২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবনি অনার্যের কবিতা

একদিন এই পৃথিবী ধ্বংস হবে কথার কারণে- অপ্রয়োজনীয় কথা বলবার কারণে, আর প্রয়োজনীয় কথাগুলো না-বলবার কারণে।

অবনি অনার্যের কবিতা
চিত্রকর্ম মনিরুল ইসলাম

অবনি অনার্য অবনি অনার্য

Published : 03 Nov 2025, 08:34 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

স্মরণাপন্ন

আমরা-তোমরা স্মৃতিভ্রমরা কি হবো না স্মরণাপন্ন

আপন্ন শরণার্থীরা রণ-বণিকের কাছে পণ্য

কে যে পর কেবা অপর গো সাঁই, গোঁসাই কি গো আপন নয়!

এ-জীবন কার পণ্য যে করো উপভোগে কার্পণ্য?

অভাববাচ্য

(উৎসর্গ: ঋত্বিক ঘটক)

ভাসাভাসা ভাষাজ্ঞান নয়, “ভাবা প্র্যাকটিস করো”, ভাবো।

ভাষা তো কেবল করে না প্রকাশ তাবৎ ভাব- অভাবও!

আচার ব্যবহার

ভালো আচার ব্যবহার করুন। মানুষের সঙ্গেও। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই।

কম্প্যানি-ভেদে আচারের মান আকাশ-পাতাল পার্থক্য হয়।

ঘরে-বানানো আচার সবচেয়ে ভালো এবং দীর্ঘস্থায়ী। 

পদপ্রদর্শক

প্রচুর দর্শক, সে তুলনায় প্রদর্শক অপ্রতুল। পথপ্রদর্শক ততোধিক কম। 

বিপরীতে, পদলেহন করে পদোন্নতির সম্ভাবনার সন্ধান দেয়া পদপ্রদর্শকের অভাব নেই। আর বিপদপ্রদর্শকের দিক থেকে আমরা বহুকাল ধরেই স্বয়ংসম্পূর্ণ– দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি।

সনদে মসনদে

সনদের চেয়ে দৃষ্টি যখন চকচকে মসনদে।

নামহীন হ্রদও বেশ ধরে খুব বহতা বনেদী নদের।

আহত বীরের কৃত্রিম হাত খসে পড়ে জনপদে।

দেখো, কৃত্রিম বীরদের হাত হেঁটে যায় সংসদে।

ঈশানের মেঘে চেনা তো যায় না কে আসল কে না ফেক।

ইতিহাস জানে কে মেজর কেবা মাইনর মুনাফেক।

কথাবার্তা সমাচার

একদিন এই পৃথিবী ধ্বংস হবে কথার কারণে- অপ্রয়োজনীয় কথা বলবার কারণে, আর প্রয়োজনীয় কথাগুলো না-বলবার কারণে।