২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দ্রেই তারকোভস্কি: সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণে আফসোস হয়

কারণ সঙ্গীত যে একটি আবেগীয় স্তরে গৃহীত হয় এবং শুদ্ধ বিমূর্ততাকে উপস্থাপন করে তা সত্ত্বেও আমার মতে সঙ্গীত হচ্ছে শিল্পের সর্বোচ্চ রূপ। তার মানে সঙ্গীত সবচেয়ে প্রাণবন্তভাবে এবং সবচেয়ে নিগূঢ়ভাবে সৃষ্টির ধারণাকে প্রকাশ করতে সক্ষম।

ইমন রায়

Published : 26 Nov 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

বিশ্বনন্দিত রাশান চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি ১৯৭৩ সালে গুন্টার নেৎজেব্যান্ডকে এই সাক্ষাতকার দিয়েছিলেন। এখানে তিনি তাঁর প্রথম জীবনের অনুপ্রেরণা, তাঁর নির্মিত চলচ্চিত্রের মূল চরিত্র, শিল্পীর দায়িত্ব এবং তাঁর নিজস্ব শিল্পভাবনা নিয়ে কথা বলেছিলেন। সাক্ষাৎকারটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন ইমন রায়।--বি.স

প্রশ্ন: আন্দ্রেই তারকোভস্কি, আপনার বয়স এখন একচল্লিশ। আপনার পিতা একজন বিখ্যাত কবি। চলচ্চিত্রের আগে আপনি সঙ্গীত ও চিত্রাঙ্কনে মনোযোগ দিয়েছেন। আপনি কেন চলচ্চিত্রকে বেছে নিলেন? 

তারকোভস্কি: এটি বলা মুশকিল। এটি নিছক কাকতালীয়। আরও নির্দিষ্ট করে এই প্রশ্নের উত্তরে বলতে হয়ঃ আমার কাছে মনে হয় চলচ্চিত্র সত্যিকারের রূপ নিয়ে কাজ করে এবং সেগুলোকে সাথে নিয়ে কাজ চালায়। সেভাবে বলতে গেলে সত্যিকারের জীবন থেকে নেওয়া রূপ। চলচ্চিত্র পরিচালকের পেশা আমাকে সৃষ্টিকর্মের মূলভাবকে মনে করিয়ে দেয় যা নব জীবনের জন্মের সাথে সম্পৃক্ত। এ জীবনটি সংঘটিত হবে পর্দায়। পরিচালকের জীবিকাটি সৃষ্টির জন্য নৈতিক দায়িত্বের দাবি জানায়, যে দায়িত্ব আমরা আমাদের নিজেদের জীবনে আমাদের নিজেদের আচরণের ব্যাপারে অনুভব করি। এটি নিশ্চিতভাবে একটি বিশেষ ধরনের দায়িত্ববোধ এবং আমার কাছে এই কাজটি অসাধারণভাবে চমকপ্রদ হয়ে দেখা দিয়েছে। 

প্রশ্ন: আপনার জীবনের পর্যায়গুলো নিয়ে কিছু বলবেন? 

তারকোভস্কি ১৯৩৯ সালে আমি তখনো প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম, সে সময় আমি সঙ্গীত বিদ্যালয়েও অংশ নিয়েছি, আদতে পিয়ানো ক্লাসে। তারপর শুরু হলো যুদ্ধ। আমি সঙ্গীত বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার বাবা-মা আমার বোন ও আমাকে ভলগা নদীর কাছাকাছি নিয়ে গেলেন। দুই বছর বাদে আমরা মস্কো ফিরে এলাম এবং আমি সঙ্গীত বিদ্যালয়ে আমার পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হলাম। আমি সঙ্গীত বিদ্যালয় থেকে উত্তীর্ণ হলাম, যদিও আমাদের মায়ের পক্ষে আমাদের ভরণপোষণ করা কঠিন ছিলো কারণ দুর্ভিক্ষ বিরাজ করছিলো। আমার মা অস্বাভাবিক আত্মত্যাগের মধ্য দিয়ে আমার সঙ্গীত অধ্যয়নের খরচ বহন করতেন। আর তারপর আমি চিত্রাঙ্কন শুরু করলাম। কিন্তু আমি না সঙ্গীতজ্ঞ হলাম, না হলাম চিত্রকর, তবুও আমাকে বলতে হবে আমি যে সঙ্গীত ছেড়ে দিয়েছি সেজন্য আমার অনেক আফসোস হয়। এটি ছিলো আমার জীবনের অন্যতম গুরুতর ভুল। 

