২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান হাফিজের চারটি কবিতা

কোথায় যে চলে গেছে নিজেও জানে না/ যেখানে গিয়েছে ডুবে কুসুমিত চাঁদ/ সেই পরমাদ সাধ সঞ্চয়ের সুধাপাত্রে/ একা একা জীবন যাপন করে, সঙ্গী কেউ নাই।

হাসান হাফিজের চারটি কবিতা
পাবলো পিকাসোর চিত্রকর্ম

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 07 Nov 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

পানকৌড়ি হেমন্তমিথুন

জলে জন্ম, জলে বাস,আধোশ্রান্ত ওড়াউড়ি শেষে

ফিরে ফিরে ঘুরে ঘুরে কত কথা ঝুম নীরবতা

তারপর এলানো শয্যায়, দুজনার প্রাণ মিলে যায়

এবারও জলের জন্ম, জলপথে দ্রুতগতি প্রবেশ মরণ

মিলনের পিপাসার বিস্ফোরণ না-পাওয়ার নিমগ্ন দহন

এই তৃষ্ণা কোনোদিনই কোনোভাবে ফুরোনোর নয়, 

এ জীবন কেন ক্ষুদ্র, বাসনার অগ্নিকণা দূরে ছিটকে যায় 

অতৃপ্তির আহত কামনাগুচ্ছ লালফুলে ঐশিতার সুরভি ছড়ায়

জিজ্ঞাসা জেগেই থাকে দিনরাত ছটফট আকুলিবিকুলি

বিরহ মিলন উষ্ণ জড়াজড়ি সুপ্ত রয় সুগন্ধি খোঁপায়

পানকৌড়ি, তোমাকে ওড়ার শক্তি অন্তরাল দুরন্ত প্রেরণা

যে দিয়েছে, তাকে ছেড়ে কোনোদিনই কুপথে যেয়ো না

দুঃখতাপ শোকচিহ্ন কীভাবে কেমন করে লুকোনা সম্ভবপর

হীনতার সে কৌশল জানা নেই আলাভোলা মেয়ে পাখিটির

সে তার ভিতরে পোড়ে, নিয়তি কি এরকমই শুধু ছাই হওয়া

ভালোবাসা কেন তবে জন্ম নেয়, বেহায়ার মতো বড় হয়

পানকৌড়ি যুগলের অস্তিত্বে সে আষ্টেপৃষ্ঠে লেগে থাকে আঠার মতন!

জোড়া পঙ্ক্তি ভাঙাচোরা-৪

১.

ধারণ করেছো দুঃখ চিহ্নছাপ, কিসের? কিসের?

অপ্রাপ্তি ও অবজ্ঞার। অন্ধ বিরহের!

২.

বিশ্বাস ভাঙে না নদী,

যে রকম মানুষেরা ভাঙে!

৩. 

অসুখের মতো এক ভালোবাসা হৃদয়ে পুষেছি

ঠোকরে যে রক্ত ঝরবে, জানা ছিল তাও!

৪.

বিগ্রহ ভেঙেছে কবে ক্ষতি নাই

পূজারীর হৃদয়ে সে ভালোবাসা অনন্ত জাগ্রত  

৫.

দীর্ণ এই চূর্ণ এই ভালোবাসা তোমার আঘাতে

মরে যাই, মরতে মরতে বেঁচে উঠি ফের।

৬.

আঁধারের যত বাধা আছে 

সবটুকু পার হয়ে কাঁটাপথ, পৌঁছে ঠিক যাব তার কাছে!

