২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকি জিওভানি: কালো কবিতার ঈশ্বরী, বৃষ্টি ও দ্রোহের জিন্দা সহচরী

জিওভানি এই আন্দোলনের মধ্যে বিদ্যমান পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন।

অনামিকা বন্দ্যোপাধ্যায়

Published : 21 Dec 2024, 08:01 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

ভূমিকা ও তর্জমা: অনামিকা বন্দ্যোপাধ্যায়

নিকি জিওভানি, আমেরিকার কালো-চেতনার আন্দোলনের কিংবদন্তী ব্যক্তিত্ব, কালো কবিতার ও কৃষ্ণাঙ্গ পরিচয় নির্মানের অতন্দ্র যোগিনী, আমাদের প্রাণপ্রিয় কবি,  ক’দিন আগেই আমাদের ছেড়ে গেলেন। রেখে গেলেন তাঁর প্রেম আর প্রতিরোধের অতুল এক পরিশ্রমী শব্দাগার। তাঁর বেঁচে থাকার সারাটা সময় প্রতিরোধের সংস্কৃতিকে উদযাপন করে গেলেন শুধু শব্দ ও অক্ষরকে ভালেবেসে। তাঁর সেই সব শব্দরাশি, বার বার আমেরিকা দেশে প্রতিরোধের সংস্কৃতিকে উস্কে দিয়েছে। সেই নিকি জিওভানির প্রস্থানে সত্যিই আজ একটি  বর্ণময় যুগমঞ্চের দৃশ্য-সমাপ্তির ঝালর পড়ল।

১৯৪৩ সালে টেনেসির নক্সভিলে জন্ম হয়েছিল জিওভানির। আর তাঁর কবিতার অক্ষররাশির আবির্ভাব ঘটেছিল আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের উত্তাল সেই সময়ে, সেই যুগ পরিবর্তনের সময়টাতে, সারা আমেরিকা জুড়ে যখন তীব্র থেকে  তীব্রতায় পৌঁছেছিল প্রতিরোধ ও দ্রোহের আগুন। প্রতিরোধের সংস্কৃতি। পাল্টা-সংস্কৃতি। বিকল্প সংস্কৃতি। বিপ্লবের পাঠক্রম। সেটি ছিল বিগত শতাব্দীর ষাট-সত্তরের দশক। ষাট থেকে প্রায় পঁচাত্তর। দুনিয়া ওলটপালট করা স্বপ্নগ্রস্ত আমেরিকার বামপন্থী ও সকল  নাগরিক আন্দোলন। বর্ণবাদ। কাউন্টার-কালচার। প্রতিসংস্কৃতি। যুদ্ধবাজ আমেরিকার সরকারের বিরুদ্ধে আমেরিকান শিল্পী, বুদ্ধিজীবীদের রাজনৈতিক আন্দোলন। যা পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, বর্ণবাদী সমাজ-জগতকে ষাঁড়ের মুখে লাল শালুর মত তাড়া করেছিল। সংগঠিত হয়েছিল পরিবেশের উপর পুঁজিবাদের নেতিবাচক প্রভাবের, নাগরিকের সাথে নাগরিকের অসাম্যের সম্পর্কের এবং বৈষম্যের অর্থনীতির বর্গাবাজীর ওপর মগজের কার্ফিউ। এবং যা সরাসরি গড়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং সাম্রাজ্যবাদী বিদেশনীতি ও অভ‍্যন্তরীন বর্ণবাদের বেলাগাম বিরোধিতা করে।

নিকির প্রথমদিকের কাব‍্য সংকলন কালো অনুভব ( Black Feeling), কালো কথাবার্তা (Black Talk), কৃষ্ণাঙ্গ রায় (Black Judgment) থেকে শুরু করে পরবর্তী কাজগুলো পর্যন্ত, তাঁর কবিতা যাবতীয় অসাম্যর বিরুদ্ধে কালো মানুষের লড়াইয়ের এক ধারাবাহিক রেখচিত্র নির্মাণ করে গেছে। তাঁর সাহিত্য এবং সমাজ সক্রিয়তা দুইই গভীরভাবে জড়িয়ে ছিল ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট এবং ব্ল্যাক আর্টস মুভমেন্টের সঙ্গে। এই দুই আন্দোলনই কৃষ্ণাঙ্গ পরিচয়, গৌরব এবং স্বায়ত্তশাসনকে সংজ্ঞায়িত করতে এবং প্রাতিষ্ঠানিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে গিয়েই গড়ে উঠেছিল ।

ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট স্বনির্ধারণ, কালো জাতির পরিচয়ের রাজনীতি এবং তার নির্মাণ ও সাদা সমাজের আরোপিত মানদণ্ডগুলিকে সরাসরি প্রত্যাখ্যানের উপর গুরুত্বারোপ করতে এগিয়ে এসেছিলো। নিকি জিওভানি এই আন্দোলনের সাহসী এবং নির্ভীক অবস্থানের প্রতি আকৃষ্ট হন তাঁর জীবনের একেবারে শুরু থেকেই। তাঁর কবিতার মধ্য দিয়ে ক্রমে তিনি এই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিনিধি হয়ে ওঠেন। যদিও নিকি জিওভানি ছিলেন ব্ল্যাক আর্টস মুভমেন্টের এক উজ্জ্বল নক্ষত্র, তবে তাঁর স্বপ্নভঙ্গও হল। এই আন্দোলনে মুখ‍্য ব্যক্তিরা ঔপন্যাসিক জন অলিভার কিলেন্স, নাট্যকার ও কবি লেরোই জোন্স (পরে যিনি আমিরি বারাকা নামে পরিচিত হবেন), এবং কবি অড্রে লর্ড, এনটোজাকে শাঙে, ও সোনিয়া সানচেজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের নেতৃত্বেই লালিত হচ্ছিল তবে অনেক নারী কবির মতোই, জিওভানি এই আন্দোলনের মধ্যে বিদ্যমান পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন।

তবু তিনি এই আন্দোলনে থেকেও স্বতন্ত্র ছিলেন একজন কবি এবং বুদ্ধিজীবী হিসেবে, টেলিভিশনে তাঁর উপস্থিতির মাধ্যমে এবং সারা দেশে ভ্রমণ করে কবিতা পাঠ করার মাধ্যমে। তিনি ছিলেন এক অনবদ্য পারফর্মার, যার ওজন ছিল মাত্র ১০৫ পাউন্ড—যা সাংবাদিকরা  প্রায়ই মজাচ্ছলে উল্লেখ করতে ভুল করতেন না। তাঁর কণ্ঠে ছিল জ্যাজ ও ব্লুজ সঙ্গীতের প্রভাব, যা তিনি ভালোবাসতেন, আর তাঁর সময়জ্ঞান ছিল একজন কৌতুক অভিনেতা বা ব্যাপটিস্ট ধর্মপ্রচারকের মতোই নিখুঁত। তিনি যেখানে যেতেন, অদম‍্য ভিড় টানতেন। তাঁর মতে, তাঁর সেরা শ্রোতারা ছিলেন কলেজের ছাত্রছাত্রী এবং কারাবন্দিরা।