প্রশ্ন: কেন? 

তারকোভস্কি: কারণ সঙ্গীত যে একটি আবেগীয় স্তরে গৃহীত হয় এবং শুদ্ধ বিমূর্ততাকে উপস্থাপন করে তা সত্ত্বেও আমার মতে সঙ্গীত হচ্ছে শিল্পের সর্বোচ্চ রূপ। তার মানে সঙ্গীত সবচেয়ে প্রাণবন্তভাবে এবং সবচেয়ে নিগূঢ়ভাবে সৃষ্টির ধারণাকে প্রকাশ করতে সক্ষম। আমি যে চিত্রকর হইনি তা নিয়ে আমি আফসোস করি না। দুটো বিদ্যালয়ে অংশগ্রহণ করার পর আমি এশিয়ান স্টাডিজ নিয়েছিলাম। খুব শীঘ্রই, দুই বছর বাদে, আমি উপলব্ধি করলাম যে আমি সেখানে “মারা” যাবো। এটি কোনোভাবেই আমার বিষয় নয়। এশিয়ান স্টাডিজ ছেড়ে দেওয়ার পর সাইবেরিয়া গেলাম। সেখানে আমি দুই বছর একটি ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রে একজন সংগ্রাহক হিসেবে কাজ করেছি। এটি দারুণ সময় ছিলো। ১৯৫৪ সালে আমি মস্কো ফিল্ম ইনস্টিটিউটে গৃহীত হলাম। মিখাইল রম আমার শিক্ষক ছিলেন। ১৯৬০ সালে আমি আমার ডিপ্লোমা উপস্থাপন করলাম এবং আমার অভিসন্দর্ভটি প্রথম পুরস্কার পেয়েছিলো। এসবই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আমার আত্মজীবনীর বাকিটুকু আপনি জানেন… 

প্রশ্ন: আপনার চলচ্চিত্র  আন্দ্রেই রুবলেভ নিয়ে অনেক ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। আমি মনে করি এটি বহু স্তরের, বহুমাত্রিক একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি ঐতিহাসিকভাবে সঠিক নয়, অনেক বেশি লম্বা, অনেক বেশি সহজাত, অনেক বেশি বীভৎস বলে মতামত রয়েছে। আর আপনি একবার বলেছেন যে আপনার কাজটি “আধুনিক চোখ” দিয়ে দেখা উচিত। 

