নিয়ান্ডারথাল বিচার ব্যবস্থা ও প্রমাণের দায়
নিয়ান্ডারথালদের ফসিল আবিষ্কৃত হওয়ার প্রথম দিকে বিজ্ঞানীরা তাদের মস্তিষ্ক ও দেহ কাঠামো দেখে তেমন বুদ্ধিসম্পন্ন নয় বলে অনুমান করেছিলেন। নিয়ান্ডারথাল শব্দটা সে সময় থেকে ইংরেজি ভাষায় অনুপ্রবেশ করেছে মোটাবুদ্ধির প্রতিশব্দ হিসাবে। আধুনিক কালে এ অনুমানটি যে ভুল ছিলো তার অনেক প্রমাণ পাওয়া গেছে, তবুও অনেকেই এখনো মোটাবুদ্ধি সম্পন্ন মানুষ বোঝাতে নিয়ান্ডারথাল শব্দটি ব্যবহার করে থাকেন।
মানবজাতির বিবর্তন ইতিহাসে নিয়ান্ডারথাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বৈজ্ঞানিক নাম Homo Neanderthalensis। প্রায় ৪ লাখ বছর আগে এদের আবির্ভাব ঘটে এবং আনুমানিক ৪০ হাজার বছর আগে তারা বিলুপ্ত হয়ে যায়। ইউরোপ ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাদের বসবাস ছিল। আধুনিক মানুষ, অর্থাৎ Homo Sapiens, যখন আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ে, তখন নিয়ান্ডারথালদের সঙ্গে তাদের সাক্ষাৎ ও আন্তঃপ্রজনন হয়েছিলো বলে প্রমাণ পাওয়া গেছে। আজকের ইউরোপীয় ও এশীয় বংশোদ্ভূত মানুষের জিনে প্রায় ৩–৪ শতাংশ নিয়ান্ডারথাল ডিএনএ বিদ্যমান।
১৮৫৬ সালে জার্মানির Neander Valley অঞ্চলে প্রথম নিয়ান্ডারথালের ফসিল আবিষ্কৃত হয়, সেখান থেকেই তাদের নামকরণ। সেই থেকেই নিয়ান্ডারথাল নিয়ে কৌতূহলের অভাব নেই। এর মধ্যে যুক্ত আছেন নামকরা সাহিত্যিকরাও। যেমন নোবেলজয়ী সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং (William Golding), The Inheritors শিরোনামে একটি অনবদ্য উপন্যাস ১৯৫৫ সালে প্রকাশ করেছিলেন। উপন্যাসের কাহিনি মূলত নিয়ান্ডারথালদের একটি ছোট গোষ্ঠীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নিয়ান্ডারথালদের নিয়ে আরেকটি অনবদ্য কাজ জিন অয়েল (Jean Auel)-এর আর্থ চিলড্রেন সিরিজ। এই সিরিজ বরফযুগের ইউরোপে আধুনিক মানুষ ও নিয়ান্ডারথালদের জীবনযাপনকে কেন্দ্র করে রচিত। এই সিরিজের প্রথম উপন্যাস The Clan of the Cave Bear ১৯৮০ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই বিপুলভাবে সমাদৃত হয়েছিলো।
নিয়ান্ডারথাল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ন উপন্যাস হলো রবার্ট সয়ার (Robert J. Sawyer ) এর ২০০২ সালে প্রকাশিত Hominids। উপন্যাসটি তার Neanderthal Parallax ট্রিলজির প্রথম বই এবং ২০০৩ সালে শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনির জন্য Hugo পুরস্কার লাভ করে। বইটি বেশ ব্যতিক্রমধর্মী কারণ এখানে আধুনিক মানবের সমান্তরাল নিয়ান্ডারথাল সভ্যতার বিকাশ অনুমান করা হয়েছে। আমাদের সভ্যতায় যেমন নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়েছে, সে রকমভাবেই সেই নিয়ান্ডারথাল সভ্যতায় বিলুপ্ত হয়েছে হোমো স্যাপিয়েন্সরা। এই উপন্যাসটি পাঠ থেকেই আমার এই আলাপের সূচনা।
