কথায় কথায়-১
তাই বলে মৃত দাদার সঙ্গে এতটা বিযুক্ত কী করে হতে পারেন কেউ?
বুধবারের ভোর
প্রতিদিন ঘুম এমনিই ভেঙে যায় সকাল সাড়ে পাঁচটায়। বা, একটু আগে-পরে। সেদিনের ঘুম ভাঙিয়েছিল ফরি, আমাদের মেয়ে ফরিদা, আর কোলে তার দেড় বছরের মেয়ে সুহা। তখনো পাঁচটা বাজেনি। শুনি, মশারির বাইরে কচি গলার দুর্বোধ্য কলকল আর তার মায়ের গলা— দাদানকে বলো, হ্যাপি বার্থ ডে টু ইউ!
আমার শিয়রে, মশারির বাইরে, এটা চলতেই থাকে। আর সেই সুরের মধ্যে মশারির ভেতরে ছোট্ট একটা হাত কখন যে ঢুকে পড়েছে, আলগা মুঠোয় কিছু একটা ধরে আছে, পারছে না ধরে রাখতে, টের পেলাম নাকের ওপর কিছু একটা পড়তে। ধাতব একটা খণ্ড। ঘুমজড়ানো হাসিমুখে তুলে দেখি, দশ টাকার আস্ত একটা কয়েন!
জন্মদিনের উপহার? হ্যাঁ। টুকটুকে নাতনির দেওয়া। এর বেশি কিছু ছিল না ফরির কাছে-যে মেয়ের হাতে তুলে দেবে তার দাদানকে জন্মদিনে দেওয়ার জন্যে।
কী মুশকিলে-যে পড়েছি কয়েনটা নিয়ে! কী ভাবে, কোথায় যে রাখি!
সেই কোন্ ছোটবেলায় মায়ের মুখে শুনেছি, ১৩৫৭ সালের ১৬ আষাঢ় শনিবার আমার জন্ম। পরে বড় হয়ে নিজেই নিজের কোষ্ঠী পড়ে আরও জেনেছি, ইংরিজি মতে দিনটা ছিল ১ জুলাই ১৯৫০ সাল। আরও মনে আছে, মোটা হলুদ কাগজে লেখা ছিল-- জাতকের রাশি আর লগ্ন, দুটোই মকর। নরগণ। নক্ষত্র উত্তরাষাঢ়া। আরও তিনটে কথা মনে আছে-- দেশবিদেশে ভ্রমণ, রাজযোগ, রাজসম্মান!
প্রথমটি হয়ে গেছে। ১৯৯০ সালে বাংলাদেশ গিয়েছিলাম যে! দ্বিতীয়টিও অপূর্ণ নেই। তখনও তিনি বেঁচে। কলকাতায় তাঁদের ১ নম্বর ব্রাইট স্ট্রিটের বাড়িতে গিয়ে ব্যাঘ্রচর্মাসনে বসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের উত্তরপুরুষ সৌতীশ রায়ের সঙ্গে চা পানের সুযোগ হয়েছিল ১৯৯১-এ। ব্যাঘ্রচর্মাসন অর্থে উনিশ শতকের গন্ধ-বয়ে-আনা বসবার ঘরে সাজানো একেকটা সোফার ওপর পাতা বাঘের একেকটি আস্ত চামড়া! চারপাশে ভারী সব আলমারি। পুরনো বইয়ে ঠাসা। ঘর জুড়ে ছিল 'রাজা'র অসম্ভব টানা দুটো চোখ।
বাড়িটির নাম অনেকেরই জানা। কমলালয়। প্রমথ চৌধুরী আর ইন্দিরা দেবী এখানেই থাকতেন একসময়। সম্ভবত ভাড়ায়। জানা নেই।
হয়ে গেল রাজযোগ। রইল বাকি রাজসম্মান!
না। সেটাও বাকি নেই। কী করে?
একবার এক দরবেশ এসেছেন বাড়িতে। বৈঠকখানায় থাকবেন দু-একদিন। ছিলেনও। প্রতিদিন সকালে একগ্লাস দুধ এনে দিতে হত তাঁকে। কাজটা আমিই করতাম আগ্রহের সঙ্গে। সেই দুধে তিনি দু’হাতের সব ক-টা আংটি ডুবিয়ে দিতেন। নাড়তেন মাঝে মাঝে। এক সময় দুধের রঙ হয়ে যেত কেমন ঘোলাটে। তারপর দুধটা ফেলে গ্লাসে জল ঢেলে আংটিগুলো ধুয়ে নিতেন। তিন দিনের দিন তিনি দুধের দিকে তাকিয়ে আছেন। আংটিগুলো প্রায় দেখাই যাচ্ছে না। বললেন, এটা তোমার পাওনা।
কোনটা?
