২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকধর্মে বুড়িমা: স্মৃতি ও বিশ্বাসের দীর্ঘ পরম্পরা

বাংলার লোকজ সংস্কৃতিতে বুড়িমা কোনো একক দেবীর নাম নয়। কোথাও তিনি বুড়ি মা, কোথাও পাগলী মা বা সাধু মা, আবার কোথাও শুধুই মা। শাস্ত্রীয় ধর্মের কাঠামোর বাইরে থাকা এসব আধ্যাত্মিক চরিত্ররা টিকে আছেন অন্য এক পরিসরে; মানুষের স্মৃতি, লোককথা, বিশ্বাস ও আচারে।

হাসিবা আলী বর্ণা হাসিবা আলী বর্ণা

Published : 06 Sep 2026, 02:22 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

মধুমতী নদী আর বর্নি বাওড়কে যুক্ত করেছে সরু একটি খাল। সেখানে, শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো বটগাছটি। শনিবার এলেই কেউ মোমবাতি হাতে, কেউ মানতের চিনি নিয়ে ছুটে আসেন। কেউ আসেন অসুস্থ স্বজনের আরোগ্য কামনায়। কেউবা শুধু মায়ের কাছে নিজের কথা বলতে। জায়গাটির নাম বুড়িমার ভিটা।

এই ভিটায় একসময় দেখা দিয়েছিলেন এক নারী। তার নাম কী, কোথা থেকে এসেছিলেন, কীভাবে তার জীবন কেটেছিল সেসবের নির্ভরযোগ্য কোনো লিখিত দলিল নেই। তবুও মানুষ আসে। সময়ের সঙ্গে মানুষের মুখে মুখে রয়ে যায় একটিই পরিচয়। বুড়িমা।

বাংলার লোকজ সংস্কৃতিতে বুড়িমা কোনো একক দেবীর নাম নয়। কোথাও তিনি বুড়ি মা, কোথাও পাগলী মা বা সাধু মা, আবার কোথাও শুধুই মা। শাস্ত্রীয় ধর্মের কাঠামোর বাইরে থাকা এসব আধ্যাত্মিক চরিত্ররা টিকে আছেন অন্য এক পরিসরে; মানুষের স্মৃতি, লোককথা, বিশ্বাস ও আচারে।

ধর্ম খেয়াঘাটের বুড়িমা

এমনই এক লোকবিশ্বাস ও আচারের সন্ধান পাওয়া যায় গোপালগঞ্জ সদরের রঘুনাথপুরের ধর্ম খেয়াঘাটের বুড়িমার ভিটায়। স্থানীয় লোককথা অনুযায়ী, প্রায় শত বছর আগে, মথুরানাথ মণ্ডল নামে এক ব্যক্তি অজ্ঞাত এক কঠিন রোগে আক্রান্ত হন। অসহ্য যন্ত্রণায় তার দিন কাটছিল। সেসময় চিকিৎসার সুযোগ-সুবিধাও ছিল অপ্রতুল। একপর্যায়ে মথুরানাথ বুঝতে পারেন, বেঁচে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই।

তার ইচ্ছাতেই তাকে মধুমতী নদীর ওপারে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেখানে নির্জন রাতে মথুরানাথের সামনে আবির্ভূত হন এক বৃদ্ধা নারী। স্থানীয় মানুষের বিশ্বাস, তিনিই বুড়িমা।

লোককাহিনি বলে, বুড়িমার অলৌকিক ক্ষমতায় ঘাটের পানি পান করে মথুরানাথ আরোগ্য লাভ করেন। বুড়িমার আদেশ পান, খেয়াঘাটে একটা খেয়া দেয়ার ও তার পূজা দেয়ার। খেয়া দেয়ার পর জায়গাটির নাম হয় ধর্ম খেয়াঘাট। এরপর সেখানে বটগাছের নিচে বুড়িমার প্রতিমা স্থাপন করে পূজা দেয়ার চল শুরু হয়। ওই খেয়ার জল পান করে লোকজন সুস্থ হয়ে ফিরত বলে জনবিশ্বাস রয়েছে। 

পাঁচ পুরুষের স্মৃতি নিয়ে মথুরানাথ মণ্ডলের উত্তরসূরি, ৬৮ বছরের স্বপন কুমার মণ্ডল এখন বুড়িমার ভিটা ও মন্দিরটির দেখভাল করেন। তিনি জানান, মায়ের আদেশেই এখানে তার প্রতিমা স্থাপন করে পূজা দেয়া শুরু হয়েছিল। সেটি প্রায় একশ বছর আগে, বাংলা ১৩৩৩ সনের দিকে। তবে এখানে বুড়িমার সমাধি নেই বলে জানান তিনি।

