পরিবর্তনশীল প্যারাডাইম: কবি পিনা পিকোলার সাথে আলাপচারিতা
আমি মনে করি, কবিতায় নারীদের বিশ্বব্যাপী উত্থানের জন্য বিগত বিশ বছর বিস্ময়কর ছিল।
পিনা পিকোলো
পিনা পিকোলো একজন স্বাধীন গবেষক যিনি সান্তা ক্রুজের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং ক্যালিফোর্নিয়ার সেন্ট মেরি কলেজে ইতালীয় ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন অনুবাদক, সাংস্কৃতিক সংগঠক ও লেখক। তার বেশ কিছু কবিতা ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের 'Mangrovie Edizioni 2010', 'CFR Edizioni, 2013', 'Rayuela 2013, 2014', 'Prospero Editore, 2019' প্রভৃতি সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। 'Italica' ও 'Forum Italica' শীর্ষক মার্কিন জার্নালে Dario Fo ও Franca Rame নিয়ে তার লেখা প্রবন্ধসমূহ প্রকাশিত হয়। একই সাথে Gianni Celati ও Luigi di Ruscio নিয়ে তার লেখা প্রবন্ধসমূহ ইতালীয় ত্রৈমাসিক 'গ্রাদিভা(Gradiva)' ও ইতালীয় গবেষণা বিষয়ক কানাডিয়ান ও আমেরিকান জার্নালে প্রকাশিত হয়।
পিনা পিকোলো www.lamacchinasognante.com নামক একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনলাইন জার্নালের একজন সমন্বয়ক এবং www.thedreamingmachine.com-এর সম্পাদক। ২০১৮ সালে Lebeg Edizioni প্রকাশনী থেকে তার কাব্যগ্রন্থ I canti dell' Interregno প্রকাশিত হয়। মার্কিন ও ইতালীয় অনেক জার্নালে (অনলাইন ও মুদ্রণ উভয়েই) তার কবিতা প্রকাশিত হয়েছে। নোবেলজয়ী ইতালিয় নাট্যকার দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে সম্পর্কে তার একাধিক প্রবন্ধ আমেরিকার বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
পিনা পিকোলোর সাথে এক সাহিত্যিক আলাপে সাগর কুমার শার্মা কবিতার সাথে তার সম্পর্কের বিভিন্ন দিক অনুসন্ধান করেছেন। কবির জীবনে ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে শুরু করে কবিতা নিয়ে তার উদ্বেগ--সবকিছু নিয়ে এই সাহিত্যিক আলাপচারিতায় গুরুত্বের সাথে তুলে ধরে।
পরিবর্তনশীল প্যারাডাইম: কবিতা নিয়ে সাহিত্যিক আলাপে পিনা পিকোলো
সাগর কুমার শার্মা: আপনার কাছে কবিতা কী?
পিনা পিকোলো: আমার কাছে ভিন্ন রকম কিছু, কবিতা আমার জীবনে কবিতা বিভিন্ন সব ভূমিকা রেখেছে। তবে, অন্য অনেক কবিদের মতো কবিতা আমার কাছে ব্যতিক্রমী কোনো সঙ্গী নয়। আমি কখনোই এ শিল্পটির সাথে সম্পূর্ণ এককভাবে চিহ্নিত হই নি। আমি এ শিল্পের গ্রাসে যেতে চাইনি কিংবা অতীত বা বর্তমানের কোনো ক্লাবের সাথে অধিভুক্ত হতেও আগ্রহী নই। আমি নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখি যে তার সারাদিনের সকল কাজ যেমন রান্না, মা হিসেবে দায়িত্ব পালন, অনুবাদ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো, বই পড়া ইত্যাদির পরে শব্দগুচ্ছের কাব্যিক মোড় বা কোনো কাব্যিক পরিস্থিতির দিকে মনোযোগ দেই যা কিনা আপনাকে বাস্তবতার একটি সাধারণ উপলব্ধি থেকে বের করে রহস্য ও আকাঙ্ক্ষাপূর্ণ একটি অবস্থানে নিয়ে যায়। এটি আমার একটি 'অনুভূতি' বা 'অনুষদ' যা আমি ছোটবেলা থেকেই গড়ে তুলেছি। কবিতার প্রতি আমার আকর্ষণের কারণ হিসেবে আমি ভাষাকেই দেখি। ভাষা কখনোই আমার জন্য স্বাভাবিক ছিলো না। আমার পারিবারিক অভিবাসনের ইতিহাসের কারণে আমি সবসময় বিভিন্ন ভাষার মধ্যে ছিলাম।
আবেগের চেয়েও বেশি আমি এটাকে প্রাথমিকভাবে ভাষা সংক্রান্ত সমস্যার সাথে যুক্ত করি। এরপর আমি এটাকে জ্ঞানের সাথে এবং একদম তৃতীয় পর্যায়ে আমি এটাকে আবেগের সাথে যুক্ত করি। যখন ইতালিতে বসবাসরত কোনো নারী কবিতার এ বিষয়টিকে এভাবে বিন্যস্ত করে তখন সেটা স্রোতের বিপরীতধর্মী কিছু হিসেবে পরিচিতি পায়। কবিতা আমার জন্য প্রায়ই এমন কিছু ছিল যা আপনি নিজভূমি থেকে নির্বাসিত হওয়ার পরে যে চূর্ণ বিচূর্ণ অবস্থা সেখানে খুঁজে পান। একজন শিশু এবং পরে একজন তরুণী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালিতে বসবাসের সময়ে কবিতা বিশেষ অনুমতি নিয়ে আমাকে সৃজনশীলতা, জ্ঞান ও ভাষার উৎপত্তির সাথে যুক্ত হওয়ার যে সুযোগ দিয়েছিল তা শুধু দৈনন্দিন যোগাযোগের জন্য নয়, বরং আমাকে স্বস্তি দিয়েছিল যাতে আমি বিচ্ছিন্নতা অনুভব না করি এবং স্থানীয়দের উপহাসের সামনে নিজের দক্ষতা প্রমাণ করতে পারি। (ভারতেও হয়তো আপনি এমন ঘটনা দেখে থাকবেন যেখানে প্রবাসী ভারতীয়রা নিজ দেশে ফিরে একই অভিজ্ঞতার সম্মুখ্খীন হন।) একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি যে, কবিতা লেখা আমাকে বাস্তব অভিজ্ঞতা থেকে সবকিছু প্রয়োগ করতে শিখিয়েছে যাকে ভিক্টর শেক্লাভস্কি বলেছেন 'বিচ্ছিন্নতা'। এটা এক ধরনের অপরিচিতকরণ, যা একজন বিদেশী হিসেবে আমার কাছে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। একইসাথে এটা আমাকে ভাষার ভুলত্রুটি নিয়ে নিরীক্ষা করতে শিখেয়েছে যা থেকেই সৃষ্টি হয় কবিতার। (এখানে আপনি দেখতে পারেন যে কিভাবে বৈদেশিকতার মাত্রা জ্যাকবসন ও ভাষাবিদদের রূপক ও অক্ষ নিয়ে ধারনাগুলোকে পরিবর্তন করে।)
এস কে এস: আপনি খুব প্রসিদ্ধ একজন কবি। আপনি দেশ বিদেশের সৃজনশীল লেখার প্রথম সারির প্ল্যাটফর্মগুলোর সদস্য। নিজের লেখার সমালোচনা আপনি কিভাবে করবেন?