শুরুতে, সেই অশান্ত সময়ে দাঁড়িয়ে তাঁর কবিতা ছিল অগ্নিগর্ভ এবং প্রায় প্রত্যক্ষ। তাঁর প্রতিটি কাব্য তখন ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করার সরাসরি ডাক। বিপ্লবের সময়ে, প্রতিরোধের মিছিলে এই কবিতাগুলি মানুষের মুখে মুখে ফিরেছে। ১৯৭০ সালে প্রকাশিত “Revolutionary Dreams" বা “বিপ্লবের স্বপ্ন”  তেমনই একটি কাল্ট কবিতা। যেখানে নিকি বলেন যে তিনি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে পরিবর্তন শুধুমাত্র এক আশা বা আহ্বান নয়, বরং সাহসী পদক্ষেপ  নিলেই তা সত্যিই একটি বাস্তবতায় পরিণত হয় এবং তা করতে হবে। ব্ল্যাক পাওয়ার মুভমেন্টের সরাসরি সহযোগী আন্দোলন ছিল ব্ল্যাক আর্টস মুভমেন্ট। সাহিত্য এবং শিল্পকলার ক্ষেত্রে। মূলত ইউরোসেন্ট্রিক নান্দনিকতা এবং মূল্যবোধকে প্রত্যাখ্যান করা এবং পরিবর্তে কৃষ্ণাঙ্গ ঐতিহ্য, সংস্কৃতি এবং সংগ্রামের উদযাপন গড়ে তোলা ছিল এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। নিকি জিওভানি ক্রমেই এই আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। নিকি আসলে স্থিরভাবে বিশ্বাস করতেন যে শিল্প অবশ্যই একটি সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এনিয়ে তাঁর মনে কোন দ্বিধা ছিলনা।  অহংকারী ভ্রমণ (Ego Tripping, ১৯৭২) এবং  নিকি-রোসা (Nikki-Rosa, ১৯৬৮) তাঁর এই কিংবদন্তী কবিতাদুটিকে  ব্ল্যাক আর্টস মুভমেন্টের খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ইতিহাসে মনে রাখা হবে। এই কবিতাগুলো কৃষ্ণাঙ্গ মানুষের সংস্কৃতি, ইতিহাস এবং কৃষ্ণাঙ্গ পরিবারের দৈনন্দিন জীবনের সৌন্দর্যকে এক অনন্য মাত্রায় উদযাপন করে। যেমন  "Ego Tripping" বা  অহংকারী ভ্রমণ কবিতাটিতে, এখানে তিনি আফ্রিকান বংশধারা এবং মিথের উপর ভিত্তি করে এক শক্তিশালী ন‍্যারেটিভ নির্মাণ করলেন। যা আসলে কৃষ্ণাঙ্গ আন্দোলনের ক্ষমতায়নের সাপেক্ষে একটি অনুপম অনুভবের বার্তা। নিকি লিখছেন:

"আমি এতটাই নিখুঁত, এতটাই ঐশ্বরিক, এতটাই স্বর্গীয়, এতটাই অবাস্তব

আমাকে বোঝা সম্ভব নয়, যদি না আমি অনুমতি দিই।”

এই  নির্ভীক সত্য উচ্চারণ করতে, এই কালো পরিচয়ের ক্ষমতায়নের সুরকে তুলে ধরতে ব্ল্যাক আন্দোলনকে কয়েক শতক অপেক্ষা করতে হয়েছে। এই চরম সত্য উচ্চারণের অনুভূতি উঠে আসতে হলে তার প্রেরণার কেন্দ্রে  রাখতে হয়  হৃদয়ে প্রেমের শীর্ষকে। ভালোবাসার চরম সুরটিকে। সেই সুর গেয়ে তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে প্রতিরোধের কর্ম শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নয়; আমাদের প্রতিরোধ কর্ম যুক্ত হোক আনন্দ, সংস্কৃতি এবং মানুষের সাথে সংযোগ সৃষ্টির সাথে। তার শুরু হোক হোক পরিবার, ছোট ছোট দৈনন্দিন কর্মের মধ্যে। শুধু বিশ্বনেতার সাথে মঞ্চে বসে শান্তি প্রতিষ্ঠায় নয়।

তাই নিকি জিওভানির কবিতায়, বার বার ফিরে আসে রন্ধন এবং খাদ্যের রূপক। সঙ্গীতের রূপক। ব্লুজ ও কালো সঙ্গীতের উত্তরাধিকারের রূপক। যা তিনি প্রায়শই ব্যবহার করেছেন সম্পর্কের জটিলতা বিশ্লেষণের জন্য। বে-লীভস  বা “ তেজপাতারা”  (Bay Leaves ) শীর্ষক কবিতায়, নিকি তাঁর মায়ের, তাঁর দিদিমার, এবং নিজের রন্ধনশৈলীর ভিন্ন ও তুলনামূলক অভিজ্ঞতাগুলিকে তুলে ধরেছেন। ব্ল্যাক ফেমিনিজমের ধারাটিকে সতেজ করে ইতিহাসের সাথে যুক্ত করছেন এইভাবে যাতে তা কালো চেতনার সংস্কৃতি থেকে হারিয়ে না য়ায়।

