২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের বিজ্ঞান-সাহিত্য

বাংলায় প্রথম বিজ্ঞান লেখার চর্চা যাঁরা শুরু করেছিলেন তাঁরা বাঙালী নন, ইউরোপীয়। এ অঞ্চলে আধুনিক কাঠামোবদ্ধ বিজ্ঞানশাস্ত্রের চর্চা ও শিক্ষাদান ইউরোপীয়দের হাত ধরে শুরু। স্বভাবতই, বাংলায় প্রথম পাঠ্যপুস্তক লেখার সূচনাও তাঁদের হাতেই।

খান রুহুল রুবেল

Published : 17 Mar 2026, 10:50 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

-০১-

‘বিজ্ঞান-সাহিত্য’ কথাটা খুব প্রচলিত এমন মনে হয় না। বিজ্ঞানের বই সাহিত্যের বই কিনা এ তর্কও চলতে পারে। কেননা, খুব ভাল বিজ্ঞানের বই লেখেন, এমন কাউকে আমরা সাহিত্যিক হিসেবে আলাদা করে গণ্য করি না। কোনো সাহিত্য সভায় বিজ্ঞান লেখককে ডাকা হয় না। বিজ্ঞানের বই পুরস্কার পায় নির্ধারিত বিশেষ ক্যাটাগরিতে। বিজ্ঞানের জনপ্রিয় বই লিখে কারও নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই, অন্তত এখন পর্যন্ত তেমন ঘটেনি। যদিও দর্শনের বই ও ইতিহাসের বই লিখে নোবেল পুরস্কার পেয়েছেন জগতখ্যাত দুজন মানুষ, এ কথা আমরা জানি। এমনকি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী যা সায়েন্স ফিকশন নামে পরিচিত, তেমন বইপত্রও ‘মূল ধারার সাহিত্য’ থেকে আলাদা হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে কি বিজ্ঞানের বই সাহিত্য নয়? দুনিয়াজুড়ে বিজ্ঞানের বইয়ের বাজার কিন্তু রমরমা। বিশেষত ইউরোপ আমেরিকায় জমজমাট কোনো বিজ্ঞানের বই লাখখানেক কপি বিক্রি হতে হয়তো বছরও পার হতে হয় না। কিছুকাল পরেই বইয়ের কভারে ছাপ্পা লাগিয়ে বলা হয় ‘মিলিয়ন কপিজ সোল্ড’। সেসকল বইয়ের ভাষা, বর্ণনারীতি যেকোনো ভাবেই একটি সুপাঠ্য উপন্যাস বা গল্পের বইয়ের সমতুল্য। কার্ল সাগানের ‘কসমস’ পড়লে আমরা মহাজাগতিক দ্যোতনার যে কাব্যিক আবহ পাই, তার তুলনীয় সাহিত্য জগতে হরেদরে তৈরি হয় না। রবীন্দ্রনাথের ‘বিশ্বপরিচয়’-কে কি আমরা সাহিত্য বলে গণ্য করব না? জগদীশ চন্দ্র বসুর ‘অব্যক্ত’? কিংবা আবদুল্লাহ আল-মুতীর ‘সাগরের রহস্যপুরী’? হুমায়ূন আহমেদের ‘ফীহা সমীকরণ’? মুহম্মদ জাফর ইকবালের ‘কপোট্রনিক সুখ দুঃখ’? কোনো সুসংহত গদ্য যদি হৃদয়গ্রাহী অনুভূতি, সংবেদন ও কৌতূহল জাগ্রত করতে পারে এবং তাকে যদি আমরা সাহিত্য বলি, তাহলে বিজ্ঞানের বইও সাহিত্যের পদবাচ্য হতে পারে। ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য বিজ্ঞান-সাহিত্যের সংজ্ঞা নিরূপণে লিখেছেন, “বৈজ্ঞানিক তত্ত্ব যখন সর্বজনবোধ্য ও সরল বর্ণনার মাধ্যমে সাহিত্যিক সত্যের মর্যাদা লাভ করে, তখনই তা হয়ে ওঠে বিজ্ঞান-সাহিত্য”। সেসব তর্ক থাক। আমাদের বিজ্ঞান-সাহিত্যের বয়স দুশো পেরিয়ে গেল। এখানে কৈফিয়ত দিয়ে রাখা ভালো, আমাদের বিজ্ঞান সাহিত্য বলতে কী বোঝাবো? সরল উত্তর, বাংলা ভাষায় লেখা বিজ্ঞানের বই। 

বাংলায় প্রথম বিজ্ঞান লেখার চর্চা যাঁরা শুরু করেছিলেন তাঁরা বাঙালী নন, ইউরোপীয়। এ অঞ্চলে আধুনিক কাঠামোবদ্ধ বিজ্ঞানশাস্ত্রের চর্চা ও শিক্ষাদান ইউরোপীয়দের হাত ধরে শুরু। স্বভাবতই, বাংলায় প্রথম পাঠ্যপুস্তক লেখার সূচনাও তাঁদের হাতেই। ১৮১৭ সালে রবার্ট মে (১৭৮৯-১৮১৮) রচিত ‘অংকপুস্তকং’ নামে একটি ছোট্ট বই প্রকাশিত হয়। বইটি অংকের। যদিও এর কলেবর ক্ষীণ, আর গণিতশাস্ত্রের যতটুকু ছিল তার অনেকটাই দেশীয় প্রণালীর। অর্থাৎ, গাণিতিক নানান সমস্যা ধাঁধার আকারে সমাধানসহ সেখানে ছিল। তবু এই ক্ষীণতনু পুস্তকই বাংলা ভাষায় লেখা প্রথম বিজ্ঞানের বই।  গণিত বিজ্ঞানের আদি, সকল বিজ্ঞানশাস্ত্রের শিরোমণি, বাংলায় বিজ্ঞান সাহিত্য শুরুও অংকের বই প্রকাশিত হবার মাধ্যমে। এতেও গণিত সর্বাগ্রে। 

প্রথমদিকে কিন্তু বিজ্ঞান কথাটা বর্তমান অর্থ লাভ করেনি। তখন বিজ্ঞান বলতে নানা ধরনের শাস্ত্রকেই বোঝাতো। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিশিষ্য ‘বিজ্ঞানসাধুরঞ্জন’ লিখে প্রকাশ করেছিলেন। অর্থাৎ কবিতার বইয়ের নামেও বিজ্ঞান শব্দ অচল ছিল না!  বর্তমান বিজ্ঞান তখন ‘বিদ্যা’ অর্থেও চর্চিত ছিল। তার রেশ আমরা পাই ‘পদার্থবিদ্যা’ ‘উদ্ভিদবিদ্যা’ এসকল কথায়। বিদ্যা ও বিজ্ঞান একত্রে চলতে চলতে ‘বিজ্ঞান’ শব্দটির চূড়ান্ত বিজয় ঘটে ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্রের ‘বিজ্ঞানরহস্য’ প্রকাশের মাধ্যমে। গোড়ার দিকে বিজ্ঞানের বই ছিল ছাত্রপাঠ্য। অর্থাৎ টেক্সটবুক। হিন্দু কলেজ প্রতিষ্ঠার (১৮১৭) পর তাতে ইউরোপীয় পদ্ধতিতে জ্ঞান বিজ্ঞান চর্চার যে ব্যাপক চর্চা শুরু হয়েছিল তাতে নানা জাতের জ্ঞান বিজ্ঞানের বই এদেশীয় ভাষায় অনূদিত ও রচিত হবে সেটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। 

