২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালন দর্শন: প্রেম, সাম্য ও আত্মজ্ঞান—এক মানবতাবাদী বিশ্লেষণ

তিনি মাটির মানুষের ভাষায় উচ্চারণ করেছেন এমন এক দর্শন, যা আজও আধুনিক—কারণ তিনি যে প্রশ্ন তুলেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক। লালনের কণ্ঠ তাই আজও প্রতিধ্বনি তোলে—“জাত গেল, জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবি দেখি টানা হানা।”

মো. রেজাউল করিম মো. রেজাউল করিম

Published : 17 Oct 2025, 01:09 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

মানবতার সহজ সাধনা ও অচিন মনের অনুসন্ধান বাংলার মরমি ঐতিহ্যের গহীনে দীপ্তিমান এক চিরন্তন নাম—লালন শাহ। তিনি শুধু একজন গীতিকার, কবি বা সাধক নন—তিনি ছিলেন মানবতার বীজতলা থেকে উঠে আসা এক মহাজাগতিক চিন্তক; যিনি বিশ্বাস করতেন, মানুষের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির চূড়ান্ত রহস্য। তার সমগ্র সাধনার মর্মকথা ছিল একটাই—“মানুষ ভজলে সোনার মানুষ হবি।” এই সহজ অথচ গভীর বাণীতে লালন যেন সমগ্র দর্শনের দরজা খুলে দিয়েছেন—যেখানে ধর্ম, সমাজ ও আত্মার সীমানা একাকার হয়ে যায়। লালনের দর্শন কোনো প্রথাগত ধর্মতত্ত্বের ছাঁচে বন্দি নয়। তিনি ছিলেন বাউল, কিন্তু তার চিন্তা এসব পরিচয়ের সীমা ছাড়িয়ে পৌঁছেছে বিশ্বমানবতার উচ্চাশ্রমে। ধর্মীয় গণ্ডির বেষ্টনী ভেঙে তাঁর কণ্ঠে শোনা যায়—মানুষের কোনো জাত নেই, বর্ণ নেই, গোত্র নেই; মানুষই ধর্মের মূল। অষ্টাদশ শতকের সামাজিক বাস্তবতায়, যখন সমাজ ছিল হিন্দু-মুসলমানের বিভাজনে বিদীর্ণ, জাতপাত ও আচার-বিধির গহ্বরে নিমজ্জিত—তখন লালন তার গান ও দর্শনের মাধ্যমে বলেন: “মানুষের নাই জাতের বিচার, এক এক দেশেই এক এক আচার।” এই এক পংক্তিতেই নিহিত রয়েছে তার মানবতাবাদী দর্শনের সারাংশ। লালনের মতে, মানুষ নিজেই ঈশ্বরের প্রতিরূপ। তিনি বিশ্বাস করতেন, স্রষ্টা কোনো দূর আকাশের অধরা সত্তা নন, তিনি মানুষের অন্তর্লোকে, আত্মার গভীরে অবস্থান করেন। এই কারণেই তিনি বলেছেন—“দেহে আছে মন, মনের মাঝে সাঁই”। যে-কারণে সৃষ্টিকর্তার সন্ধান তিনি করেছেন মানুষের হৃদয়ে। 

লালনের দর্শনের কেন্দ্রে রয়েছে প্রেম ও সাম্য। তার কাছে প্রেম কেবল রোমান্টিক অনুরাগ নয়, বরং স্রষ্টা-সন্ধানী এক মহাসত্য—যে প্রেম মানুষে মানুষে ভেদাভেদ মুছে দেয়। তিনি বলেছিলেন, “ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধ হয় তার”—অর্থাৎ যে মানুষকে গুরু বলে জানে, যে মানুষের সেবায় নিজেকে সমর্পণ করে, তারই সাধনা সিদ্ধ হয়। লালন ছিলেন চিরপ্রশ্নকারী এক আত্মা। সমাজের প্রচলিত বিশ্বাস, ধর্মীয় অনুশাসন—এ-সবকিছুকেই তিনি প্রশ্ন করেছেন। কারণ তার মতে, প্রশ্ন করলেই জাগে বোধ, আর বোধেই মেলে মুক্তি। তাই তিনি গেয়েছেন— “যিনি রাজাদের রাজা, তিনি আবার চোরেরও রাজা, তাহলে আমি এখন কার কাছে অভিযোগ দিব?” এই প্রশ্নের মধ্যেই প্রতিধ্বনিত হয় এক জাগ্রত চেতনা, যা স্রষ্টা, রাজা ও সমাজ—সব কিছুকেই মানবিকতার মানদণ্ডে বিচার করে। তার দার্শনিক পথচলা ছিল একাধারে সন্দেহ থেকে প্রজ্ঞায়, বৈষম্য থেকে সমতায়, আচার থেকে অভিজ্ঞতায়। তিনি বিশ্বাস করতেন, জ্ঞান কখনো স্থির নয়, সময়ের সঙ্গে বিবর্তিত হয়। যে কারণে তিনি ধর্মীয় পুস্তকে তাঁর জ্ঞান অন্বেষণ সীমাবদ্ধ করতে চাননি। বরং তিনি ছিলেন তেমনই এক অনুসন্ধানী—যিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি দিয়ে সত্যের সন্ধান করেছেন। 

