২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহনজিন ৫ – ওসাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন

ঢাকায় বন্ধুদের আক্ষেপ করে লিখেছিলাম দেশে ফিরে গেলে কেউ আমাকে আর চিনতে পারবে না।

আশরাফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 08:08 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

কিছুক্ষণ পর সহযোগী অধ্যাপক ইয়োশিদা এসে আমাদের ওসাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন। গতরাতে বিমানবন্দরে তিনিই আমাদের অভ্যর্থনা জানিয়েছিলেন। আমরা স্যুট টাই পরেই ঘর থেকে বেরিয়েছিলাম।

ওসাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসটির নাম কিতা সেনরি, মূল ক্যাম্পাস থেকে অনেক দূরে। এখানে বেশ কয়েকটি গবেষণা ইন্সটিউটে মাস্টার্স, পিএইচডি এবং আরো উচ্চতর গবেষণা হতো। আন্ডারগ্রেড ক্লাশ দূরের মূল ক্যাম্পাসে হতো বলে ছাত্রছাত্রীর আনাগোনা খুব বেশি চোখে পড়তো না। আমাদের ইউনেস্কো কোর্সটি পরিচালনা করতো ফার্মেন্টেশন টেকনোলজি ডিপার্টমেন্ট। এখানে শষ্য, ফল ও উদ্ভিদজাত উপাদানকে পঁচিয়ে বিভিন্ন জাতের মদ, সির্কা ও সস, এবং আচার বানানোর বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা করা হয়। পঁচানোকে ইংরেজিতে ফার্মেন্টেশন বলা হয়।

বিলডিং এ ঢুকেই ডান ও বামের প্রশস্ত দেয়াল জুড়ে কবুতরের খোপের মতো অসংখ্য খোপের প্রতিটিতে তুলতুলে অনুভূতির একজোড়া করে স্যান্ডেল রাখা। আমরা পায়ের জুতা খুলে স্যান্ডেল পরে জুতাজোড়াটি সেই খোপে রেখে দিলাম। এই কাজটি গতরাতে ওয়াই-ওয়াবলিও-সি-এ তেও করতে হয়েছিল। কিন্তু সেটি তো ছিল বাসস্থান বলে! বিশ্ববিদ্যালয়ে ঢুকতেও এই ব্যবস্থা কেন? বলা হলো বিশ্ববিদ্যালয় হওয়া ছাড়াও এটি হচ্ছে জীবাণু বিষয়ক গবেষণাগার – এখানে জুতায় করে অজানা জীবাণু নিয়ে আসা মানে হচ্ছে গবেষণাগারের পরীক্ষামূলক জীবাণুকে অপবিত্র করে ফেলা। তাই পৃথিবীর যত বড় ব্যক্তিই হোন না কেন এখানে ঢুকতে তাঁকে জুতা বদল করতে হবেই। এই ব্যপারটি জাপানের প্রতিটি গবেষণাগারের ক্ষেত্রেই অত্যন্ত কঠোরতার সাথে পালন করা হয় দেখেছি। উপরন্তু ব্যক্তিগত ও পারিবারিক বাসস্থানেও এই নিয়মের ব্যতিক্রম নেই।

এই জুতা বদলের ব্যপারটি আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিয়েছিল। ঢাকায় সচরাচর স্যান্ডেল পরেই চলাফেরা করতাম। বিদেশে আসছি বলে ঢাকার নিউ মার্কেট থেকে নতুন ফিতা-বাঁধার একজোড়া জুতা কিনে এখানে এসেছি। শ্রীবাস্তভের পায়ে পাম্পসু জাতীয়, ফিতাবিহীন জুতা। প্রতিবার ফিতা খুলতে গেলে আমি সাথে থাকা প্রমোদ শ্রীবাস্তব থেকে পেছনে পড়ে যাই। ফলে আমাকে হাঁটতে নয়, দৌড়াতে হয় বলে হাঁপিয়ে ও ঘামে একাকার হয়ে যাই। একইভাবে এই ভবন থেকে বেরিয়ে অন্য কোথাও যাবার সময়ে জুতার ফিতা বাধতে বাড়তি সময় ব্যয় হয়! আমার খালি মনে হয় বাংলাদেশ ভারতের পেছনে পড়ে যাচ্ছে। পরবর্তীতে পুরো ক্লাশে ও গবেষণার ক্ষেত্রে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ও বজায় রাখতে পারলেও এবং এই কোর্সে প্রমোদ আমার ঘনিষ্টতম বন্ধু হলেও ওর স্মার্টনেস আমাকে বেশ পীড়া দিত। তাই নতুন একজোড়া জুতা কেনা আমার জন্য অপরিহার্য হয়ে উঠলো। সে কথায় পরে আসছি।          

