বাংলা ও আরবি ভাষার সম্পর্ক : সুবিধা-অসুবিধা
অধিকন্তু অতীব পরিতাপের বিষয় তো এই যে, মাদরাসা শিক্ষাব্যবস্থায়ও এর প্রকৃত দক্ষতার বিষয়টি যাচ্ছেতাই উদাসীন করে রাখা হয়েছে। ফলে, পনেরো বছর ধরে একটা ছেলে মাদরাসায় বিদ্যাচর্চা করে ঠিক, কিন্তু ঠিকঠাক ভাষাটিতে সুদক্ষ হয়ে ওঠে না। দুটি সৃজনশীল পৃষ্ঠা আনন্দ নিয়ে যে লিখবে, সেই শক্তি খুব কম ছাত্রেরই তৈরী হয়। সেখানে মাদরাসা ছাত্ররা যদিও ব্যাকরণ ও ধর্ম বিষয়ক বিপুল জ্ঞানার্জন করে ঠিক, কিন্তু সাহিত্যসমৃদ্ধ সৃজনশীল কিছু লেখার মনস্তত্ত্ব ও পোক্ত হাত-দুটির কোনটাই তেমন বলিষ্ঠ হয় না।
একটি ভাষা নিজে স্বয়ংসম্পূর্ণ হলে পরে, অন্য ভাষা থেকে নতুন ও সামঞ্জস্যপূর্ণ শব্দ গ্রহণে তার ঐশ্বর্যই বাড়ে। এতে সে ভয়টি বোধকরি থাকে না যে, একদা এ আমার ওপর প্রভাবশালী হবে, আমার ভাষার ওপর কর্তৃত্ব ফলাবে। ফলে বহুদিন ধরে যে বিতর্কটি চলছেই যে, আরবি ও বাংলার সম্পর্কটা আসলে কী? আরেকটু সহজ করে বললে, আমরা আরবি শব্দগুলো কেন গ্রহণ করব? এ এক অন্যায় প্রশ্ন বলেই মনে হয় আমার। কেননা, কোনোরূপ ভণিতা ও ঈষৎ কপটতার আশ্রয় ছাড়া যদি জিজ্ঞেস করি, তাহলে কি আমাদের বলতে হয় না যে, কেন দেদারসে ইংরেজি শব্দগুলো ব্যবহার করি? সে যাহোক, এ-ই প্রশ্নটা অতিসরল। অধিকন্তু যেহেতু গুরুগম্ভীর নয়-তাই আপনাদের মনোযোগ আকর্ষণে স্বাভাবিকভাবেই ব্যর্থ হবে। অতএব, আমরা বরং আরেকটু খোলামেলা আলাপে প্রবেশ করি। যেটি মূলত দুটি ভাষার ‘বন্ধন।’
প্রকৃতিগতভাবে একটি সেমিটিক ভাষার (আরবি) আরেকটি ইন্দো-আর্য ভাষার (বাংলা) সঙ্গে এই যে মিলন, এটি তো কেবল ব্যাকরণ ও শব্দভাণ্ডারের নয়। বরং বাংলা ও আরবির সম্পর্ক ও সম্বন্ধটি অতি পুরোনো, হাজার বছরের ইতিহাস, গৌরবময় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গভীর মেলবন্ধন। আমরা যদি সংক্ষেপে এ দুই ভাষার তুলনামূলক কিছু বিশ্লেষণ করি, তাহলে মোটাদাগে বেশ ক’টি বিষয় সামনে আসে। তন্মোধ্য বিশেষ উল্লেখযোগ্য হলো-
১. ভাষা দুটির ঐতিহাসিক প্রেক্ষাপট
২. ভাষাগত আদানপ্রদানে সুবিধা ও বৈচিত্র্য
৩. দুই ভাষার সম্পর্কের সেতুবন্ধন
৪. বাংলা কবিতায় আরবির প্রভাব
৫. বাংলা গদ্যে আরবি শব্দের ব্যবহার ও সৌন্দর্য
৬. তুলনামূলক সুবিধা-অসুবিধা বিশ্লেষণ
ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলা ও আরবির সম্বন্ধ