সেকালের উল্লেখযোগ্য কিছু পাঠ্যপুস্তক জন ম্যাকের ‘কিমিয়া বিদ্যার সার’ (Principle of Chemistry), উইলিয়াম ইয়েটসের (১৭৯২-১৮৪৫) ‘পদার্থবিদ্যাসার’ (Elements of Natural Philosophy) (প্রথম প্রকাশ ১৮২৪), জন ক্লার্ক মার্শম্যানের ‘জ্যোতিষ ও গোলাধ্যায়’, পিয়ার্সনের ‘ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন’ (প্রথম প্রকাশ ১৮২৪), ইয়েটস কর্তৃক অনূদিত ফার্গুসনের ‘জ্যোতির্বিদ্যা’ (An easy Introduction to Astronomy for young person) (প্রথম প্রকাশ ১৮৩৩), পিয়ার্স কর্তৃক অনূদিত ‘পশ্বাবলী’ (প্রাণীবিজ্ঞান সম্পর্কৃত বই)। এ সময়ের বইগুলোর অনেকগুলোই কথোপকথনের (Dialogue) আদলে রচিত। পুরনো পৃথিবীতে এই রীতিতে জ্ঞান বিজ্ঞান প্রকাশ করার প্রথা ছিল। মনে রাখতে হবে বাংলা গদ্য তখনও বিকাশমান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) তখনও শৈশবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) জন্মাবেন আরও পরে। পরিপূর্ণ কাঠামোবদ্ধ বাংলা গদ্য এবং বাঙালির হাতে বিজ্ঞান গ্রন্থ রচনা এই দুইয়ের সম্মিলনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েক যুগ। 

গোড়ার দিকে এই সমস্ত বই-ই ছিল পাঠ্যপুস্তক। জনবোধ্য বিজ্ঞানের বই রচনার কাল তখনও সে অর্থে শুরু হয়নি। সামাজিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক কারণে বিজ্ঞান শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান অধীতকরণের একটা তরঙ্গ তখন ঔপনিবেশিক বাংলায় কম্পমান। এ জাতীয় বইয়ের প্রয়োজন ও চাহিদা এতটা ত্বরান্বিত হয়েছিল যে কলিকাতা বুক সোসাইটি নামে একটি প্রকাশনাই প্রতিষ্ঠা করা হয় ১৮১৭ সালে। বাংলায় প্রথমদিকের বিজ্ঞানের বইয়ের প্রকাশ ও উদ্যোগ গ্রহণ করে প্রকাশনীটি একটি ঐতিহাসিক কর্তব্য সমাধা করেছিল। 

কলিকাতা বুক সোসাইটির সেকালের বিচারে অনন্য ও দুঃসাহসিক একটি প্রকাশনা ছিল ‘বিদ্যাহারাবলী’। ‘বিদ্যাহারাবলী’ মূলত বিশ্বকোষ। এককভাবে এই দুঃসাধ্য কাজ করছিলেন উইলিয়াম কেরীর পুত্র ফেলিক্স কেরী (১৭৮৬-১৮২২)। কখনও কূটনৈতিক, কখনো যাজক, কখনো সাহিত্যিক, কখনও বা অরণ্যবাসী যাযাবর। ফেলিক্স কেরী ছিলেন এক বিস্ময়কর চরিত্র। তাঁর জীবন বিচিত্র সব ঘটনার সমাবেশ। এরকম দুরন্ত ও উদ্দাম হৃদয়ের না হলে একা একটি বিশ্বকোষ রচনা, তাও একটি সদ্য গড়ে ওঠা গদ্যভাষায়, প্রায় অসাধ্য। ‘বিদ্যাহারাবালী’র প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৮১৯ সালে। পরে ১৬টি খণ্ড একত্রে প্রকাশ করা হয়। ‘বিদ্যাহারাবলী’ রচনার জন্য এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার সাহায্য গৃহীত হয়েছিল। কেরীর লেখা অত্যন্ত তথ্যবহুল, বিভিন্ন বিষয়ের ওপর তাঁর দখলও ছিল উল্লেখযোগ্য। তবে কেরীর রচনারীতি খুবই দুরূহ ও দুর্বোধ্য। তথ্যে প্রাচুর্যময় হলেও বিদ্যাহারাবলী চিত্তাকর্ষক রচনার উদাহরণ নয়।  

 জনবোধ্য বিজ্ঞান তখনই রচিত হবে যখন সাধারণ্যে বিজ্ঞানের নানা খবর বা হালের কোনো তত্ত্ব প্রাসঙ্গিক হিসেবে সামাজিক জীবনে বর্তমান। এর একটি বড় নির্দেশক হচ্ছে সংবাদপত্র বা সাময়িকপত্রে বিজ্ঞানের খবরাখবর, বৈজ্ঞানিক নানা মত-তথ্য-তত্ত্ব নিয়ে আলোচনা, নিবন্ধ, প্রবন্ধ প্রকাশ। বাংলায় মুদ্রিত প্রথম সাময়িকপত্র ‘দিগদর্শনের’ (প্রথম প্রকাশ ১৮১৮) সপ্তম সংখ্যায়  বলা হচ্ছে —  “যেমত এই পুস্তকের নাম সেই মত তাহার বিবরণ বর্ণনের জন্যে তাহার নানা বিষয় ও বক্তব্য যদি আকাশ পৃথিবী জল এই তিন লোকবাসিরদের বিবরণ না কহি, তবে ইহার দিগদর্শন নাম ব্যাহত হয়” (দেখুন বুদ্ধদেব ভট্টাচার্যঃ পৃষ্ঠা ৩১)।

‘দিগদর্শনের’ লেখাগুলি বৈজ্ঞানিক পরিশীলন ও ভাষার বিস্তারে উচ্চমার্গের এমন দাবী হয়তো করা যাবে না। কিন্তু সাময়ীকীটি প্রকাশের প্রথম বছর হতেই প্রাকৃতিক বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখা প্রকাশ করে আসছে। বাংলায় জনবোধ্য বিজ্ঞান বা পপ সায়েন্স লেখার সূচনা ও বিকাশ যে এখান থেকেই এটুকু অনুমান করা যেতে পারে। এছাড়া তৎকালে বিদ্যাদর্শন, সমাচার দর্পণেও বৈজ্ঞানিক তথ্য ও নিবন্ধাদি প্রকাশ পেত। বাংলায়  জনবোধ্য বিজ্ঞান-সাহিত্যের বিকাশে সময়িকপত্রগুলোর গুরুত্ব অপরিসীম। এতটাই যে ইউরোপীয় লেখকদের কাল অতিক্রান্ত হবার পর একটি সাময়িকী ও তাঁর সম্পাদক বাংলা বিজ্ঞান-সাহিত্যে নতুন যুগের সূচনা করেছিলেন।

-০২-

বাংলায় বিজ্ঞান চর্চার সূচনা করেছিলেন ইউরোপীয়রা। প্রথমদিকের (১৮১৭ হতে পরবর্তী দু দশক) প্রায় সকল বিজ্ঞান বিষয়ক বইপত্র ইউরোপীয়দের হাতে রচিত। তাঁদের উদ্দেশ্য ছিল মিশনারী এবং প্রয়োজন ছিল প্রাতিষ্ঠানিক। তাছাড়া তাঁরা নিজেরা সকলে এদেশীয় ভাষায় বা বাংলায় খুব দখল রাখতেন এমন না। সব মিলিয়ে তাঁদের ভাষা অনেকক্ষেত্রেই ছিল দুর্বোধ্য, জড়তাপূর্ণ ও কৃত্রিম। 