তাঁর রাজনৈতিক বিশ্লেষণ ও সাহিত্য-বীক্ষার সমন্বয় ক্রমেই তাঁকে ব্ল্যাক এমপাওয়ারমেন্টের সাংস্কৃতিক আখ্যান গঠনে এক নেতৃত্বদানকারী কণ্ঠস্বর করে তোলে। সারা আমেরিকা জুড়ে কবিতা পড়ে বেড়িয়েছেন নিকি, দশকের পর দশক ধরে। সারা জীবনে পেয়েছেন অজস্র পুরস্কার। পেয়েছেন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সম্মান। যার মধ্যে রয়েছে ২০২২ সালের রুথ লিলি পোয়েট্রি প্রাইজ, উদ্বোধনী রোজা এল.পার্কস উইম্যান অফ কারেজ অ্যাওয়ার্ড, আমেরিকান বুক অ্যাওয়ার্ড, ল্যাংস্টন হিউজ অ্যাওয়ার্ড, ভার্জিনিয়া গভর্নর’স অ্যাওয়ার্ড ফর দ্য আর্টস, এমিলি কোরিক লিডারশিপ অ্যাওয়ার্ড এবং লিটারারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তাঁর আত্মজীবনী জেমিনি (Gemini) ১৯৭৩ সালের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের জন্য সর্বোচ্চ মনোনীত হয়েছিল। ২০০৪ সালে তাঁর অ্যালবাম ‘নিকি জিওভানির কবিতা সংগ্রহ’ (The Nikki Giovanni Poetry Collection)  গ্র্যামির সেরা “স্পোকেন ওয়ার্ড অ্যালবামের” জন্য ফাইনালিস্ট তালিকায় মনোনীত হয়। তাঁর রচনার মধ্যে রয়েছে দুই ডজনের বেশি কাব্যগ্রন্থ, প্রবন্ধ এবং সম্পাদিত সংকলন। এছাড়াও তিনি এগারোটি শিশুদের অলঙ্করনের বই প্রকাশ করেছেন, যার মধ্যে “রোজা”  নামে রোজা পার্কসের একটি পুরস্কারপ্রাপ্ত জীবনীও আছে। শুধু এনএএসিপি (NAACP - National Association for the Advancement of Colored People) ইমেজ অ্যাওয়ার্ডই নিকি পেয়েছেন সাত সাতটি বার। আর পেয়েছেন অসংখ্য কবিতাপ্রেমী, সংগ্রামী মানুষের ভালোবাসা।

তাই বার বার বিপ্লবের নৌকায় বসে তার মাস্তুলের কেন্দ্রে ঝুলিয়ে রেখেছেন যে নিশান তা আসলে অনাদিকালের চিরচেনা মানুষে মানুষে প্রেম। মানুষে মানুষে সখ্য। বন্ধন। মানব-সভ্যতা তাকেই বিপ্লবের দোসর বলে চেনে।  জিওভানির কাজের মূল কেন্দ্রই ছিল এই অনন্ত ভালোবাসা। এক অতি বিপ্লবীর অতি অনন্ত মানবপ্রেম। এই ভালোবাসা শেষদিন অবধি তাঁর সমস্ত প্রতিরোধের আড়ালে তাঁর সম্প্রদায় এবং তাঁর সময়ের ইতিহাসকে আলিঙ্গন করে বেঁচে থাকল।  জিওভানি একবার বলেছিলেন, "আমরা লিখি কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের আত্মাকে বশীভূত করা যায় না এবং তাকে এমন প্রশিক্ষণ দেওয়াও  উচিত নয়।"

সম্প্রতি, প্রেসিডেন্ট- ইলেক্ট ডনাল্ড ট্রাম্প সম্পর্কে মতামত জানাতে গিয়ে তিনি বলেন: ট্রাম্পকে নিক্সনের সাথে তুলনাই করা চলে না। তুলনা যদি করতে হয় তবে করতে হবে হিটলারের সাথেই। সে এতটাই অমানবিক ও জঘন্য ।