গুরুসত্তা তার দর্শনের অন্যতম স্তম্ভ। লালনের মতে, গুরু মানে শুধু শিক্ষক নয়, বরং সেই মানুষ, যিনি নিজের আচরণ ও বোধ দিয়ে অন্যের অন্ধকার দূর করেন। তাই তিনি বলেছেন— “সহজ মানুষ ভজে দেখ নারে মন, দিব্য জ্ঞানে পাবি অমূল্য নিধি বর্তমানে।” এই সহজ মানুষ—যিনি মানবতার প্রতীক, তার চরণে ভক্তি জানানোই লালনের মতে মুক্তির পথ। লালন এমন এক সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এক কাতারে দাঁড়াবে, মানুষ হবে মানুষের ধর্ম। তার হৃদয়ের গানেই প্রতিধ্বনিত—“এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে।” এই আকাঙ্ক্ষা কোনো অলীক কল্পনা নয়; এটি ছিল তার স্বপ্ন—এক মানবিক সমাজ, যেখানে মানুষ পরিচিত হবে তার মনুষ্যত্বে, তার ভালোবাসায়। লালনের মানবধর্ম তাই কোনো নির্দিষ্ট ধর্মের উপাসনালয়ে আবদ্ধ নয়, এটি এমন এক আত্মিক মানবতাবাদ, যেখানে পরমাত্মা আর মানুষ এক সূত্রে বাঁধা। তার দৃষ্টিতে, মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব—তবে কেবল তখনই, যখন সে প্রেম, সাম্য ও সত্যে জীবনকে আলোকিত করে। 

রবীন্দ্রনাথ ঠাকুর লালনের এই মানবতাবাদে পেয়েছিলেন এক বিশ্বজনীন আহ্বান। তিনি লিখেছিলেন—“লালন ফকির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কী যেন একটা বলতে চেয়েছেন—আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত।” আসলে লালনের দর্শন কোনো ধর্মের অনুসারী নয়—বরং সব ধর্মের ঊর্ধ্বে, যেখানে কেবল মানুষই মুখ্য। লালনের গানে যে সহজ রস, তা একাধারে জ্ঞানতত্ত্ব, একাধারে প্রেমতত্ত্ব। তার ভাষা সহজ, কিন্তু অর্থ অতল। তিনি মাটির মানুষের ভাষায় উচ্চারণ করেছেন এমন এক দর্শন, যা আজও আধুনিক—কারণ তিনি যে প্রশ্ন তুলেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক। লালনের কণ্ঠ তাই আজও প্রতিধ্বনি তোলে—“জাত গেল, জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবি দেখি টানা হানা।” এই বাণী শুধু এক আধ্যাত্মিক সুর নয়, বরং এক তীব্র প্রতিবাদ, এক মানবিক ম্যানিফেস্টো। 

লালন শাহ তাই শুধু একজন সাধক নন—তিনি এক দর্শনের প্রতীক, এক মানবধর্মের ভবিষ্যদ্রষ্টা। তার সাধনা, তার গান, তার চিন্তা আমাদের শিখিয়ে দেয়— মানুষ ভজাই শ্রেষ্ঠ ধর্ম, প্রেমই শ্রেষ্ঠ তত্ত্ব, সাম্যই শ্রেষ্ঠ সমাজ, আর মানবতাই মুক্তির পথ। লালন সাঁই—বাংলার মরমি আকাশে চিরদীপ্ত নক্ষত্র—যিনি আজও বলেন, “মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি। তাঁর মতে, মুক্তির পথ ধর্মীয় রীতিতে নয়, বরং নিজের অন্তরে নিহিত “অচিন মানুষ”-এর সন্ধানে। এই ভাবধারাই লালনের দর্শনকে বিশ্বমানবের আত্মিক অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে দেয়। লালনের আত্ম-সন্ধানধর্মী ভাবনা প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। সক্রেটিস বলেছিলেন, “Know thyself”—নিজেকে চিনো; এটিই জ্ঞানের প্রথম ধাপ। লালনও একই তত্ত্বে বলেন, “আপনি আপনারে চিনলে বন্ধু, আপন হবে জানা।” দু’জনেরই বিশ্বাস, জ্ঞান বা মুক্তি বাইরের নয়, মানুষের ভেতরেই নিহিত। প্রায় আড়াই হাজার বছরের ব্যবধানে,   যোগাযোগহীন এক পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করে দুজন দার্শনিক একই চিন্তা করলেন। কী বিস্ময়! 