এই দুধ। খেয়ে নাও।
ওই নোংরা দুধ? খেতে হবে? ইতস্থত ভাব দেখে বললেন, কোনও দিন আংটিধোয়া দুধ কাউকে খেতে দিইনি বাবা। আজ দিচ্ছি। এক ঢোঁকে খেয়ে নে। এ রাজসম্মান।
দুধ রাজসম্মান হল কী করে? ভাবছি মনে মনে। এ তো কোনো রাজার দেওয়া নয়!
দরবেশ বললেন, ফকির আর বাদশা সমান। দুজনেরই নিজের বলতে কিছু নেই। সবই প্রজার। প্রজার ধনেই রাজার মাতব্বরি। আর ফকির রুজি জোটায় মানুষের দোরে-দোরে ঘুরে। বরং ফকির অনেক বড়। রাজার রাজ্যের সীমা তো দেগে দেওয়া আছে। ফকিরের নেই। সারা দুনিয়াটাই তার।
হুবহু না হলেও এরকমই কিছু বলেছিলেন। আরো একটা কথা বলেছিলেন তিনি। দেখেছ, আংটিগুলো দেখা যাচ্ছে না আর? রাজার কখনও স্বচ্ছতা থাকতে পারে না। নেই। এই দুধেরও নেই। সমস্ত কিছু আড়ালে রাখাই রাজধর্ম। খেয়ে নাও।
তখন কিশোর আমি। এসব কথা তেমন বুঝিনি। উপরন্তু জবড়জং পোশাক পরা ফকির যে একেবারে সামনে বসে! না খেয়ে উপায় ছিল না।
তাই, সমস্ত কিছুই পেয়ে গেছি। গত বুধবার, ১ জুলাই, ভোরবেলা নাতনির দেওয়া ১০ টাকার মুদ্রাও উপহার পেলাম। জীবন পূর্ণই বলা যায়।
এক পোকামাকড়ের চর্চাকারীর আর কী চাই?
(৩ জুলাই ২০১৫)
ডার্ক ফলস
সেই কোন সন্ধ্যে থেকে টানা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে, ঝিরঝির করে অন্ধকার ঝরে যাচ্ছে তো যাচ্ছেই। অন্ধকারের এই ঝরনাধারার মধ্যে জেগে আছি।
(২ সেপ্টেম্বর ২০১৫)
রতনবাবু রোড
সেপ্টেম্বরের মাঝামাঝি। সাল ১৯৭৭। তুষার রায় মারা যাওয়ার কয়েক দিন পর বরানগর বাজার পেরিয়ে আমরা হাঁটছিলাম সিধে পশ্চিমমুখো রাস্তায়। যে-রাস্তার শেষে একটি ঘাট— কোনো এক রতনবাবুর* নামাঙ্কিত। যে-ঘাট আসলে গঙ্গার। রাস্তাটিও রতনবাবু রোড।
আমরা অর্থে, আমি আর পার্থপ্রতিম কাঞ্জিলাল।
চিনতে অসুবিধে হবে ভেবে সেই রাস্তার শুরুতেই অপেক্ষা করছিলেন এক রোগাটে, ক্ষয়িষ্ণু যুবক। মলিন ধুতি। ততোধিক মলিন পাঞ্জাবি। ভাঙা চোয়াল। পায়ে নোংরা হাওয়াই চপ্পল। হাঁটার ভঙ্গিটি এলোমেলো। ফাল্গুনী রায়। আশপাশের সব কিছু চিনিয়ে দিতে দিতে যাচ্ছিলেন। যেন কর্তব্যরত এক গাইড। পেশাদার। আর আমরা ভ্রমণার্থী। তাঁর হাঁটাচলা তখন খুব সুনির্দিষ্ট। যেন তিনি গাইডের ভূমিকায় অভিনয় করছিলেন। একটু এলানো ভাব থাকলেও তাঁর হাত-পা-সর্বশরীর হতে চাইছিল একটি স্বয়ংক্রিয় যন্ত্র। এগিয়ে যাচ্ছিলেন মাঝে মাঝেই, ফের পিছিয়ে এসে দেখাচ্ছিলেন চারপাশ। এ-সবকিছুর মধ্যে যে কাজ করছিল নিপুণ আত্মপ্রতারণা, অনেক পরে বুঝেছিলাম।
