নাজমুস সাকিব রহমানের পাঁচটি কবিতা
সে তোমাকে ভালোবাসে না—যেভাবে আমি বাসি/ যদি বুঝতে, ভাঙত না মন।
ঢাকায় বৃষ্টি হচ্ছে
ঢাকায় বৃষ্টি হচ্ছে; তুমি কি ঠাণ্ডায় কাঁপছ?
ঢাকায় বৃষ্টি হচ্ছে; তোমার গলা বসে গেছে?
যদি সত্যিই বৃষ্টি হয় টুপটাপ
আকাশ অন্ধকার ক’রে—
তোমায় শুনতে পাব না
এই বিষাদে; তাই চাই ক্ষমা
যদি না থাকি পাশে
হারিয়ে ফেলি তোমাকে
দূরগামী স্বপ্নের
ভেতর।
ঢাকায় বৃষ্টি হচ্ছে; তুমি কেমন আছ?
ঢাকায় বৃষ্টি হচ্ছে; তুমি এখনও কাঁপছ?
বাতাস উড়িয়ে নিচ্ছে ঘরের পর্দা
আদা চা নিয়ে বিছানার পাশে
ডুবে আছ রাত-মেশানো অন্ধকারে
যেখানে তারা খসে পড়ে
ভাবি স্বর্গে বৃষ্টি হলে কি করবে?
যদি না থাকে বর্ষাতি, ছাতা
তুমি তো ভেসে যাবে
মুহূর্তসুন্দরে।
ঢাকায় বৃষ্টি হচ্ছে; তুমি কি ঘুমুচ্ছ?
ঢাকায় বৃষ্টি হচ্ছে; ভেজা নিঃশ্বাস চাদরে
এই ক্ষণ কেটে গেলে তুমি
পেরিয়ে স্মৃতিমেদুরতা
চাঁদ-তারা একা করে
চোখ খুলে ডাকো কাকে
নাকি থেমে যাও
নাম ধরে, আবার দেখা
হবে বলে।
পিঙ্ক ফ্লয়েড
আবার ফিরে আসলাম, পিঙ্ক ফ্লয়েড। আবার তোমাকে ছেড়ে
দিয়ে ঘুমাব। তুমি বেজে যাবা আবহমানকাল। শেষ হবা না।
তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দিবা না আমাকে। তাকে দূরে
রেখে নিয়ে যাবা আরেকটা ঘুমের দিকে। অনেক ঘুমের
ভেতর। কমলা রোদ সেখানে। আমার ঘুম হবে উত্তম।
ঝড়ো হাওয়া বয়ে থেমে যাবে। অনেক ফোন কলেও জাগব না
আমি। মৃত্যুতেও নাহ।
সন্ধ্যা
তুমি সন্ধ্যা, নস্টালজিয়ার ডাক
বিষন্নতা বাড়ানো মন খারাপ
তুমি সন্ধ্যা, তুমি বোরিং
অকারণ অভিমান
তুমি সন্ধ্যা, আমার চেনা স্মৃতি
নিয়ে আসো নিঃশব্দে
তুমি সন্ধ্যা, আসো একদিন
রাতের যাত্রায়
সেমিকোলন
শুধু একটু থেমেছিলে ফেলে দীর্ঘশ্বাস
অথচ একটা ফুলস্টপ চাইছিল আশ্বাস
তুমি এনে সেমিকোলন; স্বেচ্ছামৃত্যুর চিঠিতে
দিলে নতুন জীবন।
তারও আগে স্বপ্নভঙ্গ, চোখে বানভাসী মেঘ
কিছু মোমবাতি জ্বলে জ্বলে শেষ
মেঘ-বাতির এই প্রণয়ে শব্দেরা
দাঁড়ায় পাশাপাশি, ঘটে পুনরুত্থান ফের
বিপর্যয়ের পর।
প্রিয়তমেষু
সে তোমাকে ভালোবাসে না—যেভাবে আমি বাসি
যদি বুঝতে, ভাঙত না মন। কিন্তু আমাকে
ছেড়ে দিতে তোমাকে বোঝায় সে, আর তুমি—
না বুঝেই মেনে নিচ্ছ। সন্ধ্যা কাটাচ্ছ নদীপাড়ে
সেখানে সে ফিসফিসিয়ে গল্প বলে
তুমি ভাব প্রেম তা, আমি জানি মিথ্যা
সে তোমাকে ভালোবাসে না—যদি বাসত
তোমাকে নিয়ে
যেত না