তিনি বলেন, সময় যত গড়িয়েছে, জায়গাটি হয়ে উঠেছে বিভিন্ন ধর্মের মানুষের বিশ্বাস ও প্রার্থনার স্থান। হিন্দু-মুসলিম- খ্রিস্টান নির্বিশেষে মানুষ এখানে আসে। কেউ প্রার্থনা করেন, মানত করেন। ভক্তদের বিশ্বাস, বুড়িমার ভিটা থেকে কেউ খালি হাতে ফেরেন না। রোগমুক্তি ও মনস্কামনা পূরণের আশায় অনেকে ধর্ম খেয়াঘাটের পানি পান করেন। 

ভিটায় মানত নিয়ে আসা শহরের মান্দারতলার বাসিন্দা চঞ্চল মণ্ডল জানান, তার একটি চাকরির প্রয়োজন। এছাড়া কিছু শারীরিক সমস্যাও রয়েছে। তাই মায়ের কাছে মানত নিয়ে এসেছেন। মনোবাসনা পূরণ হবে সেই বিশ্বাস থেকেই প্রতি শনিবার এখানে আসার চেষ্টা করেন তিনি। 

তার মতো অনেকেই বুড়িমার মন্দিরে প্রতি সপ্তাহে আগর, মোম ও চিনি দিয়ে মানত করেন। বিশেষ করে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বুড়িমার ভিটা তাদের কাছে শুধু পূজার স্থান নয়। বরং ব্যক্তিগত দুঃখ, আশা- আকাঙ্ক্ষার কথা বলার একটি লোকজ পরিসরও। প্রতি শনিবার গানের আসরও বসে। আর পৌষ মাসের ২ তারিখে অনুষ্ঠিত হয় বুড়িমার বার্ষিক মহোৎসব। সেসময় হাজারও মানুষ আসেন। উৎসব উপলক্ষে কুটির ও মৃৎশিল্পের মেলা বসে। এছাড়া গাসির ব্রত অনুষ্ঠানসহ নানা লোকাচার ও ধর্মীয় আচার পালিত হয় এখানে। 

একজন অসুস্থ মানুষের আরোগ্যলাভের লোককথা থেকে শুরু হওয়া এই স্থানটি আজ স্থানীয় মানুষের বিশ্বাস, আচার ও বহুধর্মীয় অংশগ্রহণে হয়ে উঠেছে একটি জীবন্ত লোকজ আধ্যাত্মিক পরিসর। 

বটগাছের নিচে আরেক বুড়িমা

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ বাজারের বুড়িমার বটতলাও একই ধরনের আরেকটি লোকবিশ্বাসের কেন্দ্র। সেখানে একটি বটগাছকে কেন্দ্র করে বুড়িমার পূজা হয়ে আসছে। প্রতিবছর বৈশাখ মাসের শেষ শনিবার বা মঙ্গলবার তার নামে মহোৎসব হয়। তিন দিনের এই আয়োজনে জাতি-ধর্ম ভেদাভেদ না করে হাজারো মানুষ অংশ নেন। পূজা, প্রসাদ বিতরণ ও মেলা মিলিয়ে স্থানটি পরিণত হয় বৃহৎ লোকজ সমাবেশে। দৈনিক পত্রিকা ও অনলাইন ঘেটে দেখা যায়, চলতি ২০২৬ সালের ১২ মে এখানে ৬০তম বার্ষিক আয়োজন হয়। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে। বিশাল বটগাছের নিচে স্থাপিত বুড়ি মায়ের প্রতিমায় ভক্তরা সিঁদুর মাখিয়ে পূজা দেন। কেউ ফিরনি ও প্রসাদ বিতরণ করেন।

ছাগলাদহের এই বুড়িমার ঐতিহ্য প্রায় তিনশ বছরের পুরোনো বলে স্থানীয়রা জানান। তাদের বিশ্বাস, বুড়িমা ছিলেন অলৌকিক জ্ঞানসম্পন্ন এক যোগী মাতা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের রোগমুক্তি এবং মনস্কামনা পূরণের নানা কাহিনি তাকে ঘিরে এখনও প্রচলিত।

এখানেও বুড়িমার স্মৃতি কোনো একক ধর্মীয় পরিসরে আবদ্ধ নয়। উৎসব, মেলা, মানত ও বহু মানুষের মিলনের মধ্য দিয়ে স্থানটি বহুধর্মীয় লোকজ পরিসরে পরিণত হয়েছে।

স্বপ্নে দেখা বুড়ি মা

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টিতলা এলাকাতেও আরও এক বুড়িমার পূজার খবর পাওয়া যায়। এখানেও বুড়িমা ধরা দিয়েছেন স্বপ্নের মোটিফে। স্থানীয়রা বলেন, প্রায় তিনশ বছর আগে এলাকার যোগেন্দ্র সিংহ পরিবারের এক পূর্বপুরুষ স্বপ্নে জানতে পারেন, একটি বৃক্ষের নিচে বুড়িমা অবস্থান করছেন। সেই বৃক্ষকে কেন্দ্র করেই পরে পূজার স্থান গড়ে ওঠে।