কিছুটা যাওয়ার পর ডাইনে একটা হাঁ-খোলা ফটক। ভেতরে, অনেক ভেতরে, পেল্লায় এক বাড়ি? না। প্রাসাদোপম সৌধ। হাড়গোড় বেরিয়ে আসছে। ডাইনে, পুকুরে, থমথমে কালো জল। পাড় ঘাসে ঢাকা। পাড়ে পুরোনো মন্দির। বাঁয়ে টানা দোতলা বাড়ি। সার্ভেন্টস কোয়ার্টারস। ক্ষয়িষ্ণু।
ফাল্গুনীর কথা কখন যেন থেমে গিয়েছিল। গেটের সামনে এসে ফের শুনতে পাই তাঁর গলা-- এটাই তুষারের বাড়ি। ভেতরে চলুন।
বেশ অনেকটা হেঁটে পোর্টিকোর নিচে আমরা দাঁড়াই। সামনে সিঁড়ি। কোনো একদিন মার্বেল ছিল তাতে। সে-সব চামড়া উঠে গেছে। নগ্ন সিঁড়ি বেয়ে উপরে উঠি। ক্ষয় বেয়ে বেয়ে। প্রতিরক্ষার জন্যে আমাদের ঠোঁটে উঠে এসেছে জ্বলন্ত চারমিনার।
ফাল্গুনী প্রথমে নিয়ে যান একটা ঘরে।
ঢুকে আমরা হাঁ। বিরাট ঘর। লম্বাটে। হলই বলা ভালো। মেঝে তেমনই ছালচামড়া ছাড়ানো। পেল্লায় সব জানলা উঠে গেছে মেঝে থেকে। কোনো কোনো জানলায় পাল্লা নেই। তার বদলে মেঝে থেকে উঠে গেছে মস্ত সব আগাছা। ঢেকে ফেলেছে আগাগোড়া জানলা। প্রাকৃতিক পাল্লা। সেই গাছগাছালির ফাঁক দিয়ে, দূরে, তাঁদেরই পুকুরের টলটলে ইঙ্গিত।
ঘরে একটা মাত্র সরু তক্তাপোশ। মলিন বিছানা। প্রকাণ্ড ঘরে আর কিছু চোখে পড়েছিল কি? অন্তত এক-দুটো বই বা কাগজপত্র? না। আসবাবের শূন্যতায় তক্তাপোশটি তিরতির করে কাঁপছে। তার তলায়, আবছা অন্ধকারে, জঞ্জালের মতো কিছু আছে মনে হয়। দৃশ্যটি কিছুতেই আমাদের চোখ এড়ায় না।
নীরবতা ভাঙেন ফাল্গুনী-- এটাতেই আমি থাকি।
ওঠার সময় খেয়াল করিনি। সিঁড়ি দিয়ে উঠে যে প্রশস্ত কক্ষ, সেটিই ছিল নাচঘর। ফাল্গুনীর ঘর থেকে বেরিয়ে আসছি, ততক্ষণে এক প্রৌঢ়, সঙ্গে এক তরুণী, এসে দাঁড়িয়েছেন সেই নাচঘরে। আমাদেরই অপেক্ষায় যেন-বা। কেননা, নাচঘরটিতে দাঁড়ানোর মতো পরিসর তখনও ছিল। তাঁদের পায়ের তলায় রঙিন বিদেশি মার্বেলের ঘোলাটে স্বত্ব তখনও অবশিষ্ট ছিল। ফাল্গুনী জানান-- তুষারের দাদা। ভাইঝি, তুষারের।
দুয়েকটি বাক্যবিনিময়। তারপর ফের ফাল্গুনীর তাড়া-- চলুন, তুষারের ঘর ওদিকে।
ভেতরের বারান্দা দিয়ে ঘুরে, যার রেলিং তখন বাঁশের বা কঞ্চির, পশ্চিম দিকের একটি ঘরে আমরা ঢুকি। ঢোকার মুখেই বলতে ভুল হয় না ফাল্গুনীর-- এটাই তুষারের ঘর।
এ-ঘরটি যেন আর একটু বড়। একদিকের দেওয়ালে এক বর্ষীয়সী মহিলার বিরাট ছবি। তেলরঙে আঁকা। ফিকে হয়ে এসেছে। সেদিকে চোখ তুলে আবার ফাল্গুনী-- তুষারের মা।
জানলা দিয়ে যেদিকে তাকাই, ঘাসে-ঢাকা মাঠ। একদিন বাগান ছিল, আস্তাবল। মানুষ আর ঘোড়াদের বিচরণভূমি ছিল হয়তো। ছেঁড়া-ছেঁড়া বাক্যে সেরকমই বলছিলেন ফাল্গুনী।
শুরুর থেকে তুষারের বাড়ি, তুষারের ঘর, তুষারের দাদা, তুষারের ভাইঝি, সর্বোপরি তুষারের মা-- শুনতে শুনতে আমরা একসময় ফেটে পড়ি। কেন, উনি কি আপনার মা ছিলেন না?
