আবদুল মান্নান সৈয়দ ও শিল্পকলা
শিল্পের এই ক্রমরূপান্তর কথা বলতে গিয়েই তিনি বলেছেন পরাবাস্তববাদের সঙ্গেও মিশে গেছে মার্কসবাদ, অন্যতম উদাহরণ হিসাবে কবি লুই আরাগঁ, পল এলুয়ার, লোরকা এবং নেরুদার উল্লেখ করেন। আবার তিনি মনে করেন, আজো আধুনিকতার সঙ্গে আদিমতা মিশে আছে।
প্রকাশবাদী শিল্প আন্দোলন সম্পর্কে লিখতে গিয়ে জার্মান প্রকাশবাদী চিত্রশিল্পী এমিল নোলডের (১৮৬৭-১৯৫৬) চিন্তাকে আবদুল মান্নান সৈয়দ তাঁর নিজের ভাষায় প্রকাশ করেছেন এভাবে—‘লব্ধজ্ঞানের চেয়ে আত্মআবিষ্কার একজন শিল্পীর জন্য বেশি দরকারি।’ এটা যে কেবল প্রকাশবাদী শিল্পকলার কেন্দ্রদর্শন সম্পর্কে তাঁর উপলব্ধি তা নয়, এটি তাঁর নিজের শিল্পীজীবনেরও মর্মকথা! এই কথার মর্ম অনুভব না করলে আবদুল মান্নান সৈয়দের সৃষ্টিকে ঠিকঠাক বুঝে ওঠা যাবে না। বিভিন্ন লেখায় বা সাক্ষাৎকারে ‘লেখকের অন্তরাত্মা’র কথা উল্লেখ করতেন। এক অর্থে বলা চলে ‘লেখকের অন্তরাত্মা’ বা ‘শিল্পীর আত্মআবিস্কার’ ছিল তাঁর চালিকা। এই বোধটি যেন ছিল তাঁর জীবনসংগীতের বাদী স্বর। কবিতা গল্প নাটক উপন্যাস যা-ই তিনি লিখতেন কিংবা লিখতেন গবেষণাপ্রবন্ধ বা করতেন অনুবাদ—সবই ছিল তাঁর শিল্পীসত্তার দায়বোধ থেকে অন্তরাত্মার আহ্বানে সাড়া দেয়া। তাঁর লেখালিখিকে মূল্যায়ন করতে গিয়ে তাঁর এই সত্তাদর্শনকে মনে রেখে না নিলে অনেক ক্ষেত্রেই তাঁর শিল্পীসক্রিয়তাকে ভুলও বোঝা হতে পারে, বা হতে পারে খণ্ডিতভাবে বোঝা! কথাগুলো মনে হলো আবদুল মান্নান সৈয়দের ‘বিংশ শতাব্দীর শিল্প-আন্দোলন’ বইটা উল্টেপাল্টে দেখতে গিয়ে।
বইটিতে রয়েছে সাতটি পরিচ্ছেদ–‘ফভিজম বুনো জন্তুর দল’, ‘এক্সপ্রেশনিজম : প্রকাশ পন্থীরা’, ‘ফিউচারিজম : ভবিষ্যতের ইশতাহার’, ‘কিউবিজম : জ্যামিতিকবাদ’, ‘ডাডাইজম : বয়স্কের আবোলতাবোল’, ‘সুররিয়ালিজম পরাবাস্তব বিশাল বিশ্বে’। এই প্রবন্ধগুলোতে বিশশতকের শিল্প আন্দোলনগুলোর সংহত পরিচয় দিয়েছেন তিনি। প্রতিটি পরিচ্ছেদের উপশিরোনাম সংগ্রহে তিনি যে দার্শনিকতা ও কাব্যিকতার সংহত পরিচয় দিয়েছেন তাতে তাঁর পরিগ্রহণসামর্থ্য বোঝা যায়। বইয়ের স্বল্পায়তন লেখায় যে সারবস্তু তিনি তীক্ষ্ণভাবে উপস্থাপন করেছেন তাতে অনুভব করা যায় এটি একটি অধীত জ্ঞানের টিউটরিয়ালধর্মী উপস্থাপনা নয়। দীর্ঘ কাল ধরে পাওয়া তাঁর সাহচর্য থেকে আমার অনুভব, তিনি স্বভাবজ শিল্পকৌতূহল দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘকাল ধরে বিশ্বশিল্পের যে অনুসন্ধান করেছেন তারই একটি সৃজনশীল উপস্থাপন এই বই।