তারকোভস্কি নিছকই আন্দ্রেই রুবলেভের জীবনকে পুনর্নির্মাণ করা নির্দিষ্ট করে এই কাজের লক্ষ্য ছিলো না। আমাদের ছবিটি কোনো জীবনীমূলক ছবি নয়। এটি এজন্য নয় যে সেখানে তাঁর জীবনের বিস্তারিত কিছু নেই, বরং এই কারণে যে আমরা একটি ভিন্ন উদ্দেশ্য অনুসরণ করেছি। আমরা কোনো ঐতিহাসিক ছবি তৈরি করতে চাইনি। আমরা চিত্রকর এবং তিনি যাদের ইচ্ছাকে আদতে প্রকাশ করছিলেন তাদের মধ্যকার মিথষ্ক্রিয়াকে দেখাতে চেয়েছি। স্পষ্টত অসচেতনভাবে। আমরা সৃষ্টির অর্থের সাথে যোগাযোগ করতে চেয়েছি। অকপটে বলতে হয়, রুবলেভের মত একজন প্রতিভাধর চিত্রকর তাঁর দেশের তীব্র আকাঙ্ক্ষা এবং অভীষ্টকে অনুভব করতে সক্ষম ছিলেন সেটি প্রমাণ করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিলো। আমরা দেখাতে চেয়েছি যে সত্যিকারের সৃষ্টিশীলতা সর্বদা এরকমঃ একজন চিত্রকর শেষ বিন্দু পর্যন্ত সর্বান্তকরণে তাঁর সৃষ্টির অগ্নিশিখায় জ্বলছেন। এমন কোনো পরিস্থিতি নেই যেখানে তাঁর সৃষ্টির অধিকার হরণ করা অনুমোদনযোগ্য। উপরন্তু, সে সময়ের নির্মমতা ও অন্ধকার, এমন এক সময় যেখানে নৃশংসতা শীর্ষবিন্দুতে গিয়ে ঠেকছিলো, তবুও সেটি রুবলেভকে এমনভাবে চিত্রায়িত করতে আমাদেরকে প্রণোদিত করেছে, যেখানে দেখানো হয়েছে তিনি সেই আদর্শকে আকুলভাবে কামনা করেছিলেন যা তিনি তাঁর চিত্রকর্মে চিত্রায়িত করছিলেন। আর এসব আদর্শ হচ্ছে ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং একত্রীকরণ। একত্রীকরণের পেছনে আমি মানুষের একে অন্যের সংস্পর্শে আসার জন্য প্রচেষ্টার বাস্তবতাকে বুঝি কারণ সেই সময়ের ইতিহাস একটি প্রক্রিয়ার প্রাক্কালে উন্মোচিত হচ্ছিলো। এমন এক প্রক্রিয়া যেখানে মানুষ একে অন্যকে খুঁজে পায়। আর আমার ছবি খুব নির্মম বলে যদি সমালোচনা থাকে, আমার মতে এটি একদম নীতিবাগীশ।

আমাদের ছবির লক্ষ্যকে সর্বজনীন করতে গেলে এটি হচ্ছে সব দিক থেকে একজন চিত্রকরের, একজন শিল্পীর চিত্রায়ন, যিনি শিল্পী না হলে সৃষ্টি করতে অক্ষম। এটি কারোর নিজস্ব চিন্তার প্রেক্ষিতে তার আদর্শিক অবস্থানের বিষয় নয়। কেউ মনে করতে পারে যে রুবলেভ এমন এক ব্যক্তি যিনি খুব সূক্ষ্মভাবে ও নীরবে পৃথিবী থেকে বিযুক্ত হয়ে, তাঁর সন্ন্যাসীর ডেরায় ছবি আঁকতেন। আমি এমন কোনো রুবলেভে বিশ্বাস করতে পারি না। এমন কোনো রুবলেভে কেউ বিশ্বাস করবে না। এটি নিয়েই আমরা একটি ছবি তৈরি করতে চেয়েছি। রুবলেভ আবশ্যিকভাবে একজন যোদ্ধা। আর মানব চেতনা ছিলো তাঁর যুদ্ধক্ষেত্র। 

প্রশ্ন: এটি স্বাভাবিক যে একজন সমাজবাদী শিল্পী যা কিছু করছেন তার জন্য তাকেও লড়াই করতে হয়, আপনি কি এমন ভাবনায় আমার সাথে একমত হবেন? আর তিনি যা কিছুর ব্যাপারে নিশ্চিত, সেটি নিয়েও তাকে লড়াই করতে হয়? 