পিনা: আপনার বিবেচনার জন্য ধন্যবাদ। কিন্তু আমার উচিত অবিলম্বে এটিকে অস্বীকার করে বর্ণনাটিকে কিছুটা কমিয়ে দেওয়া। আসলে, ইংরেজি ও ইতালীয় উভয় ভাষাতেই প্রকাশিত আমার অনেক কবিতা মুদ্রিত হয়েছে এবং পাশাপাশি স্থান পেয়েছে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ও সংকলনে। তবে, ইতালিতে আমার লেখা I canti dell Interregno বইটির একটিমাত্র মুদ্রণ হয়েছে যাতে ৪০ বছরেরও বেশি সময় ধরে ইতালীয় ভাষায় লেখা আমার কবিতাগুলো রয়েছে। Avatars on the Borderland শীর্ষক ইংরেজি ভাষায় লিখিত আমার একটি পাণ্ডুলিপি রয়েছে যা প্রকাশকদের আগ্রহের অপেক্ষায় আছে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রে জীবনের বেশিরভাগ সময় কাটানো আমি এই দুই জায়গার কোথাও প্রকাশনা ও পুরস্কার প্রাপ্তির মানদণ্ডে প্রসিদ্ধ কবি নই। আসলে, যে কারণে আমি কবিতার আন্তর্জাতিকসংযোগ ও আন্তঃদেশীয় জার্নাল বিকশিত করতে কাজ করতে পেরেছি তার সাথে কবি হিসেবে আমার কর্মজীবনের (কিংবা কর্মজীবনের অভাব) কোনো সংযোগ নেই। বরং কবিতা নিয়ে আমার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিই (অনুভূতির চেয়ে ভাষা ও জ্ঞানকে প্রাধান্য দেওয়া) এর কারণ। একটা বিশাল অংশের মানুষই এটা অনুভব করতে পারে যে আমরা একটা প্যারাডাইম শিফ্ট-এর সীমানায় দাঁড়িয়ে আছি যেখানে কবিতার সাথে যুক্ত হতে তারা ধর্মীয় ও ঐতিহ্যগত পন্থার দিকে নজর কম দিচ্ছেন। একারণেই আমার কাজগুলো সাধারণত সেসব মানুষকে অনুরণিত করে যারা গড়ে আমার চেয়ে বছর ত্রিশের ছোট। সত্যি বলতে গেলে, সঠিক সময়ে সঠিক জায়গায় ( ১৯৭০ এর দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত সান ফ্রান্সিসকোর সমুদ্রবর্তী এলাকা বিশেষ করে বার্কলে) বাস করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ সেখানে আমি উচ্চ রাজনৈতিক ও প্রগতিশীল পরিবেশ ও আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পাই। এছাড়া আমি সিলিকন ভ্যালির প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর কাছাকাছি ছিলাম। (বস্তুত, আমার বৈজ্ঞানিক/প্রকৌশলী দেবর আমাকে এখানে নিয়ে এসেছিল)। প্রতিষ্ঠিত কবিদের তুলনায় আমার কবিতার রচনাশৈলী কম ‘মানবিক’ হওয়ার জন্য এ কারণগুলোই নির্ধারক ছিলো। ১৯৯০ দশকের শুরুতে আকাদেমি ত্যাগ করার পর (ইউসিএ বার্কলে থেকে ইতালীয় সাহিত্যে আমি পিএইচডি করেছি এবং বিভিন্ন কলেজে ভাষা ও সাহিত্য দুটোই পড়িয়েছি) আমি নিজেকে একজন স্বাধীন অনুবাদক হিসেবে নতুনরূপে আবিষ্কার করি (আবারও বলছি, ভাষা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ) এবং বিপণন ও আইন নিয়ে কাজ করেছি। এভাবেই আমি অত্যন্ত প্রযুক্তিগত একটি শিল্পের সাথে যুক্ত হই। কারণ তখন আমাদের কাছে অনুবাদের জন্য ট্রাডোস নামক এক ধরনের কম্পিউটার সহায়ক সফটওয়্যার ছিলো। প্রায়শই আমরা রেকর্ডিং স্টুডিওতে কাজ করেছি সেসব মানুষের জন্য যাদের ভিডিওর অনুবাদ ও ভয়েসওভারের দরকার ছিলো। (একটি মাফিয়া ট্রায়ালের জন্য টেলিগ্রামে ধারণ করা কথোপকথনের বিষয়বস্তু লিপিবদ্ধ ও অনুবাদ করতে আমি একটি প্রকল্পে মাস খানেক সময় ব্যয় করেছিলাম।) এ কাজে কখনোই একঘেয়েমি ছিল না। এটা এমন একটি কাজ যা আমি বুঝে শুনেই গ্রহন করেছি এবং এটা আমাকে মানবিক/ধর্মীয় অনুশাসন থেকে সরিয়ে নিয়েছিল যা হয়তো আমি গ্রহণ করতে পারতাম। বের্লুসকোনি যুগে, বুশের ইরাক আক্রমণের পর, ২০০৩ সালে একজন পরিণত প্রাপ্তবয়স্ক হিসেবে আমি ইতালিতে স্থানান্তরিত হলাম। তখন উপরে উল্লিখিত গুণসমূহ কাব্যিক পরিস্থিতির জন্য একটা বিরূপ অবস্থানে ছিল। আমি আবারও ‘বৈদেশিকতা’র অবস্থানে পড়লাম। যেখানে আমার কোনো প্রস্তাব বৈধতা পেত না। যুক্তরাষ্ট্র যে সকল সীমা অতিক্রম করেছে--আমার এ ভাবনা সম্পূর্ণ উপেক্ষিত হয়। ইতালিতে পৌঁছানোর কয়েক মাস আগে,কবি স্যাম হ্যামিল পরিচালিত ‘পোয়েটস এগেইনস্ট ওয়ার’ শীর্ষক একটি অনলাইন প্রকল্পে আমি যুক্ত ছিলাম। প্রকল্পটি বুশের ২০০৩ সালের ইরাক যুদ্ধের বিরুদ্ধে ছিল এবং এ প্রকল্পের মাধ্যমে দেশ বিদেশের নানা প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন কবিদের কাছ থেকে ১২০০০ এরও বেশি কবিতা সংগ্রহ করা হয়েছিল। সেই হাজার হাজার কবিতা থেকে আমি ৩৩ টি কবিতা নির্বাচন করে ইতালীয় ভাষায় অনুবাদ করে একটি বই আকারে প্রকাশ করার জন্য প্রস্তুত করি। কিন্তু ৩ টা বছর ধরে আমি উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন প্রকাশকের কাছে গিয়েছি যারা এ প্রকল্পের পরিধি বুঝতে পারেন নি; এটি একটি অনলাইন প্রকল্প হওয়ায় তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। আধুনিক মার্কিন কবিতা সম্বন্ধে তাদের জানাশোনা কম ছিল। এ প্রকল্পের কবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক কবি হিসেবে চিহ্নিত করতে পারার মত জানাশোনাও তাদের ছিল না।
আমি অনেক সৌভাগ্যবান যে এতো বছর ধরে এমন কিছু মানুষকে খুঁজে পেয়েছি যারা সাহিত্যের জন্য প্রযুক্তিগত সমাধানের প্রতি খোলামেলা মনোভাব পোষণ করেন। এর মধ্যে রয়েছে লিঙ্কডইনের বিভিন্ন ফোরাম এবং বিশেষত ব্রাজিলিয়ান লেখক জুলিও মোন্টেইরো মার্টিনস এবং ‘সাগারানা’ নামক তার একটি ডিজিটাল সাহিত্যিক জার্নাল যা ২০০০ সাল থেকে তার মৃত্যুর বছর ২০১৪ পর্যন্ত স্থায়ী একটি দীর্ঘকালীন প্রকল্প ছিল। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি এখানে একজন লেখক, অনুবাদক ও সম্পাদক হিসেবে কাজ করেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, বহু লেখকের সাথে দেখা করেছি। নিজের নিষ্পত্তির সময় এমন একটি প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি যা উপেক্ষিত সব কবিদের ইতালিতে পরিচিত করার জন্য ইচ্ছুক ছিল। এই সময়ের মধ্যে, বোলোনিয়ায় আমি একটি কবিতা ম্যারাথন আয়োজনে যুক্ত হই যেখানে আমি প্রাথমিকভাবে ‘হান্ড্রেড থাউজ্যান্ড পোয়েটস ফর চেঞ্জ’ নিয়ে কাজ করি। তারপরে আরও অন্যান্য প্রকল্পেও সহায়তা করি। সম্প্রতি ‘লা মাচিনা সগনান্তে’ নামক একটি ইতালীয় ভাষার ডিজিটাল ত্রৈমাসিকে কাজ করেছি যারা তাদের ২০ তম সংখ্যা প্রকাশ করেছে। এছাড়াও ‘ড্রিমিং মেশিনে’র ৭ম সংস্করণে আমি কাজ করেছি যা প্রতি ছয় মাসে প্রকাশিত হয়। সুতরাং এটি একটি চ্যালেঞ্জের পাশাপাশি খুব সন্তোষজনকও ছিল কারণ এর মাধ্যমে আমি অনেক তরুণ কবিদের সাথে যুক্ত হতে পেরেছি যারা আন্তঃদেশীয় সাহিত্যের সাথে ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করার ধারণাটিকে শ্বাস নেওয়ার মতোই একটি স্বাভাবিক ব্যাপার মনে করে। (গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা জানতে পারি যে উভয় জার্নালের পাঠকদের মধ্যে ৬০% এরই বয়স ৩৫ এর কম।)
এস কে এস: আপনি কি পাঠকদের আপনার কবিতা লেখার প্রক্রিয়া সম্পর্কে বলতে পারেন? এছাড়াও, আপনার নিজের লেখা প্রিয় কবিতাগুলো লেখার পিছনের কিছু গল্প বলতে চান?