এ অবস্থার অবসান ঘটানোর জন্য চাই বাঙালির হাতে বাঙলা বিজ্ঞান লেখালেখির প্রসার। যেখানে ভাষার প্রাঞ্জলতার সাথে উদ্দেশ্যের  আত্মিক অনুপ্রেরণা জড়িত থাকবে।  স্বতঃস্ফূর্ত বাংলায় এবং আত্মিক নিবেদন সংযোগে বাংলায় বিজ্ঞান লেখালেখির পুরোধা ব্যক্তি অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)। বিজ্ঞান সাহিত্যের আদিযুগ যদি হয় ইউরোপীয় লেখকদের কাল, তবে এর গঠনপর্ব হচ্ছে অক্ষয়কুমার দত্তের কাল (১৮৪১-১৮৫৬) অক্ষয়কুমার দত্ত ভূগোল, পদার্থবিদ্যা, শারীরবিজ্ঞান প্রভৃতি বিষয়ে পাঠ্যপুস্তক লিখেছেন। তবে অক্ষয়কুমার দত্তের প্রকৃত গুরুত্ব অন্যত্র। তিনি একযুগ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন। এই পত্রিকায় লিখে, লেখা সম্পাদনা করে তিনি বিজ্ঞানকে সাধারণ্যে জনপ্রিয় করে তুলেছিলেন। তিনি বহু বৈজ্ঞানিক পরিশব্দ (Term)-কে বাংলায় রূপান্তরিত করেছিলেন, যেসব পরিভাষা এমনকি সমকালেও ব্যবহৃত হয়। অক্ষয়কুমারের ধারাবাহিকতায় আমরা পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞান লেখক পেয়েছি। গবেষক বুদ্ধদেব ভট্টচার্যের ভাষায় ‘উৎকৃষ্ট বিজ্ঞান সাহিত্য রচনায় প্রয়োজন সংযত দৃষ্টিভঙ্গী, যথাযথ তথ্যসন্নিবেশ ও প্রাঞ্জল ভাষা। অক্ষয়কুমারের রচনায় এই তিনটি গুণই বিদ্যমান’। অক্ষয়কুমারের অক্ষয় কীর্তি স্মরণ করে ললিতচন্দ্রের মিত্র কবিতায় লিখছেন — বিজ্ঞান সাহিত্য শোভে তোমার লেখায়/ অক্ষয় অক্ষয় কীর্ত্তি পুণ্য বাঙ্গালায়।

বাংলা গদ্যে বিজ্ঞান লেখার বলিষ্ঠতা ও প্রকাশক্ষমতা অক্ষয়কুমার দত্ত যেভাবে প্রতিষ্ঠিত করলেন, এর ফলে যে অভূতপূর্ব প্রগতি পরিলক্ষিত হলো, তারই ফলাফল রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (১৮৬৪-১৯১৯), জগদানন্দ রায় (১৮৬৯-১৯৩৩), জগদীশচন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭), প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১-১৯৪৪) প্রমুখ বিজ্ঞান চিন্তক ও বৈজ্ঞানিকগণের লেখালেখি। 

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ছিলেন তৎকালের কিংবদন্তী বিজ্ঞান শিক্ষক। তাঁর ছাত্রজীবনে তিনি অতুলনীয় কৃতিত্ব অর্জন করেছিলেন। ত্রিবেদীর জীবনে সাহিত্য ও দর্শনের প্রভাব ছিল অপরিসীম। তাঁর পিতা ও পিতামহ দুজনেই সাহিত্যিক ছিলেন। তিনি অভিহিত ছিলেন ‘দর্শনের গঙ্গা, বিজ্ঞানের স্বরস্বতী, সাহিত্যের যমুনা’ হিসেবে। শিক্ষক হিসেবে তাঁর একটি বিশেষ গুণ ছিল, তিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার বহু জটিল বিষয় উদাহরণের সাহায্যে বা উদ্ভাবনী নানা বর্ণনার মাধ্যমে অনাবশ্যক জটিলতা এড়িয়ে ছাত্রদের বুঝিয়ে দিতে পারতেন। তাঁর এ গুণ তাঁর লেখালেখিতে প্রবলভাবে উপস্থিত। একট উদাহরণ দেয়া যাকঃ “এক ফোঁটা জলকে যদি কোনোরূপে বড় করিয়া আমাদের পৃথিবীর সমান করিতে পারি, —  যে পৃথিবীর পরিধি পঁচিশ হাজার মাইল, সেই পৃথিবীর সমান করিতে পারি, —  তবে সেই জলের ফোঁটায় এক একটি অণু এক একটা বেলের মত বড় দেখাইবে” (প্রকৃতিঃ পরমাণু)। তিনি কেবল বিষয়কে বর্ণনায় সিদ্ধহস্ত ছিলেন তা নয়, তৎসঙ্গে দার্শনিক দৃষ্টিভঙ্গী, প্রাঞ্জল সরস ও সৌষ্ঠবময় গদ্য, প্রভৃতি মিলিয়ে তাঁর লেখা এক অনুপম দ্যোতনায় পরিণত হতো যা অভূতপূর্ব। তিনি সমকালের শ্রেষ্ঠ বিজ্ঞানলেখক। তাঁর লেখা প্রকৃতি, জিজ্ঞাসা প্রভৃত গ্রন্থ আজও ক্লাসিক হিসেবে স্বীকৃত। 

তৎকালের আরো দুজন বিজ্ঞান লেখকের নাম উল্লেখ করব, যাঁরা কেবল বিজ্ঞান লেখকই নন, পৃথিবীর অন্যতম দুই বিজ্ঞান মনীষাও বটেন। আচার্য জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়। জগদীশ চন্দ্রের লেখা ‘অব্যক্ত’ নামক গ্রন্থটি আজও ক্লাসিক হিসেবে স্বীকৃত ও পঠিত। বিজ্ঞান রচনায় তিনি পূর্বসরীদের মতো বহুপ্রজ ছিলেন না, তবে তাঁর রচনা সরস ও মৌলিক ভাবনা ও বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। তুলনায়, প্রফুল্লচন্দ্র ছিলেন অনেক বেশি বিষয়ানুগ ও ভারিক্কি। প্রফুল্লচন্দ্র রায়ের লেখালেখি ছিল মূলত রসায়ন ও জীববিদ্যা বিষয়ক। তাঁর অক্ষয় কীর্তি দুই খণ্ডে প্রকাশিত History of Hindu Chemistry। ভারতবর্ষে ইতিহাসে রসায়নশাস্ত্রের উদ্ভব, বিকাশ ও ব্যবহার সম্বন্ধে বইটিতে সম্যক আলোচনা করা হয়েছে। বইটি ইংরেজিতে লিখিত হলেও পরবর্তীকালে ‘হিন্দু রসায়নী বিদ্যা’ নামে বাংলা ভাষায় সংক্ষিপ্ত আকারে অনূদিত হয়। এটিই সম্ভবত কোনো বাঙালি লিখিত প্রথম বিজ্ঞানগ্রন্থ যা আন্তর্জাতিক পরিসরে খ্যাতি অর্জন করে ও বিজ্ঞজনের সম্যক প্রশংসা লাভ করে। এ সময় অনেকেই বাংলায় বিজ্ঞান লেখালেখিতে উৎসাহিত হন, এবং সাধারণ শিক্ষিতজনের মধ্যে বিজ্ঞান বিষয়ের খোঁজখবর রাখার একটা সামাজিক প্রবণতা তৈরি হয়ে যায়। এদের সকলের কথা উল্লেখ করা বা আলোচনা করা এখানে প্রাসঙ্গিক নয় এবং এত অল্প পরিসরে সেটা সম্ভবও নয়। তবে কয়েকটি নাম ও প্রসঙ্গ উল্লেখ না করা অন্যায় হবে। এ সময়ের দুজন গুরুত্বপূর্ণ বিজ্ঞান লেখক হলেন জগদানন্দ রায় ও চারুচন্দ্র ভট্টাচার্য। জগদানন্দ রায় ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মহাশয়ের ভাবশিষ্য। তাঁর রচনায় ত্রিবেদীর দার্শনিক ও যৌক্তিক যাচাইকরণ বৈশিষ্ট্যের অনুপস্থিতি লক্ষ করা গেলেও বিজ্ঞান রচনাকে তিনি সাহিত্যিক মানে উত্তীর্ণ করতে সিদ্ধহস্ত ছিলেন। ‘জগদীশচন্দ্রের আবিষ্কার’ নামক বইতে তিনি বিশ্ববিশ্রুত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার ও চিন্তাকে সহজ ভাষায় প্রকাশ করেছেন। এছাড়া তাঁর উল্লেখযোগ্য বইগুলো হলো ‘গ্রহ নক্ষত্র’, ‘পোকামাকড়’, ‘গাছপালা’, ‘মাছ ব্যাঙ্’, ‘সাপ’, ‘বাংলার পাখী’, ‘পাখী’ প্রভৃতি। তাঁর অধিকাংশ বই-ই কিশোর ও তরুণ পাঠকদের উদ্দেশ্য করে লেখা। চারুচন্দ্র ভট্টাচার্য (১৮৮৩-১৯৬১) জগদীশচন্দ্র বসুকে নিয়ে দুটি বই রচনা করেছেন। এছাড়া, ‘পদার্থবিদ্যার নবযুগ’, ‘বিশ্বের উপাদান’, ‘ব্যাধির পরাজয়’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য বই। তাঁর বর্ণনা ছিল প্রাঞ্জল, এবং আধুনিক বৈজ্ঞানিক তথ্য ও চিন্তাধারা তাঁর রচনাকে পরিপুষ্ট করেছে। পদার্থবিজ্ঞানের এই কৃতী অধ্যাপক তাঁর সমকালে খুবই জনপ্রিয় বিজ্ঞান লেখক হিসেবে পরিচিত হন। রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর প্রকল্প ‘বিশ্ববিদ্যা সংগ্রহ গ্রন্থমালায়’ তাঁর বেশকিছু জনবোধ্য বিজ্ঞানের বই প্রকাশিত হয়েছিল। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। একালের আরেকজন জনপ্রিয় বিজ্ঞান লেখকের নাম গোপালচন্দ্র ভট্টাচার্য (১৮৯৫-১৯৮১)। অত্যন্ত সরস বর্ণনা, মৌলিক পর্যবেক্ষণলব্ধ তথ্যের সংযোজন তাঁকে খ্যাতিমান করেছে। গোপালচন্দ্র ভট্টাচার্যের বই একালেও সুলভ ও বহুল বিক্রীত। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে, ‘বাংলার কীটপতঙ্গ’, ‘করে দেখ’ (তিন খণ্ড), ‘বাংলার মাকড়সা’, ‘আধুনিক আবিষ্কার’, ‘বাঙলার গাছপালা’ প্রভৃতি। তিনি একজন স্বশিক্ষিত পতঙ্গ বিশারদ ও প্রকৃতি পর্যবেক্ষক ছিলেন। 