তারকোভস্কি: এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে কোনো একভাবে লড়াইয়ের জন্য জন্মেছে। বিশেষত আপনি যদি তার নিজস্ব বিশ্বাসের জন্য লড়াইয়ের কথা বলেন। এমন অভিযোগ শোনা আমার জন্য খুব তিক্ত ছিলো যেখানে মানুষ বিশ্বাস করত যে আমি দুর্বল ব্যক্তি, আমি কারোর সত্যকে, বিশ্বাসের সংকল্পকে প্রকাশ করতে অক্ষম। অন্য দিকে যারা সৃজনশীলভাবে কাজ করে তারা প্রত্যেকে সংগ্রামের এই অবস্থাকে অনুভব করে কারণ অসম্ভব, ভীতিকর প্রতিরোধের মুখেও সে তার মনে প্রতিকৃতি তৈরি করে। শিল্পীর সৃজনশীলতার ওপর সকল সংঘাতের ভিত্তিপ্রস্তর খোদ সে নিজেই। আমার কাছে মনে হয় সবচেয়ে ভয়ংকর, সবচেয়ে অমিমাংসিত সংগ্রাম হচ্ছে ব্যক্তির নিজের সাথে। আর তাই অন্য সব সংগ্রাম যা অনেক পুরনো, সেগুলো একদমই স্বাভাবিক, সহজাত জীবনের ঘটনাবলী। রাশান সংস্কৃতি, রাশান মানুষ, রাশান আত্মা এবং রুবলেভ ছবির ইতিহাসের প্রতি আমার ভালোবাসা, আমার কোমল অনুভূতি দেখানো আমার জন্য দরকার ছিলো বলে আমি অনুভব করেছি। কারোর ভুলে যাওয়া উচিত নয় যে কয়েক শতাব্দী যাবত রাশিয়ার অবস্থান ছিলো সবসময় পাশ্চাত্য এবং “বুনো” প্রাচ্যের মধ্যখানে। ইউরোপ সেই সময়ে যা কিছুতে নিয়োজিত হয়েছে, সে তার কোনো কিছুতেই নিয়োজিত হয়নিঃ ইউরোপীয় পুনর্জাগরণের প্রক্রিয়া। সে সময় রাশিয়ার তাতারদেরকে প্রতিরোধ করতে হয়েছিলো। আমি সে সময়ের গুরুতর পরিস্থিতিকে বর্ণনা করতে চেয়েছি। আর আমি একজন চিত্রকরের গল্প বলতে চেয়েছি যিনি তাঁর ব্যক্তিত্বের মহিমার মধ্য দিয়ে তাঁর দেশে বিশ্বাস, আশা ও ভালোবাসা ফিরিয়ে দিতে পেরেছিলেন। তাঁর নিজের মানুষের জন্য ভালোবাসা, তাদের ভবিষ্যতের ওপর বিশ্বাস। যেসব শিল্প ইতিহাসবিদ রুবলেভকে অধ্যয়ন করেছেন তারা এ বিষয়ে একমত। আর সেই সাথে— কখনো “মিষ্টি” ছবি বানানো উচিত নয় যা আরাম কেদারায় বসে বিশ্রাম নেওয়ার সমতুল্য। এসব আবশ্যিকভাবে মাতিসের কথা। আমি এই মনোভাব নিয়ে বিশ্বাস করি যে আমি সেই লাখ লাখ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি যারা আমার ছবি দেখেছেন অথবা আমার ছবি দেখবেন। 

প্রশ্ন: আমি আপনার প্রথম ফিচার ছবি  ইভান’স চাইল্ডহুড নিয়ে কথা বলতে চাই এবং আমি আন্দ্রেই তারকোভস্কিকে উদ্ধৃত করছিঃ “এটি যৌবনের একটি গতানুগতিক কাজ। সে সময়ে আমার কোনো সংহত, সুচিন্তিত ভাবনা ছিলো না, আমি একটি প্রাথমিক উপায়ে বিষয়গুলো নিয়ে কাজ করেছি।” আমার প্রশ্ন, কোনো প্রথম ছবির ‘প্রাথমিকভাবে’ চিত্রধারণ করা কি সত্যিই কোনো ভুল?

