়োজনীয় কথাগুলো তো কেউ বলে না। তাই বিষয় নির্বাচনের দিক থেকে শাহাদুজ্জামানের বক্তৃতাগুলোকে আমার কাছে একেকটা ইনটেলেকচুয়াল জার্নাল মনে হয়েছে। বিশেষ করে এই বইয়ে তিন নম্বর বক্তৃতা ‘চিকিৎসা ও স্বাস্থ্যে উপনিবেশবাদের নির্মাণ’ খুবই তথ্যবহুল ও সুলিখিত। এখানে তিনি ঔপনিবেশিক চিকিৎসা-পদ্ধতি কীভাবে উপমহাদেশের স্থানীয় চিকিৎসা ব্যবস্থাকে পিছে সরিয়ে নিজেই সামনের সিটে বসে পড়ল তা নিয়ে পর্যালোচনা করেছেন।
এছাড়া তিনি কথা বলেছেন শহীদুল জহিরকে নিয়ে। কথা বলেছেন আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে। তাদের সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। নিজের সাথে বাংলাসাহিত্যের এই দুই মহান কথাসাহিত্যিকদের সম্পর্ক, তাদের সাথে পরিচয়ের সূত্রপাত্র বর্ণনা করেছেন যা বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য হতে পারে সুখপাঠ্য, বিশেষ করে যারা শহীদুল জহির, আখতারুজ্জামান ইলিয়াস ও শাহাদুজ্জামান এই তিনজনকেই পছন্দ করেন। এছাড়া, এই বইয়ে এস এম সুলতানকে নিয়ে একটা বক্তৃতা রয়েছে। এই বক্তৃটাও খুব তথ্যবহুল ও সুপাঠ্য। চিত্রশিল্প ও এস এম সুলতানপ্রেমীদের জন্য এটা এক দারুণ চমক।
বইয়ের শেষ বক্তৃতাটির নাম ‘এ জীবন লইয়া কী করিব’ যেখানে লেখক ও বক্তা শাহাদুজ্জামান মূলত জীবন নিয়ে কথা বলেছেন। প্রতিটা মানুষেরই বোধ হয় জীবনের কোনো না কোনো পর্যায়ে মনে হয় এ জীবনটা নিয়ে যে আমি কী করব। এখন এই প্রশ্নের যদি বাধা-ধরা কোনো উত্তর থাকত তাহলে খুব ভালো হত। কিন্তু আফসোসের ব্যাপার হল সেরকম কোনো উত্তর নেই। তবে ভালো ব্যাপার হল—একেকটা মানুষের জীবন একেকরকম, তাদের মনে এই প্রশ্ন জাগার কারণ ভিন্ন ভিন্ন এবং সে কারণে এই প্রশ্নের উত্তরও ভিন্ন ভিন্ন। একটা উত্তরের জায়গায় অধিক উত্তর। তবে উত্তরগুলো ইউনভার্সালি নেই, আছে ইনডিভিজ্যুয়ালি।
জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি কথা বলেছেন তার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে। যেমন লেখালেখি, তার পেশা, তার দাম্পত্য। তিনি বলেছেন, একটা সৃজনশীল মানুষের জন্য দাম্পত্য একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। শুধু দাম্পত্য নয়, সেই সৃজনশীল মানুষের জীবনে বিদ্যমান প্রতিটি সম্পর্কই জরুরি হয়ে দাঁড়ায়।
‘এ জীবন লইয়া কী করিব’ প্রশ্নটা নিয়ে কথা বলতে গিয়ে শাহাদুজ্জামান ভীষণ সত্যি কিছু কথাও বলেছে। যেগুলো নিয়ে একটু নিবিড়ভাবে চিন্তা করলে, চিন্তার পরিসরটা একটু বৃদ্ধি পায়। তিনি বলেন,
“মানুষের সম্পর্ক মূলত নাজুক ব্যাপার। আমার একটা গল্প আছে নাজুক মানুষের সংলাপ নামে। মানুষ নিজেকে যতই আত্নবিশ্বাসী দেখাক না কেন, ভেতর ভেতর সে খুব নাজুক। আর আমরা যে দেশে থাকি সেই দেশ, সেই পরিসর নানা রাজনৈতিক, অর্থনৈতিক কারণে আরো নাজুক। আমরা ল্যান্ডস্কেপে থাকি না, আমরা থাকি সি-স্কেপে। সি-স্কেপ মাটির মতো অতটা স্থির না, এখানে অবিরাম ঢেউ টলমল করে। কখন যে কী ঢেউ ওঠে, তুফান ওঠে, সেটা বলা মুশকিল। এই সি-স্কেপের মধ্যে চলতে হয় আমাদের প্রতিমুহূর্তে। এ জীবন লইয়া কী করিব?—এ প্রশ্নের উত্তর তাই হয়তো খুঁজতে হবে এই সি-স্কেপের ওপর দাঁড়িয়েই।”
‘এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা’ বইটি একটা অসাধারণ বই। এত ভালো বক্তৃতা অনেকদিন পড়িনি। বইটা পড়তে পড়তে আমি যেমন জানলাম অজানা অনেক কিছু, সেরকমভাবে জানলাম লেখক, ভাবুক ও বক্তা শাহাদুজ্জামানকে। আরও জানলাম শহীদুল জহির, আখতারুজ্জামান ইলিয়াস ও এস এম সুলতানকে। জীবনানন্দের ‘আট বছর আগের একদিন’ কবিতাটিকে পেসিমিস্টিকের জায়গায় দেখলাম অপটিমিস্টিক হিসেবে। আরও বুঝলাম সব হীনম্মন্যতার পাঁচিল টপকে আমাদের গল্পটা আমাদের নিজেদেরকেই বলতে হবে। কারণ “সিংহকে হরিণের গল্প বলতে বললে সে বলবে কীভাবে হরিণটাকে খাওয়া যায় সে গল্প। হরিণকে নিজের গল্প নিজেকে বলতে হবে। বনের ভেতরে আমরা তো হরিণ। আমাদের গল্পগুলো বলছে পশ্চিমের সিংহরা। কিন্তু তারা তো তাদের মতো গল্প বলে। আমার গল্পটা আমাকে বলতে হবে। সে গল্প বলার জন্য আমার এ মাটির দিকে তাকাতে হবে। আমাদের কত কিছু আছে সেলিব্রেট করার।”
