কবি আবদুল কাদিরের অগ্রন্থিত প্রবন্ধ: ‘সঙ্গীত-চর্চ্চা’
ইস্লামের গৌরব-যুগে সঙ্গীত চর্চ্চা নিষিদ্ধ ছিল না, অথচ আজ যে মুসলমান ধর্ম্মাচার্য্যরা ইহাকে অসিদ্ধ বলিয়া ফতওয়া দিতেছেন তাহার মূলে আছে অন্ধ রক্ষণশীলতা ও মানসিক বর্বরতা,—একালের মুসলমান তরুণদের এই অভিযোগে অস্থির হইয়াই মওলানা সাহেব শাস্ত্রবচন উদ্ধারে প্রবৃত্ত হইয়াছিলেন।
মনস্বী আবদুল কাদিরের (১৯০৬-১৯৮৪) সকল প্রকার পরিচয়ের ওপর বোধহয় তাঁর মননশীল প্রাবন্ধিক ও গবেষক সত্তা। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আবদুল কাদির ছিলেন বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত ‘প্রগতি’ (১৯২৭-৩০) পত্রিকার লেখক, এবং মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ‘শিখা’র (১৯২৭-৩১) প্রকাশক, সম্পাদক ও লেখক। একই সময়ে তিনি শিখার সহযোগী অস্থায়ী দু-তিনটি পত্রিকার সহযোগী অনুরাগী। তাছাড়াও তিনি ছিলেন মাসিক সওগাত (১৯২৬–) এর সম্পাদকীয় বিভাগের কর্মকর্তা। ১৯৩০ সালে তিনি নিজেই প্রকাশ করেন মাসিক সাহিত্য পত্রিকা ‘জয়তী’(১৯৩০-৩২)। কিন্তু পত্রিকাগুলো আবদুল কাদিরের সকল লেখা ধারণ করতে পারেনি। এই সময়ে ( ১৯৪০ পর্যন্ত) তিনি বিভিন্ন পত্রিকায় নিজের চিন্তাধারার দিয়ে নানা ধরনের চিন্তামূলক ও গবেষণাধর্মী রচনা অনবরত লিখেছেন। তাঁর জীবনের এই পর্বের বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়নি এখনও। এই সময়ে প্রকাশিত নাজিরুল ইসলাম (মোহাম্মদ সুফিয়ান) সম্পাদিত ও কাজী নজরুল ইসলাম পৃষ্ঠপোষিত সাহিত্য পত্রিকা “ছায়াবীথি”(১৩৪০-৪৩) তে প্রকাশিত তাঁর কয়েকটি সিরিয়াস প্রবন্ধ আমার নজরে আসে। তারমধ্যে “সঙ্গীত-চর্চা” খুবই তাৎপর্যপূর্ণ।
এই ধরনের বিষয়ে তিনি যে অনায়াস-দক্ষতা দেখিয়েছেন তা বিস্ময়কর। আবদুল কাদিরের বয়স তখন মাত্র ছাব্বিশ-সাতাশ বছর। কোনো মুসলিম তরুণ কলকাতায় বাঙলার সারস্বত সমাজের ধ্রুব-নক্ষত্র রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম-অতুলপ্রসাদ সেন-দিলীপকুমার রায়-ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখের দোর্দণ্ডপ্রতাপে সক্রিয় থাকা অবস্থায় সঙ্গীত-শাস্ত্র নিয়ে লেখা কতটা পাণ্ডিত্যের অধিকারী হলে সম্ভব তা চিন্তা করলে তাঁর প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সংগীত নিয়ে মুসলিম সমাজে আজও তর্কবিতর্ক থেমে নেই। মওলানা আকরম খাঁর মতো জবরদস্ত আলেমও যখন সংগীত নিয়ে অনুকূল মত ব্যক্ত করেছেন সেই ২০/৩০ এর দশকে, তাঁর অভিমতকে উপেক্ষা করে আজও সংগীতের বিরুদ্ধে ফতোয়া আসতে দেখি কোনো কোনো ইসলামী শাস্ত্রবিদদের কাছ থেকে। আবদুল কাদির গভীর পাণ্ডিত্য নিয়ে অগ্রন্থিত এই লেখাটিতে সংগীতের বৈশিষ্ট্য ও ইতিহাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও অভিমত তুলে ধরেছেন যা সংগীত সম্পর্কে আমাদেরকে সংশয়মুক্ত হতে সাহায্য করবে। লেখাটিতে লেখকের বানানরীতি অক্ষুণ্ণ রাখা হয়েছে।
মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষকে স্মরণ করে তাঁর এই লেখাটি পাঠকসমাজে উপস্থাপন করা হলো। লেখাটি এখনও পর্যন্ত আবদুল কাদিরের কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয়নি।-- ইসরাইল খান।
ঢাকা “মুসলিম সাহিত্য-সমাজ” হইতে প্রকাশিত বার্ষিক “শিখা” পত্রে ভারতীয় সঙ্গীতে মুসলমানের দান সম্বন্ধে আলোচনা হয় ; সে আলোচনায় ইহাও বলা হয় গীত চর্চ্চা মুসলমান ধৰ্ম্ম মতে নিষিদ্ধ হইতে পারে না, কেননা হজরত মোহাম্মদ ও বহু সাহাবী সঙ্গীতকে প্রশ্রয় দিয়াছেন । মওলানা মোহাম্মদ আকরম খাঁ সাহেব মাসিক মোহাম্মদীর “সঙ্গীত-সমস্যা” সন্দর্ভে শাস্ত্র ও উপশাস্ত্রাদি হইতে বহু বিশ্বাস্য বচন উদ্ধৃত করিয়া উপরোক্ত সিদ্ধান্তকে নির্ভুল প্রমানিত করেন। ইস্লামের গৌরব-যুগে সঙ্গীত চর্চ্চা নিষিদ্ধ ছিল না, অথচ আজ যে মুসলমান ধর্ম্মাচার্য্যরা ইহাকে অসিদ্ধ বলিয়া ফতওয়া দিতেছেন তাহার মূলে আছে অন্ধ রক্ষণশীলতা ও মানসিক বর্বরতা,—একালের মুসলমান তরুণদের এই অভিযোগে অস্থির হইয়াই মওলানা সাহেব শাস্ত্রবচন উদ্ধারে প্রবৃত্ত হইয়াছিলেন। তাঁহার উদ্যম প্রশংসনীয় ; সঙ্গীতকে অসিদ্ধ প্রতিপন্ন করা সম্পর্কে এতকাল যে-সব শাস্ত্রবাক্যের দোহাই দেওয়া হইত সে সবের প্রকৃত অর্থ নিরূপণে তাঁহার মন বাস্তবিকই মোহ মুক্ত—দক্ষতা অসামান্য। সঙ্গীতচর্চ্চা সিদ্ধ কি না ভাবিয়া যাঁহারা মানসিক অশান্তিতে ভুগিতেছেন, তাঁহাদের দিক দিয়া মওলানা সাহেবের আলোচনাটীর মূল্য যথেষ্ট। বাঙ্গলার যে অর্দ্ধ-শিক্ষিত আলেম-সমাজ মানুষের সমস্ত সুকুমার বৃত্তির নিগ্রহ-কল্পে শাস্ত্রবচনের ভ্রান্ত ব্যাখ্যা দিয়া যোগী-নিদ্রায় নিশ্চেতন ছিলেন, তাঁহারা যে খাঁ সাহেবের এ হেন সিদ্ধান্তে সচকিত হইয়া উঠিবেন, ইহা স্বাভাবিক ৷
কিন্তু কথা হইতেছে, কোনো শিল্পের পরিশীলন বাঞ্ছনীয় কিনা তাহা নির্দ্ধারণের জন্য কি শাস্ত্রানুমোদনের প্রয়োজনীয়তা আজ বাস্তবিকই আছে ? আর্টে মানবচিত্তের ঘটে আনন্দময় মুক্তি, আর্টের চরম ও শ্রেষ্ঠতম হইতেছে ধৰ্ম্ম, অতএব কোনো আর্টের চর্চ্চায় যে ধর্ম্মের নিষেধাজ্ঞা থাকিতে পারে ইহ৷ বিশ্বাস করা চলে না। মওলানা সাহেব, বলিয়াছেন—“যে সব গান মানুষকে, পাপ, কুরচি এবং কুৎসিত কাজ ও ভাবের প্রতি আকর্ষণ করে, সে শ্রেণীর সঙ্গীত নিশ্চয়ই হারাম । কিন্তু কথা শুধু এইটুকু যে, তাহা হারাম হইতেছে সঙ্গীত বলিয়া নহে— বরং পাপ বলিয়া, অসদ্ভাব ও কুপ্রবৃত্তির সহায়ক ও উত্তেজক বলিয়া।”