তারকোভস্কি: আমি জানি না। আমি দুই বছর আগেইভান’স চাইল্ডহুড পুনরায় দেখেছি এবং আমার কাছে এটি একটি দুর্বল ছবি মনে হয়েছে এই অর্থে যে সেখানে অনেক দৃশ্য রয়েছে যেখানে নির্মাতা তার রুচিকে ঠকিয়েছেন এবং অনেক দৃশ্য রয়েছে যেখানে তার “আবেগীয়ভাবে” অধিকতর দৃঢ় হওয়া দরকার ছিলো। একজনের উচিত তার নিজস্ব ভাষায় কথা বলা। ইভান’স চাইল্ডহুড  এমন একটি ছবি যেটি এক তরুণের স্বাক্ষর বহন করে যে নিজেকে প্রকাশ করতে জানে না এবং যে এখনো নিজের ভাষাকে খুঁজে পায়নি। 

প্রশ্ন: আপনার ছবির নায়কদের মধ্যে— ইভান, রুবলেভ, সোলারিসের নভোচারী ক্রিস—কি আপনি কোনো ধারাবাহিকতা ও সম্পর্ক দেখতে পান? যদি তাই হয় তাহলে এই সম্পর্কের চরিত্রটি কী? 

তারকোভস্কি: এটি স্পষ্ট যে তাদের মধ্যে একটি সংযোগ রয়েছে, কারণ তিনটি ছবির তিনটি চরিত্রকে একটি সংকটপূর্ণ দোটানায় বিশ্লেষণ করা হয় যেখানে তারা মরবে অথবা তাদের বিশ্বাসকে পরিত্যাগ করবে। অথবা যেখানে তারা একেবারে হাল ছেড়ে দেবে। আমার কাছে মনে হয় একজন ব্যক্তিকে যেখানে অনিবার্যভাবে একটি বিকল্প বেছে নিতে হবে, সেরকম একটি আশাহীন কিংবা শোচনীয় পরিস্থিতিতে নায়ককে চালিত করার প্রবণতাই সকল নায়ককে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। মানুষ হিসেবে এটি কত কঠিন সে সম্পর্কে তারাই আমার পক্ষ থেকে কথা বলে। মানুষ হওয়া কত কঠিন। অনেক সময় হাল ছেড়ে দেওয়া অধিকতর সহজ। নিজের বিশ্বাসের প্রতি বিশ্বস্ত থাকা অনেক বেশি কঠিন। ইভান তার শৈশবকে যেতে দেয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ার জন্য সে তার শৈশবকে পরিত্যাগ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। রুবলেভ তাঁর দুর্ভোগের মাঝে শুধু শক্তি নয় বরং অর্থও খুঁজে পায় এবং এতে করে তাঁর আচরণের ব্যাপারে পরিপ্রেক্ষিত লাভ করে। অ-মানবীয় অবস্থায় থেকে সোলারিসের ক্রিস  নিজের মানবতাকে জিইয়ে রাখে। কারণ এই মহাকাশ কেন্দ্রের লোকদের শুধু একটি সমস্যার সমাধান করতে হবেঃ কীভাবে মানুষ থাকা যায়। আর তারা খুব ভিন্ন উপায়ে এটি নিয়ে কাজ করছে। এমন এক অবিশ্বাস্য পরিস্থিতি যা এমন একটি বড় সিদ্ধান্তের দাবি রাখে, এমনকি সেখানেও কারোর প্রধান অভিনেতাদের চরিত্রের বিচার-বিশ্লেষণ নিশ্চিতভাবে আগ্রহের বিষয়। তিন জনই তাদের বিশ্বাসকে একেবারে ত্যাগ করে না। তারা নিজেদের প্রতি বিশ্বস্ত থাকে। তারা তাদের ব্যক্তিস্বাতন্ত্র্যকে সংরক্ষণ করে— যা কিছুই হোক। এই অর্থে এই তিন জন এক অভিন্ন সমগ্র গঠন করে। 

প্রশ্ন: আপনি মিখাইল রমের ছাত্র। তাঁকে কী জন্য আপনার ধন্যবাদ দিতে হবে? 

