২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়ান মানুয়েল এস্কিবেল গার্সিয়ার বিক্ষিপ্ত প্রস্তর ও অন্যান্য কবিতা

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 27 Oct 2022, 10:46 AM

Updated : 27 Oct 2022, 10:39 AM

হুয়ান মানুয়েল এস্কিবেল গার্সিয়ার জন্ম মেহিকোর রাজধানী সিউদাদ দে মেহিকোয় ১৯৮০ সালে। মূলত কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ইতিমধ্যে তিনি গিয়র্গিও আগামবেন, ভার্জিনিয়া উল্ফ ও লুইজ গ্লাকের লেখা অনুবাদ করেছেন স্প্যানিশ ভাষায়। মেহিকোর প্রযুক্তির শহর হিসেবে খ্যাত মন্তেররেই-এ Communication Sciences at the Tecnológico বিষয়ে পড়াশুনা করেছেন। এরপরে তিনি সাংবাদিকতা ও কর্পোরেট কম্যুনিকেশন-এর পেশায় প্রবেশ করেন। কবিতায় তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে Radio UNAM(মেহিকোর প্রধানতম বিশ্ববিদ্যালয়) তাকে আমন্ত্রণ জানিয়েছে Al compás de la letra শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। ইতিমধ্যে তার লেখা প্রবন্ধ, কবিতা ও অনুবাদ Periódico de Poesía, Casa del tiempo, Letralia, Taller Igitur, El Gólem, Murmullo de Paloma নামক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি প্রথম কাব্যগ্রন্থ প্রস্তুতের পাশাপাশি Training of Literary Translators বিষয়ে ডিপ্লোমা করছেন মেহিকোর প্রধানতম বিশ্ববিদ্যালয় UNAM-এর অধীন ভাষা ও অনুবাদ বিষয়ক বিভাগ ENALLT -এ। হুয়ান মানুয়েলের কবিতাগুলো স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন । বি. স.

বিক্ষিপ্ত প্রস্তর (piedra partida)

 

পুরোনো দোকানপাট, তার মাঝে

সূর্যের জ্বলন্ত ছায়ায়

পেয়ে গেছি দ্বিধাভক্ত

একটি পাথর।

যশোধা যেমন করে তাকিয়েছে

কৃষ্ণের মুখের দিকে,

আমিও তেমন করে পেয়ে গেছি

তার মাঝে নক্ষত্রমালা ।

“এসেছে আকাশ থেকে।”

আমার তা মনে হয় না, তবু

মেঘলা যামিনীতে

ভাবতে ভালো লাগে

এর অন্ত্রগুলি একটি গ্যালাক্সি,

যেনবা  সচিত্র  নির্দেশিকা

বহুকাল আগেকার মহাকাশ ভ্রমণের।

শৈশবের পোস্টকার্ড (postal de la infancia)

 

বৈঠকখানার কার্পেটটি ছিল যেন

সবুজ-নীলাভ এক সমুদ্র;

আসবাবপত্র যেন দারুবৃক্ষের দ্বীপ।

সন্ধ্যায় নাবিকেরা ফেলেছে নোঙ্গর।

সিগারেটের কুয়াশায়

তারা খায় রাম, আর শুনছে বোলেরো।

সন্ধ্যা  (crepúsculo)

 

ভেড়ার চামড়ার মতো আকাশ, মুমুর্ষ আলো।

অঙ্গারে জাগে অন্ধকার।

স্মৃতিকাতরতা (nostalgia)

 

যখন জানলা দিয়ে বাইরে তাকাই

উতলা বাতাসে

বিক্ষুব্ধ পাতাপল্লব

এইখানে কখনো বা নদী

মুহূর্তেই হয়ে ওঠে জল।

জানুয়ারীর সকাল (mañana de enero)

যখন আমি প্রাতরাশ তৈরি করছি

সূর্য তখন উঁকি দিচ্ছে;

জানালার সামনে বসে আড়মোড়া ভাঙছে বেড়াল

মুহূর্ত কয়েক পরে বুঝি:

আমাকে দিচ্ছে সাধু সম্ভাষণ।