তাঁর কবিতাও এই দর্শন ও ভাষ্যেরই  প্রতিফলন—সাহসী,কাঁচা, প্রতিস্পর্ধী ও অকপট। তাঁর কবিতার পাশাপাশি, জিওভানি ছিলেন একজন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজীবন ভার্জিনিয়া টেকে শিক্ষকতা করেছেন। গড়েছেন অজস্র ভাবী প্রজন্মের চেতনাকে। এবং নেতৃত্ব দিয়েছেন অক্লান্ত সব সাংস্কৃতিক আন্দোলনকে।

আজ আমরা যখন তার বিদায়ে শোক প্রকাশ করছি, আসলে তখন আমরা উদযাপন করছি  তার বিপ্লবের ও প্রেমের চেতনা ও জীবনটিকেই। জিওভানি আমাদের শিখিয়ে গেছেন যে মর্যাদা, ভালোবাসা এবং সাম্যের জন্য সংগ্রাম কোনো নির্দিষ্ট সময় বা যুগের মধ্যে সীমাবদ্ধ নয়। আর তা থেমেও থাকবে না। এমনকি শোকও একে থামিয়ে রাখতে পারেনা। তা চলমান। যারা বেঁচে থাকবেন তারা যেন সক্রিয় থেকে সেই চেতনাকে গড়িয়ে যেতে দ্যান। তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ “আমাকে বৃষ্টি করে দাও” (Make Me Rain) বেরোবার কালে তাঁর কাছে জানতে চাওয়া হয়- ভালোবাসা বলতে তিনি কি বোঝেন? নিকি তার জবাবে বলেন- “সব কবির মতই আমিও প্রেমী। যখন তুমি আমার মত সাতাত্তর বছরের কোন বয়স সীমায় পৌঁছবে তখন বুঝবে প্রেম বা ভালোবাসা হল আসলে অপর কারুর জন্য ভাবা, ভাবতে শেখা। তাকে যত্ন করা।” তাই শেষজীবনে এসে বৃষ্টি হয়ে থেকে যেতে চান তিনি। বৃষ্টির মত সরস, প্রেম-সঞ্চারী। জগতের আনন্দযজ্ঞে এই তাঁর শেষ প্রার্থনা।

তাই করেছেন তিনি- তাঁর সময়ের কাছে, বিপ্লবের ধারণার কাছে, সাহিত্যের কাছে, এই স্বদেশ ও এই গ্রহটির কাছে। আজীবন। নিকি জিওভানি আর হাড়মজ্জা, স্তন বা কেশের শারীরিক অবয়বে আমাদের মধ্যে নেই,  যা আছে তা তাঁর উত্তরাধিকার- যা শিখিয়েছে আমাদের প্রতিরোধ ও প্রেম হাত ধরাধরি করে বাঁচতে। আমেরিকান সাহিত্যের আত্মায়, বিশ্ব সাহিত্যের আত্মায় এই চেতনার স্রোত, হৃদয়ে প্রেম ও বৃষ্টির উৎস চিরকালীন জিন্দা থাকুক।

নিকি জিওভানি, কালো কবিতার ঈশ্বরী, বৃষ্টি ও দ্রোহের জিন্দা সহচরী, আপনাকে আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

স্বর্গ নেই

(নো হেভেন)

কীভাবে বলুন আমাকে কেন স্বর্গ

থাকতে পারে না,

যখন বৃষ্টি

এমন নরমভাবে ঘাসের উপর ঝরে?

যখন রোদ

আমার পায়ের আঙুলের ওপর এমন  দৌড়ে খেলে বেড়ায়?

যখন ভুট্টারা অবলীলায়

রুটিতে রূপান্তরিত হয়ে যায়,

আর যখন গমেরা

গলে যায় অনায়াসে কেকের ভিতর?

যখন ছায়া

এতই শীতল হয়,

যে পেঁচারা ডেকে ওঠে,

আর ছোট ছোট ফিঞ্চ পাখিরা

উল্টো হয়ে খায়?

