২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ তারিকের কবিতা

যে কৃষিকাজ করে, স্বর্ণীল শস্য ফলায় সে। মগ্ন যে আলস্যে তার জন্য উষরতা বাড়িয়ে আছে উগ্র জিহ্বা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সৈয়দ তারিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 02:55 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

জ্যা

যে কৃষিকাজ করে, স্বর্ণীল শস্য ফলায় সে।
মগ্ন যে আলস্যে তার জন্য উষরতা বাড়িয়ে আছে
উগ্র জিহ্বা। যে পরিশ্রম করে সে পাবে
সমুদ্রতলের অপার ঐশ্বর্য। অবহেলায়
সুযোগ হারায় অভাজন। তোমার তো রয়েছে
স্বাধিকার। নাও বেছে দিকচিহ্ন। আর, শেষ অবধি
যা ঘটে সেটাই অদৃষ্ট। জ্যা কখনো
পরিধির বাইরে যেতে পারে না তবে তা
ব্যাস হয়ে উঠতে পারে যা কেন্দ্রকে বৈধ করে পর্যটন করে।

পশু

নিবিড় অরণ্যে লোভাতুর শৃগাল যখন তার জিহ্বা
সম্প্রসারণ করে আমি লজ্জায় সঙ্কুচিত হয়ে যাই।
হুলো বেড়াল যখনই লাফিয়ে ওঠে ভীত মেনিটির
পেছনে ছুটতে থাকে, আমার মাথা নুয়ে আসে।
ক্রুদ্ধ কুকুরের অহঙ্কারের তর্জন আমাকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়।
আমার পশুরা তবু পশুত্বের খোলশ ছাড়ে না। আমার আল্লাহ্ তবু নিস্পৃহতার দূরত্ব ঘোচায় না।

কাফের

ফকির শব্দটি লিখতে তিনটি অক্ষর লাগে
‘ফ’ ‘ক’ আর ‘র’।

কাফের শব্দটি লিখতেও অই তিনটি অক্ষরই লাগে।
একটু অদলবদল শুধু
আর এই একটুতেই পাল্টে যায় সব কিছু।
তবে সূর্যেরা এই পার্থক্য ধরতেই পারে না।
তাই ফকিরকে অনায়াসে কাফের ফতোয়া দিয়ে বসে।

লা

নবীজি আল্লাহর বন্ধু
যিশু ঈশ্বরের পুত্র
কৃঞ্চ স্বয়ং ভগবান

আমি কেউ নই
আমি কিছু না।

অমরত্ব

রাজা মারা গেছেন - এই সংবাদ ঘোষণার পর
প্রার্থনা করতে হয়; রাজা দীর্ঘজীবী হোন।
কারণ, রাজার কোনো মৃত্যু নেই।
ঈশ্বরের মৃত্যু সংবাদ যিনি দিয়েছেন
প্রার্থনা উচ্চারণে প্রবল অনীহা ছিলো তাঁর।

নিটশেও মৃত আজ কতকাল!
দীর্ঘজীবী হয়েছেন তিনি।
তাঁর এই অমরতা ঐশ্বরিক।

সূর্যের চেয়ে আরও লক্ষগুণ বড় নক্ষত্র আছে
জ্যোতিষ্কলোকে। আছে ব্যাপ্ত মহাকাশ।
পৃথিবী তবুও সূর্যকেই করে নিরন্তর প্রদক্ষিন
ঘুরে ঘুরে। কক্ষপথেই তার আবর্তন।

ও আমার সূর্য, আমার প্রাণেশ্বর। আমি তো
তোমার থেকেই উৎক্ষিপ্ত এক অতিক্ষুদ্র গ্রহ:
আর আমার শরীরে তোমারই আলোক প্রতিফলিত।

হ্যাঁ, চাঁদ আমাকে ঘিরে পাক খায় বটে,
তবে তার আলো তোমার থেকেই কৃতঋণ।