এই ক্যাম্পাসে কর্মরত প্রায় সবাই বিজ্ঞানী অথবা পিএইচডি পর্যায়ে গবেষণারত জাপানি ও বিদেশি ছাত্র।  এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেন্টেশন টেকনোলজি বিভাগ আমাদের ইউনেস্কো কোর্সের সার্বিক পরিচালনা করে থাকে। কোর্স-প্রধান অধ্যাপক হিসাহারু তাগুচি এই বিভাগেরও প্রধান। তার কথা পূর্বে উল্লেখ করেছি।

এখানে দেখা ও পরিচয় হলো অধ্যাপক তাগুচির সেক্রেটারি মিসেস ফুমিকো সোয়াজুমি-র সাথে। গত কয়েক মাস থেকে একমাত্র তিনিই আমাদের সাথে পত্রে যোগাযোগ রক্ষা করছিলেন। প্রথম পরিচয়েই অতি পরিপাটি পোষাক ও চেহারার মাঝবয়সী এই মহিলা মাতৃত্ব ও বন্ধুত্ব মাখা মিষ্টি ও শান্ত চেহারা নিয়ে আমাদের প্রত্যেককেই আপন করে নিলেন। ‘ওমুচি’ নামে চাউল ও সোয়াবিন মটরের এক ধরণের মিষ্টান্ন ও কফি দিয়ে আপ্যায়ন করলেন। আপ্যায়নে তাঁকে সাহয়ায্য করতো আমাদেরই বয়সী এক সুন্দরী যুবতী। জাপানে বাস করা পরবর্তী কয়েকটি মাস মিসেস সোয়াজুমিই আমাদের সবার ব্যক্তিগত ও প্রশাসনিক সব প্রয়োজন মেটানোর কেন্দ্রবিন্দু ছিলেন। আজ ও কাল আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। তিনদিন পর সোমবার থেকে আমাদের পুরোদমে লেকচার ও ব্যবহারিক বা প্র্যাক্টিক্যাল ক্লাশ শুরু হবে।

একটি কাগজে সই নিয়ে মিসেস সোয়াজুমি আমাদের প্রত্যেকের হাতে পঁয়তাল্লিশ হাজার জাপানি মুদ্রা ‘ইয়েন’ এর কড়কড়ে নোট বুঝিয়ে দিলেন। পঁয়তাল্লিশ হাজার ইয়েন! মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকা! এতো টাকা দিয়ে আমি কী করবো? ঢাকা ছেড়ে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন বছরের বেশি সময় শিক্ষকতা করার পর আমার বেতন ছিল মাসে সর্বসাকুল্যে এগারো’শ টাকা। সেই তুলনায় আজকের পঁয়তাল্লিশ হাজার ইয়েন আমাদের প্রাথমিক হাতখরচা। আর দুদিন পর আগামি সোমবার আমরা এর চেয়েও অনেক বেশি, অক্টোবরের মাসিক ফেলোশিপের দুই লক্ষ বারো হাজার ইয়েন করে পাবো! ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছিল!

মিসেস সোয়াজুমি আমাদের সবাইকে নিয়ে গেলেন বিশ্ববিদ্যালয়ের কো-ওপ দোকানে। আমাদের দুই ইন্দোনেশীয় বন্ধু প্রথমেই কালো এবং চকোলেট রঙের চামড়ার মত দেখতে কৃত্রিম তন্তুর দুটি জ্যাকেট কিনে ফেললো দেড় হাজার ইয়েন করে। তাঁদের দেখাদেখি আমিও তেমনি একটি কিনলাম। গায়ে চড়িয়ে আয়নায় নিজেকে বেশ স্মার্ট মনে হলো, বিদেশে আমার আত্মবিশ্বাস আরো খানিকটা বাড়লো। আরো কিনলাম কলম পেন্সিল, খাতা, প্যাড, ও মুখরোচক স্ন্যাকজাতীয় শুকনো খাবার। দেখলাম খরচ করার ব্যপারে ভারতীয় দুজন যথেষ্ট হিসাবি।