পিনা: ১৯৯১-১৯৯৩ ও ২০১০-২০১৬ সালে তীব্র সৃজনশীলতার হঠাৎ পরিবর্তন ও কবিতা লেখার এক অসংহত সময়ের পাশাপাশি কবিতার সৃষ্টিশীলতা আরও অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। একইসাথে কবিতায় শৈলী এবং দৈর্ঘ্যেও পরিবর্তন এসেছে। ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এমন একটি সময় ছিল যখন আমার অধিকাংশ কবিতারই একটি কাহিনীমূলক অভিমুখ ছিল। (এটা নিয়ে আমি এততাই উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম যে কবিতার পরিবর্তে আমি ছোট গল্প লেখার প্রশিক্ষণ নিতে সৃজনশীল লেখার কর্মশালায় অংশ নিয়েছিলাম।) সে সময়ে আমি বিভিন্ন খবর, ভিডিও ও ডকুমেন্টারির ফুটেজ যেমন ‘মধ্যপ্রাচ্যের অভিবাসী সংকট’, ইথিওপিয়ায় ভূমি দখল, তখনকার বহুল আলোচিত 'ওয়ার অন টেরর', হাইতির ভূমিকম্প ও এর পরবর্তী পরিস্থিতি অনুসরণ করে তার সাথে আমার নিজস্ব ভাবনা, প্রচলিত পৌরাণিক কাহিনীসমূহ, অভিজ্ঞতা ও মাঝেমধ্যে অন্যান্য কবি ও ঔপন্যাসিকদের লেখার কিছু অংশ থেকে অনুপ্রাণিত হয়ে আমি কবিতা লেখার চেষ্টা করেছি। প্রায়ই আমি ব্যঙ্গ, কিম্ভূতকিমাকার বিষয়, ও বিদ্রুপের ব্যবহার করে কবিতার মধ্যে থেকেই সমালোচনামূলক একটি ভূমিকা পালনের চেষ্টা করেছি। কোনো মাত্রা বা ছন্দ প্রয়োগের প্রচেষ্টা এখানে ছিল না। আমি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করেছি। তা হলো--পাশাপাশি থাকা শব্দে স্বরধ্বনির পুনরাবৃত্তি, সাধারণ পুনরাবৃত্তি ও বাক্যের ধারাবাহিকতা। এমন সময় ছিল যখন দুঃখ ও ক্ষোভ থেকে কবিতা উঠে এসেছে। এর একটি উদাহরণ হচ্ছে ১৯৯০ থেকে ১৯৯১ সালের ডেজার্ট স্টর্মের গাল্ফ যুদ্ধের সময় আমার লেখা নয়টি কবিতার একটি সিরিজ। যেভাবে এই সিরিজের সৃষ্টি হল এবং যেভাবে সান ফ্রান্সিসকোর সমুদ্র তীরবর্তী এলাকার যুদ্ধবিরোধী আন্দোলনের সাথে এটি সংযুক্ত তা আমি আন্তর্জাতিকভাবে একটি গবেষনাপত্রে পুনর্গঠন করার চেষ্টা করেছি যা আগামী বছর ইউনিভার্সিটি অফ মেইনের পেইডিউমা জার্নালে প্রকাশিত হবে। সময়ের সাথে আমি আমার লেখার ভাষা পরিবর্তন করেছি। শুরুতে আমি ইতালীয় ভাষায় কবিতা লিখতাম। এরপরে ১৯৭৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আমি প্রধানত ইংরেজিতে এবং ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ইতালীয় ও ইংরেজি উভয় ভাষাতেই লিখছি। ভাষার এ বিষয়টা নির্ভর করে লেখার সময় আমি কোথায় আছি তার ওপর। ইতালীয় ও ইংরেজিতে লেখা কবিতাগুলি বিষয়বস্তুতে এক হলেও, গঠন, গতি, শব্দের ব্যবহার ও লিখিত বিবরণের দিক দিয়ে প্রায় সম্পূর্ণ আলাদা যেন আমিই ডক্টর জেকিল ও মিস্টার হাইড।
গত দুই বছর ধরে আমার কবিতাগুলো ইংরেজিতে লেখা হয়েছে। কারণ আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, যদি একটি কবিতা পাঠকদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় (যেমনটা ইতালিতে আমার সাথে ঘটেছিল), তাহলে বুঝতে হবে কিছু একটা ভুল হয়েছে। যদি পাঠকের সাথে আপনার কবিতার কোনো প্রতিধ্বনি না থাকে তবে সে কবিতাটি আপনার ড্রয়ার বা কম্পিউটারে পড়ে থাকাই ভালো। সময়ের সাথে সাথে আমি যেটা শিখেছি তা হলো আমার কবিতায় গীতিকাব্যসুলভ বিষয়টি না থাকার ব্যাপারটি ইতালীয় পাঠকরা সাধারণত মেনে নিতে পারেন নি। এবং তারা মনে করেন যে এ ব্যাপারটি নিয়ে আমি আসলে সুখী এবং আমি এটা কখনো ওভাবে বাদ দিই না দেখে তারা বিক্ষুব্ধ। যে বিষয়টি তাদের সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তা হলো এই যে--পূর্বসূরি সেসকল কবি যাদের আমি আমার ‘জনক’ বা ‘জননী’ মনে করি তাদের সাথে চলমান শ্রদ্ধাশীল কথোপকথনে আমি অংশগ্রহন করি না। কারণ, আমি বিশ্বাস করি যে, কবিতা প্রতিটি