বইটি কেবল জ্ঞানেরই বাহক হতে চায়নি, বরং বিশ্বশিল্পকলার সার গ্রহণ করে উপস্থাপন করতে চেয়েছে তার মর্মদ্যূতিময় আরেকটি বইরূপ শিল্পকর্ম! বইটির সপ্তম পরিচ্ছেদ পরিশেষ পর্বে রয়েছে কবি-শিল্পীদের কথা ও সুররিয়ালিস্ট কয়েকটি কবিতা। এখানে আলোচিত হয়েছেন গিওম আপোলিনেয়ার, রেনে ম্যাগ্রিৎ, ম্যাস্ এর্নস্ট, সালভাদোর ডালি, নেরুদার-র চোখে লোরকা; আর আছে একগুচ্ছ সুররিয়ালিস্ট কবিতার অনুবাদ। যেনবা হিন্দুস্তানি সংগীতের বিস্তার হয়ে বইয়ের কল্পরূপের উপস্থাপন; সবগুলো রচনার ভাবরূপকে যেন সাংগীতিক আলাপে বেঁধেছেন এর নাতিদীর্ঘ ভূমিকাটি দিয়ে।
২.
প্রসঙ্গত স্মরণ করছি, তাঁর লেখার একটা অংশ–যেখানে তিনি বলেছেন ‘“আমার শিল্পাগ্রহের চার দিগন্ত: চিত্রকলায়, নৃত্যে, সংগীতে আর সাহিত্যে। চিত্রশিল্পী হওয়ারই কথা আমার। হয়নি। তা খানিকটা মিটেছে আমার কবিতার চিত্রলতা এবং চিত্রকল্পমুখরতায়। আর চিত্রকলা আর চিত্রীদের জীবনকথা পড়ে দুধের স্বাদ ঘোলে মেটানো। হয়তো কোনো সময় সমনোযোগে ছবি আঁকব। ‘শিল্প বিশাল, আয়ু অতিশয় হ্রস্ব।' বুদ্ধদেব বসু-কৃত শার্ল বোদলেয়ার : তাঁর কবিতা-র এই একটি ছত্র শেষ-পর্যন্ত মেনে নিতেই হয়। গান শুনি। নাচ দেখে মন খারাপ করি। আর সাহিত্যের দিকদিগন্ত চষে বেড়াই। শেষ-পর্যন্ত সাহিত্যকেই-যে মাধ্যম হিশেবে নিয়েছি, সেটা তো ভালোই মনে হয়। একই সঙ্গে কল্পনা-আর-মননের চর্চা আর-কোনো শিল্পপ্রক্রিয়ায় সম্ভব ছিল না বোধ হয়।” [–পৃ.৩২, ‘ভেসেছিলাম ভাঙা ভেলায়’, ২০০৯, ঢাকা]
তাঁর লেখার ছোট্ট উদ্ধৃতিটুকু থেকেও আঁচ করা যায়, শিল্পকলার সব আঙ্গিককেই তিনি একটি সত্তায় আধারিত হবার বিষয় বলে মনে করতেন! সাহিত্য তাঁর তাবৎ শিল্প-উপকরণের গ্রহণছাকনি; কেবল শিল্প-উপকরণের নয়, ইতিহাস ও সমাজবীক্ষারও। শেষের দুটি শব্দ উল্লেখ না করলে মনে হতে পারে তিনি তাঁর শিল্পযাত্রায় কেবল ব্যক্তির অন্তর্জগত নিয়েই থাকেন! সমাজেতিহাসের ধার ধারেন না। তাঁর সমালেচকেরা অনেক সময় এমনটিই বলে থাকেন। যেমন এই বইটির ‘বিংশ শতাব্দীর শিল্প-আন্দোলনে’র মতো আপাত গালভরা নাম দেখে এবং বইয়ের আয়তনক্ষীণতা ও পরিচ্ছেদগুলোর শব্দসংখ্যা বিবেচনা করে কাউকে কাউকে বলতে শুনেছি এত বড় সময় ও সে সময়ের শিল্প-আন্দোলনের বৈশিষ্ট্য বোঝাবার পাণ্ডিত্যের পরিচয় এই বইয়ে নেই! দু একজনকে বলতে শুনেছি সমাজ বিজ্ঞান ও ইতিহাস বিষয়ের মাত্রাজ্ঞানে বেশি অগ্রসর না হয়েও এমন একটি বই লেখার সাহস আবদুল মান্নান সৈয়দ কোথায় পেলেন!