তবে পার্থক্য হলো, সক্রেটিস যুক্তি ও প্রশ্নের মাধ্যমে আত্মসন্ধানের পথ দেখিয়েছেন, আর লালন সেই জ্ঞানকে গান ও সাধনার মাধ্যমে অনুভব করেছেন। অর্থাৎ লালনের পথ যুক্তিনির্ভর নয়, বরং হৃদয়ের অভিজ্ঞতানির্ভর। লালনের দর্শন সুফি মরমি সাধক রুমির সঙ্গেও গভীর সংলাপে যুক্ত হয়। রুমি যেমন বলেছিলেন, “The wound is the place where the light enters you,” তেমনি লালনও প্রেমকে জ্ঞানের উৎস ও মুক্তির উপায় বলে দেখেছেন—“প্রেম না জানলে মন, ধরা দিবে না।” উভয়ের কাছেই প্রেম কোনো আবেগ নয়, বরং এক অস্তিত্বগত আকুলতা, যা মানুষকে নিজের ভেতরের ঈশ্বরীয় সত্তার সঙ্গে যুক্ত করে। তবে রুমির চিন্তা ইসলামি সুফিবাদের প্রেক্ষাপটে এবং তিনি সৃষ্টিতত্ত্ব, এক আল্লাহ, আল্লাহ’র প্রতি প্রেমে বিশ্বাসী ছিলেন। লালনের প্রেমধর্ম কোনো ধর্মীয় সীমানায় আবদ্ধ নয়; তিনি বলেন, “ধর্ম বলো কারে ভাই, মানুষ যদি না চিনি।” 

উপনিষদীয় অদ্বৈত বেদান্তের সঙ্গেও লালনের ভাবনার গভীর মিল আছে। উপনিষদ বলে, “তত্ত্বমসি”—তুমি সেই; অর্থাৎ মানুষ ও পরমসত্তা অভিন্ন। লালনও বলেন, “খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়।” এই খাঁচা শরীর, আর অচিন পাখি আত্মা—যা এক অদৃশ্য সত্য, পরমসত্তার প্রতীক। পার্থক্য হলো, উপনিষদীয় জ্ঞান বিমূর্ত ও দার্শনিক; লালন তা লোকভাষায়, উপমা-রূপক ও গানের ছন্দে সাধারণ মানুষের বোধগম্য করে তুলেছেন। বুদ্ধের সঙ্গে লালনের দর্শনেরও আশ্চর্য মিল পাওয়া যায়। বুদ্ধ বলেছিলেন, মুক্তি আসে তৃষ্ণামোচন ও মননশীল চেতনার মাধ্যমে। লালনও বিশ্বাস করেন, মুক্তি মনের পরিচ্ছন্নতার মধ্য দিয়েই সম্ভব—“মনের মানুষ মনেই রহে।” বুদ্ধের দর্শন যেখানে নৈর্ব্যক্তিক ও যুক্তিনির্ভর, সেখানে লালনের চিন্তা প্রেমময় ও অভিজ্ঞতানির্ভর; তবে উভয়ের পথই অন্তর্গামী এবং মানবকল্যাণনির্ভর। যিশু খ্রিষ্টও বলেছেন “Love your neighbor as yourself.” অর্থাৎ, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। যিশু আরও বলেন, “God is spirit, and his worshipers must worship in spirit and in truth.” ঈশ্বর আত্মা, আর তাঁকে সত্য ও আত্মার মধ্যে থেকেই উপাসনা করতে হয়।