নারী-পুরুষের বিশেষাধিকার। যেহেতু এই মুহূর্তে এটি বাকশক্তির একটি স্বাভাবিক ধর্ম, তাই আমি কাব্যিক সম্মিলনের কোন প্রয়োজনীতা অনুভব করি না। যদিও আমি অনেক কবির কাজের সাথে ভালোভাবে পরিচিত এবং অনেককেই আমি শ্রদ্ধা করি, তবে তাদের কথা কিংবা কবিতা শৈলী আমি আমার কবিতায় অন্তর্ভুক্ত করি না। দান্তে এবং পেট্রার্কের মাধ্যমে ইতালীয় কবিতার এতিহ্য শুরু হয়েছিল। পেট্রার্ক ছিল মূলত একজন গীতিকাব্যসুলভ কবি। অন্যদিকে দান্তে মহাকাব্যীয় এতিহ্যের মধ্যে ছিলেন। তবুও বর্তমানে ইতালিতে শুধুমাত্র গীতিকাব্যসুলভ কবিতাকেই বড় মাপের কবিতা হিসেবে ধরা হয়। বাকিসব একটি সাব-জনরা হিসেবে বিবেচিত হয়। যেমন নাগরিকধর্মী কবিতা, পরীক্ষামূলক কবিতা, ইত্যাদি। এটা অবশ্যই আমার জন্য একটি সমস্যা সৃষ্টি করে। কারণ আমি স্বীকারোক্তিমূলক কবিতার ভক্ত নই (যা যদি আপনি একটি নারীদেহের অধিকারী হন তবে প্রায় বাধ্যতামূলক বলে মনে হয়। ) অন্তরজগতের সাথে যুক্ত হওয়ার চেয়ে বাইরের জগতের সাথে যুক্ত হতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবো। যাই হোক, সৃজনশীল প্রক্রিয়ার কথায় যদি ফিরে আসি, তাহলে বলা যায় যে কিছু কবিতা পুরোপুরি লিপিবদ্ধকরণ ও বিন্যাসের সময়কাল দীর্ঘ হয়। কিছু কবিতা সম্পূর্ণ গঠিতভাবেই আসে; সামান্য কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। অনেক দশক ধরে, কিছু অন্যায়ের প্রতিক্রিয়া বা বৈপরীত্য পর্যবেক্ষণের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাধারণত দুঃখ বা ক্ষোভ দ্বারা এসকল কবিতা উন্মোচিত হত। সম্প্রতি আমি সামাজিক অবস্থার কথা তুলে ধরার পরিবর্তে দার্শনিক চিন্তা এবং বিজ্ঞান কিংবা নৃবিজ্ঞান ও প্রত্নতত্ত্বের নতুন আবিষ্কারগুলি আমার কবিতায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। বুদ্ধিমত্তা কি, কারা বা কোন কোন জিনিস তা ধারণ করে, পৃথিবীর সমস্ত সৃষ্টি ও মহাবিশ্বের সাথে আমাদের যে আন্তঃসংযোগ--এসব কিছুর সাথে কবিতা এখন একত্রিত হতে চায়। কাক বা তিমিকে উপমা হিসেবে ব্যবহার করার বাইরে গিয়ে কবিতার কি উচিত এসব সৃষ্টির সথে যোগাযোগ স্থাপন করা? এর কোনো কিছু কি সম্ভব? রহস্যময় ক্ষেত্র ও মন্ত্রের প্রতি যে ঝোঁক তা কি কবিতার সীমার মধ্যে স্থান পায়? আমি মনে করি একটি দূরদর্শী কবিতা আমাদেরকে আসন্ন জ্ঞানতাত্ত্বিক সংকটের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে পারে; এমন একটি কবিতা যার জন্য ঠিক সেই মাত্রার প্যারাডাইম শিফ্ট-এর প্রয়োজন যতোটা স্থানান্তর পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছিল। যখন আপনি এমন একটি ভূখণ্ডে পা রাখেন, তখন অতীতের কবিদের কাছ থেকে পরামর্শ খুঁজে পাওয়া কঠিন। যদিও তাদের মধ্যে অনেকেই সংকটপূর্ণ সময়ের কথা লিপিবদ্ধ করেছেন। ইয়েটস ও ব্লেকের মত অনেক কবি বৈপ্লবিক কল্পনাকে আহবান করতে সক্ষম হয়েছিল যা এখনকার সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দুর্ভাগ্যবশত,আমার নিজস্ব সীমাবদ্ধতার কারণে আমি শুধু পশ্চিমা ঐতিহ্যের কবিদের কথাই ভাবছি।
তরুণ প্রজন্মের যারা আন্তঃদেশীয় উপায়ে চিন্তা করার স্বয়ংক্রিয় ক্ষমতা রাখে এবং যেসব প্রযুক্তি বিভিন্ন ভাষার উপকরণ অধিগত করার সূযোগ দেয় তা আয়ত্ত করার দক্ষতা রাখে, নিঃসন্দেহে তারা প্রয়োজনীয় সব সরঞ্জাম একত্রিত করতে আরও বেশি সক্ষম। যা হোক, আন্তঃদেশীয় সাহিত্য পত্রিকাগুলোকে আমি সে দিকের একটি পদক্ষেপ হিসেবে দেখি। এসব পত্রিকাগুলোর মাধ্যমে আমি অনেক আন্তর্জাতিক কবির সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি এবং এর জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। যার মধ্যে সাগর কুমার শর্মা,আপনি