তিনি অন্যত্র বলিয়াছেন যে, আলেমগণ “প্রথমে সকল প্রকার সঙ্গীতকে নাজাএজ, বলিয়া ফতওয়া দিয়াছিলেন” কারণ সে সময় “অধিকাংশ লোক অধিকাংশ সময়” অসদ্ভাবপূর্ণ “সঙ্গীত চর্চ্চায় লিপ্ত” থাকিতেন। কোনো রাষ্ট্রে “অধিকাংশ লোক অধিকাংশ সময়” সঙ্গীতচর্চ্চায় লিপ্ত থাকিতে পারে কিন৷ তাহা ভাবনার বিষয় । সে যুগে সঙ্গীতকে নিষিদ্ধ করার মধ্যে ছিল আলেমদের দলগত স্বার্থ, না সমাজের স্বাস্থ্য রক্ষার উপায়ান্তরহীন নির্দয় চেষ্টা, সে গবেষণা ঐতিহাসিক করিবেন। তবে কোনো আর্টের অনুশীলনে কতকগুলি লোক যদি দুর্নীতিপরায়ণ হইয়া ওঠে তাহাতে সে আর্টের অনুশীলনকেই ধর্ম্মধ্বজীদের নিষিদ্ধ ঘোষণা করা ধৃষ্টতা বই কি।
কেননা, কোনো আর্ট” বাস্তবিকই অশ্লীল হইয়া উঠিতেছে কি না সে বিচারের ক্ষমতা শাস্ত্রবাহকের থাকা স্বাভাবিক নয়। সুর-শিল্পের কোনো বিশিষ্ট ঝোঁক সম্বন্ধে অভিমত জ্ঞাপন করিতে পারেন “সঙ্গীত বিস্তার পারদর্শী” কিম্বা “সঙ্গীতশাস্ত্রের পারদর্শী”— ধর্মদণ্ডধারী নহেন। তবে তাহা যদি বাস্তবিকই লোকস্বাস্থ্যের হানিকর হয় তাহার জন্য রহিয়াছে রাষ্ট্রের শাসন, সমাজের রুচিবিচারক সাজিয়া মওলানাদের সে ক্ষেত্রে অঙ্গুলি উত্তোলন অনধিকার চর্চ্চা বই কি। কোনো শিল্পসৃষ্টি যদি কাহারো কাছে অনভিপ্রেত বা অকল্যাণকর মনে হয় তবে তাহার প্রতিবাদ লাঠির সাহায্যে হওয়া শোভন নয়—তাহার প্রকৃত প্রতিবাদ হইতেছে নব-সৃষ্টির সূচনা।
“এসলামের খলিফা ও বাদশাহাদিগের ক্রমবর্দ্ধনশীল অসংযমের” যুগে তাই প্রতিবাদীদের কৰ্ত্তব্য ছিল নবতন গীতসৃষ্টির আয়োজনই, “সঙ্গীত সংক্রান্ত ফতওয়ার ক্রমবর্দ্ধনশীল কঠোরতা” নয়, কেন না তাহাতে “সদ্ভাব মূলক” গীত সৃষ্টির সম্ভাবনাও যে বিনষ্ট হইয়া যায়। সঙ্গীতে “সদ্ভাব” “অসদ্ভাব” এ সব নীতিকথার কোনো তাৎপর্য্য কি বাস্তবিকই আছে ? সঙ্গীতের ক্রীয়াক্ষেত্র যথেষ্ট অপরিসর, ধ্বনির সমাবেশেই সেখানে আনন্দের উদ্বোধন হয়। কোনো আইডিয়া প্রকাশের শক্তি সঙ্গীতের স্বল্প। কবি ও চিত্রকর হইতে সম্পূর্ণস্বতন্ত্র প্রক্রিয়ায় ভাব ও ছবি ব্যতিরেকেই সঙ্গীত-সাধক অনুভূতিকে করিয়া তোলেন সক্রিয়। কাব্য ও চিত্র অপেক্ষা সঙ্গীতের সুবিধা অধিক এইখানে যে, ইহার প্রভাব আশু—শিক্ষা বা মানসিক প্রতিক্রিয়ার অপেক্ষা না রাখিয়াই মুহূর্ত্ত মাত্রে ঘটে ইহার রসের বহুল বিকাশ; রসচৈতন্যে ইহার আবেদন বিস্তার করে ইন্দ্রজাল, কল্পনা ও স্মৃতিকে বিলুপ্ত করিয়া আত্মাকে নিমজ্জিত করে অনুভূতির রসে ক্ষণকালের জন্য রচনা করে এক নিজস্ব নূতন পৃথিবী। অবশ্য একথা সত্য যে, সুরের তাল, লয় ও খোঁচের বিভিন্ন ভঙ্গির সমাবেশে, চরিত্র বৈশিষ্ট্যও ফুটিয়া উঠে, সুরের সূক্ষ্ম কারুকার্য্য ও বিস্তারের মধ্য দিয়াই প্রকট হইয়া ওঠে উদাস গাম্ভীৰ্য্য, শ্রান্ত বিষাদ, গভীর শান্তি, একান্ত নির্ভরতা, আকুল অনুরাগ, সংক্ষুব্ধ সংরাগ, প্রভৃতি মানব মনের বিভিন্ন অবস্থার বিকাশ। আর্টের উদ্দেশ্য—আনন্দ সৃষ্টি, গুণ ভাবের আদান প্রদান । প্রেম, ভক্তি, দয়া, স্নেহ প্রভৃতি মানব-মনের সদ্বৃত্তিজাত গুণগুলির উন্মেষণে যে সঙ্গীত যত বেশী কৃতকাৰ্য্য, প্রকৃত আনন্দ পরিবেশনে সে সঙ্গীত তত বেশী সমর্থ। “আর্ট ফর্ আর্টস্ সেক্” সমস্যা সঙ্গীতে উত্থাপন না করিলেও চলে, কেন না সঙ্গীত চর্চ্চা আপনা হইতেই স্বাস্থ্যকর এবং যেহেতু আনন্দদায়ক অতএব কল্যাণাভিসারী ।
