'ঘর হইতে দুই পা ফেলিয়া...' কাদম্বিনীর দিগ্বিজয়
রবীন্দ্রনাথের 'হৈমন্তী', 'স্ত্রীর পত্র', 'অপরিচিতা', 'শাস্তি' ছোটগল্পগুলো পড়ার সময় শুধু মনে হতো, বাব্বাহ রবীন্দ্রনাথ কতো অগ্রবর্তী ও দূরদর্শী ছিলেন ! আজকের দিনের নারীদের কথা তিনি ওই সময়ে কীভাবে লিখলেন!
কিন্তু ১৮৭৫ সালে যখন রবীন্দ্রনাথের বয়স মাত্র চৌদ্দ, সেই সময়ে মায়াসুন্দরী নামের একজন বাঙালি নারী 'বঙ্গমহিলা' পত্রিকায় লিখছেন, ''আমরা কী কুক্ষণেই নারী হইয়া এই বঙ্গদেশে জন্মগ্রহণ করিয়াছি... আমরা রীতিমতো লেখাপড়া শিখিতে পাই না। ইদানীন্তন আমাদের মনে বিদ্যার অঙ্কুর উঠিতে আরম্ভ করিয়াছে বটে, কিন্তু সমাজের কু-নিয়মবশত তাহা অঙ্কুরাবস্থায় থাকিয়া যায়। পিতামাতা কন্যাদিগকে বিদ্যালয়ে প্রেরণ করেন বটে, কিন্তু সেরূপ বিদ্যালয়ে দেওয়া আর না দেওয়া দুই সমান। দশ বৎসর হইতে না হইতেই বিদ্যালয় হইতে ছাড়ানো হইল, কেন না কন্যাটির এখন বিবাহের সময় উপস্থিত।"
১৮৭৮ সালে এন্ট্রান্স পাশের আগে কাদম্বিনীর সহপাঠী ছিলেন সরলা দেবী। এন্ট্রান্স পরীক্ষায় বসার আগেই টেস্ট পরীক্ষা দিয়ে বিয়ের পিড়িতে বসে যেতে হয় তাকে। ফলে, মায়াসুন্দরীর কথার যথার্থতার প্রমাণ আমাদের চোখের সামনেই দেখতে পাই।
পাঠককে আমি বলব উপরে উল্লিখিত মায়াসুন্দরীর বক্তব্যের শেষ দিকে যেখানে 'দশ' শব্দটি আছে সেটা বাতিল করে দিয়ে একটু আজকের সময়ের সঙ্গে মিলিয়ে পাঠ করে দেখুন তো। কিছু মেলে কি না?
আমি নিশ্চিত এই বক্তব্য থেকে এই শব্দটি বাতিল করে যদি একটু প্রমিত বাংলায় তর্জমা করে দেখেন তাহলে সমাজের খুব একটা পরিবর্তন দেখবেন না। যদিও আজকের দিনে নারীরা শিক্ষায় এবং জ্ঞানচর্চায় অনেক উন্নত পর্যায়ে গেছেন। তবুও মায়াসুন্দরী দেবীর বক্তব্য এখনও মোটাদাগে খাপ খায়।
আমার আজকের আলোচ্য বিষয় ভারতবর্ষের প্রথম বিএ এবং ডাক্তারি পাশ করা বাঙালি নারী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বসুর সংগ্রামী জীবন। আজ আমি তাঁর জীবন থেকে নেয়া ঘটনাপুঞ্জের আলোকে বাঙালি নারীজীবনের লড়াইকে চিহ্নিত করবো।
এ কথা সত্য যে আজকের বিশ্বে নারীশিক্ষার অনেক প্রসার ঘটেছে, কিন্তু অগ্রগামী নারীদেরকে ঘিরে সামাজিক পিছুটানগুলো ট্যাবুর মতো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে।