সম্বন্ধের কথা বললে, বাংলা ও আরবির সম্পর্কটি কেবল দুটি ভাষার সংযোগ নয়। বরং বহুকালব্যাপী বয়ে আসা কিছু সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি ও বাণিজ্যও এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িড। কাজেই, ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও এ দুই ভাষার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ক্রমেক্রমে যা বাঙালির নিজস্ব হয়ে উঠেছে। সেসব শব্দের ধ্বনিগতরূপ এবং ব্যবহারিক স্থানও বাঙালি তার মাতৃভাষার মতোই অনায়াসে তাদের জীবন ও যাপনে স্বাচ্ছন্দে ব্যবহার করছে। অধিকন্তু, আমাদের প্রশাসনিক ও ধর্মীয় জায়গাগুলোয় আরবি শব্দগুলো এতোটাই প্রাসঙ্গিক হয়েছে যে, বাংলা ভাষাকে তা দিয়েছে প্রশাসনিক ও ধর্মীয় গাম্ভীর্য। আর বাংলাও যা নিজের ছন্দ ও মাধুর্যে অপূর্ব এক দ্যোতনায় সেই শব্দগুলোকে আপন করে নিয়েছে। ফলে এই যে গ্রহণ-এটা আমাদের ভাষাটির সঙ্কোচন নয়, বরং আরো বিস্তৃতি ও উপযুক্ত গ্রহণেরই সক্ষমতা। হ্যাঁ, এর কারণ হিসেবে হয়তো কখনো ধর্ম ভূমিকা রেখেছে, কখনো বাণিজ্য। কখনো সংস্কৃতি উপলক্ষ হয়েছে কখনো উৎসব। এ বিষয় তথা ধর্মীয় ও বাণিজ্যিক কারণে কীভাবে আরবি শব্দগুলো বাংলায় প্রবেশ করে চমৎকারভাবে মিশে গেল, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সুন্দরভাবে তার বর্ণনা দিয়েছেন যে,
বাঙ্গালা ভাষায় আরবী শব্দের সংখ্যা নিতান্ত অল্প নহে। মুসলমান বিজয়ের পূর্ব হইতেই আরবী বণিকগণের সংস্রবে চট্টগ্রামের প্রাদেশিক ভাষায় অনেক আরবী শব্দ প্রবেশ করিয়াছিল। কিন্তু মুসলমান বিজয়ের পর হইতে ব্যাপকভাবে আরবী শব্দ বাঙ্গালা ভাষায় স্থান পাইতে থাকে। ধর্ম-সংক্রান্ত শব্দগুলি তো আছেই, তদ্ব্যতীত আদালত ও শাসন-সংক্রান্ত অনেক শব্দও আরবী হইতে আসিয়াছে। এই শব্দগুলি এখন বাঙ্গালীর নিজের হইয়া গিয়াছে।
(বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, পৃষ্ঠা: ১১০-১১২)
অন্যদিকে সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রে আমরা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিশ্লেষণকে গুরুত্বের সাথে গ্রহণ করি। বাংলা ভাষায় আরবি শব্দের আত্তীকরণকে একটি ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ হিসেবে দেখেছেন তিনি। ফলে তিনি তার The Origin and Development of the Bengali Language (ODBL) গ্রন্থে এ নিয়ে চমৎকার বলেছেন যে,
বাংলা ভাষায় আরবি ও ফারসি শব্দের অনুপ্রবেশ কেবল ভাষাতাত্ত্বিক ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের ফল। ত্রয়োদশ শতাব্দী থেকে মুসলিম শাসনের ফলে আইন, রাজনীতি এবং ধর্মীয় ক্ষেত্রে যে নতুন পরিমণ্ডল তৈরি হয়েছিল, তা বাংলা শব্দভাণ্ডারকে এক নতুন শক্তি ও বৈচিত্র্য দান করেছে। অনেক ক্ষেত্রে মূল আরবি শব্দ বাংলায় এসে তার উচ্চারণ ও অর্থে কিছুটা পরিবর্তন ঘটিয়ে নিজস্ব রূপ পরিগ্রহ করেছে।
