২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড়ের বাইরে টমাস হার্ডি

বাথশেবা পুরুষের কাছে প্রেম খোঁজে, আবেগের বশে ভুলও করে। যা একজন মানুষের সহজাত প্রবৃত্তির অংশ। কিন্তু সে পুরুষের ছায়াতলে নির্ভরতায় আশ্রয় খোঁজে না। স্বাধীনতার জন্য কারো কাছে মাথা নত করে না।

সৌরভী আলম আঁখি সৌরভী আলম আঁখি

Published : 05 Aug 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

টমাস হার্ডির Far from the Madding Crowd আমার ভীষণ পছন্দের একটা ক্লাসিক। প্রথম যৌবনে বইটা পড়ে বাথশেবাকে ভালো না লাগলেও, এতো বছর পর বইটা পড়ে বাথশেবার মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার সাথে নিজেকে কিছুটা হলেও যুক্ত  করতে পারি। এই সংযোগের সূত্র থেকেই এই বইটির দিকে তাকাবো। 

Far From the Madding Crowd : প্রকৃতি, প্রেম,পুরুষতন্ত্র ও নারীর আত্মচেতনার দ্বন্দ্বের এক উপাখ্যান। 

টমাস হার্ডির Far from the Madding Crowd বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৪ সালে৷ এই বইটি পড়ে প্রথমাবস্থায় মনে হতে পারে বইটি একটি কৃষিপ্রধান ইংরেজ সমাজের প্রেক্ষাপটে রচিত প্রেমের উপন্যাস। আদতে এটি শুধুমাত্র প্রেমের উপন্যাস নয়,  ১৯ শতকের ভিক্টোরিয়ান সমাজব্যবস্থায় নারী-পুরুষ সম্পর্ক, সামাজিক শ্রেণি ও আত্মপরিচয়ের যে জটিল দ্বন্দ্ব, তারই বহিঃপ্রকাশ। যার অন্তঃস্থ পাঠ হাজারো প্রশ্ন তৈরি করে মনের মধ্যে। পুরাতন হয়েও বইটি যেন আধুনিকতার ছোঁয়ায় পাঠকের মনে জানার বীজ বপন করে। 

বইটির সাফল্য আলোচনা করা কঠিন একটা ব্যাপার। কেননা উপন্যাসের বিভিন্ন চরিত্রের ন্যায় এর পটভূমি ও আধুনিকতার অভাবনীয় যে ইঙ্গিত রয়েছে তা প্রকাশে কিছুটা জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে সহজ করার জন্য কিছু বিষয় পয়েন্ট আকারে এখানে তুলে ধরছি।

১. সমাজে নারীর ভূমিকা ও আত্মনির্ভরতার প্রতীক বাথশেবা এভারডিন

বাথশেবা এভারডিন চরিত্রটি টমাস হার্ডির নারীবাদী চরিত্র নির্মাণের একটি নিদর্শন। বাথশেবা একজন খামার-মালিক, তিনি যেমন অর্থনৈতিকভাবে স্বনির্ভর, তেমনি সামাজিকভাবে স্বাধীন এবং আত্মবিশ্বাসী নারী। যা সেই সময়ের প্রেক্ষাপটে অবশ্যই ব্যতিক্রম। 

বাথশেবা পুরুষের কাছে প্রেম খোঁজে, আবেগের বশে ভুলও করে। যা একজন মানুষের সহজাত প্রবৃত্তির অংশ। কিন্তু সে পুরুষের ছায়াতলে  নির্ভরতায় আশ্রয় খোঁজে না। স্বাধীনতার জন্য কারো কাছে মাথা নত করে না। ঠিক একারণে টমাস হার্ডির বাথশেবাকে সত্যিকারের নারীবাদী চেতনার এক সূচনা বিন্দু মনে হয়। এতো আগের একটা ক্লাসিক উপন্যাস, কেমন জীবন্ত হয়ে ওঠে বাথশেবার আধুনিকতা মানসিকতায়। 

২. প্রকৃতি রূপরেখা ও হার্ডির উদাসীনতা

হার্ডির প্রকৃতি চিত্রায়ন তার বেশিরভাগ উপন্যাসে প্রায়ই নিরপেক্ষ, অনেকটা শত্রুভাবাপন্ন। Far from the Madding Crowd-এও তার ব্যতিক্রম ঘটেনি। প্রকৃতির কোনো এক উদাসীন সত্তা বার বারই তার প্রমাণ দিয়েছে। নিরপেক্ষ প্রকৃতি কেবলই মানুষের আশা-নিরাশা, প্রেম-বিচ্ছেদ, জন্ম-মৃত্যুর নিরব দর্শক। কখনো ঘুম ঘুম চোখে, কখনোবা কড়া চোখে। পার্থক্য এইটুকুই।

অথচ প্রকৃতির এই নির্মম নিষ্ক্রিয়তাই কখনো কখনো মানুষকে নিজের ভাগ্য গড়ার অভাবনীয় লড়াইয়ে ফেলে দেয়।

