২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসামান্য মনীষার বিশ্বস্ত ভাষ্যকার

আহমদ ছফার ত্রুটি ছিল ঠিকই, কিন্তু তাঁর মনীষা ছিল প্রশ্নাতীত। বাংলাদেশ ও এই দেশের সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা ও অঙ্গীকার নিয়ে কোনো সংশয় নেই কারোরই। তিনি মননশীলতার এমন এক উচ্চতর অবস্থানে পৌঁছেছিলেন যেখানে জ্ঞান রূপান্তরিত হয় প্রজ্ঞায়।

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 30 Jun 2025, 09:58 AM

Updated : 26 Aug 2026, 01:17 PM

আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যু বরণ করেছিলেন। এর পরের বছরই প্রকাশিত হয়েছিল তাঁর ঘনিষ্ঠতম সঙ্গী, সাবেক সহকর্মী এবং বাংলা ভাষার অগ্রগন্য লেখক-গবেষক মোরশেদ শফিউল হাসানের ছফা ভাই: আমার দেখো আমার চেনা নামক বইটি। প্রায় ২২ বছরের ব্যবধানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বৃহত্তর কলেবরে, ‘পুনশ্চ’ নামে নতুন লেখা সংযোজিত হয়ে দ্বিগুণ আকৃতি নিয়ে। আহমদ ছফাকে নিয়ে এ বইটির পর  এ পর্যন্ত আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে সলিমুল্লাহ খানের বই যেমন আছে, তেমনি আছে নূরুল আনোয়োরের বই। সলিমুল্লাহ খান মূলত আহমদ ছফার সাহিত্য ও ভাবুকতার দিকেই মনোযোগ দিয়েছেন তাঁর বইয়ে, অন্যদিকে নূরুল আনোয়ারের মূল ঝোঁকটা ছিল ব্যক্তি আহমদ ছফার জৈবনিক ইতিহাসটিকে তুলে ধরা। মোরশেদ শফিউল হাসানের বইয়ে আছে এই দুয়ের মিশ্রণ। মোরশেদ হাসানের বইটি স্বভাবে স্মৃতিচারণধর্মী হলেও, এতে আহমদ ছফার ব্যক্তিচরিত্র আর তাঁর ভাবুকতার দিকটাই প্রধান হয়ে উঠেছে। আহমদ ছফার ভাবুকতা ও তার তাৎপর্যকে এই গ্রন্থে অনেক বিশ্বস্ত ও স্বচ্ছভাবে তুলে ধরেছেন লেখক মোরশেদ। নূরুল আনোয়ারের মতো জীবনী বা ঘটনাপঞ্জী এই গ্রন্থে পাওয়া যাবে না বটে, তবে ১৯৭৪ সালের পরে ব্যক্তি ও লেখক আহমদ ছফার বিবর্তন ও বিকাশের একটা আলেখ্য এই গ্রন্থে খুবই অন্তরঙ্গ ঘনিষ্ঠতার আলোকে নির্মিত হয়েছে লেখক মোরশেদ শফিউল হাসানের সংবেদনশীল বর্ণনায়। আহমদ ছফা অসাধারণ একজন ভাবুক ছিলেন, কিন্তু তাঁর দোষ ত্রুটিও ছিল—মোরশেদ শফিউল হাসান দোষেগুণে গড়া এই মানুষটি সম্পর্কে বলতে গেলে সচেতন থেকেই এই বইটি লিখেছেন। বইয়ের শুরুতেই তিনি বলেছেন: “‘জিনিয়াস’ শব্দটিকে তার সঠিক অর্থে আমাদের সময়ে ও সমাজে বোধকরি একমাত্র আহমদ ছফা  সম্পর্কেই ব্যবহার করা যায়। অভিধানে Genius-এর বাংলা সাধারণত ‘প্রতিভা’ বা ‘সৃজনীশক্তির অধিকারী’। কিন্তু এদুটি শব্দ বা শব্দবন্ধের কোনো একটি বা উভয়ের মধ্যে কি জিনিয়াসের সবকটি মাত্রা বা তাৎপর্য ধরা পড়ে? ভালোমন্দ সকল বৈশিষ্ট্য—eccentricity, অহমিকা, ছন্নছাড়া জীবনপ্রণালী ইত্যাদি নিয়েই আহমদ ছফা ছিলেন একজন জিনিয়াস।” ( পৃ ১১) 