বিখ্যাত সুফি-সাধক শামস তাবরিজি ও রুমি দু’জনেই বলেছিলেন, প্রকৃত জ্ঞান কোনো ধর্মগ্রন্থ বা বাহ্যিক আচারের মাধ্যমে নয়, বরং হৃদয়ের আলো থেকে আসে। শামস তাবরিজি রুমিকে বলেছিলেন, “তুমি যত বই পড়ো না কেন, যদি হৃদয় জ্বলে না ওঠে, তবে তা মৃত জ্ঞান।” লালনও একই সুরে বলেন, “বই পড়ে কে কয় পণ্ডিত ভাই, মনের মানুষ চিনতে না জানলে, সবই বৃথা দায়।” এখানে উভয়েরই দর্শন ‘অভিজ্ঞতানির্ভর জ্ঞান’-এর ওপর প্রতিষ্ঠিত—যেখানে হৃদয়ের উপলব্ধি পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানকে অতিক্রম করে যায়। সুফি দর্শনের কেন্দ্রবিন্দু হলো প্রেম বা ইশক—যা ঈশ্বরের সঙ্গে মিলনের একমাত্র পথ। রুমি বলেন, “প্রেমই আমাদের আসল ধর্ম। বাকি সবই ব্যাখ্যা।” লালনও তার সাধনায় প্রেমকেই মুক্তির চাবিকাঠি করেছেন—“প্রেম না জানলে মন, ধরা দিবে না।” উভয়ের কাছেই প্রেম কোনো রোমান্টিক অনুভব নয়; বরং এক অস্তিত্বগত আকুলতা, যা আত্মাকে পরমসত্তার সঙ্গে একীভূত করে। রুমির ভাষায় এটি Divine Ecstasy, আর লালনের ভাষায় এটি সোনার মানুষ হবার সাধনা। রুমি যেমন বলেন—“God sleeps in the rock, dreams in the plant, moves in the animal, and awakens in man,” অর্থাৎ মানুষই ঈশ্বরীয় চেতনার পূর্ণ প্রকাশ; তেমনি লালনও বলেন, “মানুষ ভজলে সোনার মানুষ হবি।” উভয়ের চিন্তায় মানুষই সৃষ্টির কেন্দ্র, আর মানুষের মধ্যেই নিহিত রয়েছে ঈশ্বরের চিহ্ন। এই মানবতাবাদী চেতনা সুফি মতবাদের ‘ইনসান-ই-কামিল’ বা পরিপূর্ণ মানুষ তত্ত্বের সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। শামস, রুমি ও লালন—তিনজনই বাহ্যিক ধর্মীয় আচার, জাত ও বর্ণের বিভাজনকে প্রত্যাখ্যান করেছেন। রুমি বলেছেন, “Beyond right and wrong, there is a field. I’ll meet you there.” সুফি দর্শনে আত্মসন্ধানের পরম লক্ষ্য হলো ফানা ফিল্লাহ—অর্থাৎ আত্মাকে বিলীন করা পরমসত্তায়। রুমি ও শামসের দর্শনে এই আত্মসন্ধান এক মহাজাগতিক সাধনা, যেখানে প্রেম ও জ্ঞান মিলেমিশে আত্মাকে স্রষ্টার সত্তায় ভাসিয়ে নেয়। লালনের দৃষ্টিতে এই আত্মসন্ধান ঘটে দেহের ভেতরে—“খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।” তাঁর কাছে শরীর এক খাঁচা, আর আত্মা সেই খাঁচার বন্দী পাখি। এই আত্মাকে চেনাই তাঁর সাধনার লক্ষ্য, যা সুফি দর্শনের ফানারই লোকায়ত রূপ। 

রুমির জীবনে শামস ছিলেন এক আধ্যাত্মিক আলোকবর্তিকা, যিনি তাকে বাহ্যিক জ্ঞান থেকে সরিয়ে অন্তর্জ্ঞান বা হৃদয়ের জ্ঞানের পথে নিয়েছিলেন। লালনের জীবনেও ‘গুরু তত্ত্ব’ ছিল অপরিহার্য। তিনি বলেন, “গুরু বিনে গতি নাই ভাই।” শামস যেমন রুমির জীবনে ‘গুরু-রূপী প্রেম’, তেমনি লালনের কাছে গুরু মানে ‘আত্মার আলোর পথপ্রদর্শক। তবে রুমি ও শামসের সুফিবাদ বিকশিত হয়েছিল আরবি-ফারসি সাহিত্য ও ইসলামী সংস্কৃতির প্রেক্ষাপটে, যেখানে ভাব প্রকাশে কাব্যিক প্রতীক ও বিমূর্ত রূপকের ব্যবহার ছিল মুখ্য। অন্যদিকে, লালন বাংলা লোকভাষায়, সহজ গানের ছন্দে ও জীবনের উপমায় সেই একই তত্ত্ব প্রকাশ করেছেন। রুমি ছিলেন কাব্যের ফকির, লালন ছিলেন গানের ফকির; কিন্তু তিনজনেই ছিলেন আত্মার আলোকসন্ধানী। সব মিলিয়ে বলা যায়, লালন শাহ, শামস তাবরিজি ও জালালুদ্দিন রুমি—তিনজনেই বিশ্বাস করতেন যে প্রেমই ঈশ্বরপ্রাপ্তির পথ, আত্মজ্ঞানই মুক্তির মূল, আর মানুষই ঈশ্বরের আয়না। তবে লালনের বিশেষত্ব হলো—তিনি কোনো ধর্মীয় সূত্র বা পাণ্ডিত্য ছাড়াই বাংলার লোকজ সংস্কৃতিতে এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর গানেই মিলেমিশে গেছে সুফি প্রেম, বেদান্তের আত্মসন্ধান ও বাংলার মাটির সহজ মানবধর্ম। তাই লালনকে বলা যায় বাংলার রুমি—একজন লোকজ সাধক, যিনি নিজের অন্তর আলোয় খুঁজেছেন পরমের পথ।