গীত, বাদ্য ও নৃত্য, এই তিনটী কলাবিদ্যার সমবায়ে সঙ্গীতের সৃষ্টি। একটি স্বতন্ত্র বিদ্যা হিসাবেও নৃত্যের প্রতিষ্ঠা আছে; এবং সঙ্গীত চর্চ্চা নৃত্য ব্যতিরেকেও চলিয়া থাকে । এই নৃত্য সৰ্ব্ব প্রাচীন কলাবিদ্যা, আদিম মানুষ ইহার সাহায্যেই মনের আনন্দ-বেদনার রূপ দিয়াছে; সামাজিক উৎসব-ব্যসনে, প্রেমিক প্রেমিকার মিলন-লগ্নে, দেবতার বন্দনারতি উপলক্ষে মানুষের আনন্দ-প্রেম-পূজার অভিব্যক্তি হইয়াছে তাণ্ডব ও লাস্য—অঙ্গবিক্ষেপবহুল পেবলী ও অভিনয়বহুল বহুরূপা, যৌবত ও ছুরিত, প্রভৃতি নানা প্রকারে নৃত্যকলার মধ্য দিয়াই।
দেহের ভঙ্গিমাতেই আদিম মানুষ দিয়াছে মনের ইঙ্গিত ; এই ইঙ্গিতে দিনে দিনে সুষ্পষ্টতর হইয়া উঠিয়াছে লোকসঙ্গীত লোক-সাহিত্য প্রভৃতির সোপান বাহিয়া ৷ সঙ্গীত-চর্চ্চার আদিযুগে তাই সুরের লীলা ছিল, কথার মালা ছিল না; কারণ, মানবকণ্ঠে কথা আসিয়াছে অনেক পরে ৷ কণ্ঠ যোগে তখন কথাকে সুরে উচ্চারণের নামকরণ হইয়াছে গীত ; কিন্তু এককালে গীত সুগীত ছন্দ প্রবন্ধ ধুয়া মাঠা প্রভৃতি নানারূপে যাহার বিকাশ ছিল তাহা এখন বিলুপ্ত । সেকালের সুর সঙ্গত নাই, এখন বহু আয়াসের ফলে সুর পৰ্যবসিত হইয়াছে ঠাটে। ভারতবর্ষে তন্ত্র-বিশিষ্ট ‘তত’ ( বীণা, রবাব, স্বরদ, সুরবাহার, সেতার, সারঙ্গ প্রভৃতি ), চর্ম্মাচ্ছাদিত ‘অবনদ্ধ' ( ডমরু, মৃদঙ্গ, তবলা, খোল, ঢোল, নাকরা প্রভৃতি ) ধাতু-নির্ম্মিত ‘ঘন’ ( দণ্ডতাল, খরতাল, মন্দিরা, ঘণ্ঠা, ঝাঁঝ, জুড়ি প্রভৃতি ) ও বায়ু-সংযোগে-বাদিত শুষির ( বাঁশী, মূরলী, রামশিঙ্গা, শঙ্খ, সানাই, তূরী প্রভৃতি ), এই চারিপ্রকার বাদ্যযন্ত্রের প্রচলন আছে। Harpichord ও Clavichord হইতে যেমন পরবর্ত্তীকালে য়ুরোপে Pianoforte আবিষ্কৃত হইয়াছিল, তেমনই এদেশেও প্রাচীনকালের তানপূরা ও ডমরু হইতে পরে বীণা মৃদঙ্গ প্রভৃতি যন্ত্রের আবির্ভাব হইয়াছে।
এই বাদ্যাদির উদ্দেশ্য হইতেছে গানের যথা— নিয়ন্ত্রণ, রাগাদির বিস্তারকে স্বসীমায় ও ছন্দোবন্ধনে তাল-রূপী কাল-পরিমাণের মধ্যে আনয়ন, এরং সুর বাজাইবার যন্ত্রগুলিতে রাগরাগিনী ও ঝঙ্কার সৃজন। ষড়ঙ্গ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও নিখাদ, এই সাতটী মূল সুর । ষড়জ ও পঞ্চম ব্যতিরেকে বাকী রে গা মা ধা নি এই পাঁচটী সুর বিকৃত হইয়া তীব্র ও কোমল হয় ; ফলে মোট সুর হয় বারোটী ।