আমরা উল্লিখিত যেসকল বিজ্ঞানলেখকদের নাম করেছি, তাঁরা সকলেই হয় সমাজসংস্কারক-কর্মী-ব্যক্তি অথবা সর্বোতভাবে বিজ্ঞানের ছাত্র, শিক্ষক ও গবেষক। সাহিত্যিকদের মধ্যে বঙ্কিমচন্দ্র প্রথম সুললিত গদ্যে ও পরিমিত তথ্যে বিজ্ঞানের বিষয়াদি ‘বঙ্গদর্শনে’ (প্রথম প্রকাশ ১৮৭২ খ্রিষ্টাব্দ, ১২ এপ্রিল) প্রকাশ করতে শুরু করেন। তাঁর লেখাপত্র ‘বিজ্ঞানরহস্য’ নামক গ্রন্থে সংকলিত হয়। বঙ্কিম রচনাবলীতে তো বটেই, স্বতন্ত্র প্রকাশনা হিসেবে বইটি আজও সুলভ। বঙ্কিমচন্দ্র মূলত মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখতেন। বিজ্ঞান বিষয়ে লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। প্রসাদগুণে বিশ্বকবির ‘বিশ্বপরিচয়’ (১৯৩৭) বইটি ক্লাসিক হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ যে নিজে বিজ্ঞানের বই লিখেছেন কেবল তা নয়, বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত লোকশিক্ষা গ্রন্থমালায় উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানের বই প্রকাশ করে একটি গুরুত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করেছেন। 

-০৩-

১৯৪৭ এর দেশভাগের পর ঢাকা কিংবা পূর্ব-বাঙলা বাংলা ভাষার বিকাশে স্বতন্ত্র কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। শিল্প সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে একদল সতেজ কবি, সাহিত্যিক ও শিল্পী নবতর উদ্যম ও ব্যঞ্জনা নিয়ে সৃজনকর্মে বাংলা ভাষাকে বিকশিত করতে থাকেন। তবে এ সময় এ অঞ্চলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। মাঝে মাঝে পুরনো কোনো বইয়ের দোকানে হঠাৎ পড়ে পাওয়া ঐশ্বর্য্যের মতো একটি দুটি বই চোখে পড়ে যা স্বাধীনতাপূর্ব বাংলাদেশে প্রকাশিত হয়েছিল। সেকালে ঢাকা ও চট্টগ্রামের হাতে গোনা দু-একটি প্রকাশনী থেকে এসব প্রকাশিত হয়েছে। বইগুলোর মধ্যে অনূদিত বইয়ের সংখ্যাই বেশি বলে প্রত্যয় হয়। অন্তত তিনজন বিজ্ঞান ব্যক্তিত্বের নাম আমরা করতে পারি যারা প্রথিতযশা বৈজ্ঞানিক, শিক্ষক ও বিজ্ঞান সাহিত্য রচনার সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁরা হলেন, কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১), মুহম্মদ কুদরাত-এ-খুদা (১৯০০-১৯৭৭), মোহাম্মদ আবদুল জব্বার (১৯১৫-১৯৯৩)। এরা সকলেই পড়াশোনা ও পেশাগত সূত্রে কলকাতায় বিকাশ লাভ করেছেন। তবে পরবর্তীকালে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের বিজ্ঞান চর্চা ও শিক্ষার ভিত প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথমোক্ত দুজন পূর্ব বাংলার জাতীয় চেতনার বিকাশ ও সংগ্রামের প্রত্যক্ষ অংশীদার। 

ড. কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। পদার্থবিদ্যা ও গণিতশাস্ত্রের এই যশস্বী মনীষী ‘তথ্যগণিত’ ও ‘আলোকবিজ্ঞান’ নামে দুটি পাঠ্যপুস্তক রচনা করেন। এছাড়া সাধারণ পাঠকের উপযোগী করে ‘গণিতশাস্ত্রের ইতিহাস’ নামে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পুস্তক রচনা করেন। বইটি আজও সুলভ এবং দুঃখজনকভাবে গণিতশাস্ত্রের ইতিহাস নিয়ে পরবর্তীকালে পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ বাংলা ভাষায় রচিত হয়েছে বলে জানা যায় না। 

মুহম্মদ কুদরাত-এ-খুদা বাংলাদেশের প্রধান বিজ্ঞানী ও শিক্ষাবিদদের একজন। তিনি রসায়নশাস্ত্রের অধ্যাপক ও গবেষক ছিলেন। এ বিষয়ে তাঁর মৌলিক কাজ ও আবিষ্কার রয়েছে। এর পাশাপাশি তিনি রসায়নের কয়েকটি পাঠ্যপুস্তক রচনা করেন। পাঠ্যপুস্তকগুলো এখন আর পাওয়া যায় না, সে বইগুলো কতটুকু সফল সেটা নিয়েও হয়তো আলোচনা করা যেতে পারে। তবে বাংলাদেশে রসায়ন বিষয়ক লেখালেখির সূচনায় তিনিই পুরোধা। পাঠ্যপুস্তকের পাশাপাশি তিনি বেশ কিছু জনবোধ্য বিজ্ঞানের বই লেখেন, যেগুলো পাঠকনন্দিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘বিজ্ঞানের সরস কাহিনী’, ‘বিজ্ঞানের বিচিত্র কাহিনী’, ‘বিচিত্র বিজ্ঞান’।