পাঞ্জাবির পকেটে, যদি পাওয়া যায় একটা, উনি খুঁজছিলেন সেই বিড়ি। সেই মুহূর্তে তাঁর রাইফেল, তাঁর বাইবেল।
-- হ্যাঁ। আমারও। তবে আপনারা তো এসেছেন তুষারের বাড়ি দেখতে।
পেয়ে গেছেন ফাল্গুনী। ঠোঁটে চেপে দেশলাই জ্বেলে ধরানোর চেষ্টায় একাগ্র তিনি।
হ্যাঁ। সে বছর ১১ সেপ্টেম্বর তুষার মারা যান। এটা তার কয়েকদিন পরের ঘটনা।
তাই বলে মৃত দাদার সঙ্গে এতটা বিযুক্ত কী করে হতে পারেন কেউ? পরে বুঝি, এক নষ্ট আত্মার অ-পূর্ব টেলিভিশন শো দেখাবার জন্যে তখন তিনি শেষ রক্তবিন্দু বের করে তাঁর সেটের ডিজাইনগুলো এঁকে যাচ্ছেন। তাই কিছুক্ষণের জন্যে একজন কাল্পনিক গাইডের স্বাধীনতা তিনি ঊপভোগ করছিলেন হয়তো-বা।
আমাদের, আমার আর পার্থপ্রতিম কাঞ্জিলালের, সেই অভিযানের কিছুদিন পর ওই বাড়ির নাচঘরে প্রয়াত তুষার রায়ের একটি স্মরণসভা করতে পারা গিয়েছিল। আমাদের মতো তরুণদের সঙ্গে সেদিন উৎপলকুমার বসুও ছিলেন। আর ছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়। নড়াইলের রাজবাড়িতে, খুব সম্ভবত, সেটিই ছিল শেষ সভা।
এত কথা বললাম একটাই কারণে। 'নষ্ট আত্মার টেলিভিশন' বইয়ের দ্বিতীয় মুদ্রণের (১৯৯৩) ভূমিকায় উৎপলকুমার বসু লিখেছেন, 'আটের দশকের প্রথম দিকে ফালগুনী মারা যায়। অনতিকাল পরে মারা যায় ওর দাদা তুষার রায়, যে ছিল আমার বন্ধু। তার কাছে শুনেছিলাম যে ফালগুনী নাকি শেষদিকে এখানে-ওখানে আমার খোঁজ করে বেড়াত। কেন, কে জানে?'