তারকোভস্কি: প্রথমত, তিনি মস্কো ফিল্ম ইনস্টিটিউটে তাঁর ক্লাসে আমাকে নিয়েছিলেন। একমাত্র তিনি ইনস্টিটিউটে আমার অধ্যয়নের পক্ষে ছিলেন। ভর্তি কমিটি আমার বিপক্ষে ছিলো। আমার মতে মিখাইল রম অন্যতম সেরা শিক্ষক কারণ তিনি কখনো আমাদের ওপর তাঁর মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। তাঁর ছাত্রদের সক্ষমতাকে দেখা ও তাদেরকে আরও বিকশিত করার গুণ তাঁর ছিলো, এবং তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন ব্যক্তিত্বকে, কারোর নিজস্ব মর্যাদার বোধকে, সকলে যে এক রকম নয় সেটিকে।

প্রশ্ন: সোভিয়েত চলচ্চিত্রের কোন মহারথীদের কাছে আপনি ঋণী অনুভব করেন? আপনি কোন চলচ্চিত্রকারের সাথে ঘনিষ্ঠ?   

তারকোভস্কি: আমার জন্য এই প্রশ্ন অনেক আগেই মিটে গেছে। আমি আলেক্সান্ডার দবঝেঙ্কোকে অনেক ভালোবাসি। আমি বিশ্বাস করি তিনি একজন জিনিয়াস। তিনি একটি ছবি বানিয়েছেন যা আমি আজও বারবার দেখা বন্ধ করতে পারিনি: সেটি হচ্ছে আর্থ। এই ছবিটি কেন আমাকে এত গভীরভাবে স্পর্শ করে তা আমি ব্যাখ্যা করতে পারি না। ছবিটি অনেক ক্ষেত্রে অতি মাত্রায় সরল হতে পারে, খুব বেশি পরিকল্পিত, অনেকাংশে মোটামুটিভাবে লিখিত। তবে এই ছবির মনোযোগ কর্মজীবীর ওপর নিবদ্ধ যে তার বাসস্থানের জমি কর্ষণ করে। আর সেটি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম মহত্তম জীবিকা। আমি সম্ভবত সঠিকভাবে এটি প্রকাশ করিনি, আমি বুঝাতে চাই যে এই পেশা মানুষকে মহান করে। আমি খুব সাধারণ কৃষকদের মাঝে অনেক থেকেছি এবং অসাধারণ মানুষের দেখা পেয়েছি। তারা প্রশান্তি ছড়িয়েছেন, এমন সূক্ষ্ম কৌশল তাদের ছিলো, তারা যে মর্যাদাবোধ জ্ঞাপন করেছেন এবং প্রজ্ঞা দেখিয়েছেন তা আমি এমন মাত্রায় কদাচিৎ দেখেছি। জীবনবোধ কোথায় নিহিত সেটি দবঝেঙ্কো স্পষ্টত বুঝতে পেরেছিলেন। আর তিনি একটি বিষয়কে নির্দেশ করেছেন যা আমার ওপর দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে। প্রকৃতি ও মানুষের মধ্যে সীমানার এই উল্লঙ্ঘন হচ্ছে মানুষের অস্তিত্বের জন্য একটি আদর্শ স্থান। দবঝেঙ্কো এটি বুঝেছিলেন। আমি তাঁকে নিয়ে অনেক ভাবি— তিনি তাঁকে নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেন। দবঝেঙ্কোকে কেবল একজন পরিচালক বলে মনে হয় না। তিনি একজন দার্শনিক। 

অবশ্যই সমসাময়িক চলচ্চিত্র পরিচালকরাও রয়েছেন যারা আমার কাছে অনেক কিছু। উদাহরণস্বরূপ আমি মনে করি যে গিওর্গি শেঙ্গেলায়া— তিনি পিরোসমানি বানিয়েছেন— এবং ওতার আইওসেলিয়ানি অত্যন্ত প্রতিভাধর। তারা অনেক বেশি দারুণ ছবি বানাবে। আমি, তা সত্ত্বেও, অন্যদের চেয়ে আইওসেলিয়ানিকে তার লিভড্‌ ওয়ান্স এ সং-থ্রাশ এবং হোয়েন লিভস্‌ ফল  ছবি দুটিসহ এগিয়ে রাখব। 