(সূত্র: ODBL, প্রথম খণ্ড, পরিমার্জিত সংস্করণ)
সুতরাং, আরবি শব্দগুলো বাংলায় মিশে তো যায়নি কেবল, আমরা মনে করি দ্রবীভূতই হয়েছে। আর ভাষাটা যেহেতু রূপক অর্থে জ্যান্ত ও গতিশীল একটা বিষয়-তাই সমাজ, কাল, মানুষ ও প্রয়োজন অনুসারে এটি প্রসারিত হয়ে নতুন স্বর ও সুর গ্রহণ করে। আর এ গ্রহণক্ষমতার ফলেই, যে ভাষাটি গ্রহণ করতে পারে না, তারচেয়ে এটি শ্রেষ্ঠ, বৃহত্তর ও সুবিস্তীর্ণ।
ভাষাগত আদান-প্রদানে সুবিধা ও বৈচিত্র্য
এক্ষেত্রে অতুলনীয়ভাবে বাংলাই গ্রহণ করেছে, আরবি নয়। যদিও অধুনা বেশকিছু বাংলা শব্দ ও বাক্য মৌখিকভাবে মধ্যপ্রাচ্যে আরবীয়দের মুখেমুখে ঠাট্টা বা আনন্দোচ্ছ্বাস প্রকাশে শোনা যায়, তবে এর লিখিত, গৃহীত বা পুস্তকীয় কোনো রূপ যে নেই, তাও স্বীকার্য। তবু এই যে সামান্য ‘গ্রহণ’ কয়েক যুগ পর, এ-ও যে আরবিতে কোনো রসিক লেখকের গল্প বা কথায় উঠে আসবে না, তা কি আমরা নির্ধারণ করে দিতে পারি? বরং নিশ্চিত ও আশাবাদী যে, আমরা যেভাবে ভ্রমণগদ্য বা স্মৃতিকথায় বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতি বা শব্দবোলের বর্ণনা দিতে গিয়ে, সেখানকার মানুষ কীভাবে তা বলে তারই অনুরূপ ‘উচ্চারণ’ করে লিখি, ভবিষ্যতে আরবীয়রাও কোনো বাঙালির আচার ও রীতির কথা যদি তার গল্পে বলেন, তখন সে-ও ঠিক বাঙালীটির অনুরূপ করেই তার গল্পে তার প্রিয় ‘শব্দটি’ বলবেন। গল্পটিকে আরো জীবন্ত, আকর্ষণীয় ও পাঠকের কাছে মুগ্ধকর করে তুলতে বাংলা শব্দটিকে আরবি অক্ষরে লিখবেন।
সে যাহোক, বৈচিত্র্যের কথায় ফেরা যাক। মূলত বাংলার ওপর আরবির প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান শব্দভাণ্ডারে। ভাষাবিদদের মতে, বাংলা ভাষায় প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ সরাসরি আরবি শব্দ ব্যবহৃত হয়। এই ব্যবহার ভাষাকে দিয়েছে নতুন মাধুর্য, গভীরতা এবং অনন্য এক বৈচিত্র্য। আর এই বিচিত্রতা এমনই জড়ানো যে, প্রত্যহ এর ব্যবহার আমাদের আচারে ও বিচারে সর্বময়। যেমন, প্রশাসনিক ও আইনি শব্দগুলোর কিছু যদি আমরা নির্বাচন করি, তাহলে দেখি এখানে আছে, আদালত (عدالة), উকিল (وكيل), রায় (راي), ইজহার (إظهار) , কানুন ( قانون), খারিজ (خارج) ইত্যাদি।
ধর্মীয় শব্দসমূহের মধ্যে আছে, ইসলাম (اسلام), আল্লাহ (الله), নবী (نبي), রসূল (رسول),
হজ (حح), যাকাত (زكاة), ওজু ( وضوء), কোরআন (قرآن),কিতাব (كتاب) ইত্যাদি।
তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও আছে অহরহ আরবি শব্দের ব্যবহার-
যেমন, কলম (قلم),খবর (خبر), তারিখ (تاريخ), ইনসান (انسان), দাওয়াত (دعوة),