আবদুল জব্বার বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত। গণিতের এই অধ্যাপক মোহিত ছিলেন মহকাশ ও নক্ষত্রজগত নিয়ে। ‘খগোল পরিচয়’, ‘তারা পরিচিতি’, ‘প্রাচীন জ্যোতির্বিদ্যা’ প্রভৃতি গ্রন্থ রচনা করে তিনি মহাকাশপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছেন। এর মধ্যে ‘তারা পরিচিতি’ ও ‘প্রাচীন জ্যোতির্বিদ্যা’ এ দুটি বই আজও দুই বাংলা মিলিয়েই অতুলনীয় ও বিকল্পহীন। 

স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম তিন দশকে বিজ্ঞান সাহিত্যের একটি অভূতপূর্ব বিকাশ ঘটে। পশ্চিমবাংলার বইপুস্তক যে সকল এ সময়ে বাংলাদেশে এসেছে অধিকাংশই পাঠ্যপুস্তক। সিরিয়াস বইগুলো জড়তাধর্মী গদ্যে রচিত, নয়তো পাওয়া যেত অতিরিক্ত লঘুচালে লেখা বই যাতে বিষয়ের গুরুত্ব অনেকাংশেই লুপ্ত হয়ে যায়। এ কথা স্মরণ রাখা প্রয়োজন যে, কলকাতার বিজ্ঞান বইগুলো বিষয়বৈচিত্র্যে ও তথ্যের সন্নিবেশে অগ্রসর ছিল। এবং কিছু কিছু বই সুনির্দিষ্ট বিষয়ের উপর প্রামাণ্য আকরগ্রন্থরূপে স্বীকৃত, এবং কিছু বই সাহিত্যমানে সত্যিই অতুলনীয়। এস্থলে আমরা পশ্চিমবঙ্গের বিজ্ঞান বই বিষয়ে বিশদ আলোচনায় যাব না। 

তবে এ সময় পাঠ্যপুস্তক ও জনবোধ্য বিজ্ঞান বইয়ের সংখ্যা ও বিস্তার বাংলাদেশেই বেশি ঘটেছে। গুরুগম্ভীর কিংবা জড়তাধর্মী ভাষার বদলে সজীব প্রাণবন্ত ভাষা, বিষয়ের পরিমিত প্রকাশ সমস্ত মিলিয়ে এ সময়টাকে বাংলায় জনবোধ্য বিজ্ঞান বইয়ের স্বর্ণযুগ বলা চলে। এ সময়ে ধারাবাহিকভাবে জনপ্রিয় বিজ্ঞানের বই লিখেছেন এমন ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ আল-মুতী (১৯৩০-১৯৯৮), এ এম হারুন-অর-রশীদ (১৯৩৩-২০২১), মুহাম্মদ ইব্রাহীম (জন্ম ১৯৪৫), জহুরুল হক (১৯২৩-১৯৯৮), দ্বিজেন শর্মা (১৯২৯-২০১৭), তপন চক্রবর্তী (জন্ম ১৯৪২) প্রভৃতি নাম উল্লেখযোগ্য। 

আবদুল্লাহ আল-মুতী এতকাল পরেও বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বিজ্ঞান-লেখক, এ কথাটা বোধ হয় সসংকোচে দাবী করা যেতে পারে। স্বাদু গদ্য ও স্বচ্ছ ভঙ্গীমায় পরিবেশিত তাঁর বইগুলি কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরকে রঙিন করে রেখেছে। ‘তারার দেশের হাতছানি’, ‘সাগরের রহস্যপুরী’, ‘মহাকাশে কী ঘটছে’, ‘আকাশ অনেক বড়’, ‘আবিষ্কারের নেশায়’- এসব বই যেন আমাদের শৈশবেরই প্রতিচ্ছবি। শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক তাঁর যে ভাবনা সেগুলোও পরিণত মনের জন্য চিন্তার উপাদান। আইজাক আসিমভের বই হতে অনূদিত ‘পরমাণুর রাজ্যে’ অনুবাদকদের জন্য আদর্শ। তাঁর রচনাসমূহ স্বতন্ত্র কয়েকটি সংকলনে প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। 

পদার্থবিজ্ঞানের অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম আবদুল্লাহ আল-মুতীর মতোই বহুপ্রজ। তিনি যে শুধু বিজ্ঞান লেখক তা নন, বিজ্ঞান পত্রিকা সম্পাদনা করে ও বিজ্ঞান সংগঠন পরিচালনা করে এ দেশের বিজ্ঞান-মানস তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিশোর ও অতিতরুণ পাঠকদের জন্য লেখার পাশাপাশি তিনি পরিণত পাঠকদের জন্যও অনেক লেখা লিখেছেন। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ফসলবিদ্যা, কারিগরীবিদ্যা, বিজ্ঞানের দর্শন ও পদ্ধতি, সমস্ত মিলিয়ে তাঁর লেখার বিষয় বিচিত্র। আমাদের সৌভাগ্য বর্ষীয়ান এই অধ্যাপক ও বিজ্ঞানলেখক এখনও (২০২৬) সক্রিয় ও বিজ্ঞানের আধুনিক তথ্য তত্ত্ব সাধারণ্যে উপস্থাপনের ক্ষেত্রে সমানভাবে নিয়োজিত আছেন। 

জহরুল হক লিখেছেন কম, কিন্তু কিছু বিচিত্র বিষয়ে উৎকৃষ্ট বই আমরা পেয়েছি। ‘মানুষের শক্তি’, ‘শক্তি চাই’, ‘আগুনের কি গুণ’ তাঁর পাঠকনন্দিত তিনটি বই। ‘বিজ্ঞানের চেতনা’, ‘বিশ শতকের বিজ্ঞান ভাবনা’ তাঁর দুটি জরুরি অনুবাদ বই। তাঁর ‘বিজ্ঞানসমগ্রের’ প্রথম খণ্ড ‘সময় প্রকাশন’ থেকে প্রকাশিত হলেও দুঃখজনকভাবে এর পরবর্তী কোনো খণ্ড আর প্রকাশিত হয়নি। 

দ্বিজেন শর্মার মূলত প্রাণ-প্রকৃতি বিষয়ে লেখালেখি করেছেন। এ দেশের মানুষকে প্রকৃতি বিষয়ে সচেতন করা, প্রকৃতিমনস্ক একটি নাগরিক সমাজ ও প্রকৃতিমনস্ক সামগ্রিক সমাজকাঠামো তৈরিই ছিল তাঁর লেখালেখির মূল উদ্দেশ্য। বিষয়বস্তুতে দখল, কাব্যিক মনোগ্রাহী ভাষা, প্রাণময় গদ্য তাঁকে বিশিষ্ট করে তুলেছে। প্রকৃতি বিষয়ক লেখালেখিতে তিনি বাংলা ভাষায় অদ্বিতীয়। ডারউইন বিষয়ে লিখিত তিনটি বই কিশোর পাঠকদের জন্য অবশ্যপাঠ্য। অনিন্দ্য প্রকাশ তিন খণ্ডে তাঁর প্রকৃতি বিষয়ক সকল লেখা প্রকাশ করে একটি জরুরি কর্তব্য সম্পাদন করেছে। প্রকৃতি বিষয়ক আরেকজন গুরুত্বপূর্ণ লেখক বিপ্রদাশ বড়ুয়া (জন্ম ১৯৪০)। প্রকৃতি, গাছপালার বাইরেও তিনি কিশোরপাঠ্য বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেছেন। পার্ল পাবলিকেশন্স তাঁর প্রকৃতি বিষয়ক সকল লেখার সংকলন প্রকাশ করেছে। 

