Published : 29 Dec 2025, 01:21 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ বছর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীর অনুষ্ঠান ‘ছোট করে’ নিয়ে আসা হয়েছে।
এবারের উদযাপনে ‘জয়নুল মেলা’ থাকছে না; দেওয়া হবে না জয়নুল সম্মাননাও।
অন্যান্য বছর তিন দিনের আয়োজন থাকলেও এবার এক দিনই উদযাপন হবে দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী।
এবার ‘জয়নুল মেলা’ আয়োজন না করার কারণ জানতে চাইলে চারুকলার ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় তো বেশ কিছু দিন বন্ধ ছিল, আর জয়নুল মেলায় তো আমাদের সব বিভাগের ছেলেমেয়েরা নানা শিল্পকর্ম তৈরি করে অংশগ্রহণ করে।
“বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এবার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এজন্য সিদ্ধান্ত হয়েছে, জয়নুল মেলা এবার না করার।”
‘জয়নুল সম্মাননাও’ এবার দেওয়া হবে না বলে জানান চারুকলার ডিন।
জয়নুলের জন্মবার্ষিকীর আয়োজন এবার ‘সংকুচিত’ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এমনিতে তো তিন দিনের আয়োজন হয়। এবার এক দিনের আয়োজন হচ্ছে। আয়োজনের পরিসর কিছুটা তো ছোট হয়েছেই।”
চারুকলার একজন শিক্ষক নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে জয়নুল মেলা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক 'রাজনৈতিক অস্থিরতায়' এবার মেলা না করার সিদ্ধান্ত হয়েছে।”
২০০৯ সাল থেকে নিয়মিত ‘জয়নুল মেলা’ হয়ে আসছে বলে জানান ওই শিক্ষক।
সোমবার দিনব্যাপি 'জয়নুল জন্মবার্ষিকী ২০২৫' এর অনুষ্ঠান আয়োজন করা হবে।
এর মধ্যে সকাল ১০টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় অনুষদের শিক্ষকদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী থাকছে। বেলা ১২টায় থাকছে স্মারক বক্তৃতা।
বিগত বছরগুলোয় দেশের বিভিন্ন জায়গা থেকে লোকশিল্পীরা নানা লোকজ পণ্যের পসরা নিয়ে বসতেন। বায়োস্কোপসহ নানা আয়োজন নাগরিক জীবনে ভিন্ন মাত্রা যোগ করত। এবার সেই দৃশ্য দেখা যাবে না। মাটির টেপা পুতুল, শিক্ষার্থীদের আঁকা ছবি, সরাচিত্র, শোলার তৈরি ফুল, পাখি, নকশি কাঁথার দেখা মিলবে না এবার চারুকলার আঙিনায়।
শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। শিল্পকলায় অবদানের জন্য তার জীবদ্দশায় তিনি পেয়েছেন শিল্পাচার্য খেতাব।
চিত্রশিল্পও যেকোনো প্রতিবাদের প্রতিচ্ছবি বা প্রতিরোধের হাতিয়ার অথবা অধিকার-সাম্য-স্বাধীনতার ভাষা হতে পারে, তা শিল্পাচার্য জয়নুল আবেদিন দেখিয়েছেন।
১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহে জন্ম নেওয়া শিল্পাচার্য ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৭৬ সালের ২৮ মে মারা যান।
আগের খবর