নারীশিক্ষার শুরুর দিকে সংগ্রামী নারীদের সংখ্যা যেমন কম ছিল, তেমনি তাদের পিছুটানমূলক ট্যাবুও নির্ধারিত কাঠামো অনুযায়ী ছিল। এখন নারীশিক্ষার বিস্তৃতির সাথে সাথে ট্যাবুগুলোর কাঠামো এবং পরিমাণ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
ভারতবর্ষের প্রথম বিএ পাশ এবং ডাক্তার নারী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বসুর জীবন এগিয়েছে একেবারেই স্রোতের বিপরীত ধারায়। এ ধারা যেন নারী জন্মের উত্তরাধিকার। উনিশ শতকের ষাটের দশকে ইউরোপীয় নারী এলিজাবেথ গ্যারেটদের ডাক্তারি পড়া শেষ করেও ডিগ্রি না পেয়ে 'নাইদার অ্যা লেডি, নর অ্যা ডক্টর' শুনতে হতো। ১৮৭৫ সালে ভারতের মাদ্রাজে মেয়েদের ডাক্তারি পড়া শুরু হয়। কিন্তু ১৮৩৫ সালে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও মেয়েদের পড়ার ব্যবস্থা ছিলনা। শুধু ছিল না যে তাই নয়, কাদম্বিনী গাঙ্গুলী চন্দ্রমুখী বসুর (ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়) সঙ্গে যৌথভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতবর্ষের প্রথম নারী হিসেবে বিএ পাশ করার পরেও মেডিকেলে পড়ার সরকারি অনুমতি মেলেনি।
কেন মেলেনি?
এর উত্তর এক কথায়ও হয় আবার সময়ের সুরে স্বর মিলিয়ে গড়িয়ে যেতে যেতেও দেওয়া যায়।
কাদম্বিনীর বাবা ব্রজকিশোর বসু ছিলেন উনিশ শতকের নব্য ব্রাহ্মসমাজের সমাজ সংস্কারক। তাঁর আদিনিবাস ছিল বরিশালের চাঁদশিতে। ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর নানাবিধ কাজে আত্মীয় পরিজনদের সীমাহীন অত্যাচার ও পীড়ন সহ্য করতে হয়েছিল। শেষমেষ নির্যাতন সহ্য করতে না পেরে বিহারের ভাগলপুরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেখানেই আরেক বিখ্যাত ব্রাহ্ম-নেতা কেশবচন্দ্র সেনের সাহচর্যে তিনি স্কুল শিক্ষক হিসেবে নিজের জীবনের যাত্রা শুরু করেন। অথচ, এই আধুনিক ও সমাজ সংস্কারক কেশবচন্দ্রের সর্বাত্মক বিরোধিতার জন্যই কাদম্বিনী গাঙ্গুলীর মেডিকেলে পড়া এবং ডিগ্রি পাওয়া বাধাগ্রস্ত হয়েছে। ওদিকে কাদম্বিনী তাঁর বাবার কাছ থেকে বরং প্রেরণাই পেয়েছেন সবসময়।
১৮৬১ সাল ভারবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক বছর। এ বছর একইসঙ্গে জন্মগ্রহণ করেন কালোত্তীর্ণ এক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এক অনন্যসাধারণ রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়, এক প্রসিদ্ধ চিকিৎসক নীলরতন সরকার, এক দার্শনিক বিপ্লবী ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলী।