এই দ্বাদশ সুর ছাড়া ভারতীয় সঙ্গীতে ‘শ্রুতি' নামে অতি-তীব্র ও অতি-কোমল আরো সুরের অস্তিত্ব স্বীকার করা হয় ; সে সবকে বলা যাইতে পারে সুরের ভগ্নাংশ । কোনো কোনো পণ্ডিত, তীব্রা, দয়াবতী, রৌদ্রী, বজ্রিকা, ক্ষিতী, মদন্তী, উগ্রা প্রভৃতি বাইশটী শ্রুতির উর্দ্ধেও শ্রুতি হইতে পারে বিশ্বাস করেন; তবে তাঁহারা বলেন যে সে-সব এত সূক্ষ্ম যে সাধারণ শ্রবণেন্দ্রিয়ে অনুভূতিই হয় না । এ-সম্পর্কে শ্রীযুক্ত প্রমথ চৌধুরী রসিকতা করিয়া বলিয়াছেন—“শ্রুতির অর্থ হচ্ছে সেই স্বর, যা কানে শোনা যায় না; যেমন দর্শনের অর্থ হচ্ছে সেই সত্য, যা চোখে দেখা যায় না। যেমন দর্শন দেখাবার জন্য দিব্য চক্ষু চাই, তেমনি শ্রুতি শোনবার জন্য দিব্য কর্ণ চাই। আমাদের পক্ষে ঐ বারোই ভাল । যদি ঐ দ্বাদশ সুরের ফাঁকে ফাঁকে সত্যিই শ্রুতি থাকে,
তা হলে সে-সব স্বর হচ্ছে অনুস্বর। সা এবং নি'র অন্তর্ভূত দশটি সুরের গায়ে যদি কোনও অসাধারণ পণ্ডিত দশটী অনুস্বর জুড়ে দিতে পারেন, তা হলে সঙ্গীত এমনি সংস্কৃত হয়ে উঠবে যে, আমাদের মত প্রাকৃতজনেরা তার এক বর্ণও বুঝতে পারবে না।”–সা, রি, গা, মা, পা, ধা, নি, এই সাতটী সুরকে বলে সপ্তক ; সপ্তক তিনটী, উদারা, মুদারা ও তারা, অন্য কথায়, নিম্ন মধ্য ও উচ্চ।
বারোটী সুরের মধ্যে সাতটী শুদ্ধ, পাঁচটী বিকৃত; এই পাঁচটীর মধ্যে রে গা মা ধা নি কোমল, এবং শুধু মধ্যমটি কড়ি। এ-সমস্ত সুরের আরোহণ ও অবরোহণকে বলা হয় অলঙ্কার ; অলঙ্কার রাগ-সম্পদ বর্জ্জন করিয়া সঙ্গীতকে সুশ্রাব্য করিয়া তোলে, তান-রূপে ইহা হয় গীতবাদ্যের দেহালঙ্কার ৷ আস্থায়ী আরোহী অবরোহী ও সঞ্চারী, অলঙ্কারের এই চারি বর্ণ। স্বর উচ্চারণের সমান সময়-অনুপাতের নাম মাত্রা; কোন গানে মাত্রা দ্রুত, কোন গানে মধ্য বা বিলম্বিত। কয়েকটি মাত্রার সমষ্টিতে হয় তাল ; যেমন একতালা, তৃতালী, চৌতাল, সুরফাঁক্তা, আড়াঠেকা, যৎ ইত্যাদি । তালির বিভিন্ন সংখ্যক আঘাত হইতে এই তালের উৎপত্তি ; যেমন, তিনটী আঘাত ও একটি ফাকে হয় তৃতালী, এই তৃতালী আবার দুই প্রকার—ঢিমা ও জলদ্ । কতকগুলি তাল সমপদী, কতকগুলি বিষম-পদী তাল-বিভাগের বিশেষ ঝোকের স্থানটিকে বলা হয় সম্। এক স্বর অন্যস্বরে বিশেষরূপে গড়াইয়া গেলে তাহাকে বলে মীড়। স্বরের ক্ষণিক নিস্তব্ধতাকে বলে বিরাম। প্রায় প্রত্যেক গানেই থাকে চারিটী কলি—আস্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ; সাধারণতঃ অন্তরা গাহিয়া এবং সঞ্চারীর পর আভোগ গাহিয়া আস্থায়ীতে ফিরিয়া যাইতে হয়। ইহাই সঙ্গীত-সাধনার সাধারণ বিধি ৷ এই বিধি নিষেধ পালনের উদ্দেশ্য সঙ্গীতের Formকে অনায়াসে যথা-বিকশিত হইতে সাহায্য করা ।
সাহিত্যের মতো সঙ্গীতেরও শ্রেষ্টত্ব প্রতিপন্ন হয় Form-এর নিটোলতা ও Content-এর richness-এর দ্বারা। সঙ্গীতে form বলিতে বুঝায় বিশেষতঃ মেলডি; মেলডিকে সুবোধ্য ও মনোজ্ঞ করার জন্য বিশেষ কোনো পরিকল্পনা-মতে আরম্ভ পরিচালনা ও সমাপ্ত করিতে হয়,—এই পরিকল্পনায় বিশেষরূপে প্রয়োজন ঐক্য বৈচিত্র্য ও সুডৌলতা । পাশ্চাত্য সঙ্গীতের ব্যাকরণে যাহাকে বলে মেলডি, আমাদের দেশী সঙ্গীতে তাহা রাগ। শ্রী, বসন্ত, ভৈরব, পঞ্চম, মেঘ ও নটনারায়ণ, এই ছয়টী