তপন চক্রবর্তী প্রধানত শিশু কিশোরদের জন্য লিখেছেন। তাঁর লেখা বিষয় মূলত ও প্রাণীজগত। ‘গাছেরও প্রাণ আছে’ ‘কোথা থেকে কেমন করে এলাম’, ‘বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় প্রাণী’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কিশোরপাঠ্য বিজ্ঞান বই। তাঁর বিজ্ঞানসমগ্র প্রকাশ করেছে অনুপম প্রকাশনী।

এ এম হারুন-অর-রশীদ বাংলাদেশের শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন। এদেশের বিদ্যাতয়নিক পরিসরে তিনি বিপুল ও ব্যাপক ব্যক্তিত্ব। তিনি নিজে সমস্ত কর্মজীবন দেশে বিদেশে অধ্যাপনা করেছেন ও পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক গবেষণায় মগ্ন ছিলেন। পাশাপাশি তিনি পদার্থবিজ্ঞান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনেকগুলো উচ্চতর পাঠ্যপুস্তক লিখেছেন। তিনি এমন অনেক বিষয়ের পাঠ্যপুস্তক লিখেছেন যেগুলো তাঁর পূর্বে কেউ বাংলায় লেখেনি বা পরবর্তীকালেও সে বিষয়ে পাঠ্যপুস্তক লেখা হয়নি। তাঁর ভাষা অনেকসময় দুর্গম, বিষয়ানুসারে গম্ভীর। চিরায়ত বলবিজ্ঞান, আপেক্ষিকতা, বিদ্যুৎগতিবিজ্ঞান, কোয়ান্টাম মেকানিকস, নিউক্লীয় পদার্থবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, পরিসংখ্যান বলবিজ্ঞান প্রভৃতি তাঁর পাঠ্যপুস্তকের বিষয়। তবে পাঠ্যপুস্তকের বাইরে সাধারণ পাঠকের জন্য তাঁর প্রচুর গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। অধ্যাপক রশীদ রচনার বিষয়বস্তু খুব লঘু করতে পছন্দ করতেন না। এবং কিছু না কিছু গাণিতিক বা টেকনিক্যাল আলোচনা থাকত তাঁর বইপত্রে। ‘মৌলিক কণা’, ‘পদার্থবিজ্ঞানে বিপ্লব’, ‘পদার্থবিজ্ঞানের কয়েকজন স্রষ্টা’, ‘বিশ্বভরা প্রাণ’- এ বইগুলো সাধারণ পাঠকের উপযোগী গুরুত্বপূর্ণ বই। তাঁর লিখিত জনবোধ্য বিজ্ঞানের সকল বই অনুপম প্রকাশনী হতে সংকলন আকারে প্রকাশিত হয়েছে। 

এছাড়াও এ সময় সুব্রত বড়ুয়া (জন্ম ১৯৪৬), আলী আসগর (১৯৪০-২০২০), শাজাহান তপন (১৯৪৯-২০১৫), স্বপন কুমার গায়েন (জন্ম ১৯৫৪) সহ প্রচুর বিজ্ঞান লেখক রয়েছেন যারা বিজ্ঞানের বই লিখেছেন, অনুবাদ করেছেন। মুক্তধারা, আহমদ পাবলিশিং হাউজ, নওরোজ কিতাবিস্তানসহ পুরনো অনেক প্রকাশনা তখন বিজ্ঞান বই প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। অধুনা অনুপম প্রকাশনী, প্রথমা, অনন্যা, তাম্রলিপি, আদর্শ, প্রকৃতি-পরিচয়, জ্ঞানকোষ প্রকাশনী প্রভৃতি প্রকাশনা এ গুরুদায়িত্ব পালন করছে।

তবে, বাংলা বিজ্ঞান সাহিত্যের সবথেকে বড় প্রকাশক সংখ্যার বিচারে বাংলা একাডেমি। প্রভূত পরিমাণ বিজ্ঞানের পাঠ্যপুস্তক তদীয় গবেষক-অধ্যাপকদের দিয়ে লিখিয়ে, অনুবাদ করিয়ে ও প্রচুর জনবোধ্য বিজ্ঞানের বই প্রকাশ করে প্রতিষ্ঠানটি জাতীয় প্রগতির একটি মাইলফলক হয়ে আছে। এত সংখ্যক বিজ্ঞানের বই বাংলা ভাষার আর কোনো প্রকাশনী প্রকাশ করেনি। মূলধারার প্রকাশনার বাইরে বাংলা একাডেমির প্রকল্প হিসেবে ভাষা শহীদ গ্রন্থমালার অন্তর্গত প্রচুর জনবোধ্য ও সুপাঠ্য বিজ্ঞান বই আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীর বিশ্ববিদ্যাসংগ্রহ কিংবা লোকশিক্ষা গ্রন্থমালার মতোই ভাষা শহীদ গ্রন্থমালার বইগুলো জ্ঞান বিজ্ঞানের অনুপম সংকলন। বাংলা একাডেমির বইপত্র নিয়ে কথা বলতে গেলে যে পরিসরে আলোচনা করা দরকার সে সুযোগ এখানে নেই। পাঁচ খণ্ডে সংকলিত ও সম্পাদিত ‘বিজ্ঞান বিশ্বকোষ’ এই জাতীয় প্রকাশনীর অনন্য নিদর্শন যা বাংলাভাষাতে বিরল। বাংলা একাডেমির বিজ্ঞান বইপত্র নিয়ে নানা আলোচনা সমালোচনা চলতে পারে, কিন্তু এতগুলো বই প্রকাশে সচেষ্ট থেকে প্রতিষ্ঠানটি যে কর্তব্য পালন করেছে সেটাকে সাধুবাদ জানাতেই হবে। এর সঙ্গে একমাত্র তুলনীয় হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, যদিও সংখ্যা ও বিষয়বিস্তারে তা বাংলা একাডেমির প্রকাশনার তুলনায় অনেক কম। বাংলা একাডেমির বিজ্ঞান প্রকাশনার সংখ্যা এত অধিক যে একাডেমি প্রকাশিত বিজ্ঞান বইয়ের তালিকা সম্বলিত একটি আলাদা পুস্তিকা পর্যন্ত প্রকাশিত হয়েছিল। সে পুস্তিকাটি উলটে পালটে দেখলে এ প্রকাশনীর বৈচিত্র্য ও সংখ্যাগত প্রাচুর্যের একটা ধারণা পাওয়া যায়। ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ও একসময় একটি উৎকৃষ্ট প্রকাশনা হিসেবে বিবেচিত হতো। 