সত্যি বলতে কি লেখক এই বইয়ে নিজের অভিজ্ঞতার আলোক আহমদ ছফার এই সবগুলো বৈশিষ্ট্যই ঘটনা ও উদাহরণসহ উল্লেখ করেছেন। এই বইয়ে সলিমুল্লাহ খানের অতিভক্তির আতিশয্যের কারণে যেমন আহমদ ছফা অবিশ্বাস্য হয়ে ওঠেননি, অন্যদিকে নূরুল আনোয়ারের শুধুই জৈবনিক আলেখ্যর কঙ্কাল হয়ে ওঠেনি। বরং রক্তমাংসের উত্তাপে এমন এক জীবন্ত আহমদ ছফাকে তিনি এই বইয়ের মঞ্চে হাজির করেছেন যা তাঁর সবরকম দোষত্রুটি সত্ত্বেও সত্যিকারের প্রতিভার এক বিশ্বস্ত স্মৃতিচিত্র হয়ে উঠেছে। আমার বিবেচনায় আহমদ ছফাকে যদি কেউ তাঁর সামগ্রিক বৈশিষ্ট্যসহ জানতে চান, তাহলে এই বইটির তুল্য আর দ্বিতীয়টি নেই। এটি একই সঙ্গে ব্যক্তি ও সৃষ্টির এক সমন্বিত রূপ যেখানে আহমদ ছফা সবচেয়ে বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছেন। এবং এই বইয়ে দোষে গুণে আহমদ ছফা পক্ষপাতহীনভাবেই হাজির। 

তবে দোষগুণের বাইরে আহমদ ছফার সাহিত্যিক গুরুত্ব নিয়ে বর্তমানে যে-বিতর্ক তৈরি হয়েছে, সে-সম্পর্কে এই বইয়ের শেষের দিকে লেখক তাঁর নিজের অভিমত তুলে ধরেছেন, এবং সেই অভিমত আমার কাছে সমর্থনযোগ্য বলে মনে হয়। এক পক্ষ মনে করেন আহমদ ছফা যা-কিছুই লিখেছেন—প্রবন্ধ, গল্প, উপন্যাস—সবই সাহিত্যিক উচ্চমূল্যসম্পন্ন। অন্য পক্ষ মনে করেন, গল্প উপন্যাস নয়, বরং তাঁর প্রবন্ধে বা মননশীল রচনায় আহমদ ছফার মনীষার সত্যিকারের প্রতিফলন ঘটেছে।  এই গ্রন্থের লেখক এই দ্বিতীয় পক্ষের প্রতিনিধি। এ-প্রসঙ্গে তাঁর ভাষ্য:

“গোড়াতেই বলে নিই, ড. সলিমুল্লাহ খান এবং তাঁর অনুসরণে আরো কেউ কেউ আহমদ ছফাকে যেভাবে ও যতটা উচ্চতায় স্থাপন করেন, নিজস্ব চিন্তা, দৃষ্টিভঙ্গি বা অভিপ্রায়কে যেভাবে তাঁর ওপর আরোপ করেন, তার সঙ্গে আমি অনেকাংশেই একমত নই। ছফা আজ বেঁচে থাকলে, বিষয়টাকে কতটা অনুমোদন করতেন, তা নিয়েও আমার কমবেশি সন্দেহ আছে। কিন্তু তাতে কিছু যায় আসে না। সলিমুল্লাহদেরও অধিকার আছে ছফা সম্পর্কে তাঁদের নিজস্ব বিচার ও মূল্যায়ন তুলে ধরার। এ বিষয়ে তাঁদের উপলব্ধি, যদি তা সৎ ও আন্তরিক হয়, প্রকাশ ও প্রচারের। 

রচনায় মানবিক সংবেদনের সঙ্গে যে অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টির সম্মিলন ঘটলে আমরা কোনো লেখককে ‘মনীষী লেখক’ বলতে পারি, আহমদ ছফার বিশেষ করে প্রবন্ধ জাতীয় রচনায় তার পরিচয় পুরো মাত্রায়ই পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর সঙ্গে তুলনীয় মানের লেখক আমাদের দেশে তাঁর সময়ে কিংবা আগেপরে আর দুএকজনও পাওয়া যাবে কিনা সন্দেহ।” (পৃ ১১৬-১১৭) 

আহমদ ছফার সত্যিকারের শক্তির জায়গা যে প্রবন্ধ আমি নিজেও তা বিশ্বাস করি। আহমদ ছফার কবিতা, গল্প ও উপন্যাসকে যারা সমান মহিমায় তুলে ধরতে চান, তারা ছফা-প্রেমিক নিঃসন্দেহে, কিন্তু ছফার সঠিক মূল্যায়নকারী নন। 