বাকি (باقي), নগদ (نقد) ইত্যাদি।
ফলে এই যে আরবি শব্দের বিচিত্র ব্যবহার, এ আমাদের সুবিধাই দিয়েছে। এই শব্দগুলো বাংলা ভাষাকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে অধিকতর সুনির্দিষ্ট ও সমৃদ্ধ করেছে। এমনকি এর সাথে ব্যাকরণগত ও উচ্চারণগত তফাৎ থাকলেও, বিচিত্রতার বিচারে আরবি ও বাংলা সম্পূর্ণ ভিন্ন মূলের ভাষা ( সেমিটিক এবং ইন্দো-আর্য) হওয়া সত্ত্বেও কিছু মজার বৈচিত্র্যের দেখা মিলেছে। যেসবের প্রধান ও গুরুত্বপূর্ণ একটি হলো উপভাষা তৈরি। এর কল্যাণে আমরা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের উপভাষায় প্রচুর পরিমাণে আরবি শব্দের বিকৃত বা রূপান্তরিত রূপ দেখতে পাই। বাস্তবেই যা ওই অঞ্চলের চলিত বা মৌখিক ভাষাকে এক স্বাতন্ত্র্য রূপ দান করেছে। তেমনি আরেকটা বিষয় হলো ব্যঞ্জনা ও ধ্বনি : আরবি ধ্বনি যেমন ‘খ’ (خ), ‘জ’ (ج/ز), ‘ফ’ (ف) বাংলার ধ্বনি কাঠামোর সাথে এমনভাবে মিশে গেছে যে, আমরা অনেক সময় বুঝতেই পারি না এগুলোর উৎস বিদেশি।
দুই ভাষার সম্পর্কের সেতুবন্ধন
সম্পর্কের সেতুবন্ধনের ক্ষেত্রে আমাদের পূর্বোল্লেখিত দুটি বিষয় তথা ‘প্রেক্ষাপট ও আদান-প্রদানের বৈচিত্র্য’ই প্রধানত সামনে আসবে। সেইসাথে এর সঙ্গে যুক্ত হতে পারে, ‘লিপি ও লিখন পদ্ধতি’, ‘আধুনিক সেতুবন্ধন’, ও ‘তাত্ত্বিক’ বিষয়গুলো।
প্রথমদিকে বাংলা অঞ্চলের সাথে আরবের যোগাযোগে লিপি ও লিখনের ব্যাপারটি তেমন তাৎপর্যপূর্ণ না থাকলেও, সপ্তম ও অষ্টম শতাব্দী থেকে আরব বণিকরা যখন চট্টগ্রাম ও নোয়াখালী বন্দর দিয়ে বাংলায় যাতায়াত শুরু করেন, তখন থেকে সমুদ্রতীরবর্তী অঞ্চলে আরবি ভাষার প্রভাব পড়তে শুরু করে। পরবর্তীতে সুলতানি ও মোঘল আমলে যখন ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয়, তখন আরবি ও ফারসি রাষ্ট্রীয় এবং ধর্মীয় ভাষা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় এবং ধীরেধীরে লেখ্যরূপে যার কিছু কিছু বিস্তারও ঘটে। ফলে, আমরা দেখি, যদিও বাংলা ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত এবং আরবি সেমিটিক, তবু একসময় মধ্যযুগে দোভাষী পুঁথি সাহিত্যে আরবি শব্দের ব্যাপক ব্যবহার এসেছে। মুসলমান কবিরা যেখানে তাদের লেখায় সাবলীলভাবে আরবি ও বাংলার সংমিশ্রণ ঘটিয়েছেন। এছাড়াও বর্তমানে বাংলা বর্ণমালায় আরবি হরফের কোনো স্পষ্ট প্রভাব না থাকলেও, শিক্ষার ক্ষেত্রে আরবির ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি বিশাল অংশজুড়ে রয়েছে আলিয়া ও কওমি মাদরাসা। সেসব প্রতিষ্ঠানগুলোর (বিশেষত কওমী মাদরাসা) প্রতিটি সিলেবাসই প্রধানত আরবিই। একদম শুরু থেকে শেষ ক্লাস অবধি ধাপে ধাপে আরবি ব্যাকরণ ও সাহিত্যের পাঠদান করা হয় এতে।