আর মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' তো এই সালেই প্রকাশিত হয়। মোটামুটিভাবে বছরটা বেশ তাৎপর্যপূর্ণই বটে।
কাদম্বিনী গাঙ্গুলী একজন বাঙালি হিসেবে সেই প্রবেশিকা থেকেই বাংলা এবং বিজ্ঞান বিষয়ে তাঁর মেধার ছাপ রেখেছেন। প্রবেশিকা পাশের পর পরীক্ষায় আসা বাংলা রচনার প্রশ্নের উত্তরটি তখনকার একটি পত্রিকাতেও ছাপা হয়েছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষায় এতো নাম করা সত্ত্বেও আজকে কতোজন রবীন্দ্রনাথকে চেনেন আর কতোজন কাদম্বিনীকে চেনেন? কাদম্বরীকে অবশ্য প্রায় সকল বাঙালিই চেনেন, তাও আবার রবীন্দ্রনাথের সূত্র ধরেই।
কাদম্বিনী ব্রজকিশোর বসুর ঘরে জন্মগ্রহণ করেন কাদম্বিনী বসু নামেই। পরে 'হিন্দু মহিলা বিদ্যালয়'-এর শিক্ষক, সমাজ সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলীর সঙ্গে পরিণয় সূত্রে 'গাঙ্গুলী' হয়ে ওঠেন।
সে যুগে এটাই রীতি ছিল। সে যুগে এ রীতির বাইরে আরও অনেক অদ্ভুত অদ্ভুত বিশ্বাসও ছিল। যেমন : স্ত্রীরা শিক্ষিত হলেই বিধবা হয়ে যায়। উনিশ শতকের মধ্য পর্বের পর থেকেই ব্রাহ্ম সমাজ সংস্কারকেরা নারী-শিক্ষার বিষয়টিকে বেশ গুরুত্ব দিতে শুরু করেন। তাদের ভেতরে কেউ কেউ আবার ছিলেন পূর্বোক্ত কেশবচন্দ্রের মতো প্রবলভাবে সংরক্ষণশীল গোছের। আর ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য সভ্যতায় দীক্ষিত হওয়া ভারতে তখন নারীদের অবস্থা ছিল নিতান্ত শোচনীয়। এ প্রসঙ্গে ১৮৬৮ সালে প্রকাশিত বাংলা সাহিত্যে প্রথম ও বহুল আলোচিত আত্মজৈবনিক গ্রন্থ 'আমার জীবন'-এ লেখক রাসসুন্দরী দাসী বলছেন : "তখন মেয়েরা লেখাপড়া শিখিত না, সংসারে খাওয়াদাওয়ার কর্ম সারিয়া যে কিঞ্চিৎ অবকাশ থাকিত, তখন কর্তা ব্যক্তি যিনি থাকিতেন, তাহার নিকট অতিশয় নম্রভাবে দণ্ডায়মান থাকিতে হইত। যেন মেয়েছেলের গৃহকর্ম বৈ আর কোনো কর্মই নাই। তখনকার লোকের মনের ভাব এইরূপ ছিল।"
কাদম্বিনীর বাবা বা স্বামীর কোনো আমলেই এমনটা প্রায় কখনো ঘটেনি। কিন্তু বহির্সমাজ ছিল একেবারেই রাসসুন্দরী কথিত বর্ণনার মতো।