দুপুরে খাওয়ার জন্য কিতা সেনরি স্টেশনের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের সবাইকে। আমি যে খাবারের দোকানেই ঢুকি, একটি বোঁটকা গন্ধ এসে নাকে লাগে। সাথে সাথে বের হয়ে আসি। প্রতিটি দোকানের আলমারিতে প্রতিটি খাবারের একটি নমুনা শোভা পাচ্ছিল। ভাতের ওপর অন্যকিছুর সাথে ডিম দেয়া একটি প্লেট দেখে পছন্দ হলে সেটি খেতে গিয়েও সেই বোঁটকা গন্ধ পেলাম। সেটি ছিল জাপানে খাবারের প্রাত্যহিক ব্যবহৃত সয়ু সসের গন্ধ। এই গন্ধটিতে পুরোপুরি অভ্যস্ত হতে আমার বেশ কয়েকমাস লেগে গিয়েছিল।

বিকেলে এক বিশাল হলঘরে আমাদের অভ্যর্থনা দেয়া হয়েছিল। প্রধান অতিথি ছিলেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রেসিডেন্ট। আরো ছিলেন এই ক্যাম্পাসের প্রায় সব কটি ইন্সটিটিউটের প্রধান। সবার হাতে মদ জাতীয় হাতের পানপাত্র উপরে ধরে ‘কাম্পাই’ বলে অনুষ্ঠানের সূচনা করা হলো। সবাই ছোটখাট বক্তৃতা দিলেন ইংরেজিতে। কিন্তু জাপানিদের প্রধানতঃ র কে ল এবং ল কে র বলা উচ্চারণের জন্য একটি বক্তৃতাও বুঝেছিলাম বলে মনে পড়ে না। আমরা সবাই নিজ নিজ সম্পর্কে ও নিজ দেশ সম্পর্কে স্বল্প কথায় বললাম।

আমার কাছে এই অনুষ্ঠানের সবচেয়ে স্মরণযোগ্য অংশটি ছিল বিভিন্ন ধরণের খাবারের অঢেল সরবরাহ। এক বসায় খাবারের এতো বড় সমাহার আমি এর আগে কখনো দেখিনি। বিশাল বিশাল চকচকে ধাতব থালায় বিভিন্ন স্তরে ও সুন্দর বিন্যাসে কোনোটিতে সাজানো ছিল ভাতের ছোট ছোট দলার মাঝে পাখির নরোম জিভ, কোনোটিতে ঠোঁট সহ বিভিন্ন প্রজাতির পাখির মাথা, কাঁচা মাছের শুশি, হলুদ-খয়েরি-লাল চকচক করতে থাকা মাছের ছোটো বড় ডিম। এছাড়া মুরগি, গরুর ও শুকরের মাংশের বিভিন্ন পরিবেশন তো ছিলই। একটি থালা শেষ হওয়ার আগেই অনুরূপ আরেকটি থালা নিয়ে প্রবেশ করছিল সুবেশী জাপানী যুবতীরা। পরিবেশনকারী এই সুন্দরীদের দেখে দেখে তখনো অনভ্যস্ত জাপানি খাবারের স্বাদের কথা ভুলে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু খেতে গিয়ে লক্ষ করলাম এই খাবারগুলোয় দুপুরে রেস্তোরাঁয় পাওয়া বোঁটকা গন্ধ প্রায় ছিলই না। এই অভ্যর্থনা  বিদেশিদের উদ্দেশ্যে ছিল বলেই হয়তো খাবারের কথা ওরা মাথায় রেখেছিল। জাপানীদের সাথে আমার সহপাঠী কোরিয়, ইন্দোনেশিয়, শিঙ্গাপুই ও থাই অতিথিরা এসব খাবার বেশ রসিয়ে উপভোগ করছিল। কিন্তু আমি ও ভারতীয় দুজন শুধু স্যান্ডউইচ, বিস্কুট ও পনির খেয়েই সন্তুষ্ট ছিলাম।

পরদিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের অনেকেই প্রথমে পোস্ট অপিসে যাওয়ার চিন্তায় ছিলাম। গতরাতে সবাই নিজ নিজ প্রিয়জনের কাছে চিঠি লিখে নিয়ে এসেছি। অভিজ্ঞতা থেকে মিসেস সোয়াজুমি এরকমটিই হবে জানতেন বলে অপেক্ষা করছিলেন। সবাই এসেছি কিনা দেখে আমাদের পোস্ট অপিসে নিয়ে গেলেন। প্রমোদ শ্রীবাস্তভ লিখেছে একটি চিঠি, কলিকাতায় ওর পাতানো বাঙালি মায়ের কাছে। সুরেশ ঘাই লিখেছে দুটি চিঠি, একটি বাবা আরেকটি প্রেমিকার কাছে। আমি লিখেছি অনেক ক’টি, আম্মা, আব্বা, ছোট আপা, মেঝভাই, চৌধুরী স্যার, খান স্যার, গোমেজ স্যার, বাশার স্যার, মোসাদ্দেক ও ইফফাতকে – প্রায় সবাইকে আলাদা আলাদা ঠিকানায়। ঘাই বললো তুমি এতো চিঠি লিখেছো, খরচ অনেক হবে যে! উত্তরে বললাম আরো অনেককে আমার চিঠি লিখতে হবে।

আমরা লাইন ধরে দাঁড়ালে ইংরেজি না বলতে পারা কেরানী ঠিকানায় দেশটির নাম দেখে প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন অংকের ইয়েন, অর্থাৎ জাপানি মুদ্রা রেখে খুচরো ফেরত দিলেন। ইয়েন রাখলেও এনভেলপের ওপর টিকেট কেন সাঁটা হচ্ছে না জিজ্ঞেস করলে মিসেস সোয়াজুমি শান্তস্বরে বললেন সময়মতো সে ঠিকই তা করবে। পোস্ট অপিসের বাইরে চলে এসে ঘাই অত্যন্ত সন্দেহের সুরে আমাকে ও প্রমোদকে বললো, আচ্ছা মিসেস সোয়াজুমিকে বলতে পারছি না কিন্তু এনভেলাপে টিকেট না লাগিয়ে এখন যদি লোকটি ইয়েনগুলো নিজের পকেটে ঢুকিয়ে দেয়? ভারতে তো অবশ্যই তা করবে। আমি মুখে কিছু না বললেও ঘাই বাংলাদেশের অভিজ্ঞতাপ্রসূত আমার ভয়টিই প্রকাশ করেছিল। বলা বাহুল্য কারো চিঠি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেনি বলে কেউ কখনো অভিযোগ করিনি!

সেদিনই আমাদের পুরুষ সদস্যরা ওয়াই-ডাবলিউ-সি-এ ছেড়ে বিদেশিদের জন্য নবনির্মিত তামপাকু-কেন বা প্রোটিন রিসার্চ ইন্সটিউট এর ডর্মিটরিতে স্থানান্তরিত হলাম। এখান থেকে আমাদের ক্লাশ ও গবেষণাগার প্রায় এক মাইল দূরে, আসা যাওয়া করতে হবে পায়ে হেঁটে। ওয়াই-ডাবলিউ-সি-এ’র তুলানায় বেশ ছোটো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরিপাটি শোবার ঘর। এতো পরিষ্কার ধবধবে সাদা বিছানা আগে আমি আর দেখিনি! দুদিন পরপর ইস্তারি করা বিছানার চাদর ও রাতের পোষাক বদলিয়ে দিয়ে যায়। চিঠিতে বড় ভাবিকে উপন্যাসে পড়া ‘দুগ্ধফেননিভ শয্যা’ বলতে কী বোঝায় তার চাক্ষুষ বর্ণনা দিয়ে লিখেছিলাম।

এখানে নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকলেও কেউ রান্না করতাম না। দুপুরে ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় খেয়ে ঘরে ফিরতাম। ব্যক্তিগতভাবে কেনা ডিম, দুধ, রুটি, ও মাখন রান্নাঘর সংলগ্ন খাবার ঘরের রেফ্রিজারেটরে রাখতাম। বিশাল গোসলখানায় কোন আব্রু ছিল না। দিগম্বর হয়ে সবাই একত্রে গোসলের ব্যবস্থা। প্রথম ক’দিন গোসল না করেই কাটিয়ে দিয়েছিলাম। এক গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি গিয়ে গরম পানি মাথায় ঢালার সাথে সাথে মনে হলো আমার মাথা থেকে এক খাবলা চুল উঠে এলো। এই যে চুল পড়া শুরু হলো, কয়েক মাস পর জাপান ছেড়ে যাওয়ার সময় মাথাটি আমার অর্ধেক খালি হয়ে গিয়েছিল। ঢাকায় বন্ধুদের আক্ষেপ করে লিখেছিলাম দেশে ফিরে গেলে কেউ আমাকে আর চিনতে পারবে না।