 -০৪-

নতুন সহস্রাব্দ ও নতুন শতকের প্রারম্ভে এমন কিছু উদ্যোগ গ্রহণ করা হলো যাতে বাংলাদেশের বিজ্ঞান চর্চা, অধ্যয়ন ও বিজ্ঞান বইপত্রের হালচাল বদলে গেল। মুহম্মদ জাফর ইকবাল ও মোহাম্মদ কায়কোবাদের ভাবনা ও মুনির হাসানের (জন্ম ১৯৬৬) উদ্যোগে এবং দৈনিক প্রথম আলো ও ডাচ-বাংলা ব্যাংকের সহায়তায় ২০০২ সালে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম নামের পাতাও এ বিষয়ে সংশ্লিষ্ট থেকে সক্রিয় ভূমিকা পালন করে। এই উৎসব বাংলাদেশের কিশোর-তরুণদের মধ্যে গণিত ও বিজ্ঞানচর্চার এক নবজাগরণ সঞ্চার করে। একটি বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের জন্য প্রচুর বিজ্ঞান ও বিশেষত গণিতের বই প্রকাশ করার প্রয়োজন হয়। এই আন্দোলন বা উদ্যোগের উদ্যোক্তাগণ নিজেরাও এ বিষয়ে প্রয়োজনীয় বইপত্র লিখতে থাকেন। বাংলাদেশের কিশোর সাহিত্য ও সায়েন্স ফিকশনের সবথেকে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল (জন্ম ১৯৫২) ইতোঃপূর্বে খুব বেশি বিজ্ঞানের বই না লিখলেও এরপর তিনি নিয়মিত গণিত ও বিজ্ঞানের বই প্রকাশ করা শুরু করেন। তাঁর বিজ্ঞান ও গণিতের বইগুলোও সমানভাবে জনপ্রিয়। এ আন্দোলন ধীরে ধীরে নানানভাবে নতুন নতুন আয়োজনের সূচনা করে। ক্রমান্বয়ে, ফিজিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রো অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রভৃতি অলিম্পিয়াড আয়োজিত হতে থাকে। ইন্টারনেটের সুলভ প্রাপ্যতা এবং সামাজিক যোগাযোগের নতুন নতুন মাধ্যমের উত্থান প্রভৃতি মিলিয়ে বিদেশি বইপত্র ও হালনাগাদ বিজ্ঞানের খবরাখবর চলে আসে তরুণদের হাতের মুঠোয়। এর ফলে প্রচুর সংখ্যক তরুণ বিজ্ঞান লেখক আবির্ভূত হন। বিজ্ঞান লেখালেখি ও প্রকাশনার একটি নতুন বাজার তৈরি হয়। দ্বিধাহীন চিত্তে বলা যায় বইমেলায় কবিতার বই বা নতুন একটি উপন্যাসের চেয়ে একটি ভাল বা গড়পড়তা বিজ্ঞানের বইয়ের চাহিদা বেশি। প্রকাশকেরা ভাল বিজ্ঞানের বইয়ের জন্য নতুন নতুন লেখকদের উৎসাহিত করতেন। আগের তুলনায় লেখার ধরনও গেল পালটে। শিশু-কিশোরদের রোমাঞ্চ জাগানীয়া সরল গদ্যের বদলে বিজ্ঞানের বইগুলো আরো টেকনিক্যাল ও গণিতনির্ভর হতে শুরু করল। ইতোঃপূর্বে যারা বিজ্ঞানের বই লিখতেন তাঁরা অধিকাংশই ছিলেন তন্নিষ্ঠ গবেষক, অধ্যাপক। এছাড়া তাঁরা সাহিত্য, ইতিহাস, দর্শন প্রভৃতি বিষয়ে পরিণত ধারণা রাখতেন। ফলে বিজ্ঞানের বই আদতে তাঁদের হাতে একটি সুপুষ্ট সাহিত্য হিসেবে প্রকাশিত হতো। নতুন সহস্রাব্দের তরুণ লেখকরা অনেকটা ক্লাসরুমের কথোপকথন বা আড্ডার ভঙ্গীকে প্রধান করে বইপত্র রচনা শুরু করেন। এ সময় অনেক ভাল বই প্রকাশিত হয়েছে সত্যি, অনেক কেজো বই প্রকাশিত হয়েছে সত্যি; কিন্তু যে অগ্রসর চিন্তা চেতনা, পারিপার্শ্বিক জীবন জগৎ সম্পর্কে যে সম্যক বোধ একজন লেখককে তৈরি করে, তার অনেকটাই এ সময়ের অনেক বইয়ে অনুপস্থিত। একরৈখিক পাঠাভ্যাসের ফলে অনেকের গদ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে বলে মনে হয় না। অনেক অপরিণত বই এ সময়ে প্রকাশিত হতে দেখা যায়, যেটা হয়তো লেখক আরো সময় ও নিষ্ঠা ব্যয় করলে দীর্ঘমেয়াদে একটি উৎকৃষ্ট বই হতে পারত। হাল জমানার দ্রুত ও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ও প্রকাশের তাড়না বোধ হয় সমস্ত সামাজিক কাঠামোতেই একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। 

এই কালপর্বে বিজ্ঞানবক্তা ও বিজ্ঞানলেখক আসিফ (জন্ম ১৯৬৮/৬৯-) একটি গুরুত্বপূর্ণ নাম। বিজ্ঞনবক্তৃতা প্রদানকে পেশা হিসেবে গ্রহণ করে গত কয়েক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি বিজ্ঞানচর্চা প্রসারে কাজ করে চলেছেন। গতানুগতিক পরিসরের বাইরে মহাজাগতিক ভাবনা, চেতনায় ঋদ্ধ একটি সমাজের বিনির্মাণের কথা তাঁর লেখাপত্রে ঘুরেফিরে প্রকাশ পায়। ডিসকাশন প্রজেক্ট নামক সাংগঠনিক প্রয়াসের মাধ্যমে জ্ঞানভিত্তিক সচেতন প্রজন্ম নির্মাণে তিনি কাজ করে চলেছেন। তাঁর হাতে সম্পাদিত হয়েছে খ্যাতনামা একাধিক বিজ্ঞান সাময়িকী। ‘কার্ল সাগানঃ এক মহাজাগতিক পথিক’, ‘ইউক্লিড ও এলিমেন্টস’, ‘মহাজাগতিক আলোয় ফিরে দেখা’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। 

অভিজিৎ রায় (১৯৭২-২০১৫) অ্যাক্টিভিস্ট, লেখক ও মুক্তমনা সম্পাদক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তবে বিজ্ঞানলেখক হিসেবেও তিনি বিশেষ স্থান অধিকার করে আছেন। পেশায় প্রকৌশলী ও সক্রিয় গবেষক হওয়ায় বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিষয়গত দখল এবং বিচিত্র পঠনপাঠনের নিষ্ঠা তাঁর বিজ্ঞানগ্রন্থসমূহকে অধিকতর তথ্যনিষ্ঠ গভীর ও পাঠযোগ্য করে তুলেছে। ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্ব প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’ (ফরিদ আহমেদের সঙ্গে যৌথভাবে লেখা), ‘শূন্য থেকে মহাবিশ্ব’ তাঁর লেখা উল্লেখযোগ্য বিজ্ঞানগ্রন্থ।

এ সময়ে যে কজন বিজ্ঞান-লেখক বিজ্ঞানের সক্রিয় অধ্যয়ন-অধ্যাপনার পাশাপাশি নানান বিষয়ে বিপুল পঠনপাঠন নিয়ে গত শতাব্দীর ধীমান প্রকাশময়তা ও বর্তমান কালের তথ্যনির্ভর আধুনিক প্রকাশভঙ্গীর মিশেলে পরিপূর্ণ বিজ্ঞান লেখক হিসেবে সক্রিয় রয়েছেন, তাঁদের মধ্যে অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী (জন্ম ১৯৭৩-) অগ্রগণ্য। গদ্যে সাহিত্যিক সঞ্জীবনী, প্রকাশে অধ্যাপকের বিশ্লেষণ দক্ষতা এবং একজন সক্রিয় বিজ্ঞানকর্মী হিসেবে সাধারণ পাঠকের মানসলোকের সহিত সংযোগ সক্ষমতা তাঁর লেখাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সাহিত্য, ইতিহাস, দর্শন--  জ্ঞানকাণ্ডের নানা শাখায় তাঁর বিচরণ, অভিজ্ঞতা ও পরিশীলনের ছাপ তাঁর লেখায় প্রস্ফুটিত হয়ে ওঠে। অতি তরুণ বয়সে তিনি গুরুত্বপূর্ণ দুটি কার্য সম্পাদন করেছিলেন। একটি হচ্ছে বাংলায় ‘জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ’ (প্রথম প্রকাশ ১৯৯৮) নামে একটি সংক্ষিপ্ত কোষগ্রন্থ রচনা, অপরটি ‘জ্যোতিঃপদার্থবিজ্ঞান পরিচিত’ (প্রথম প্রকাশ ২০০১) নামে জ্যোতিঃপদার্থবিজ্ঞানের একটি সেমিটেকনিক্যাল বই রচনা। দুটি বইয়েরই প্রকাশক ছিল বাংলা একাডেমি। কিন্তু প্রথম দুটি বই নানা কারণে বিশেষ গুরুত্ব রাখে। ও ধরণের কোনো বইয়ের উদাহরণ বাংলায় তখনও তৈরি হয়নি, আর পরবর্তীকালেও এ বিষয়ে সমরূপ গ্রন্থ প্রকাশিত হওয়ার নজির আমাদের দেশে নেই। তাঁর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনা হল - ‘ন্যানো’, ‘অপূর্ব এই মহাবিশ্ব’, ‘সবার জন্য জ্যোতির্বিদ্যা’, ‘থাকে শুধু অন্ধকার’, ‘উপরিতলের গভীরে’, ‘জানা-বোঝার ভিতর-বাহির’। ছোটোদের জন্য লিখেছেন ‘তোমাদের জন্য বিজ্ঞান’ এবং ‘একটাই পৃথিবী’ (ব্রেইল সংস্করণেও লভ্য)। তিনি বাংলা একাডেমি থেকে হালিমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (২০০১) এবং বিজ্ঞান-সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন।