উপন্যাসটির কাহিনি এরকম: এক বৈজ্ঞানিক পরীক্ষার সময় এক নিয়ান্ডারথাল বিজ্ঞানী দুর্ঘটনাবশত আমাদের পৃথিবীতে চলে আসে। তার আগমন কেন্দ্র করে পৃথিবীতে নানা রকম আগ্রহ তৈরি হয়। অপরদিকে নিয়ান্ডারথাল বিজ্ঞানী যেহেতু তার জগত থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন তাই সে পৃথিবীতে তার সহযোগীকে সন্দেহ করা হয় ও হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। অপর দিকে হোমো স্যাপিয়েন্স জগতেও ঘটতে থাকে নানা ঘটনা। এভাবে গল্পের কাহিনি এগিয়ে যায় যাতে ক্রমান্বয়ে উঠে আসে নিয়ান্ডারথাল সমাজের সাথে হোমো সেপিয়ান্সের সমাজের তুলনা।
উপন্যাসের নিয়ান্ডারথাল সমাজের বিচার ব্যবস্থা আমাদের থেকে ভিন্ন। নিয়ান্ডারথাল সমাজে যেকোন অভিযোগের নিষ্পত্তি হয় একধরনের রেকর্ডিং প্রযুক্তির মাধ্যমে। মানে সত্য উদ্ঘাটনের মাধ্যমে। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে রেকর্ডিং এর অভাবে অভিযুক্ত বিপাকে পড়ে যায়। মানে সয়ার দেখিয়েছেন যে নিয়ান্ডারথাল সমাজে প্রযুক্তির মাধ্যমে প্রমাণ খোঁজা হলেও প্রমাণের দায় মূলত অভিযুক্তের।
অপরদিকে আমাদের আধুনিক মানবসমাজে প্রচলিত নীতি হলো—“অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ।” অর্থাৎ অভিযোগকারী পক্ষের ওপরই প্রমাণের দায়িত্ব বর্তায়। কোন ধরণের বিচার ব্যবস্থা উৎকৃষ্ট? নিয়ান্ডারথাল সমাজে যেহেতু প্রযুক্তির মাধ্যমে সরাসরি সত্য মিথ্যা যাচাই সম্ভব তাই সেখানে প্রমাণের দায়ের বিষয়টা সাধারণভাবে তত গুরুত্ব বহন করে না।
কিন্তু আমাদের মানব সমাজে এর গুরুত্ব অপরিসীম। বিচার ব্যবস্থাকে নিপীড়নের হাতিয়ার হওয়া থেকে রক্ষা করে প্রমাণের দায়ের বিষয়টি। দুঃখজনকভাবে বাংলাদেশে আইন বিষয়ক আলাপ আলোচনায় প্রমাণের দায়ের বিষয়টি অনুপস্থিত। আইন বিষয়ে নানা মানুষের আলাপে সত্য মিথ্যা মামলার কথা বলা হয়। কিন্তু আমাদের সমাজে তো তা নিশ্চিত করা সম্ভব নয়। নিয়ান্ডারথালদের সমাজে যে প্রযুক্তি ব্যবহার তা এখানে অনুপস্থিত। তাই বিচার ব্যবস্থার বিষয়ক সংলাপগুলোকে সত্য মিথ্যার প্রসঙ্গ থেকে সরিয়ে প্রমাণের দায়ের দিকে নিয়ে যাওয়া যথাযথ।
প্রমাণের দায়ের বিষয়টি কেন এতো গুরুত্বপূর্ণ তা নানা সরকারের আমলে করা হাজার হাজার মামলা কীভাবে পরিচালিত হয়েছে তা থেকে বোঝা যাবে। প্রমাণের দায়ের বিষয়টি যেহেতু সর্ব সাধারণের খেয়ালে নেই, তাই মামলা দিয়ে কাউকে ফাঁসানো খুব সহজ। একটা মামলা দিয়ে দিতে পারলেই হলো, সেই মামলার জের অভিযুক্তকেই বছরের পর বছর টানতে হবে। বিশেষ করে যখন ফৌজদারি মামলা করা হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে বিষয়টা বাদী বনাম বিবাদী নয় বরং রাষ্ট্রপক্ষ বনাম বিবাদী। রাষ্ট্রপক্ষ যেহেতু রাষ্ট্রযন্ত্রের সহায়তা পায় তাই সে অনেক শক্তিশালী ও নানা রকম প্রভাব খাটাতে পারে। এ এক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও ‘প্রমাণের দায় অভিযোগকারীর’-- এই নীতির মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। কিন্তু সত্য মিথ্যার আলোচনার মাধ্যমে বিচার ব্যবস্থার এই মূল নীতিকে আড়াল করে ফেলা হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবেই ঘায়েল করা হয় মামলা নামক অস্ত্র দিয়ে।