নিজেও আছেন এবং আমি এই সাক্ষাৎকার ও চিন্তাশীল প্রশ্নগুলোর জন্য আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। কলকাতার অরিত্র সান্যালের সাথে একটি সহযোগিতা দিয়ে শুরু করে এবং সাহিত্যিক জার্নাল 'দুনিয়াদারি'র সাথে কাজ চলমান রেখে গত চার বছর ধরে যেসকল ভারতীয় সমসাময়িক কবিদের সাথে দেখা করার সুযোগ আমি পেয়েছি তাদেরকে আমি খুব মূল্যায়ন করি। আমি খুব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় একটি কবিতার বিশ্বব্রহ্মাণ্ড আবিষ্কার করছি যা আমি আরও গভীরভাবে অন্বেষণ করতে এবং ইতালী ও ইংরেজী ভাষার দুটি জার্নালের মাধ্যমে ইতালীয় ও ইংরেজি ভাষাভাষী পাঠকদের কাছে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সময়ে আরেকটি বড় দুর্ভাগ্যপূর্ণ অবস্থা হল কবিতার দখলকৃত ক্ষেত্রগুলোও দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে। আমাদের জীবনে গান ও সংগীতের অবস্থান সম্পর্কে আমি ভাবছি: যেভাবে আমাদের অন্তর আত্মার সাথে এগুলো প্রতিধ্বনিত হয়, কিছু কিছু ক্ষেত্রে একদম সারাদিন ধরে, যেভাবে সম্ভবত ইউরোপ ও উত্তর আমেরিকার রোমান্টিক কবিদের সময়ে শিক্ষিত জনসংখ্যার একটি বিশাল অংশের সাথে কবিতা প্রতিধ্বনিত হতো। যখন আমি একজন তরুণী ছিলাম তখন কিভাবে প্যাটি স্মিথ কিংবা দ্য ক্ল্যাশ আমার অন্তরজগতকে প্রভাবিত করেছিল তা আমি ভাবতে পারি: কিভাবে তাদের অসঙ্গতি আমার সাথে প্রতিধ্বনিত হয়েছিল এবং আমার কল্পনাকে একটি আকার দিতে সাহায্য করেছিল। অথবা ভেবে দেখুন যেখানে গীতিকাব্যসুলভ কবিতা সর্বোচ্চ আধিপত্য বিস্তার করে সেই জায়গাটি মনোবিশ্লেষণ, অন্যান্য শৃঙ্খলা ও অনুশীলনগুলো দখল করে নিয়েছে (এবং আমি নিশ্চিত যে এটা কবিতা লেখার এই ধরণকে প্রভাবিত করেছে)। প্রায়ই আমি গভীরভাবে চিন্তা করি যে, বিশ্ব ও তার জিনিসগুলোকে উপলব্ধি করার অক্ষমতার কারণে ভাষা নিজেই অপরাধী কিনা! শব্দ ও সে জিনিসের মধ্যে অমিল এবং সত্যের সাথে একটি দুর্বল সম্পর্কই আমাদের সময়ের একটি নির্দেশক। মাঝেমধ্যে আমি এমন একটি কবিতার জন্য আকুলতা অনুভব করি যা নিস্তেজ হয়ে যাওয়া একটি সত্তা থেকে জন্ম নিয়েছে, এমন একটি সত্তা যেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না এবং যা ভাষার মধ্যে আবদ্ধ নয়। কোভিডের সময় থেকে আমি একটি জিজ্ঞাসু ও কিছুটা অলৌকিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। তা হলো স্বপ্নের কবিতা যা সাধারণত বিশ্বের পরিস্থিতি বিষয়ক উদ্বেগের সাথে সম্পর্কিত। একবার, রাত ৩ টার কাছাকাছি সময়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখা অবস্থায় আমি প্রায় একটি কন্ঠস্বরকে অনুভব করেছি যা আমাকে একটি কবিতার নির্দেশ দিয়েছে। (এটি সেই কবিতা যা And we gathered darkness by the basketfuls চরণটি দ্বারা শুরু হয়)। ঘুম থেকে উঠে একটি নোটবুক খুঁজে বের করে এবং তাতে কবিতাটি লিখে রাখতে বাধ্য হয়েছিলাম আমি। যদিও বেশিরভাগ সময় সৃজনশীল প্রক্রিয়া এতটা বেদনাদায়ক নয়। আমি মনে করি যে এটি আমার অবচেতন মনে জমা থাকা ভাষা যা কোনো একটি রহস্যময় বা অস্বস্তিকর ঘটনা দ্বারা উত্তেজিত হয়ে শুরুতেই উল্লেখ করা সেই বিচ্ছিন্নতা ও ভাষার ত্রুটির দিকেই ফিরে যায়। একটা সময় ছিল যাকে আমি walking poems period বলে অভিহিত করতাম কারণ আমি হাঁটার সময় একটি কবিতাকে সুবিন্যস্ত রূপ দিতাম। যতটা জানি, কোনোভাবেই লেখার জন্য আলাদা করে সময় বরাদ্দ করে রাখার মতো আমি একজন খুব নিয়মনিষ্ঠ লেখক কখনোই ছিলাম না। যদি আমি তেমনটা করি তবে কবিতা পুরোপুরি আমার হাতছাড়া হয়ে যায়।
এস কে এস: আপনার মতে লেখকদের সামাজিক দায়িত্ব কী? আপনি কি মনে করেন এ দায়িত্বগুলো পালন করা হচ্ছে?
