তারিক সুজাত: বৈশাখে রচিত পংক্তিমালা
ডাকঘরে জমা হবে/ নতুন দিনের রোদ/ পুরনো চিঠিগুলো/ আলোকিত হোক/ মনের নির্জনে/ রক্তেভেজা / জমাট অক্ষরে/ আঁধার কাটুক
আরেক বৈশাখ
তবুও বৈশাখ আসে
নাড়া দিয়ে যায়
বন্ধ দরোজায়
জীবন নদীর ঢেউ
খালি হাতে ফেরে
অচেনা বন্দরে
কোথায় তোমার দেশ
স্বজনের স্মৃতি
রোদের বসতি
চৈত্রের চৌচির মাঠে
আসবে বৈশাখ
এসেছে সে ডাক
কবি
চেয়েছি সামান্য
তার চেয়ে
কম পেয়েও-যে খুশি
অফুরন্ত তুমি
দিয়েছো উজার করে
বৈশাখের খররোদ্রে
কুড়াবো তোমার ছায়া
পাশে এসে বসে আছে
এক খণ্ড মেঘ!
জীবন জাগুক
তোমার বৈশাখী দিন
আবারো বাড়ালো হাত
অবরুদ্ধ প্রাণে
সহজ সবুজে
শিমুল-পলাশ বনে
কৃষ্ণচূড়ার আগুনে
আমিও পুড়েছি
যে মাটিতে
জন্মেছিলাম
মৃত্যুর পরও যেন
তার ছায়াতেই ফিরি।
তোমার বৈশাখী দিন
খুলবে পথের তালা
একের সঙ্গে
মেলাবে সকল
ফুল ও ফসলে
আবার মেলবে ডানা
আবার তোমার সুরে
জীবন জাগুক
ডাকঘর
ডাকঘরে জমা হবে
নতুন দিনের রোদ
পুরনো চিঠিগুলো
আলোকিত হোক
মনের নির্জনে
রক্তেভেজা
জমাট অক্ষরে
আঁধার কাটুক
এ বৈশাখ আবারও
আনবে নতুন চিঠি
তুমি পড়ো বা না পড়ো!