দীর্ঘ হও লানত বর্ষণ করো

‘পিপাসা’ শব্দটি আমি আক্রোশে ও ভালোবেসে

ছিন্নভিন্ন করে ফেলি, পেতে চাই ঈষদুষ্ণ জল

কিন্তু এই প্রচেষ্টা নিষ্ফল,

মরীচিকা ভ্রম শুধু দীর্ঘ হয়, মোহনীয় নয়

এর কোনো গূঢ় অর্থ মরতবা রয়েছে নিশ্চয়

আমি এই প্রচেষ্টা জীবনীশক্তি সহিষ্ণুতা ক্ষয়

করে করে আরো নিঃস্ব ভারাতুর হই

তারপরও বেগানা প্রান্তরব্যেপে উৎকর্ণও রই

এই যে অপেক্ষাতৃষা তারও মধ্যে শিশুতা রয়েছে

ছন্দ আছে অন্ত্যমিল আকাঙ্ক্ষা ও সমর্পণ

আসক্তি আশ্লেষ সবই বিদ্যমান,

তারপরও কেন যে কাঙালপনা কেন এই আকুলিবিকুলি

নির্মূল হবে না এই সর্বহারা দেউলিয়াত্ব

আমি জানি ভালো করে অনিচ্ছায় দৃষ্টান্ত হয়েছি

স্বপ্নভুক জীবনের সমস্ত গতায়ুপ্রায়, শঙ্কা কিছু নাই

‘পিপাসা’ তোমার সঙ্গে দেখা আর এ জন্মে কি হবে

সম্ভাব্যতা কিছুমিছু আছে নাকি তাও তো জানি না

হে পিপাসা দীর্ঘ হও, লানত দেওয়ার মত ক্ষমতা পেয়েছো

সুতরাং নিষ্ঠুরতা, স্বৈরাচার তোমাকেই একান্ত মানায়...

অমৃত কবিতা

জীয়ল মাছের স্নিগ্ধ কমনীয় সৌন্দর্যের আভা

রয়েছে তোমার? লোলচর্ম কখনোই নও।

উড়তে পারো মেঘ হয়ে, বৃষ্টি হয়ে নামো

মৃত্তিকা তোমাকে পেয়ে আনন্দিত ডগোমগো

মুমূর্ষু তোমাকে চায়, তুমি হচ্ছো অমৃত জীবন!

নিন্দামন্দ কাঁটা হুল কতো বিঁধছে রক্তের দ্রবণে

সুগন্ধিত ফুল তুমি সহজেই ফোটাতে সক্ষম!

তোমাকে জীবন বলি, ছন্দায়িত কবিতাও বলি

তুমি শব্দ, নশ্বর মোটেও নও, পরম্পরা তুমি!

যতদিন এই ভূমে তপস্যা ও পিপাসা রয়েছে

তোমার শরণ সিদ্ধি সঙ্গসুখ চাইবে সকলে

ঘোরতর তৃষ্ণাতাপে মরে যাবে, জন্ম নেবে ফের!

ডুবে গেছে কুসুমিত চাঁদ

অনুরাগ কি  সূক্ষ্ম  কোনো ব্যথা?

সুনিপুণ লতিয়ে সে ওঠে

ভালোবেসে অষ্টেপৃষ্ঠে নিজেকে জড়ায়

জাগরণ ভিন্ন কোনো গত্যন্তর নাই যে ভুবনে

ঘুমের বন্দর দূরে অত্যন্ত সুদূরে

এ জীবনে ধারেকাছে পৌঁছানো দুষ্কর। 

অনুরাগে হয়তো কোনো লুকোনো চুরোনো পাপ 

স্মৃতিভ্রষ্ট ভাপও কিছু সংমিশ্রিত আছে

ভালোবাসা পুণ্য জলে তাতে শুদ্ধ পরিস্রুত

হওয়ার আকাঙ্ক্ষা পুষি মনের ভিতরে

ওগো মন দুঃখজাগানিয়া ঢেউ পলকা মন

যে গান শোনাবে বলে কথা ছিল

স্মিত হেসে বিরহের পাপড়িগুচ্ছ ছড়াতে ছড়াতে

কোথায় যে চলে গেছে নিজেও জানে না

যেখানে গিয়েছে ডুবে কুসুমিত চাঁদ

সেই পরমাদ সাধ সঞ্চয়ের সুধাপাত্রে

একা একা জীবন যাপন করে, সঙ্গী কেউ নাই।