০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অপ্রেমের দিন ও অন্যান্য কবিতা

উষর জীবনে এখন আর প্রেম নেই / আমার হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা/ চুইয়ে পড়েছে শেষবারের মতো

অপ্রেমের দিন ও অন্যান্য কবিতা
গিয়র্গিও দি চিরিকোর চিত্রকর্ম

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 10 Aug 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আশা 

ঝোপঝাড়ে ঝলমল করে উঠলো আলোর পোকা। শেয়ালেরা বালাজন নদীর চড়ায়

এদিকে চাবির গোছার মতো ধানের শীষে

ভাঙা নৌকার পাটাতনে আঁধার নেমেছে 

গভীর রাতের খোঁপা থেকে ঝরে পড়বে সৌরভ 

প্রিয়তমা ভেসে যাবে বামনির স্বচ্ছ  প্রবাহে 

একদিন সে ছিল কেবলই  আমার 

খোলস ভাঙার পর হবে পৃথিবীর 

ধুতুরা ফলের বিষ অন্ধকার  করে দিলো

ভেতর-আঙিনা। ওই আকাশ 

আমার হৃদয়ে উপহার দিলো রংধনু 

ময়লা জোছনায় গভীর বাতাসে ডুবে যাবে তারা

তবু যদি আকাশের অলংকার সন্ধ্যাতারা ওঠে 

আজ যারা নিরুদ্দেশ  তাদের 

আকাঙ্ক্ষা যদি কাশফুল হয়ে ফোটে 

বামনি নদীর বাঁকে 

প্রিয়া যদি জীবনের অপ্রিয় বিচ্ছেদ নিয়ে 

বেঁচে থাকে; জোনাকির আলোয় অস্পষ্ট 

একটা সাঁকো হয়ে থেকে যাবো আমিও । 

খন্ড  চিত্র 

বাঁধিয়ে রাখার মতো চমৎকার বিকেলের ছবি 

কলেজ পাড়ার  সবচেয়ে  উঁচু বাড়িটার

মাথা ছুঁয়ে আছে এক খন্ড সাদা মেঘ

ফুটপাথে বেড়ে ওঠা শিশুরা খেলছে 

নিচু টেপ কল থেকে বেরোচ্ছে ধোঁয়া অবিরাম ! 

চা-নাশতা হলো। এখন হবে সিগারেট 

নীল ধোঁয়ার ফিতা পাক খাবে মাথার  ওপর 

ভালোবাসা সবখানে নেই  সবাই পাবে না

এরকম অনুভবের ভেতর  দিয়ে, আমাদের 

দেশলাই ধরে থাকা আঙ্গুলের ফাঁক দিয়ে 

খুব ধীরে বয়ে চলেছে সময় ! 

আর কোনো ভালোবাসা নেই 

ছোট শহরের নির্জনতায় ভরা মন্থর বিকেল

গাভীর চোখের মতো ছোট জলাশয় 

পিঠে শালিকসমেত মহিষের হেলেদুলে আাসা

গোসাঁইবাগানে শত শত হলুদ ফুলের আহ্বান ---

এসবের চেয়ে ভালো স্মৃতি নেই 

আর কোনো ভালোবাসা অবশিষ্ট  নেই 

তবু আমি চেঁচিয়ে উঠছি কীসের আনন্দে ? 

এ গুমোট এপ্রিলে আমি টেরই পাই নি

লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো 

নিঃশব্দে হারিয়ে গেছে আমার ক্ষণজীবি প্রেম। 

অপ্রেমের দিন 

উষর জীবনে এখন আর প্রেম  নেই 

আমার হৃদয়ের অবশিষ্ট  ভালোবাসা

চুইয়ে পড়েছে শেষবারের মতো 

আমি এখন বিষাদের সিংহদ্বার  দিয়ে 

পিপড়ার মতো নিজেকে টেনে নিয়ে চলেছি

এক সংশয়ী বিরহসংগীতের  দিকে ! 

শুধু  মনে  আছে 

শুকিয়ে আসা লাল রক্ত, কালো  রঙের;

যুদ্ধের সময়ের বর্ধিষ্ণু উত্তেজনা

কোনো মাপ বা আকৃতি মনে নেই 

শুধু মনে আছে বিক্ষুব্ধ চিন্তার রাত

নিভে যাওয়া আগুনের শিখা 

বড় রাস্তায় থেঁতলে যাওয়া খরগোশ 

কোনো দুঃখ বা আহাজারি নেই 

শুধু মনে আছে হৃদয়ের শান্ত নির্দেশ  

গ্রীষ্মের   রাত 

অসহনীয় গরমে ত্রিভূজের বাহু তিনটি 

আলগা হয়ে পড়ে 

ঘামে ক্লান্তিতে আমাদের জীবন অতিষ্ঠ 

টেবিলের নিচ থেকে অদৃশ্য ধুলা বয়ে যায় 

এক  বারান্দা থেকে আরেক বারান্দায় ;

প্রজাপতি এসে বসে থাকে দেয়ালঘড়ির ওপর 

দুজনের চার বাহু এক বিন্দুতে

এসে মিলতে চায় না বিছানায় !