মোরশেদ হাসানের বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই বইয়ে তিনি আহমদ ছফা সম্পর্কিত বেশ কিছু বিতর্কের জবাব দিয়েছেন। যেমন টুপি-পড়া আহমদ ছফার ছবি দেখে অতিসরলীকরণ যেখানে তাঁকে মুসলমান, মৌলবাদী বা সাম্প্রদায়িক রূপে প্রতিপন্ন করতে চেয়েছেন কেউ কেউ। লেখক তাদের এই সরলীকরণের অসারতাকে খুব সুন্দর যুক্তিতর্কের মাধ্যমে খন্ডন ধরেছেন। 

চাঁদের যেমন কলঙ্ক আছে, তেমনি আহমদ ছফার ‘লিবিয়া সংযোগ’ একটি বিরাট প্রশ্ন হয়ে আছে আমাদের কাছে। তাঁর এনজিও প্রতিষ্ঠা বা ইরান সংযোগের চেয়েও এই ‘লিবিয়া সংযোগ’টি তাঁকে বেশি বিতর্কিত করে রেখেছে। এই বিষয়ে লেখকের অকপট ও খোলামেলা অভিমত হচ্ছে:

“আমি এখনও মনে করি, ‘লিবিয়া কানেকশন’ আহমদ ছফার একটি ভ্রান্ত সিদ্ধান্ত ছিল। একজন বিদ্রোহী বা স্বাধীন বুদ্ধিজীবী হিসেবে তাঁর ইতিপূর্বে প্রতিষ্ঠিত ভাবমূর্তিকে তা অনেকখানি খর্ব এবং তাঁর চরিত্রকে কিছুটা হলেও মসিলিপ্ত করেছে।” ( পৃ ১২৬) আহমদ ছফার দীর্ঘদিনের সঙ্গী, সহকর্মী ও ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মোরশেদ শফিউল হাসান  ভাবমূর্তি ক্ষুন্নকারী এই ঘটনাটিকে যে নির্ভুল মনে করছেন না, এ থেকেই বুঝা যায়, ছফাপ্রীতি থাকলেও, তিনি মূল্যায়নের ক্ষেত্রে পুরোপুরি নির্মোহ। 

আহমদ ছফার ত্রুটি ছিল ঠিকই, কিন্তু তাঁর মনীষা ছিল প্রশ্নাতীত।  বাংলাদেশ ও এই দেশের সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা ও অঙ্গীকার নিয়ে কোনো সংশয় নেই কারোরই। তিনি মননশীলতার এমন এক উচ্চতর অবস্থানে পৌঁছেছিলেন যেখানে জ্ঞান রূপান্তরিত হয় প্রজ্ঞায়। আহমদ ছফা ছিলেন আমাদের কাছে প্রজ্ঞার আলো। সত্যিকারের বাংলাদেশটিকে খুঁজে পেতে আমাদের সবসময়ই দরকার হবে আহমদ ছফার  দেখিয়ে দেয়া পথনির্দেশিকা।  ইতিহাসের কুহেলিকা ও নানান ঘটনার আবর্তে যখনই বাংলাদেশ হতবিহ্বল ও দিশাহীন  হয়ে পড়েছে, আহমদ ছফা  প্রায় নিঃসঙ্গ নাবিকের মতো বাংলাদেশের গতিমুখকে নির্ভুল দিকে চালিত করেছেন। মৌলবাদ, প্রতিক্রিয়াশীলতা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় দুরাচারের প্রতিটি ঘটনায় তিনি কেবল সরবই ছিলেন না, তিনি এসবের নির্ভুল সমাধানও বাতলে দিয়েছিলেন। তরুণ বয়স থেকেই তাঁর সাহসী, সৎ ও বুদ্ধিজীবিতার ভূমিকা তাঁকে জীবদ্দশায়ই কিংবদন্তী করে তুলেছিল। বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণে তাঁর ভূমিকা কেবল অনন্যই নয়, অসাধারণ। অসামান্য এই মনীষার বিশ্বস্ত আলেখ্য নির্মাণের জন্য লেখক-গবেষক মোরশেদ শফিউফ হাসানকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সঠিক আদলটি খুঁজতে গেলে যেমন আহমদ ছফাকে দরকার, তেমনি আহমদ ছফার সঠিক ও পূর্ণ অবয়বটি পেতে হলে মোরশেদ শফিউল হাসানের এই বইটির কাছে আমাদের ফিরে যেতে হবে।