যে কাদম্বিনী ১৮৭৮ সালে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করে উচ্চশিক্ষা চালিয়ে যাবার জন্য ১৫ টাকা বৃত্তি পান সেই কাদম্বিনী গাঙ্গুলীকে ১৮৮১ সালে তাঁর বহু আকাঙ্ক্ষিত ডাক্তারি পড়বার অনুমতি দেওয়া হয়নি কেবলমাত্র 'মেয়েছেলের গৃহকর্ম বৈ আর কোনো কর্ম নাই'-এর মতো সামাজিক মনস্তত্ত্বের কারণে। ব্রিটিশ সরকার চাইলেও তখন বাধ সেধেছিলেন আমাদের দেশীয় বুজুর্গেরা। আমি আগেই কেশবচন্দ্রের নাম নিয়েছি। এছাড়াও কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক রাজেন্দ্রচন্দ্রসহ মেডিকেলের অধিকাংশ অধ্যাপকই ছিলেন চরম রক্ষণশীল মানসিকতার। তারা চাননি কাদম্বিনী (কোনো নারী) মেডিকেলে পড়ুক। উল্লেখ্য রাজেন্দ্রচন্দ্র ব্রিটিশ নারীকে বিয়ে করেছিলেন। তারা চাইতেন নারীরা বড়োজোর শিক্ষিত ধাত্রী হতে পারবেন, কিছুতেই এর বেশি নয়। কাদম্বিনী স্বামী দ্বারকানাথ গাঙ্গুলীর পূর্ণ সহযোগিতায় বারবার অনুমতি চেয়ে ব্যর্থ হলে পরে উচ্চশিক্ষা চালিয়ে যাবার শর্তে স্কলারশিপ প্রাপ্তির বরাত দিয়ে সরকারকে আবেদন জানান। সরকার বাহাদুর এই প্যাঁচে পড়ে কাদম্বিনীকে মেডিকেলে পড়বার সুযোগ করে দেয়। কিন্তু যথেষ্ট ভালো করা সত্ত্বেও কাদম্বিনীকে এম বি(তখনকার এমবিবিএস) পাশ দেওয়া হয়নি; জোরপূর্বক ভাইভাতে ফেল করানো হয়; এমনকি এলএমএসও (লাইসেন্সিয়েট ইন মেডিসিন এন্ড সার্জারি) নয়। অবশেষে কলকাতা মেডিকেলের প্রিন্সিপাল ড. কোটসের বিশেষ ক্ষমতাবলে তিনি কাদম্বিনীকে 'গ্রাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ' উপাধি প্রদান করেন। এই উপাধির বলে সংশ্লিষ্ট চিকিৎসক তার প্রাক্টিস জারি রাখতে পারেন।
কিন্তু, এতোদূর এসেও কোনোপ্রকার ডিগ্রি ছাড়াই নিজগৃহে প্রাক্টিস চালিয়ে যাওয়ার হতাশা কেমন হতে পারে তা খুব সহজেই অনুমেয়। রোগী হিসেবে তাঁর কাছে আসতো গুটিকয়েক শিশু ও নারী। কথিত আছে একবার নাকি এক নারী ডাক্তার দেখাতে এসে বলেছিল, 'ডাক্তার কোথায়, এ তো মহিলা!'
পত্রিকায় নিজের বিজ্ঞাপন দেয়া শুরু করলেন কাদম্বিনী। কাজ হলো না। তারপরেও দিতে থাকলেন। একসময় বড়োলাটের স্ত্রী লেডি ডাফরিনের আন্তরিক চেষ্টায় ১৮৯০ সালে 'ডাফরিন জেনানা হাসপাতালে' তিনশো টাকা মাইনের চাকরি পান। কিন্তু সেখানেও কাদম্বিনীকে তাঁর যোগ্যতা অনুসারে সম্মান দেওয়া হত না। তাঁকে দেয়া হত ধাত্রী বা আয়ার মর্যাদা। কারণ, স্ত্রীলোকের ডাক্তার হওয়া তো এদেশের মানুষই চায়নি। ব্রিটিশদের কী এতো ঠ্যাকা পড়েছে নারীদেরকে ডাক্তারি পড়বার জন্য অনুমোদন দেবার? ভারতে জেঁকে বসতে কাজ চালানোর মতো ডাক্তার হলেই তো তাদের চলবে। যে ভূমি তাদের নিজেদের নয়, সেই ভূমির মানুষের অগ্রযাত্রায় এতো ভূমিকা রেখে লাভ কী?