৩. সমাজ ও শ্রেণিচেতনা

ওয়েসেক্স অঞ্চলের গ্রামীণ জীবনে হার্ডি যে আঞ্চলিক চরিত্রচিত্রণ করেছেন, তা ইংরেজ সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করে। হার্ডির সমাজ বিশ্লেষণ, শ্রেণিচেতনার দিক থেকেও গুরুত্বপূর্ণ। গ্যাব্রিয়েল ওক এক খামার শ্রমিক থেকে ধীরে ধীরে খামারের ব্যবস্থাপক হয়; বাথশেবা উত্তরাধিকারসূত্রে মালিক। অথচ দুজনের সম্পর্ক আবর্তিত হয় সম্মানের ভিত্তিতে, যা ভিক্টোরিয়ান শ্রেণিসীমাকে প্রশ্নবিদ্ধ করে।

বোল্ডউডের সামাজিক মর্যাদা ও পরিণতির পতন দেখায়, কীভাবে সমাজ পুরুষতান্ত্রিক কাঠামোতেই আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে।

৪. পুরুষ চরিত্র ও পুরুষত্বের ভিন্ন চিত্রায়ন

গ্যাব্রিয়েল, বোল্ডউড ও ট্রয়—এই তিনটি পুরুষ চরিত্রই হার্ডির পুরুষত্ব নিয়ে পর্যবেক্ষণের তিনটি স্তর উপস্থাপন করে:

* গ্যাব্রিয়েল ওক : নীরব, সহিষ্ণু ও পরিপক্ব। অনেকটা ‘আদর্শ পুরুষ’ ধারণার প্রতিনিধিত্বকারী চরিত্র বলেই মনে হয়।

* বোল্ডউড : আবেগে সংযত, ধৈর্যশীল। কিন্তু প্রত্যাখ্যানের মুখে ভেঙে পড়া হিংস্র পুরুষ। তার প্রেম একধরনের সামাজিক অনিরাপত্তার বহিঃপ্রকাশ।

* ফ্র্যাঙ্ক ট্রয় : বাহ্যিকভাবে আকর্ষণীয়, বাকপটু। কিন্তু মূল্যবোধে শূন্য। আধুনিক পুরুষত্বের এক ভ্রান্ত রূপ।

এই তিন পুরুষের ভিন্নতর মানসিকতা ও কার্যপ্রণালী বাথশেবার জীবনের ভিন্ন ভিন্ন অনুরণন তৈরি করে।

৫. প্রাক্-আধুনিক থেকে আধুনিকতায় উত্তরণ

হার্ডির লেখায় স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ভিক্টোরিয়ান যুগ থেকে আধুনিক যুগে উত্তরণের সংকেত। ধর্মীয় অবলম্বনহীনতা, সামাজিক কাঠামোর ভাঙন, প্রযুক্তির আগমন এবং কৃষিজীবনের অবসান—এসব উপাদান হার্ডির বাস্তবতার প্রতি ঝুঁকে পড়াকেই নির্দেশ করে। এই উপন্যাসে “মানুষ বনাম সমাজ”, “মানুষ বনাম প্রকৃতি” এবং “মানুষ বনাম নিজস্ব আবেগ”—এই তিনটি দ্বন্দ্ব একই সঙ্গে সক্রিয়।

নিয়তি এবং বাস্তবতার টানাপোড়েন, আত্মস্বীকৃতি এবং বিচ্ছিন্নতা, এসব আধুনিকতাবাদী সংকটের প্রাথমিক উপস্থাপন পাওয়া যায় এই উপন্যাসটিতে। সেই সাথে হার্ডির চরিত্ররা পরিবেশ ও জৈবিক নিয়তির দ্বারা পরিচালিত। এক অর্থে বলা যায়, তারা সকলেই বাস্তবের “শিকার”।

৬. পাঠতাত্ত্বিক ও দার্শনিক পাঠ

নারীবাদী পাঠ : বাথশেবা  নারীবাদী ধারণার সূচনার একেবারে প্রাথমিক সময়ের এক চরিত্র , যে কিনা  প্রেমের মধ্য দিয়ে নয়, আত্মবোধের মধ্য দিয়ে পরিপূর্ণতা অর্জন করেন।

সবশেষে বলা যায়, Far from the Madding Crowd শুধুমাত্র এক সাহিত্যিক কীর্তি নয়, এটি ১৯ শতকের সমাজ, লিঙ্গ, শ্রেণি ও আত্মসচেতনতা নিয়ে হার্ডির গভীর মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং নৈতিক অন্বেষণের ফসল। এ উপন্যাস সাহিত্য গবেষণায় বিশ্লেষণের অফুরন্ত সুযোগ এনে দেয়—বিশেষ করে ক্লাসিক রিয়ালিজম থেকে আধুনিক আত্মসন্ধানী সাহিত্যের দিকে যাত্রা করার ক্ষেত্রে এই উপন্যাসটি অতুলনীয়।