গণিতের অধ্যাপক সফিক ইসলাম (জন্ম ১৯৭৪) মূলত গণিত বিষয়কেই তাঁর লেখার মূল উপজীব্য হিসেবে নির্বাচন করেছেন। গণিত বিষয়ে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা ও বিষয়ের প্রতি অনুরাগ তাঁর বইগুলোকে আলাদা বিশিষ্টতা প্রদান করেছে। তিনি গণিতবিষয়ে একটি কোষগ্রন্থ ‘গণিতকোষ’ রচনা করেছেন। একক হাতে সম্পন্ন এই কাজটিই সম্ভবত গণিতের উপর বাংলা ভাষায় রচিত একমাত্র কোষগ্রন্থ। এছাড়া, ‘গণিত আমাদের কী কাজে লাগে’, ‘সংখ্যার ইতিহাস’, ‘পিথাগোরাসের জগত’, ‘বীজগণিতের আদি পুস্তক’ তাঁর উল্লেখযোগ্য গণিতগ্রন্থ। তিনি বিজ্ঞান লেখালেখির জন্য বাংলা একাডেমির হালিমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে (২০২৫) ভূষিত হন।

আবুল বাসার (জন্ম ১৯৭৭) সাংবাদিক, সম্পাদক ও বিজ্ঞানলেখক। বর্তমানে তিনি দেশের জনপ্রিয়তম বিজ্ঞানপত্রিকার সম্পাদক। বর্তমানে যে ক’জন লেখক নিয়মিত বিজ্ঞান বিষয়ক লেখা লিখছেন তিনি তাঁদের অন্যতম। তিনি মূলত বিজ্ঞানের বইপত্র অনুবাদ করে থাকেন। সাধারণ্যে জনপ্রিয় ও বহুল প্রচলিত বইগুলো অনুবাদই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আইজ্যাক আসিমভ, মিশিও কাকু, স্টিফেন হকিং এর প্রচুর লেখা অনুবাদ করেছেন। এর পাশাপাশি কার্লো রোভেলি, নীল ডি গ্র্যাস টাইসন, ওয়ালটার লুইন প্রমুখের লেখাও অনুবাদ করেছেন। এর পাশাপাশি ‘মহাজাগতিক প্রথম আলো’ তাঁর মৌলিক বিজ্ঞান বই।

পেশায় চিকিৎসক ও অধ্যাপনায় নিয়োজিত সৌমিত্র চক্রবর্তী (জন্ম ১৯৮৭-) গণিত ও জীববিজ্ঞানের সব্যসাচী লেখক। গণিত অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাথে জড়িত গণিতনিষ্ঠ এই তরুণ চিকিৎসক-গবেষক নিয়মিত বিজ্ঞান বিষয়ক বই প্রকাশ করছেন। বিষয়বস্তুর বিস্তৃত ও গভীর আলোচনা তাঁর রচনার বৈশিষ্ট। তাঁর গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে ‘প্রাণের মাঝে গণিত বাজে’ (২ পর্ব), ‘সম্ভবত’, ‘জীবকোষ’, ‘জীবনের গাণিতিক রহস্য’, ‘জীবনের গল্প’ (২ খণ্ড) ইত্যাদি। ২০২১ সালে পাঠকপ্রিয় এই বিজ্ঞানলেখক বাংলা একাডেমির হালিমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন।  

বর্তমানে আব্দুল গাফফার রনি, আবদুল্ল্যাহ আদিল মাহমুদ, উচ্ছ্বাস তৌসিফ প্রমুখ তরুণ লেখকেরা নিয়মিত বিজ্ঞান রচনায় ব্যাপৃত আছেন। আবার একইসঙ্গে সামাজিক মাধ্যমে জনপ্রিয় এবং সে ধারাবাহিকতায় বিজ্ঞান লেখালেখিতে সক্রিয় এরকম বেশ কিছু লেখক রয়েছেন। গণিত, প্রোগ্রামিং, পদার্থবিজ্ঞান প্রভৃতি তাঁদের রচনার বিষয়। চমক হাসান, মোত্তাসিন পালভীকে প্রায় সকলেই চেনেন। নাঈম হোসেন ফারুকীও এ ধারায় লিখে জনপ্রিয় হয়েছেন। গণিতের নানা বই উপহার দিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় মুনির হাসান (‘গণিত বোঝার হাতেখড়ি’, ‘প্রাথমিক গণিতের ভিত্তি’, ‘ওরা ১১ বাংলার বিজ্ঞানী’ ইত্যাদি), ও দীপু সরকার (জন্ম ১৯৯২) (‘জ্যামিতির যত কৌশল’, ‘গণিত আর ধাঁধার রাজ্যে কিছুক্ষণ’ ইত্যাদি)। এঁদের বাইরেও অনেকে আছেন, লিখছেন, সময়ই বলে দেবে সেসব রচনা বিজ্ঞান-সাহিত্য হয়ে উঠল কিনা।                

বাংলা বিজ্ঞান-সাহিত্যের দুশো বছরের ইতিহাসের দিকে তাকালে স্পষ্টতই বোঝা যায় বাংলা বিজ্ঞান-সাহিত্যের যে আলোকবর্তিকা জ্বলে আছে, তা কেবল দূরের লণ্ঠন নয়, বাংলা সাহিত্যের লাল নীল দীপাবলীর সমান্তরালে সে স্বতন্ত্র ঔজ্জ্বল্যে দীপ্যমান।   

[বাংলায় বিজ্ঞান সাহিত্যের সূত্রপাত ও বিকাশ সম্বন্ধে অধিকাংশ তথ্যই ‘বঙ্গসাহিত্যে বিজ্ঞান’, বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (ফেব্রুয়ারি, ২০০৪ সংস্করণ) হতে গৃহীত হয়েছে। ঔপনিবেশিক বাংলার বিজ্ঞান সাহিত্য বিষয়ে বইটি বলতে গেলে একমেবাদ্বিতীয়ম। এছাড়া সামান্য কিছু ক্ষেত্রে ইন্টারনেট (বিশেষত উইকিপিডিয়া) সহায়ক ভূমিকা পালন করেছে] 

[ মূল লেখাটি অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদীর নির্বাচিত বিজ্ঞান-বিষয়ক সংকলন ‘বিস্ময় তাই জাগে’ (মাওলা ব্রাদার্স, ২০২৬) গ্রন্থের মুখবন্ধ হিসেবে রচিত হয়েছে। এস্থলে লেখাটি সংক্ষেপিত, পরিবর্তিত এবং সম্পাদিত আকারে ছাপা হল]