কিন্তু কেবলই মাদরাসা শিক্ষা ও ধর্মীয় বিষয়েই কি আরবি ও বাংলার সেতুবন্ধন হয়েছে? আমরা বলি, না। বরং বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে যেভাবে আরবি শব্দগুলো বাংলায় আদৃত হয়েছে, এখন এই আধুনিক সময়ে এসে তার পরিধি ‘ধর্ম’ ছাপিয়ে পরিধিতে আরো বিস্তৃত হয়েছে। এর প্রধান দুটি কারণ, সাহিত্য অনুবাদ এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। সাহিত্যিক অনুবাদের বিষয়টি যদি বলি, তবে এ সত্যি যে কিছু দীর্ঘশ্বাস আছেই আমাদের। তবু আশার কথা তো এই যে, আধুনিক বাংলা সাহিত্যে অনেক ধ্রুপদী আরবি কাব্য ও উপন্যাসের অনুবাদ হয়েছে। তবে এর পরিমাণটা যে, রুশ, ফরাসি, ইংরেজি এমনকি উর্দুর তুলনায় অতি নগন্য, তা বলে আর দুঃখ বাড়াতে চাইনা। অথচ, এমন প্রাচুর্যপূর্ণ একটি ভাষা! যে ভাষার অন্তত ৩০০০ শব্দ ব্যবহার করি, সবমিলিয়ে সে ভাষার দু’হাজর ক্লাসিক পুস্তক কি আমরা অনুবাদ করেছি? যদি করতাম, তাহলে জ্ঞানের বিপুল এক রাজ্যও কি আমাদের হস্তগত হতো না! দু ভাষার মেলবন্ধন আরো সুদৃঢ় হতো না?
যাহোক, তা ভাষার এ ‘বন্ধনে’ অন্য আরেকটি যে বিষয় অতি গুরুত্বপূর্ণ, সেটি তাত্ত্বিক বিশেষত্ব। অর্থাৎ, আরবি সেমিটিক (Semitic) গোষ্ঠীর অন্তর্গত, আর বাংলা ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর। ফলে, গোষ্ঠীগতভাবে কোনো মিল না থাকলেও, দুই ভাষার মধ্যে একটি বিশেষ ‘সমন্বয়ী সংস্কৃতি’ গড়ে উঠেছে। যার ফলে বাঙালি মুসলমানের কাছে বাংলা হলো মায়ের ভাষা, আর আরবি হলো বাঙালি মুসলমানের শ্রদ্ধার ভাষা আত্মার বা হৃদয়ের ভাষা। শ্রদ্ধার বিষয়টিকে যদিও তর্কে পরাজিত করার পায়তারা করা যেতে পারে, কিন্তু গ্রামীণ বাঙালি মুসলমান আরবি ভাষাটিকে শত বছর ধরে এখনও শ্রদ্ধার সাথে তাদের হৃদয়ের কাছেই রেখেছে। এখনো একটি আরবি বইয়ের পৃষ্ঠা ধূলোয় বা মাটিতে পড়ে দেখলে সসম্ভ্রমে জলে ভাসায় বা আগুনে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দেয়।
বাংলা কবিতায় আরবির প্রভাব
কবিতায় আরবি শব্দের প্রভাব সবচেয়ে বেশি আলোকিত হয়েছে নজরুলের সময়। তাঁর কবিতাগুলো দ্যোতনা, দ্যুতি ও অন্তমিলের সমন্বয়ে এমনই অপূর্ব আর শক্তিমত্তা নিয়ে আবির্ভূত হয়েছিল যে, অন্য ভাষা তথা আরবি, ফার্সি ও উর্দুর বহু শব্দই যাতে নবতরঙ্গে উড্ডীন হয়েছিল। ফলে, আঠারো ও উনিশ শতকের সেই প্রাচীন দোভাষী সাহিত্যে, শাহ গরীবুল্লাহ, সৈয়দ হামজা ও আব্দুল হাকিমরা যেসবের সার্থক সূচনা করেছিলেন, আধুনিক কাব্যে নজরুল তা করেছিলেন কালজয়ী শিল্পোত্তীর্ণ। গরীবুল্লাহ, হামজা