আদি রাগের প্রত্যেকের আবার ছয়টী করিয়া রাগিণী । ইহারা এমনিই স্বাতন্ত্র্যবাদী যে ঐক্য সৃষ্টির দিকে কোনো প্রবণতা নাই। মেলডি হইতেছে rythmically শ্রেণীবদ্ধ স্বরের সারি বা অনুক্রম ৷ হার্মনি হইতেছে সমকালে শ্ৰুত স্বরের সমষ্টি, আর counterpoint হইতেছে এককালে একসঙ্গে অগ্রসর দুই বা ততোধিক মেলডি রচনার আট। যে-সঙ্গীত counterpoint-এ রচিত তাহাকে বলে polyphonic বা বহুস্বর ; বহুস্বর সঙ্গীতে স্বরগ্রামের যৌগপতিক অগ্রগতিতে হার্মনি হয় নৈমিত্তিক পরিণতি । স্বরের যুক্তধ্বনির বিন্যাসে হয় হার্মনির উদ্ভব ; এই হার্মনি সৃষ্টির কাজে ভারতীয় গীতশিল্পীরা তৎপর নহেন, তাই ক্লাসিকেল হিন্দুস্থানী সঙ্গীতও আসলে বিকাশের প্রথম স্তরেই রহিয়া গিয়াছে, বলিতে হইবে। ভারতীয় সঙ্গীতে বাদী, সম্বাদী, বিবাদী ও অনুবাদী প্রভৃতি বিভিন্ন স্বর আছে :
ওড়ব, খাড়ব, ও সম্পূর্ণ প্রভৃতি রাগের প্রকারভেদে স্বরের বিভিন্ন সমাবেশ আছে ; রাগের শুদ্ধ, সালঙ্ক ও সঙ্কীর্ণ এই জাতিভেদ আছে ; কিন্তু হাৰ্মনি নাই। হার্মনির চর্চ্চা সম্বন্ধে শ্রীপ্রমথ চৌধুরী বলেন—“ও-বস্তু আমাদের ধাতে নাই। আমাদের সমাজের মতো আমাদের সঙ্গীতেও জাতিভেদ আছে, আর তাঁর কেউ আর কারও সঙ্গে মিশ্রিত হতে পারে না । মিশ্রিত হওয়া দূরে থাক্, আমরা পরস্পর পরস্পরকে স্পর্শ করতে ভয় পাই, কেননা জাতির ধৰ্ম্মই হচ্ছে জাত বাঁচিয়ে মরা। আর মিলে মিলে এক হয়ে যাবার নামই হচ্চে harmony.”
এই আলোচনায় সম্ভবতঃ এইটুকু স্পষ্ট হইয়াছে যে, সঙ্গীত চর্চ্চার মূলে আছে সুরের স্বাদ, কথার নয়। এখানে প্রশ্ন হইতে পারে গানের content ( আধৃত বস্তু ) কি ? গীত রচনার মধ্যে প্রকাশ লাভ করে যে সব আইডিয়া ও অনুভূতি, রূপ লাভ করে যে সব আইডিয়েল” সে সবই তাহার content কিন্তু কি ধরণের আইডিয়া অনুভূতি তি ও আইডিয়াল সেখানে, থাকিতে পারে ? স্থরের পারম্পর্য্যে বা অনুমিশ্রণে কোনো abstract idea, কোনো প্রতিকৃতি কোনো ঘটনা, কোনো সিচুয়েশনই ফুটিয়া উঠিতে পারে না ; তবে indirectly ( প্রকারান্তরে) ও যথেষ্ট আয়াসে সে সবের প্রকাশ সম্ভব হইতেও পারে। কোনো কোনো স্বরে কোনো কোনো আইডিয়া বা ছবির আভাষ দেওয়া যায় বটে, কিন্তু সঙ্গীতে তাহার প্রকৃষ্ট রূপ দানের চেষ্টা অনেকখানি ব্যর্থই হয় সঙ্গীতের মধ্যস্থতায় ভাবের যে ইশারা, তাহা সর্ব্বদাই মূল বিষয়ের আনুসঙ্গিক ও গৌণ।
বস্তুতঃ কোনো গান কখনই কোনো কিছু বিবৃত বা রূপায়িত করে নাই; কোনো পরম সত্যকে বহন করার চেষ্টাতেই প্রকাশের প্রতীকগুলির সম্বন্ধ সম্পর্কে অবচেতন অবস্থায় রচয়িতা সে-সবের ব্যবহার করেন। তবে সঙ্গীতে কি কোনো আইডিয়া নাই ? নিশ্চয়ই আছে, তাহা কেবল musical ideas, —তবে সে-সঙ্গে অন্য আইডিয়াও থাকিতে পারে যদি সে-সব হয় প্রকারান্তরে নির্দেশিত। কিন্তু এই musical idea কি? তাহা হইতেছে যে-কোনো গীতস্বরের সমষ্টি বা