এই তথ্যটিতে বিভ্রান্তি বেড়েছে। আমার স্মৃতিশক্তি খুব দুর্বল। উৎপলদা হয়তো-বা ঘাড় ঘুরিয়ে দেখতেই চাইতেন না স্মৃতিকে। তাই অনায়াসে লিখতে পেরেছিলেন ওই সব।
---------
* রতনবাবু, রতনবিহারী রায়, ছিলেন তুষার-ফাল্গুনীর পূর্বপুরুষ। তুষার রায়দের পিতৃনাম এই মুহূর্তে মনে পড়ছে না। তবে, অমিতদা (অমিতাভ দাশগুপ্ত)-র কাছে শুনেছি, সর্বত্র তিনি কচিবাবু নামেই খ্যাত ছিলেন। ওই বাড়িতে আসতেন তৎকালীন প্রধানমন্ত্রী সোহরাওয়ারদির ভাই শহীদ সোহরাওয়ারদি। কচিবাবুর বিশেষ বন্ধু। কবি এবং শিল্প-বিশেষজ্ঞ। এঁকে পরিচয়ের আড্ডাতেও অংশ নিতে দেখা গেছে। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরের অন্দরসজ্জা এঁরই করা। জগদ্বিখ্যাত মস্কো আর্ট থিয়েটারের এক সময়েয় সহ-পরিচালক। স্পেনে পাকিস্তানের রাষ্ট্রদূত। একই সঙ্গে নেহরুর বন্ধুও। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস যে-সোহরাওয়ারদি অ্যাভিনিউয়ের উপর, সেটি এঁরই নামাংকিত। মৃত্যু করাচিতে। বিখ্যাত চিত্রকর এস এম সুলতান ছিলেন ওই বাড়ির রাজমিস্ত্রির সন্তান। আঁকার প্রবণতা দেখে তুষারদার বাবাই নড়াইল থেকে কিশোর সুলতানকে নিয়ে আসেন এবং সোহরাওয়ারদিকে বলে সরকারি আর্ট কলেজে ভর্তি করে দেন। সুলতান অবশ্য কলেজ শেষ করেননি। তার আগেই বেরিয়ে পড়েন ভারতদর্শনে। সে এক অন্য ফিনিক্সের গল্প।
(১০ সেপ্টেম্বর ২০১৫)
আমাদের সুখ-দুঃখের সাথী...
শেষ বিকেলে দাঁড়িয়ে আছি পাহাড়ি একটা বাঁকে। কলকাতা থেকে বিচ্ছিরি ফোন। উৎপলকুমার বসু আর নেই। আরে, উৎপলদা নেই? আমাদের কতকালের সুখ-দুঃখের সাথী যে!
বিলেত থেকে ফিরে আসার পর তাঁকে চর্মচোখে দেখি তাঁর গলফ ক্লাব রোডের বাড়িতে। সেই সাতাত্তর সালে। তারপর আবার পুরী সিরিজ। আবার কফি হাউস। কথায় কথায় হ্যা-হ্যা হাসি।
‘নিনো, তুমি বাল্যে ছিলে কুকুরছানা/ এখন হলে আলাপচারী,/ কুকুরছানাই ভালো ছিল— অনর্থক/ লোকের কথায় হচ্ছ নারী।‘-- এমন সব কুকথা তো তিনিই আউড়েছিলেন! ইউক্যালিপ্টাসের সারিতে দেখতে পেতেন রাজ্যপাল একাদশ, চাঁদ দেখে মনে পড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিসমবায়ের কথা। দু-হাতে পানপাতা-মুখ তুলে ধরে বলার মতো ভাষা তাঁর ছিল—‘প্রিয়তমা, তোমার দু’খানি চোখ/ হোমিওপ্যাথির মতো করুণানির্ভর।‘ ঘোষণা ছিল—‘ফল, প্রিয় হে, সবুজ তুমি/ কীটে নষ্ট হও তবু তোমাকে/ কঠিন হতে দেব না আমার/ প্রতারণা এই।‘
এ হেন প্রতারক, বখাটে কবি আমাদের, তরুণ বয়সের মসিহা, হ্যামলিনের বাঁশিওয়ালা, সবেধন লোচনদাস কারিগর, গত চল্লিশ বছর ধরে দেখা হলেই হ্যা-হ্যা হাসিতে যিনি জড়িয়ে নিতেন যেমন, সরিয়েও দিতেন অনায়াসে।
দার্জিলিং থেকে আন্দাজ ১০ কিমি দূরে, ঘন পাইনবনে পাইচারি করবার সময়, ৩ অক্টোবর সন্ধ্যেয় শেষ বারের মতো ধ্বনিত হচ্ছিল টানা সেই হ্যা-হ্যা। আর আমি পাহাড়ি পিচরাস্তায় পা ঠুকে ফস করে দেশলাই জ্বেলে সিগারেট ধরিয়েছিলাম, উলটো দিকে আগুন ছুঁইয়ে। চারপাশে তখন প্রতারক পাইনের বন।
(৪ অক্টোবর ২০১৫)