এই ক’দিনে আমার শিক্ষাসংগীদের সবার  সাথে ভালো পরিচয় হয়ে গিয়েছিল। আমার অপরাপর সহশিক্ষার্থী বা কোর্স মেটরা ছিলেন বুলগেরিয়ার আলেক্সান্ডার বোরিসভ রাতকোভ, তুরস্কের আহমেট অলটান এরারস্লান, শ্রীলংকার চন্দ্রানী সুশীলা বিজয়রত্না, ভারতের প্রমোদ কুমার শ্রীবাস্তভ ও ডঃ সুরেশ কুমার ঘাই, সিঙ্গাপুরের উয়োং ত্সে সেন, থাইল্যান্ডের ওয়াতানালাই পানবেংগ্রেদ এবং আচারা তান্তিচোদোক, ইন্দোনেশিয়ার সুয়েদো হাদউইয়েতো এবং মার্সেলাস উদিহার্তো, ফিলিপিন্সের জোসি চুয়া এবং আরো দুজন (নাম মনে নেই), এবং কোরিয়ার তায়ে-জং কোয়ান, ওহ মান জিন এবং ওয়োন চিওল শিন।

ইন্দোনেশিয়ার দুই ছাত্র হাসিমুখো ও বন্ধুবাৎসল হলেও তাঁদের এবং কোরিয়ানদের ইংরেজি বোঝা দুর্বোধ্য ছিল। ফলে ওরা নিজেদের সাথেই মেলামেশা সীমাবদ্ধ রাখতো। তবুও প্রায় সবার সাথেই আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বাংলাদেশে বন্ধু ও সহপাঠীদের সাথে যে ধরণের আচরণ ও খুনসুটি করতাম, এদের সাথে তেমন সম্পর্ক গড়তে কোনোই অসুবিধা হয়নি। মিস্টার, মিস ও মিসেসকে জাপানি ভাষায় সান বলা হয়। অন্ত্রনালী থেকে বের হওয়া হাসিটি ঝকঝকে সাদা দাত দিয়ে প্রকাশ করা মিশমিশে কালো শ্রীলংকার চন্দ্রানীকে আমি সানের বদলে চন্দ্রানী মুন বলে সম্বোধন করতাম। সেও এই অভিধাটি বেশ ভালোই উপভোগ করতো। আমার দেখাদেখি অন্যরাও সেই নামেই ডাকতো। সে ক্লাশে বসে বসে ওমানে কর্মরত ইঞ্জিনিয়ার স্বামীর চিঠি পড়তে পড়তে চোখের জলে গাল ভেজাতো। প্রমোদ শ্রীবাস্তভ ও সুরেশ কুমার ঘাইয়ের কথা আগেই লিখেছি। প্রমোদ আমেরিকায় বিজ্ঞানী হিসাবে সুনাম কুড়িয়েছিল। সুন্দরী ওয়াতানালাই পাংগ্রামদেবের সাথে সুসম্পর্ক স্থাপিত হয়েছিল ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সম্বর্ধনা পার্টিতেই। কয়েকবছর আগে পর্যন্ত সে ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয়ের ভালো বিজ্ঞানী হিসাবে নিয়োজিত ছিল। বুলগেরিয়ার আলেক্সান্ডার ছিল প্রচণ্ড দিলখোলা মানুষ, গলা ছেড়ে গান গাইতো।  প্রমোদ ভ্রমণে গিয়ে রাতে গ্রামীন রাস্তায় হাঁটতে হাঁটতে অনুরোধ করলেই সে তাঁর দেশের পল্লী সংগীত গেয়ে শোনাতো। একটি গানের মর্ম ছিল এই রকমঃ রাকিয়া মদ্য পান করতে করতে  হারিয়ে যাওয়া প্রেমিকার মধুর স্মৃতিচারণ। তুরস্কের আহমেট অলটান ছিল অনেকটাই অন্তর্মুখী – সে কেন আমেরিকান হয়ে জন্মগ্রহণ করেনি সে নিয়ে আক্ষেপ করতো।

৬ই জানুয়ারি, ২০১৯

আগের পর্বটি পড়তে এখানে টিপ দিনঃ

নিহনজিন ৪ - জাপানের প্রথম অনুভূতি