ব্রিটিশদের কাজ চললেই তারা খুশি।
ফলে, মেমসাহেব ডাক্তারদেরকে ডাক্তারের মর্যাদা দেওয়া হবে এটাই তো তাদের পক্ষে স্বাভাবিক ছিল। কাদম্বিনী এতোদিনে বুঝে গেছেন তাঁকে ডাক্তারি শাস্ত্রের ওপর বাইরে থেকে ডিগ্রি আনতে হবে। একদিকে ডাক্তার হিসেবে ব্রিটিশ সরকারের সীমাহীন অবহেলা অন্যদিকে তাঁকে নিয়ে রক্ষণশীল হিন্দু সমাজের নানাবিধ কুৎসার প্রকোপের সবটাই তিনি পার করেছেন স্বামী দ্বারকানাথ গাঙ্গুলীর সমর্থনে। ১৮৯১ সালে মহেশচন্দ্র পাল সম্পাদিত 'বঙ্গবাসী' পত্রিকায় তাঁকে 'চরিত্রহীনা' আখ্যা দিয়ে প্রতিবেদন ছাপা হয়। কাদম্বিনী ও দ্বারকানাথ মহেশচন্দ্রের বিরুদ্ধে মামলা করে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাবাসের রায় পান।
বলা বাহুল্য এমন রায় সম্ভব হয়েছিল হয়তো ব্রিটিশ শাসনামল বলেই। আজকের দিন হলে হয়ত রক্ষণশীলদেরই জয় হতো। কে জানে!
ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি রক্ষণশীলদেরকে দাবিয়ে রাখার জন্য যেমন প্রগতিশীলদেরকে একটা পর্যায় পর্যন্ত সমর্থন করতো, তেমনি প্রগতিশীলদের সার্বিক উন্নতির ক্ষেত্রে আবার তেমন সমর্থন দিত না। অগ্রগামীরা যদি ব্রিটিশকে টপকে ফেলে! 'ডাফরিন' হসপিটালে কাদম্বিনীর সঙ্গে ব্রিটিশদের আচরণ আপাতভাবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি বড়ো প্রমাণই বটে। তা না হলে, কাদম্বিনীর শিক্ষার শেষ পর্যায়ে এবং চাকরির ক্ষেত্রে তাদের এমন দ্বিচারি ভূমিকা কেন হবে? আর রক্ষণশীলরা তো প্রায় সব অর্থে ব্রিটিশদের জন্য ক্ষতিকরই হবার কথা।
রবীন্দ্রনাথ সৃষ্ট 'চন্দরা', 'হৈমন্তী', 'কল্যাণী', 'মৃণালিনী'কে পার করে আমরা যদি সৈয়দ ওয়ালীউল্লাহ সৃষ্ট 'জমিলা' কিংবা আমান্ডা ফোরম্যান সৃষ্ট 'জর্জিয়ানা'র দিকে তাকাই তাহলে আত্মসচেতন নারীর মূর্তিটিকে প্রায় একই রকম লাগবে। মনে হবে যুগে যুগে কেবল নামগুলোই পাল্টেছে। তবে নারীর সাফল্যে কেউ কেউ যে নিজের পজিশন পালটে ফেলে সে নজিরও আমরা ইতিহাস থেকেই পাই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন রক্ষণশীল ছাত্র ও উনিশ শতকের প্রসিদ্ধ কবি যে হেমচন্দ্র তাঁর কবিতায় নারীবিদ্বেষী অনুষঙ্গে লিখেছেন :
'ঐ যায় ঐ যায় বাঙালী মেয়ে/খেয়ে যায় নিয়ে যায়, আর যায় চেয়ে।'
সেই হেমচন্দ্রকেও তাঁর পূর্বের বোল পাল্টে কাদম্বিনী ও চন্দ্রমুখীর বিএ পাশ করার পর তাঁদেরকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাসূচক কবিতা লিখতে দেখা যায়:
'কি আশা জাগালি হৃদে কে আর নিবারে?/ ভাসিল আনন্দ ভেলা কালের জুয়ারে/ ধন্য বঙ্গনারী ধন্য সাবাসি তুহারে।/ যে ধিক্কারে লিখিয়াছি বাঙালির মেয়ে'।
এমন হেমচন্দ্রেরা কি আজকের সুশীল সভ্য সমাজে বিলীন হয়ে গেছে বলে মনে হয়?