ওপরের এই প্রশ্নের উত্তরেই বলা যায় ‘বিংশ শতাব্দীর শিল্প-আন্দোলন’ বইটি তাঁর শিল্পীসত্তার মননপরিশ্রুত একটি শিল্পকর্ম উপস্থাপন বৈ আর কিছু নয়! বিদেশি বই থেকে চিত্র পরিগ্রহণ করে প্রাসঙ্গিক জায়গায় সেগুলো বিন্যস্ত করে তিনি গোটা বইটিকেই একটি সামন্যমাত্রিক শিল্পকর্ম রূপে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি যে মনে করতেন, ‘আমি আমারই ভিতর দিয়ে গিয়ে অন্যদের হৃদয় ছুঁয়ে থাকি। শেষপর্যন্ত ব্যক্তিগত-অতিব্যক্তিগত বলে কিছু নেই..।’ এই কথার আলোকেই বলা যায়, আপাতদৃষ্টে বিশ শতকের পাশ্চাত্যের শিল্পকলার ধারাক্রম রচনা করলেও এই বইয়ে তাঁর শিল্পদর্শন হচ্ছে এই–
‘... শেষ বিশ্লেষণে, শিল্পকলায় অতীত ও বর্তমান বলে কিছু নেই, প্রাচ্য ও প্রতীচ্য বলে কিছু নেই। একটি পরম্পরা চলছে। একটি নদী প্রবাহিত। আবহমান নদী। কবে কোন, প্রাগৈতিহাসিক কালে কোন নদীতীরে কোন গুহাগাত্রের কোন বৃক্ষের বল্কলে শুরু হয়েছিল আঁকাজোকা, এখন গণনাতীত মাধ্যমে ছড়িয়ে গিয়ে এগিয়ে চলেছে তো চলেছেই।’ [পৃ.১৫-১৬]
শিল্পের এই ক্রমরূপান্তর কথা বলতে গিয়েই তিনি বলেছেন পরাবাস্তববাদের সঙ্গেও মিশে গেছে মার্কসবাদ, অন্যতম উদাহরণ হিসাবে কবি লুই আরাগঁ, পল এলুয়ার, লোরকা এবং নেরুদার উল্লেখ করেন। আবার তিনি মনে করেন, আজো আধুনিকতার সঙ্গে আদিমতা মিশে আছে। তাই বলা যায়, আধুনিক বলে আসলে কিছু নেই, নেই অতীত বলেও কিছু। অথবা তাঁর যেমন মনে হয়, অতীত প্রবিষ্ট হয়ে আছে আধুনিকতার মধ্যেই। যথার্থই তাই তিনি বলেন,
‘তারপরও ইতিহাসের ধারাবাহিকতার কথা ভুলে গেলে চলে না। বিংশ শতাব্দীর চিত্র আন্দোলনগুলির বিশেষতা এখানেই। আর এই আন্দোলনগুলি সমবায়ী একটি ফল প্রসব করেছে: বহির্জগৎকে বিস্মৃত না হয়ে গিয়েও অন্তর্জগৎকে আরেকটু উন্মোচন করেছে, বহির্জগৎকেও দেখেছে একটি নতুন চোখে। পরম্পরাগত কিন্তু বিশেষ। তাই এর গুরুত্ব অনেক—যার প্রভাবধারা আজো দিকে দিকে বিস্তীর্ণ হয়ে চলেছে–-চলবে।’ [পৃ. ১৭] যথার্থই তিনি মনে করেন, বাংলাদেশের চিত্রকলা ও সাহিত্য নিশ্চয়ই যুক্ত থাকবে এই প্রবাহমানতার সঙ্গে।
৩.
সুতারং আমরা বলতে পারি, এই ক্ষীণকায়া বইটিও যেমন যুগপৎ তাঁর কল্পনা ও মননের ধারক, তেমনি এই দুইয়ের সমন্বয়ী একটি সামান্যপ্রয়াসী শিল্পকর্মও!
