তবু তুমি প্রশ্ন কর ও অন্যান্য কবিতা
তোমাকে দাঁড়াতে হবে/ এমন ঝড়ের রাতে/ কেউ এসে দাঁড়াবে না জানি/ যখন আঁধার/ নেমে আসে চারিধারে/ হতাশায় ডুবে যায়/ যুদ্ধজয়ের স্মৃতি/ ঝাপসা হয়ে আসে পতাকার রং/ মানচিত্রের উদার জমিনে/ দেখা দেয়/ অনৈক্যের চোরাবালি/ নিরাশার নদী / আশার পলিতে আর/ বাঁধে না বসতি/ তখনো মানুষ জাগে/ অজানার হাত ধরে এগোয় সময়
তবু তুমি প্রশ্ন করো
কুয়াশায় ঢাকা
এই কবিতাটি
খানিকটা রোদ পেলে
উঠে দাঁড়াবে
ঝলমলে নদীতট
শস্যময় উদার জমিন
আদিগন্ত নীল আসমান
একটু কি দাঁড়াবার
জায়গা দেবে না ?
কত প্রাণ
সবুজ জমিনে আঁকা
লাল বৃত্তে হারালো--
মৃত্যুর মহাযজ্ঞে
জীবন তো
পেলো না উত্তর
তবু তুমি প্রশ্ন করো
হাত তোলো অগণিত হাতে
স্লোগানে স্লোগানে;
পা ফেলে দুর্গম পথে
বাঙালির অযুত সংগ্রামের সাথে
অবলীন থেকে
আমরাও যেন উঠে দাঁড়াতে পারি।
অচেনা মুখের সারি
কী করে লিখবো বলো?
আলো ঝলমলে দিনগুলো
দিগন্তে দাঁড়িয়ে আছে
নিজের ঘরের আঙিনায়
আজ তাঁর প্রবেশ নিষেধ
চারিদিকে অন্ধকার
ঘরের ভিতর ঘর
বন্ধ দরোজায়
অচেনা মুখের সারি
বৃষ্টির বন্দনা করি
মাৎস্যন্যায়ের কালে
আমার প্রতিবাদের ভাষা
দেয়ালে দেয়ালে
প্রতিধ্বনি তুলে
রিক্ত হাতে ফেরে।
পৃথিবী ঘুমিয়ে গেছে
বৃষ্টির হাত ধরি
সরল শৈশব
রংধনু রঙে
স্মৃতির আকাশে
মিশে যায়
এ কেমন ঘড়ি
খোলা বুকে
এটে দিলো
সময়ের রঙ আর
কষ্টের কথামালা
আমরা তো
মিছিমিছি
জেগে আছি--
পৃথিবী ঘুমিয়ে গেছে;
চলন্ত সময়ে
জীবন নদীর
শূন্য স্রোতে
খেয়া পারাপার !
আমাদের কোনো বর্তমান নেই
আমাদের কোনো
বর্তমান নেই
অতীত এসেছে আজ
খালি হাতে,
হৃত অহংকারে ।
হে আমার
ভবিষ্যৎ--
কি নামে
ডাকবো তোমাকে?
তুষারশুভ্র নির্জন
পথহারা পথ
তুমি ফিরে এসো
চেনা পৃথিবীটাকে
কেন আজ মনে হয়
এত বেশি
একা ও অচেনা !
বেঁচে আছি
বেঁচে আছি
এটিই তো
সবচেয়ে
বড়ো সংবাদ ।
ঘনঘন
খবরের ঘনঘটা...
ডাকঘর জুড়ে
আদিগন্ত শূন্যতার
জাল বোনে
আমার কলম ।
আরেক বৈশাখ
তবুও বৈশাখ আসে
নাড়া দিয়ে যায়
বন্ধ দরোজায়
জীবন নদীর ঢেউ
খালি হাতে ফেরে
অচেনা বন্দরে
কোথায় তোমার দেশ
স্বজনের স্মৃতি
রোদের বসতি
চৈত্রের চৌচির মাঠে
আসবে বৈশাখ
এসেছে সে ডাক
এই বুকে
এখনো অনেক পথ
পাড়ি দিতে হবে
রক্তের ফোঁটায় জমাট কান্না
জমে আছে এই বুকে
ত্রিশ লক্ষ শহিদের
রক্ত রেখায় আঁকা পথ
ফের একদিন জাগবেই
বুক জুড়ে
স্বদেশের ছবি আঁকি
রক্তের অক্ষরে।
ইচ্ছে হলে
এও আজ বোঝার অতীত,
এখনি কি ফিরে যেতে হবে?
দলে দলে ভেসে আসা ঢেউ,
সারি সারি মেঘ,
অবিরল হাওয়ায় স্নেহের বুদ্বুদ,
কেউ তো কিছুই বলে-যে গেল না!
তাহলে এখানে একা একা
কার অপেক্ষায়
এভাবে দাঁড়িয়ে থাকা
এতোটা শূন্যতা নিয়ে--নীরবতা,
কতো কথা বলে গেলো শুনি;
হতচ্ছাড়া, বোকা
তুমি তার কিছুই বোঝনি!
এখন তো তড়িঘড়ি চলে যেতে হবে,
সাথে নেওয়ার মতো তেমন কিছুই নেই,
সবুজের স্যুটকেসে তুলে নেব কিছু ঘাস,
জন্মভূমির কয়েক-মুঠো মাটি
আর আদিগন্ত নীল জুড়ে
খোলা ডাকঘরে
রেখে যাবো, রেখে যাবো
তোমার উদ্দেশে লেখা
বিলি না হওয়া
বেশ কিছু চিঠি
তোমার ঠিকানা খুঁজে
কোন একদিন মেঘপিয়ন এসে
বৃষ্টি-ভেজা এ অক্ষরগুলো
পৌঁছে দেবে, পৌঁছে দেবে ঠিক
ইচ্ছে হলে সেই দিন তুমি
নীরবতা ভেঙে কিছু কথা বলো।
ডাক এসে গেছে
ভীষণ বৃষ্টিতে
কালের কান্নায়
সবুজ গড়ায়
সুরের সৃষ্টিতে
টাপুর টুপুর
বৃষ্টি ঝরে পড়ে
পাতাও কি নড়ে
রাত না দুপুর?
সবটাই খোলা
তবু আলো নেই
মুখ খুলবেই
মনের জানালা
অন্ধ কারাগার
গোটা দেশটাই
জেগে ওঠো ভাই
আবার জাগার
ডাক এসে গেছে
দারুণ দূর্দিনে
পথ চিনে চিনে
মিছিল ফিরেছে
তোমাকে দাঁড়াতে হবে
এমন ঝড়ের রাতে
কেউ এসে দাঁড়াবে না জানি
যখন আঁধার
নেমে আসে চারিধারে
হতাশায় ডুবে যায়
যুদ্ধজয়ের স্মৃতি
ঝাপসা হয়ে আসে
পতাকার রং
মানচিত্রের উদার জমিনে
দেখা দেয়
অনৈক্যের চোরাবালি
নিরাশার নদী
আশার পলিতে আর
বাঁধে না বসতি--
তখনো মানুষ জাগে
অজানার হাত ধরে
এগোয় সময়
একাই তোমাকে আজ
সম্মুখযুদ্ধে
নিয়ে যেতে হবে
কালের কাফেলা
এমন ঝড়ের রাতে
তোমাকে দাঁড়াতে হবে