সৃষ্টিতলায় প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বুড়িমার পূজা হয়। বসে কীর্তনের আসর, গ্রামীণ মেলা। জেলা ও জেলার বাইরে থেকে মানুষ আসেন। কেউ রোগমুক্তির প্রার্থনা নিয়ে, কেউ পরিবারের মঙ্গল কামনায়। চলতি বছরও সেখানে মহোৎসব ও মেলার আয়োজন হয়েছে।

বুড়িমার বিস্তৃত ভূগোল

বুড়িমার বিস্তৃত ভূগোল শুধু গোপালগঞ্জ, খুলনা কিংবা ভোলায় সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জায়গায় বুড়িমার নামে পূজাস্থানের সন্ধান পাওয়া যায়। গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী বা বড়তুলী গ্রামের বটগাছের নিচে রয়েছে বুড়িমার মন্দির। স্থানীয়ভাবে একে প্রায় দুইশ বছরের ঐতিহ্য বলা হয়। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামেও সরকারি তালিকায় ‘খোচনা সার্বজনীন বুড়ি মন্দির’-এর উল্লেখ পাওয়া যায়।

স্থানভেদে কাহিনি আলাদা। কোথাও বুড়িমার সঙ্গে জড়িয়ে আছে রোগমুক্তির গল্প, কোথাও তিনি স্বপ্নে আবির্ভূত হন, কোথাও তিনি যোগীমাতা, কোথাও আবার তার কোনো নির্দিষ্ট জীবনকাহিনিই জানা যায় না। আবার শিবের লোকনাম বুড়োশিব। অনেক ভক্তের বিশ্বাস, বুড়োশিবের স্ত্রীই বুড়িমা। তবে কাহিনি ও স্থান বদলালেও লোকবিশ্বাসের কাঠামোটি অনেক ক্ষেত্রেই এক। বুড়িমার কোনো একক ও সর্বজনস্বীকৃত পরিচয় না থাকলেও, স্থানীয় মানুষের স্মৃতি ও লোকবিশ্বাসে দুর্গতিনাশের আশ্বাসের মধ্য দিয়েই তারা জেগে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে। 

আবার বুড়িমার এসব মন্দির বা পূজাস্থলকে বিচ্ছিন্ন কোনো ধর্মীয় আয়োজন হিসেবে দেখলে, এর বিস্তৃত সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্যটি ধরা পড়ে না। এগুলো বৃহত্তর লোকধর্ম ও সংস্কৃতির অংশ। তাদের বিস্তৃত প্রভাব ছিল প্রান্তিক জনজীবনে, বিশেষ করে নারীদের মধ্যে। নারীরা আসতেন নিজের বা পরিবারের জন্য ব্রত পালনে বা তাদের একান্ত কষ্টের কথা বলতে। এসব জায়গা তাদের জন্য জীবনঘনিষ্ঠ এক ধরনের আধ্যাত্মিক আশ্রয়। 

বটগাছ, ভিটা ও স্মৃতির ভূদৃশ্য

বুড়িমার কাহিনিগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এসব আধ্যাত্মিক নারীর স্মৃতির সঙ্গে নির্দিষ্ট স্থানের সম্পর্ক। কখনো বটগাছ, উঠান, একটি ভিটা, পুকুর বা নদীর ঘাট জড়িয়ে আছে তাদের প্রতীক হিসেবে। নিছক ভৌগলিক স্থানের গণ্ডি পেরিয়ে মানুষের বিশ্বাস, আচার ও স্মৃতির মধ্য দিয়ে এসব স্থান পবিত্র বা আধ্যাত্মিক স্মৃতির ধারকে পরিণত হয়েছে। তৈরি হয়েছে এক ধরনের মেমোরি ল্যান্ডস্কেপ বা স্মৃতির ভূদৃশ্য। বাংলার লোকসংস্কৃতিতে বট ও অশ্বত্থ গাছ এবং জলাশয় ঘিরে পবিত্রতার এমন বহু উদাহরণ আছে। শুধুমাত্র বৃক্ষের পরিচয় ছাপিয়ে, এমন একটি বট বা নিমগাছ আজও স্থানীয় মানুষের কাছে অনন্য, সম্মানিত।

বুড়িমার কাহিনি কেবল ধর্মীয় বিশ্বাসের ইতিহাস নয়। এটি নারীর সামাজিক ইতিহাসেরও একটি অলিখিত অধ্যায়। প্রাতিষ্ঠানিক ইতিহাস তাদের ধরে না রাখলেও মানুষের মুখে, বটের ছায়ায়, পুরনো ভিটায় কিংবা বার্ষিক উৎসব ও মেলার ভিড়ে তাদের সন্ধান মেলে। তারা টিকে থাকেন মানুষের ভালোবাসায়। কেননা তাদের পরিচয়ের মূলে ছিল সাধারণ মানুষের সাথে গভীর আত্মিক সম্পর্ক। প্রান্তীয় মানুষের কাছে বুড়িমার আশ্রয় আজও তাই মায়ের মতোই নির্ভার।

লেখায় ব্যবহৃত ছবিগুলো রাহুল সাহার তোলা