পাখি নিয়ে গোলাম দস্তগীরের একক চিত্রপ্রদর্শনী
“পাখির তো সীমানা থাকে না। পাখির চোখেই দেখার চেষ্টা থেকে ছবিগুলো এঁকেছি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু হওয়া মানুষের চলাচলের বিঘ্ন এবং বিভেদের বিষয়গুলো এসব শিল্পকর্মে উঠে এসেছে,” বলেন সৈয়দ গোলাম দস্তগীর।
পাখির মত মুক্ত এক পৃথিবীর স্বপ্ন ক্যানভাসে এঁকেছেন শিল্পী সৈয়দ গোলাম দস্তগীর; পাখির ওড়া, নিরবচ্ছিন্ন গতি ও টিকে থাকার সংগ্রামকে নকশা, আকার ও রঙের বিন্যাস ১৪ বছর ধরে ফুটিয়ে তুলেছেন তিনি।
তার এই শিল্পকর্ম নিয়ে শনিবার ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে 'এপিক জার্নি অব এ মাইগ্রেটরি বার্ড' শিরোনামে ১৮ দিনের একক চিত্রপ্রদর্শনী। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
শনিবার রাতে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে চিত্রশিল্পী হামিদুজ্জামান খান বলেন, “এই প্রদর্শনীর ভাবনাটি ব্যতিক্রম। এখানে শিল্পী যে পৃথিবীর স্বপ্নে আমাদের নিয়ে যান তা আমরা অনেকেই ভাবি, কিন্তু এভাবে শিল্পকর্মে তা ফুটিয়ে তোলাটা নতুন এক চিন্তার খোরাক যোগাবে।”
চিত্রশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রশীদ আমিনের মতে, এই প্রদর্শনী এমন একটি উপাখ্যান, যা দর্শকের দেখার ভঙ্গি বদলে নতুন প্রেক্ষাপট উপলব্ধি করার সুযোগ করে দেবে। তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন চিত্রকর্মের শিল্পতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরেন।
উদ্বোধন অনুষ্ঠানে ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাইফুর রহমান লেনিন এবং শিল্পাঙ্গনের কর্ণধার রুমি নোমান প্রদর্শনী সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন।
শিল্পী সৈয়দ গোলাম দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রদর্শনীতে ৪৫টির মত শিল্পকর্ম স্থান পেয়েছে, যা তিনি এঁকেছেন ২০১০ হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে।
এই শিল্পীর ভাষ্য, “পাখির তো সীমানা থাকে না। পাখির চোখেই দেখার চেষ্টা থেকে ছবিগুলো এঁকেছি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু হওয়া মানুষের চলাচলের বিঘ্ন এবং বিভেদের বিষয়গুলো এসব শিল্পকর্মে উঠে এসেছে। এই কাজের মাধ্যমে একটি মুক্ত, সীমানাহীন বিশ্বের কল্পনা করেছি, যেখানে মানবতা ও সংহতির জয়গান গাওয়া হয়।”
সাইফুর রহমান লেনিন বলেন, "মানব অস্তিত্বের অন্তর্নিহিত অর্থ ও শিল্পের মাধ্যমে বিমূর্ত গল্প ফুটিয়ে তুলে উপলব্ধির এক গভীর জগতে নিয়ে যাবে এ প্রদর্শনী। শিল্পী এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপস্থাপন করেছেন, যেখানে তিনি পাখির চোখে বিশ্বকে দেখার চেষ্টা করেছেন।
"প্রদর্শনীর শিল্পকর্মগুলোর বিশেষ দিক হল, শিল্পকর্মগুলোর মধ্য দিয়ে শিল্পী এমন এক অনুভূতির পরিবেশ তৈরি করেছেন যা শুধু দেখার জন্য নয়, স্পর্শের মাধ্যমেও উপলব্ধি করা যায়। অন্ধদের জন্য তিনি তার কাজগুলোতে উত্তল বুনটের ব্যবহার করেছেন, যা স্পর্শের মাধ্যমে চিত্রের গভীরতা ও বার্তা উপলব্ধি করতে সাহায্য করবে।”