পিনা: এটা একটি কঠিন প্রশ্ন। কারণ, একদিকে এটা স্পষ্ট যে কবিতা পৃথিবীর রোগগুলো সারাতে পারেনা। তাই কবির কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। অপরদিকে, কবিতা পাঠকদের পৃথিবীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে , দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সাহায্য করতে পারে। তাই কবিরা যাতে ইতিহাসের প্রবাহ অনুভব করতে এবং নিজেদেরকে পৃথিবীর ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে দেখতে সক্ষম হয় সেটাই কাম্য। কিন্তু আপনি জানেন যে কবিরাও সমাজের অংশ এবং বর্তমান সমাজ প্রতিযোগিতা, খ্যাতি, স্বীকৃতি ও অর্থের ওপর নির্ভরশীল এবং আমরা এর থেকে মুক্তি পাই নি। তাই কবিদের একটি ‘নৈতিক’ লক্ষ্য দেওয়াকে আমি খুব ভালো মনে করি না। যেসকল কবিরা এই দাবি করেন যে শুধুমাত্র কবিতার সাথে জড়িত থাকার কারণে আপনি একটি বিপ্লবী অবস্থান নিয়েছেন কারণ সকল শিল্পের মধ্যে কবিতা সবচেয়ে কম লাভজনক, এটি ভোক্তা সমাজের বিরুদ্ধে অবস্থান করে এবং কবিতা একটি নৈতিক অনুশীলন করতে সাহায্য করে, আমি তাদের সাথে একমত পোষণ করতে একটু দ্বিধাবোধ করি।
বাস্তবে, আমি মনে করি যে কবিতা একটি নৈতিক পরিধির মাধ্যমে পরিচালিত হতে পারেনা। এ পরিধিটা স্বাধীন যা সে ব্যক্তিকে পরিচালিত করেন যিনি কবিতা লেখেন। অর্থাৎ আমি এটা মনে করি না যে সাহিত্যের এই রীতি নিজে কোনো প্রতিশ্রুতি দেয়। একটি নৈতিকভাবে সচেতন কবিতা কোনো বাধ্যবাধকতা থেকে রচিত হবে না, এটি একটি প্রকৃত প্রতিশ্রুতি থেকে রচিত হবে। অন্যথায়, যে শিল্প সৃষ্টি হবে তা হবে উপদেশমূলক, তা এমন ঘোষণা-পত্র তৈরি করবে যা কারিগরি দক্ষতার কার্যকারিতা কমিয়ে দেবে এবং একটি মিথ্যাকে ধারণ করবে যা পাঠকের কাছে হবে স্পষ্ট। এটি একটি বড় সমস্যা যে কিভাবে এমন একটি শিল্প সৃষ্টি করা যায় যা মানুষকে প্রভাবিত করবে কারণ এটি শিল্পীর একটি প্রকৃত প্রক্রিয়ার ফল। লেখার শৈলীতে এমন কিছুই নেই যা লেখককে মিথ্যা সচেতনতা থেকে রক্ষা করে। আবার প্রচুর পরিমাণে এমন সাহিত্যিক রচনাও আছে যা অপ্রিয় সব লক্ষ্যকে সমর্থন করে। সাহিত্যের মহৎ ব্যক্তিত্বদের সাথে আলোচনায় অংশগ্রহন করার মধ্যেও এমন কিছু নেই যা নৈতিক অভিমতের নিশ্চয়তা দেয়। সাহিত্যের নিজেরই কোনো ধরনের নৈতিক শ্রেষ্ঠত্ব থাকেনা। যাহোক, যখন অন্তস্থলের নৈতিকতা প্রকৃত হয়, তখন এটি কাজের মাধ্যমেই দীপিত হয়। নাজিম হিকমত, অ্যাড্রিয়েন রিচ, জুন জর্ডান, জয় হার্জো, অড্রে লর্ডের কিছু কবিতার কথা আমি ভাবছি। এসকল কবিতার ফলাফল বিস্ময়কর। সুতরাং, এক দিক থেকে, আসল সমস্যা হলো যে কিভাবে আপনি একটি নৈতিক পৃথিবী গড়ে তুলবেন যার মধ্যে কবিতায় দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা তাদের কাজের শক্তি দিয়ে অন্যদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম হবে এবং এর জন্য যেকোনো মূল্য দিতে ইচ্ছুক হবে ( যা এখনকার দিনে কোনো ছোট কাজ নয়। ভেবে দেখুন, পৃথিবীর কত কবি এখন কারাগারে, কত কবি কোনো স্বীকৃতি পান নি কারণ তাদের কবিতা ক্ষমতাশীলদের বিব্রত করে)।
এস কেএস: টি এস এলিয়ট বলেছিলেন, ‘শিল্পের মাধ্যমে অনুভূতি প্রকাশের একমাত্র উপায় হল ‘অবজেক্টিভ কোরিলেটিভ (বস্তুগত পারস্পরিক সম্পর্ক)’ খুঁজে পাওয়া। অন্য কথায়, সেই নির্দিষ্ট অনুভূতির সূত্র হবে একটি বস্তু, একটি পরিস্থিতি, ও কিছু ঘটনার একক সমাহার। বাহিরের তথ্যসমূহ যখন সংবেদনশীল অভিজ্ঞতায় পরিণত হয় তখন সে অনুভ‚তিটি তৎক্ষণাৎ উঠে আসে। আপনার ‘অবজেক্টিভ কোরিলেটিভ (বস্তুগত পারস্পরিক সম্পর্ক)’ কী? আপনার কবিতার গল্পগুলো কী?
