২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিং বেলের মতো

আনন্দময়ী মজুমদার

Published : 09 Sep 2016, 09:15 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

কলিং বেলের মতো আধলা সকাল
দিন, রাত, মনে করিয়ে দেয়
কাউকে খুলে দিতে হবে।

ইটের পর ইট পাতা এই মানবতা
তার আস্তানা, হৃদয় ছাড়া
আর কোনভাবে পাবে?

তাওয়া গরম হচ্ছে রান্নাঘরে।
তাপ নেই তেমন চুলোয়,
বুকের ভিতরে।
কেউ থাকে না
চলে যেতে হবে
থাকার জন্য আসিনি এ-ভোরে

দরজা খোলা থাকে–কেউ আসে
কেউ দাঁড়ায় অল্প কথায়, কেউ হাসে
কোমলগান্ধার বাজে শুধু টিভিতে
টানটান বালাসন
বয়সী পেশির কাছে প্রার্থনা,
শিশু হও
শিশু হও মন

কেউ চায়ে চুমুক দিয়ে
আগামী গন্তব্যে যাবে
চলে যেতে হবে
যাচ্ছে সবাই
বিরামহীন জন্ম থেকে
মরণের পথে
রাতের রেলগাড়ির সাথে সাথে।

২ সেপ্টেম্বর ২০১৬