আজকের দিনের নারীরা হয়তো এলিজাবেথ কিংবা কাদম্বিনীদের মতো তাপিত সংগ্রাম ছাড়াই ডাক্তারি পাশ বা উচ্চ ডিগ্রি নিতে পারেন। কিন্তু তারপর?
যোগ্যতা অর্জিত হবার পরে যে সম্মানের জায়গাটা রাখতে হয় সেটা কোথায় পাওয়া যায়? একজন মেধাবী ডাক্তারকে তার যোগ্যতানুসারে ডিগ্রি দেয়া হল না কেবল নারী বলে। ডিগ্রি না দিয়ে তাকে দিয়ে আয়া বুয়ার কাজ করানো হলো নিজের আত্মবিশ্বাসকে ধ্বংস করার লক্ষ্যে। রক্ষণশীল মানুষেরা বড়ো ভাবনা ভাবতে শুরু করল সমাজের অরাজকতা নিয়ে। যেন নারীশিক্ষা ছাড়া, নারীদের বাইরে যাওয়ার কারণ ছাড়া হিংসা আর লোভের কারণে কোনোপ্রকার অরাজকতা পৃথিবীতে আজ পর্যন্ত কখনো সৃষ্টি হয়নি!
যুগে যুগে নারীর অগ্রযাত্রায় যেমন রাজেন্দ্রচন্দ্রদের মতো বুজুর্গ বিপত্তির আধিক্য থাকে তেমনি সংখ্যায় কম হলেও দ্বারকানাথ গাঙ্গুলীর মতো সহযোদ্ধাও থাকে।
দ্বারকানাথ গাঙ্গুলীর প্রথম পক্ষের একটি ছেলে ও মেয়ে ছিল। মেয়েটির নাম বিধুমুখী গাঙ্গুলী যার স্বামী বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। কাদম্বিনী দ্বারকানাথের দ্বিতীয় স্ত্রী। এ পক্ষে ছিল ৮ জন সন্তান। এতোগুলো সন্তানের প্রায় সবাইকেই দ্বারকানাথ গাঙ্গুলী অগ্রসর ও মানবিক গুণসমৃদ্ধ মানুষ বানাতে পেরেছেন। পাশাপাশি স্ত্রীর জন্য আমৃত্যু লড়ে গেছেন একটি রক্ষণশীল পশ্চাদপদ সমাজের বিরুদ্ধে।
দ্বারকানাথ ব্রাহ্মধর্মের প্রগতির দিকটি মজ্জায় ধারণ পালন ও লালন করেছিলেন বলেই নারী শিক্ষার মাধ্যমে নারীদের মুক্তির দিশা দেখতে পেয়েছিলেন। নারীদের নিয়ে বের করতেন 'অবলাবান্ধব' পত্রিকা। সমাজ সংস্কারের মূল চালিকা শক্তি হিসেবে তিনি নারীদের যোগ্যতা বৃদ্ধির দিকে গুরুত্ব বেশি দিয়েছেন। তাঁর এই চেতনার মূলে ব্রাহ্ম সমাজের দীক্ষা যেমন ছিল তেমনি 'ব্রাহ্মসমাজ' পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্তের লেখাপত্রের প্রভাবও ছিল।
এঁরা প্রকৃত অর্থেই সমাজ সংস্কারক।
নারী মুক্তি বলতে কেবল পুরুষের কব্জা থেকে জগতের স্বত, রজ আর তমর দখল বোঝায় না। বরং এই গুণত্রয়ের ভারসাম্য রক্ষার জন্য পুরুষকে শক্তি যোগানোর মতো যোগ্যতা অর্জন করাতেই নারীর আসল মুক্তি।
কেবল রক্ষণশীলতা দিয়ে খোদ কুসংস্কারকেও রক্ষা করা সম্ভব হয় না।