তখন কীভাবে বলুন স্বর্গ বলে কিছু

থাকতে পারে না? যখন অশ্রু সান্ত্বনা দেয়,

যখন স্বপ্ন

আলতো করে ছুঁয়ে যায়,

আর যখন তুমি

আমার দিকে হাসো।

তেজপাতারা

(বে লিভস)

মাকে দেখতাম

রান্না করতে

যদিও আমি বেশী রান্না করতাম

দিদিমার সঙ্গে।

দিদিমার কাছে শিখেছিলাম—

মুরগি ধরতে,

গাজরের খোসা ছাড়াতে,

চিটলিনস রাঁধার সময় উল্টে ফেলতে,

শূকরের পা ঘষে ঘষে পরিষ্কার করতে।

আর মায়ের সঙ্গে শিখতাম—

বেড়ে যাওয়া বাড়তি ঝোলের জন্য এই টুকিটাকি,

বা সব্জির স্যুপ,

সেই বিখ্যাত উত্তরের রেসিপির বিনস,

মিশ্রিত কোলার্ড, শালগম এবং সর্ষে দিয়ে শাক।

রসুনের কোয়া, তেজপাতা—

দারুণ সবুজ, আর

কড়া, এতটাই টাটকা,

যে তা অসামান্য হয়ে ওঠে শুধুই মাত্র সামান্য লবণের ছোঁয়ায়।

সবকিছু একসঙ্গে নয়

সবসময়, কিন্তু

সবকিছু ধরে রাখার জন্য।

এখন সবই আমি নিজের মতো করে করি

যেমন ক্রক পটে বানাই এই ফ্রন্টিয়ার স্যুপ।

আমি নিজের মতো আইসক্রিম বানাই, সামান্য লবণও দিই তাতে,

আর বাকি সবকিছু,

হয়তো রসুনের সঙ্গে।

কিন্তু তাজা তেজপাতা—

তা রেখে দিই শুধুমাত্র খুব বিশেষ প্রণালীর

গরুর ল্যাজার ঝোল বানাবার জন্য।

একটি গান কৃষ্ণপক্ষীর জন্য  

( সঙ ফর দ্য ব্ল্যাকবার্ড)

আমরা শব্দ খুঁজি:

বুদ্ধিদীপ্ত গভীর

গরম চকোলেটের মত উষ্ণ

উচ্চাকাঙ্ক্ষী, সতর্ক

কাউকে বর্ণনা করার জন্য।

আমরা স্মৃতিস্তম্ভ তৈরি করি:

পিরামিড তাজমহল

লিঙ্কন মেমোরিয়াল এম্পায়ার স্টেট বিল্ডিং

রিগলি বিল্ডিং, কফিন

একথা বলার জন্য যে কেউ এতোটাও ভালোবাসা পেয়েছিল।

আমরা গাই একটি বিষণ্ণ নীল

সঙ্গীত

আমরা গাই একটি নদীর—না—সেতুর

গান।

আমরা গান গাই কৃষ্ণপক্ষীর জন্য।

তাকে একথা  বলতে:

ভেবো না, তোমার অভাব সত্যিই অনুভব করা হবে।

বিপ্লবী স্বপ্ন

(রেভোলিউশনারি ড্রীম)

আমি একসময় স্বপ্ন দেখতাম

সশস্ত্র বিদ্রোহের স্বপ্ন,

আমেরিকাকে দখল করার স্বপ্ন

যাতে সাদা মানুষদের দেখাতে পারি

ঠিকটা আসলে কী হওয়া উচিত।

আমি একসময় স্বপ্ন দেখতাম

বিপ্লবী স্বপ্ন,

যেখানে আমার তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতায়

সবাইকে চমকে দিচ্ছি।

আমি এমনকি ভাবতাম,

আমি হব সেই ব্যক্তি

যে দাঙ্গা থামাবে

শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বসবে।

তারপর আমি একদিন জেগে উঠলাম,

আর বুঝলাম,

যদি আমি স্বপ্ন দেখি, সহজ-সরল এক

স্বপ্ন দেখি, দেখি একজন সহজাত

নারী হওয়ার—

যা একজন নারী করে

যখন সে সহজাত থাকে,

তবে আমি সত্যই এক বিপ্লব ঘটাতে পারি।