২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকভাই এখন চিরজীবিত

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 27 Sep 2016, 07:25 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
syed-hoque

সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক সর্বাগ্রগণ্য কারুকৃৎ কবিশ্রেষ্ঠ সৈয়দ শামসুল হক এখন থেকে চিরজীবিত। মানবশরীর নিয়ে আশি বছরের অধিককাল মর্ত্যবাসী থেকে এখন তিনি মহাবিশ্বের মহাকালের আদিঅন্তহীনতায় সমর্পিত। তাঁর সৃষ্টি অবিনাশী, তাঁর সত্তা অবিনাশী, তাঁর আলোক চির-সক্রিয় বাঙালির মনে ও মননে। তাঁর প্রতি উত্তরপ্রজন্মের সশ্রদ্ধ প্রণতি।
মাত্র ছয়দিন আগে ২১ সেপ্টেম্বর সকালবেলা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত আমার সর্বশেষ কবিতাটি এখানে পত্রস্থ করা হলো:

অনন্তের সঙ্গে গোল্লাছুট

যে জানে না তার কোনো ভয় নেই,
যে জেনে গেছে ভয় শুধু তার;
অনন্তের সঙ্গে আড়ি দিয়ে কী লাভ?
বরং অনন্তকে বন্ধু করো তোমার আমার।
অনন্তকে বলি,
এসো, আবার আমরা গোল্লাছুট খেলি;
এসো, আবার আমরা খেলতে শুরু করি ডাংগুলি;
দোল-পূর্ণিমার রাতে জোছনার ডানায় চড়ে
এসো, আরেকবার ঘুরে আসি পরানের গহীন ভিতর;
আমাদের চারপাশে নেবুলার হল্লা,
শাদাবিবর ও কালোবিবরের দাড়িয়াবান্দা,
বাঘবন্দি তারকাপুঞ্জ এক্কা-দোক্কা খেলছে
আপন আপন কক্ষপথে;
আর সেই শৈশব থেকে
আমরাও চড়ে বসেছি আপন আপন রথে;

যেতে যেতে যেখানে থমকে যাই,
সেখানে বদল করি সারথি, সেখানেই ডিগবাজি;
জাদুকরের হাতে আমরা জাদুর রুমাল হতে রাজি।
শুধু রাজি নই কোথাও থেমে যেতে।
অনন্তবাংলার পথে বহমান এক অনন্ত-ব্রহ্মপুত্র;
সেই তো এক প্রমিত বাঙালির জন্ম ও পুনর্জন্মের সূত্র।
বাংলার কবিপুত্র তুমি, তুমি পদ্মাযমুনামেঘনার বহমানতা,
তুমি কর্ণফুলীর মাঝির বুকে দুলে-ওঠা সাম্পানের বৈঠা,
তুমি সুন্দরবনের রাজব্যাঘ্রের ডোরাকাটা চোখের দৃষ্টি,
তুমি শালতমালের বনে বনে জয়দেবের মুষল-বৃষ্টি;
না, কখনো শেষ হয়না কোনো কাহ্নু-পার সৃষ্টি।
তুমি সেই ভুসুকু, তুমি সেই কাহ্নু, তুমি সেই বাউলবাঙালির হাঁটাপথ:
এই ধানকাউনের দেশে তুমি নতুন কবির বুকে কবিতার নতুন শপথ।
আলোর ডানায় চড়ে উড়াল আঁকার আগে বলো, বারবার বলো,
'আমি বাঙালি, আমি মানুষ, আমি কবি : চলো, পরানের গহীন ভিতরে চলো'।
২১.০৯.২০১৬

Image
Flag Counter