প্রশ্ন: মতাদর্শগত শ্রেণী সংগ্রামের বর্তমান সময়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে আপনার ভাবনা কী? বোধের আনন্দকে সক্রিয় করতে হবে এবং পরিবর্তিত বাস্তবতার মজাকে গুছিয়ে নিতে হবে ব্রেখটের এসব বক্তব্য নিয়ে আপনি কী মনে করেন? আর অন্য জায়গায় তিনি বলেনঃ নতুনের প্রদর্শন সহজ নয়, এটি নতুনের জন্য উদ্যমের প্রশ্ন। শিল্পসৃষ্টির সামাজিক-বাস্তবিক পন্থার জন্য প্রয়োজন সার্বক্ষণিক প্রশিক্ষণ, পরিবর্তন, নতুন কোনো কিছুর গঠন। সর্বোপরি একে অবশ্যই আগ্রাসী হতে হবে। আর একজন যোদ্ধা হিসেবে তার সকল অস্ত্র প্রয়োজন, সবসময় আরও ভালো অস্ত্র…

তারকোভস্কি: আমি এই দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণভাবে একমত। কিন্তু আমি আরও বলবো যে প্রত্যেক শিল্পীর জীবনে এই ধরনের লড়াই একটি ভিন্ন সূক্ষ্মতা লাভ করে। ব্রেখটের এই সিদ্ধান্তে শিল্পের প্রতি তাঁর মনোভাব প্রকাশিত হয়। আমি এই দৃষ্টিভঙ্গিকে মানি এবং আমি মনে করি শিল্প একটি শক্তিশালী অস্ত্র। অনেক সময় শিল্পকে অবমূল্যায়ন করা হয়। 

কয়েক বছর আগে আমি বারতোলুচ্চির প্রথম ছবিগুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। আমার মনে হয়েছিলো যে এই তরুণ ইতালীয় পরিচালক খুবই প্রতিভাধর, শক্তিশালী একজন শিল্পী যার কিছু বলার আছে। এখন তিনি এক বাণিজ্যিক পরিচালকে পরিণত হয়েছেন। তাঁর সর্বশেষ ছবি লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস-এ (১৯৭২) বারতোলুচ্চি পর্নোগ্রাফি ব্যবহার করা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি। অক্ষম ও দুর্বোধ্য মানুষেরা, বুর্জোয়াঁ দর্শক যা উপভোগ করে শুধুমাত্র সেটি দেখানোর জন্য তিনি তাঁর সমগ্র প্রতিভাকে ঠকিয়েছেন। পূর্বে বারতোলুচ্চি এমন একজন হিসেবে আবির্ভূত হয়েছিলেন যিনি তাঁর রাজনৈতিক দর্শনের জন্য লড়াই করবেন। এখন তিনি শিল্পী হওয়া থেকে বিরত হয়েছেন। কেউ তাঁকে এই ছবি বানাতে বাধ্য করেনি। তিনি ভুলে গিয়েছেন তিনি যে শিল্প সৃষ্টি করেন সেটি তাঁর সম্পত্তি নয়। এটি সেসব মানুষের, যারা শিল্পীকে এবং তাঁর কাজকে শ্রদ্ধা করে। তিনি স্পষ্টত এই বোধ থেকে লুপ্ত হয়েছেন যে একজন শিল্পীর যে স্বাধীনতা রয়েছে, সেটির পাশাপাশি তিনি দায়িত্ব এবং কর্তব্যও পালন করেন। আর একজন শিল্পী কী সেটি বুঝতে হবে। কারণ একে স্থায়ীভাবে জয় করতে হয়। আর এটি বেচাকেনা করা অনুমোদিত নয়।