পিনা: টি এস এলিয়ট নিয়ে যে কথা উঠেছে এটা একটা মজার বিষয়। ১৯৭৪ সালে আমার উচ্চ বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, ১৭ বছর বয়সী বিবর্ণ বিদায়ী বক্তা যে কবিতা লেখার জন্য পরিচিত ছিল, সে তার বক্তব্য শুরু করেছিল, “আমরা অন্ত:সারশূণ্য মানুষ’’ বাক্যটি দিয়ে এবং তার বক্তব্য অবশ্যই শেষ করেছিল, ‘’বিশ্ব এক ধরনের ফোঁপানির মাধ্যমে শেষ হচ্ছে’’ বাক্যটি দিয়ে--যা সে সময়ের উদ্যমী ও জীবনমুখী কিশোর-কিশোরী যারা বিশ্বকে দেখতে ও জানতে উন্মুখ ছিল এবং বহির্বিশ্বে পা রাখার জন্য আর অপেক্ষা করতে পারছিল না--তাদের মধ্যে এক ধরনের বিদ্রুপের সৃষ্টি করেছিল।
সেই ছবিটা একটি বিশাল ব্যর্থতার উদাহরণ হিসেবে আমার মনে গেঁথে আছে যেখানে কবি ও শ্রোতা একমত ছিলেন না। ‘অবজেক্টিভ করেলেটিভ’ প্রসঙ্গে বলতে গেলে আমি বলবো যে আমি এই গঠনের ক্ষমতা বুঝি এবং এটি অবশ্যই একটি ভালো সতর্কবাণী যে একটি বৈচিত্র্যহীন কবিতা লেখার পরিবর্তে একটি বহুস্তরযুক্ত কবিতা লেখা উচিত যা পাঠককে কী ভাবতে হবে তা বলে দেয়ার পরিবর্তে এমন এক কাব্যিক পরিবেশ সৃষ্টি করে যা নির্দিষ্ট অনুভূতিটি বের করে আনে। এটা আমার ওপর কিভাবে প্রভাব ফেলে সেদিক দিয়ে বলতে গেলে, কোনো অনুভূতি বের করে আনা আমার মূল উদ্দেশ্য নয় এবং আমি এখনও আমার গল্প খুঁজে বের করার চেষ্টা করছি। এবং এ লক্ষ্যের মধ্যে থেকেই এটিকে আমি একটি নিরীক্ষণমূলক গতিপথের দিকে নিয়ে যেতে চাই। অপরদিকে, ইতালীয় ভাষায় আমার প্রকাশিত বই, I canti dell Interregno, অন্তর্বর্তীকাল নিয়ে গ্রামসিয় ধারণার সাথে সম্পর্কিত, অর্থাৎ,এমন একটি সংকটকাল যখন “[...]পুরাতনরা মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং নতুনরা জন্মাতে পারেনা; এই অন্তর্বর্তীকালে একটি বড় সংখ্যক রোগব্যাধির বিভিন্ন লক্ষণ দেখা যায়।‘’ সেই রোগের লক্ষণসমূহ বিশদভাবে বর্ণনা করে ৪০ বছর ধরে লেখা কবিতাগুলো সেই রোগের লক্ষণসমূহ, অন্তর্বর্তীকালের সেই দানবগুলোকে যার সাথে আমাদের প্রতিদিন দেখা হয়--সেসবকে বিন্যস্তভাবে বর্ণনা করে।
এস কে এস: ম্যাথু আর্নল্ড বলেছিলেন, ‘কবিতা সবচেয়ে সুন্দর, চিত্তাকর্ষক এবং ব্যাপকভাবে কার্যকরী উপায়ে কথা বলার একটি মাধ্যম, এবং তাই এর গুরুত্ব রয়েছে।’ আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কবিতার বিষয়বস্তু না কি এর শৈলী?
পিনা: আমি আবারও মনে করি যে, সৌন্দর্য ও ঐকতানের চেয়েও কবিতায় যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল যে রহস্য কবিতা সৃষ্টি করে --এর জ্ঞান সম্বন্ধীয় অসঙ্গতি, অনিচ্ছাকৃত ত্রুটি, ও বিচ্ছিন্নতা। অনুভূতির চেয়েও আমি কবিতাতে কৌতূহল, অনুসন্ধানের জন্য একটি প্রারম্ভিক পথ তৈরি করতে বেশি আগ্রহী। আমি মনে করি এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা একটি অত্যন্ত প্রয়োজনীয় প্যারাডাইম শিফ্ট-এর দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ পুরোনো জ্ঞানতত্ত্বকে যা আগে ব্যর্থ হয়েছে তা নতুন জ্ঞানতত্ত্বের দ্বারা বদলাতে চাচ্ছে। কিছু কিছু মানুষ ভবিষ্যৎ ও প্রযুক্তির দিকে তাকিয়ে আছেন এবং আমি এই মুহূর্তে আফ্রোফিউচারিজম অর্থাৎ ভবিষ্যত এবং বিকল্প বাস্তবতা দেখার যে উপায় তার গুরুত্ব নিয়ে ভাবছি যা একটি প্রবাহ হিসেবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃত হয়েছে। অন্যরা আদিবাসী জনগণের মধ্যে বিদ্যমান জ্ঞান পদ্ধতি যা আরও সামগ্রিক এক বিশ্বদর্শনের চিহ্ন বহন করে--তারদিকেও চোখ রাখছেন। যেমন সাউসা সান্তোসের “ গ্লোবাল সাউথের জ্ঞানতত্ত্বের ধারা, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় যার গুরুত্ব রয়েছে।
এস কে এস: কোন কোন কবিদের আপনি নিজের অনুপ্রেরণা মনে করেন? এমন কোনো নির্দিষ্ট কবিতা যেটা নিয়ে আপনি কথা বলতে চান?
