২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের কবিতা: সংগ্রামে ও প্রার্থনায়

কবরস্থান থেকে জেগে উঠুক শতসহস্র মুক্তিযুদ্ধের শহীদ/ শ্মশানের ভস্ম থেকে উদ্ভূত হোক মানুষের প্রত্যয় / আমি আছি বিশ্বমানবের মুক্তির আকাঙ্ক্ষায়, আর আছি এই বাংলায়—সংগ্রামে ও প্রার্থনায়

বিজয় দিবসের কবিতা: সংগ্রামে ও প্রার্থনায়
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

তাপস গায়েন তাপস গায়েন

Published : 16 Dec 2025, 12:01 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

হেমন্তের ঝরাপাতা জড়ো করে 

আমি হব দাবানল, আমি হব বিজয়ের উৎসব—

প্রতিরোধের অহংকারে রাতের অবতলে জেগে আছে পেঁচা

ঈগলের চোখে ব্যাপ্ত দিনের সকল প্রত্যয়

বিস্তৃত রাজপথে পিপীলিকার মতো মিছিল, ভ্রান্তিহীন

হাতির দখলে নিয়েছি নগরীর সব সড়কপ্রধান

পৃথিবীর শান্তিকামী সব মানুষের সংগ্রাম যেমন আমার,

আর আমার প্রতিরোধে তারাও আজ সোচ্চার

আমার স্বদেশকে পাহারা দেবে

তিমি, জলফরিঙ, আর শত শত শুশুক

কবরস্থান থেকে জেগে উঠুক শতসহস্র মুক্তিযুদ্ধের শহীদ

শ্মশানের ভস্ম থেকে উদ্ভূত হোক মানুষের প্রত্যয় 

আমি আছি বিশ্বমানবের মুক্তির আকাঙ্ক্ষায়, আর আছি

এই বাংলায়—সংগ্রামে ও প্রার্থনায়