পরম্পরা—যাহাদের স্বতন্ত্র উপকরণগুলি নির্দ্দিষ্ট ও সুবোধ্য সম্পর্কে পরস্পরের সঙ্গে জড়িত। রাগ-ভাব বা motive-কেই বলা যাইতে পারে musical idea সুরজ্ঞানের প্ররোচনায় motives হইতে complex whole ( জটিল সমগ্রতা) সৃষ্টির উদ্দেশ্যে সে-সবের অর্থাৎ motives-এর বিকাশ সংযোজন ও মিশ্রনের ফলে উদ্ভূত হয় musical thought. সার্গমের টেক্নিকেল জ্ঞান ও টেক্নিকেল প্রয়োগের দিক দিয়া মাত্র বিচার করিলে বলিতে হয় যে, সঙ্গীত হইতেছে সম্পূর্ণরূপে শিল্পবুদ্ধিপ্রসূত।
কিন্তু প্রতিভাশালী সঙ্গীত রচয়িতারা কোনোদিন ক্ষিপ্রনৈপুন্যের কসরৎ করেন না, তাঁহাদের কারুকলা হইতেছে উদ্দেশ্যে উপনীত হইবার উপায় মাত্র ; সেই উদ্দেশ্য হইতেছে কোনো বিশেষ আইডিয়েলের রূপায়ন –সৌন্দৰ্য-আদর্শের রূপায়ন। গীত সুগঠিত হইলেই যথেষ্ট হয় না, রচয়িতার রসপ্রেরণায় তাহাকে হইতে হইবে সুন্দর। সঙ্গীতের সৌন্দর্য্য তিন প্রকার : sensuous beauty of tone, symmetrical beauty of form, এবং সেই Beauty যাহা কোনো মূল্যবান emotional content-এর সুসঙ্গত প্রকাশের মধ্যে মূর্ত্ত হইয়া ওঠে। সঙ্গীতের সৌন্দর্য্যের বিকাশ এই তিনের মিলনেই সম্ভব। সঙ্গীতকে আদর্শ আনুভূতিক অভিজ্ঞতার প্রকাশরূপে দেখিতে গেলে সঙ্গীতের emotional content-এর সঙ্গে আরও যে-সব উপাদান সংশ্লিষ্ট থাকে সে-সবকে উপলব্ধি করাও প্রয়োজন ৷ জ্ঞান, অনুভূতি ও ইচ্ছা intellect, sensibility ও will,—মনের এই তিন শক্তিই গীতসৃষ্টিতে ক্রিয়া করে। ইনটেলেক্ট অর্থ উপলব্ধি, স্মরণ, কল্পনা, যুক্তিবিচার ও ইন্ট্যুশন্ ; Will
হইতেছে মানুষের নির্ব্বাচন-শক্তি ; আর sensibility-র পর্যায়ে পড়ে মানব-জগতের সমস্ত Phenomana—সুখ-দুখের সহজ অনুভূতি হইতে জ্বালাময়ী ভালবাসা, প্রবলতম অভিলাষ ও তীব্রতম প্যাশন পর্য্যন্ত সকল ব্যাপার। সঙ্গীতের content-এর দিক দিয়৷ বিচার করিতে গেলে, সহজ অনুভূতির কালে মন থাকে নিশ্চেষ্ট ও অচঞ্চল কিন্তু প্রেম ও আকাঙ্খার জটিলতম অভিজ্ঞতায় মন হয় সক্রিয়—ভবাবেগে সঙ্গীতের content-এ ঘটায় রূপান্তর।
যে সঙ্গীতে মনের এই ছাপ নাই,- সুগঠিত হইলেও তাহাতে আনন্দ উদ্রেক করে না । যিনি পরম বেদনার মধ্যে জাগিয়া সৃষ্টির আনন্দে সঙ্গীত রচনা করেন, সজাগ ও সচেতন রসবুদ্ধির অস্তিত্ত্ব সত্ত্বেও সেই আত্মহারা আনন্দই হয় তাঁর গানের আবেগ প্রসূত রসবস্তু। এই আনন্দ-প্রেরণার মধ্যে আবার যিনি ধ্যান করেন কোন সৌন্দর্য্যের আদর্শ, তাঁর গীতসৃষ্টিতেই ঘটে অনির্বচনীয় আনন্দের পূর্ণতম আস্বাদ । কিন্তু গীতরচনার মধ্যে এই অনুভূতি কি ভাবে সুরমূর্ত্তি লাভ করে ? অর্থাৎ, সঙ্গীতের সঙ্গে আবেগের কী সম্বন্ধ ? পূর্ব্বেই বলিয়াছি, শব্দের মধ্যস্থতায় অনুভূতির প্রকাশ ও জ্ঞাপন সম্ভব, কেননা শব্দ ভাবের বাহন ৷ যে অনুভূতির প্রেরণায় কণ্ঠ হইতে কথা নিসৃত হয়, সেই একই অনুভূতির সমবায়ে যন্ত্র হইতে হয় স্বরের উৎপত্তি ; সে জন্যই সঙ্গীত হইতেছে আবেগ-প্রকাশের প্রকৃষ্ট পন্থা, ভাবানুভূতির অতি-জটিল ও প্রশস্ত ভাষা । Form-এর সৌন্দর্য্য, ও রসসত্ত্বায় হর্ষোদ্দীপক আদর্শ, content-এর অংশ বটে ; কিন্তু প্রকৃতপক্ষে সঙ্গীতের content হইতেছে সেই অন্তরতম emotional experience যাহা Form-এর মধ্যে প্রকাশ কামনা করে ৷
