২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর’র ‘আনন্দপাঠ’ বাজারে

ঈদ এবং অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিল্প-সাহিত্য ও বিনোদন বিষয়ক প্রকাশনা ‘আনন্দপাঠ’ এখন বাজারে পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শনিবার থেকে রাজধানী ঢাকা ও এর বাইরে ‘পাঠক সমাবেশ’ এবং অন্যান্য অভিজাত বইয়ের দোকানগুলোতে এটি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ‘আনন্দপাঠ’-এর সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।

বার্তা সংস্থা হিসেবে ২০০৪ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু হলেও ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় আসার পর ওই বছরের ২৩ অক্টোবর বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে ঈদকে উপলক্ষ ধরে প্রায় সাড়ে পাঁচশ’ পৃষ্ঠার এই বিশাল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লেখক ও গবেষক মুহম্মদ তকীয়ূল্লাহ, সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুন, সাংবাদিক সদ্যপ্রয়াত বেবী মওদুদসহ প্রায় দেড়শ'রও বেশি লেখকের বিভিন্ন আঙ্গিকের রচনা মুদ্রিত হয়েছে।

পঞ্চাশ দশক থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের কবিদের ৬৬টি কবিতা ছাপা হয়েছে আনন্দপাঠে। লিখেছেন সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, আসাদ চৌধুরী, মনিরুজ্জামান, রফিক আজাদ, হায়াৎ সাইফ, রবিউল হুসাইন, নির্মলেন্দু গুণ প্রমুখ।

আনন্দপাঠে দুটি অনুবাদ উপন্যাসসহ মোট নয়টি পূর্ণাঙ্গ উপন্যাস ছাপা হয়েছে। ইমতিয়ার শামীম, জাকির তালুকদার, মণীশ রায়, হামিদ রায়হান, রাশেদ মেহেদী ও মাসুদ আনোয়ার লিখেছেন সম্পূর্ণ আনকোরা উপন্যাস।

এই বিভাগে ছাপা হয়েছে আর্জেন্টাইন লেখক এস্তেবান এচেবেররিয়ার ‘কসাইখানা’ উপন্যাসটি, যেটি অনুবাদ করেছেন আলী আহমদ। পাশাপাশি বিনয় বর্মনের অনুবাদ করা মেক্সিকান লেখক মারিয়ানো আসুয়েলার ‘দুর্বল পক্ষ’ নামের একটি উপন্যাসও এতে ঠাঁই পেয়েছে।

দুই বাংলার ১৬ জন লেখকের ছোট গল্প, ১১টি অনুবাদ গল্প, চারটি সাক্ষাৎকার এবং দুটি নিবন্ধ আনন্দপাঠে রাখার মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টির প্রয়াস চালিয়েছেন প্রকাশনাটির সম্পাদনা পর্ষদ।

সদ্যপ্রয়াত দুই ব্যক্তি বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং সাবেক ছাত্রনেতা খন্দকার মোহাম্মদ ফারুক-এর অপ্রকাশিত দুটি লেখা আনন্দপাঠে সংযুক্ত করা হয়েছে।

ঈদ নিয়ে লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান ও সিরাজুল ইসলাম।

শাকুর মাজিদের ভ্রমণ কাহিনীসহ মোট তিনটি লেখা নিয়ে ‘ভ্রমণ বিভাগ’ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫টি লেখা আনন্দপাঠে রয়েছে। রয়েছে ‘মুক্ত গদ্য’ শিরোনামে একটি বিশেষ বিভাগও।

বিশাল এই আয়োজনের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং অলংকরণ করেছেন সাদেক।

পাঠকদের সংগ্রহে রাখার জন্য অফসেট সাদা কাগজে ছাপা এই আনন্দপাঠের প্রতি কপির দাম রাখা হয়েছে এক হাজার টাকা।