পিনা: এমন অনেক কবি আছেন যারা আমার জীবনের বিভিন্ন সময়ে আমাকে অনুপ্রাণিত করেছেন । এর মধ্যে কেউ কেউ আছে আনুশাসনিক কবি এবং বাকিরা আনুশাসনিক কবি নয়, যেমন দান্তে, লিওপার্দি, মন্তালে, নোভালিস, রিলকে, হিকমত, ব্রেখ্ট, এলিজাবেথ বিশপ, উইলিয়াম কার্লোস উইলিয়ামস, শিম্বোর্সকা, অড্রে লর্ড, অ্যাড্রিয়েন রিচ, জয় হার্জো, জুন জর্ডান, আনিতা ব্যারোস, শৈলজা প্যাটেল, অ্যান্ড্রু জোরন, উইল অ্যালেক্সান্ডার। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি বৈচিত্র্যময় সমাহার। অ্যান্ড্রু জোরন ও উইল অ্যালেক্সান্ডার দুজনেই বিশ্লেষণাত্মক কবি এবং তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি এবং তাদের কাজের প্রতি আমি আরো গভীরভাবে মনোনিবেশ করার চেষ্টা করছি। “দ্য এমার্জেন্সি অব পোয়েট্রি” শিরোনামে অ্যান্ড্রু জোরনের ২০০১ সালের একটি প্রবন্ধ রয়েছে যেটা আমার কাছে বিশেষভাবে প্রিয়। এটি একটি তত্ত্ব ব্যবহার করে পানির জন্মের বর্ণনা দেয় এবং পরে সেই রূপক ব্যবহার করে ভাষা থেকে কবিতার উত্থান বর্ণনা করে। প্রবন্ধটি আমি বারবার পড়ি এবং প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করি। আমি মনে করি কবিতা লেখার নতুন উপায় নিয়ে ভাবার ক্ষেত্রে আমার এই পথে এগোনো উচিত। পাশাপাশি এলিস ফুলটনের ফ্র্যাক্টালস (Fractals) ও কবিতার অন্বেষণের মাধ্যমে প্রস্তাবিত পথেও আমার এগোনো উচিত।
এস কেএস: সৃজনশীল শিল্পকে আপনি কিভাবে লিঙ্গ সংবেদনশীলতার মাধ্যম হিসেবে দেখেন?
পিনা: আমি মনে করি, কবিতায় নারীদের বিশ্বব্যাপী উত্থানের জন্য বিগত বিশ বছর বিস্ময়কর ছিল। যদিও তাদের বিরুদ্ধে একটি সাহিত্যিক ব্যবস্থা আছে যা তাদেরকে জার্নাল, সংকলন, পাঠের স্থান, প্রকাশনার ক্ষমতা থেকে বাইরে রেখেছে, নারীদের লেখা একাডেমিক জগৎ ও পৃষ্ঠা থেকে শুরু করে পারফরম্যান্স কবিতা পর্যন্ত তার সমস্ত গুণ নিয়ে বিশ্ব মঞ্চে প্রবেশ করেছে।
লা মাচিনা সগনান্তে (La Macchina Sognante) ও দ্য ড্রিমিং মেশিন (The Dreaming Machine) প্রায়শই গ্লোবাল ভয়েসের সাংবাদিক অ্যান্টোনেলা সিনোপোলি পরিচালিত আফ্রোওমেন পোয়েট্রি (Afrowomen Poetry) নামক একটি প্রকল্প থেকে কবিতা ভাগ করে থাকে। এখন পর্যন্ত এ প্রকল্পটি চারটি আফ্রিকান দেশ--ঘানা, আইভরি কোস্ট, টোগো, ও উগান্ডায় কবিদের সাক্ষাৎকার ও তাদের পাঠের ভিডিও নিয়ে একটি সংরক্ষণাগার তৈরি করতে কাজ করছে। কলকাতা ও দিল্লিতে বসবাসরত যেসকল ভারতীয় এবং বাংলাদেশী কবিদের সাথে আমি অনলাইনে পরিচিত হয়েছি (সংঘমিত্রা হালদার, পুষ্পাঞ্জনা কর্মকার, শফিনুর শাফিন, পৌলমি সেনগুপ্তা, অনুরাধা বিশ্বাস, স্বাগতা দাসগুপ্ত, অনিন্দিতা গুপ্ত রায়, ঝিলম ত্রিবেদী, রাকা দাসগুপ্ত), এছাড়াও প্রফেসর নন্দিনী সাহু, যার কাছে আমি এই সাক্ষাৎকারের জন্য খুবই কৃতজ্ঞ,পুরাণকে নারীবাদী দৃষ্টিকোণ থেকে পুনঃকল্পনা করা, ভাষা নিয়ে ভাবনা ও নারীদের পরাধীন অবস্থার বিরুদ্ধে বিশদভাবে প্রতিবাদমূলক কবিতা লেখা থেকে শুরু করে অভিজ্ঞতা ও স্থানের সৃজনশীল পুনরাবৃত্তি পর্যন্ত তাদের অসাধারণ শৈলী ও বিস্তৃত পরিসরের বিষয়বস্তুর জন্য তারা সবাই আমার কাছে অনুপ্রেরণার উৎস।
আশা করি, আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ আরও আসবে। পারস্পরিক সহায়তার সংযোগ আরও বিস্তৃত হবে। যেমনটি ইতিমধ্যে লে ভোচি ডেলা লুনার (Le Voci della Luna) আসন্ন সংখ্যায় অনেক ভারতীয় কবির লেখা ও আলোকচিত্রী সুমনা মিত্রের ছবি প্রদর্শন করার মাধ্যমে ঘটছে। বিশেষ করে এই ঐতিহাসিক সঙ্কটমুহূর্তে নারীদের এ বিজ্ঞতা, সৃজনশীলতা, শিক্ষা, ও উদ্যম খুবই প্রয়োজন।