বাংলাদেশে যারা আইনের শাসন চান তাই তাদের এই প্রমাণের দায়ের বিষয়টা মূল আলোচ্য বিষয় করে তোলা উচিত। এ বিষয়টাকে যদি মূল মনোযোগের জায়গা করে তোলা যায় তবে বিচাকররাও তুলনামূলকভাবে নির্বিঘ্নে নিশ্চিন্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
প্রশ্ন আসতে পারে যে এতে তো অনেক প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে রাষ্ট্রিয়ভাবে কে অপরাধী ও কে নয় তা নির্ধারনের দায়িত্ব বিচারালয়ের। আমরা যদি আইনের শাসন চাই তবে তা বিচারালয়ের হাতেই ছেড়ে দিতে হবে।
অপরদিকে যদি আমরা আইনগতভাবে মেনে নেই যে প্রমাণের দায় অভিযুক্তের তবে কি তা আইনের শাসন নয়? তাও আইনের শাসন। আইনের শাসন মানে মূল নীতি অনুসরণ করে আইনগতভাবে যা হবার কথা তাই করা। কিন্তু ‘প্রমাণের দায় অভিযুক্তের’--এই মূল নীতি দুর্বলের উপরে সবলের নিপীড়ন সহজ করে, তাই পরিত্যাজ্য।
তার মানে শুধু আইনের শাসনের কথা বললেই হবে না, সে শাসন কী ভিত্তি বা মূল নীতি মেনে চলবে তাও বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বলা যায় যে প্রমাণের দায় অভিযোগকারীর--এই মূল নীতি অনেক দিন থেকেই উৎকৃষ্ট হিসাবে বিবেচিত। অনেক আগ থেকেই মানুষ তা বুঝতে শিখেছে। এই মূল নীতি প্রাচীন রোমেও অনুসৃত হতো।
এই আলাপের শেষ করার জন্য আবার নিয়ান্ডারথাল প্রসঙ্গে ফিরে যাই। নিয়ান্ডারথালদের ফসিল আবিষ্কৃত হওয়ার প্রথম দিকে বিজ্ঞানীরা তাদের মস্তিষ্ক ও দেহ কাঠামো দেখে তেমন বুদ্ধিসম্পন্ন নয় বলে অনুমান করেছিলেন। নিয়ান্ডারথাল শব্দটা সে সময় থেকে ইংরেজি ভাষায় অনুপ্রবেশ করেছে মোটাবুদ্ধির প্রতিশব্দ হিসাবে। আধুনিক কালে এ অনুমানটি যে ভুল ছিলো তার অনেক প্রমাণ পাওয়া গেছে, তবুও অনেকেই এখনো মোটাবুদ্ধিসম্পন্ন মানুষ বোঝাতে নিয়ান্ডারথাল শব্দটি ব্যবহার করে থাকেন।
আমি শিরোমানে নিয়ান্ডারথাল বিচার ব্যবস্থা বলতে সেরকম মোটাবুদ্ধির আদিম বিচার ব্যবস্থা বোঝাচ্ছি, তা কারো কারো মনে হতে পারেন। আমি একেবারেই তা বোঝাচ্ছি না। রবার্ট সয়ারের হোমিনিডস উপন্যাসের নিয়ান্ডারথাল বিচার ব্যবস্থা অনেক উন্নত। সেখানে তারা প্রযুক্তির মাধ্যমে সত্য উদঘাটন করতে পারে। তাই সেখানে সেই বিচার ব্যবস্থা প্রয়োগ্য। কিন্তু আমাদের মানব সমাজে তা এখনো সম্ভব নয়। তাই সত্য-মিথ্যা নয় বরং প্রমাণের দায়-নির্ভর যে বিচার ব্যবস্থা তা আমাদের মানব সমাজের জন্য সঠিক এক ব্যবস্থা। তা যাতে সমুন্নত হয় ও আইনের আলোচকদের বিবেচনাতে আসে সে প্রত্যাশা নিয়ে লেখাটার সমাপ্তি টানছি।
স্বীকৃতি: এই রচনার কিছু অংশ লেখার কাজে ChatGPT ব্যবহার করা হয়েছে।