সাহিত্যের মতো সঙ্গীতেও ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের সমস্যা, নীতি ও দুর্নীতির নয়। রচয়িতার যুগ-সীমালঙ্ঘন করিয়া যে সঙ্গীত যুগান্তরে স্বীকৃত হইল তাহাই ক্লাসিক্ । অবশ্য ক্লাসিকেল সঙ্গীত বলিতে কোনো বিশেষ আদর্শকে লক্ষ্য করিয়া কোন বিশেষ ষ্টাইলে রচিত সঙ্গীতকেই বুঝায় —যাহার আসল উপকরণ হইতেছে Form-এর সৌন্দর্য্য। পক্ষান্তরে রোমান্টিক সঙ্গীতের লক্ষ্য হইতেছে বিচিত্র ও বিক্ষুব্ধ ইমোশনেল্ অভিজ্ঞতার সুস্পষ্ট ও সত্যকার প্রকাশ । সুতরাং, ক্লাসিকল সঙ্গীতে Form প্রধান ও Content গৌণ ; কিন্তু রোমান্টিক সঙ্গীতে Content মুখ্য ও Form অপ্রধান ৷ ফলে ক্লাসিকেল সঙ্গীত হইতেছে যথেষ্ট পালিশ, আবেগের উপাদান সেখানে সামান্য ; অন্যপক্ষে রোমান্টিক সঙ্গীতে ঘটিয়াছে মানব-প্রকৃতির মহত্তম আকাঙ্ক্ষার আবেগোজ্জ্বল অথচ রসোত্তীর্ণ সানন্দ প্রকাশ। জন্মানীতে Mozart ও Beethoven এই দুই দলের দুই উল্লেখযোগ্য পূরোহিত ৷ দেশে দেশে যুগে যুগে এই দুই কাল্টের সংঘর্ষ, সামঞ্জস্য ও স্বতন্ত্র বিকাশ দেখা দিয়াছে ও দিতেছে । Bach, Scarlathi, Haydn, Weber, Schubert, Mendelssohn, Chopin, Schumann, Purcel, Rameau প্রমুখ বিশ্ববিখ্যাত সঙ্গীতনায়কগণ ক্লাসিকেল ও রোমান্টিক সঙ্গীতে নূতন নূতন টেক্নিক সৃষ্টি করিয়া সুরধারাকে কালে কালে করিয়াছেন উজ্জীবিত। ইতালিতে Pergolese, ফ্রান্সে Lully, ইংলণ্ডে Haendel, এবং হিন্দুস্থানে হরিদাস বিশিষ্ট সঙ্গীত-সম্প্রদায়ের প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। বিশেষভাবে ইহাদের কেহ elegant, কেহ sublime, কেহ melodious, কেহ harmonions. ভারতীয় সঙ্গীতেও দুইটী সম্প্রদায় দেখা যায় ঃ এক পক্ষে মহম্মদ হোসেন, গহরজান, পিয়ার৷ সাহেব, বিশ্বনাথ রাও, কেরামৎ উল্লাহ খাঁ প্রভৃতি ; অন্য পক্ষে আলাউদ্দীন, আবদুল করিম, হাফেজ আলী, ৺সুরেন্দ্রনাথ মজুমদার, মোতি বাঈ, তিমিরবরণ প্রভৃতি। প্রথমোক্ত দলের সম্বল বিশেষতঃ virtuosity, তাই তাঁহাদের উদ্দেশ্য থাকে সঙ্গীতকে effective করা। দ্বিতীয় দলের আছে artistic spirit; তাই তাঁহাদের সঙ্গীত আনে গভীর প্রশান্তি, অনুপম সৌন্দর্য্যলোকে সত্ত্বার ক্ষণিক বিলয় ৷
বস্তুতঃ সঙ্গীতের আলোচনা হইবে তার রসবস্তু ও গঠন-রীতির আলোচনা; ধৰ্ম্ম নীতির তুলাদণ্ডে কোনো শিল্পানুশীলনের বিচার অবাঞ্ছনীয় বই কি।
ছায়াবীথি, সম্পাদক: নাজিরুল ইসলাম, ২য় বর্ষ ২য় সংখ্যা, কলকাতা, অগ্রহায়ণ ১৩৪১
