Published : 05 Dec 2025, 10:07 PM
ঢাকার দৃকপাঠ ভবনে থেকে শুরু হয়েছে ‘আমরা কী করেছি? ওয়ার্ল্ড প্রেস ফটোর সাত দশকের মালসামান খুলে দেখা’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী।
‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ এর ৭০ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার দৃক পিকচার লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে সাত দশকের বিভিন্ন সময়ে আলোকচিত্রীদের তোলা ৯০টিরও বেশি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে হরস্ট ফাস, ডন ম্যাককালিন, ডেভিড চ্যান্সেলর, এডি অ্যাডামস এবং স্টিভ ম্যাককারি থেকে শুরু করে জোহান্না মারিয়া ফ্রিটজ ও সারা নাওমি লেউকোভিৎসের ছবি রয়েছে।
দৃক পিকচার লাইব্রেরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর পাশাপাশি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ এর সহযোগিতায় একটি ‘পপ‑আপ ফেস্টিভ্যাল’ হচ্ছে, যার অংশ হিসেবে ‘জার্নালিজম ও ভিজ্যুয়াল ন্যারেটিভ’ বিষয়ক ৩ দিনের একটি কর্মশালাও হয়েছে। কর্মশালা পরিচালনা করেন রয়টার্স পিকচার্স এর সাউথ এশিয়া এডিটর গ্যাব্রিয়েল ফনসেকা জনসন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় একটি কি-নোট উপস্থাপনা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রেস ফটো এর ম্যানেজার প্রোগ্রামস আনা কুচমা বলেন, “ওয়ার্ল্ড প্রেস ফটো আর্কাইভ হল বিশ্বব্যাপী ইতিহাস এবং আলোকচিত্রীদের কাজের এক অসাধারণ প্রমাণ, যারা জনস্বার্থে এবং তথ্য প্রকাশের অধিকার নিশ্চিত করতে ব্যক্তিগত ঝুঁকির মুখেও তাদের জীবন উৎসর্গ করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত সকল অংশগ্রহণকারীর সমস্ত আলোকচিত্র এতে অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে আছে ৫০ হাজারেরও বেশি ছবি।
“আজ আমরা এখানে দাঁড়িয়ে ছবির আর্কাইভগুলোকে অতীতের শুধু একটি সরল রেকর্ড হিসেবে দেখি না। বরং আরো সক্রিয়ভাবে দেখি, যেখানে স্মৃতির পাশাপাশি আমাদের ক্রমাগত চ্যালেঞ্জ, পুনর্বিবেচনা এবং পুনর্গঠনকে খুঁজে পাওয়া যায়।”
দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, “এখানে একটা আত্মসমালোচনা চর্চা চলছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ছবিগুলো দেখলে সেই সমস্যাগুলো খুঁজে পাবেন। আত্মসমালোচনার ভেতর দিয়ে না গেলে, কিন্তু পরিবর্তন আসবে না। আমরা কোথায় ভুল করছি, কোথায় হচ্ছে, কারা করছে সেই বিষয়গুলো। নারীদের কীভাবে তুলে ধরা হয়। যাদেরকে আমরা মেজরিটি ওয়ার্ল্ড বলি, তাদের কাজ কবে আসল। এই চর্চা না হলে, হবে না।”
অনুষ্ঠান পরিচালনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও কিউরেটর এএসএম রেজাউর রহমান। চর্চার সম্পাদক সোহরাব হাসানও অনুষ্ঠানে বক্তব্য দেন।