ও আব্দুল হাকিমদের সময়ে পুঁথিতে বাংলা ক্রিয়াপদের সাথে প্রচুর আরবি ও ফারসি বিশেষ্য ব্যবহার করা হতো। যার ফলে সাধারণ মানুষের কাছে কবিতা আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। কারণ তৎকালীন মুসলিম সমাজের মুখে এই শব্দগুলোই ছিল বেশি প্রচলিত। কিন্তু নজরুল এসে সবকিছু ছাপিয়ে একেকটা শব্দকেই গোটা পঙক্তির মুখ বানিয়ে তুললেন। আরবি শব্দকে কেবল ধর্মীয় শব্দবন্ধে আবৃত না করে, চুল খোলা রূপসীর প্রতিরূপে প্রকাশ করে বিদ্রোহ, ভালোবাসা এবং বীরত্বের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। আরবি শব্দের যথার্থ প্রয়োগের মাধ্যমে বাংলা কবিতায় এক নতুন ধরনের ‘ওজস্বিতা’ বা বীরত্বব্যঞ্জক ধ্বনি তৈরি করেছেন। তাঁর বিখ্যাত কবিতা ‘মহররম’, ‘ফাতেহা-ই-দোয়াজদাহম’ বা ‘খেয়াপারের তরণী’তে আরবির প্রভাব সুস্পষ্ট।
ফলে যখন তিনি বলেন,‘বাজে মৃদাঙ্গ ওরে, নাচে শয়তান তরে/ রণ-রঙ্গিনী জাগে ও-ই খঞ্জর হাতে।’ তখন আর শব্দের ভেদাভেদ নয়, অনায়াসে আমরা ছন্দের ঝঙ্কারে উদ্বেলিত হই। কেননা, এই পঙক্তির প্রথম পর্বে ‘শয়তান’ আর দ্বিতীয় পর্বে ‘খঞ্জর’ শব্দটি যে বীরত্ব ও দ্রোহের আমেজ তৈরি করেছে তা অন্যকোনো প্রতিশব্দে ছিলো না।
তদুপরি বাংলা কাব্যে আরবি শব্দের ব্যবহার নিয়ে নজরুলের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও স্পষ্ট। যেমনটা তিনি তার এক প্রবন্ধে লিখেন যে, ‘যাঁরা বলেন আরবী-ফারসী শব্দ বাদ দিয়ে বাংলা লিখতে হবে, তাঁরা বাংলার নাড়ির খবর জানেন না। বাংলা আজ যে পূর্ণতা পেয়েছে, তার মূলে রয়েছে এই সব শব্দের অবাধ যাতায়াত। রক্তে যেমন শ্বেত কণিকা ও লোহিত কণিকা উভয়ই প্রয়োজন, বাংলার শরীরেও সংস্কৃত ও আরবী-ফারসী শব্দের সংমিশ্রণ ঠিক তেমনি অপরিহার্য।'
বাংলা গদ্যে আরবি শব্দের ব্যবহার ও সৌন্দর্য
বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে প্রমথ চৌধুরী হয়ে মুজতবা আলী পর্যন্ত প্রায় সব পণ্ডিত লেখকই গদ্যের আভিজাত্য ও সুষমা বাড়াতে বিবিধ বিদেশি শব্দ ব্যবহার করেছেন। সে-সবের মাঝে গল্পের পরিবেশ অনুযায়ী বহু আরবি শব্দও আছে। আমরা সেসবের বিস্তারিত আলোচনায় না গিয়ে বঙ্কিমের ‘রাজসিংহ’ উপন্যাসের একটা জায়গা থেকে পড়ে দেখতে পারি।
‘জেবউন্নিসা কহিলেন, ‘তোমার নসিব বড় মন্দ, নহিলে এমন খুবসুরত জেনানা তোমার ঘরে থাকিতে তুমি বনের তুচ্ছ ফুলের অন্বেষণে ফিরিবে কেন?’
এখানে ‘নসিব’ শব্দটি আরবি। ‘খুবসুরত ও জেননা’ ফার্সী। বঙ্কিমচন্দ্র সজ্ঞানে গল্পের এ জায়গাটিতে পরিবেশ ও রিদম অনুযায়ী এ-ই শব্দগুলো ব্যবহার করেছেন। কেননা, ভাবের নিবিড় প্রকাশে, সূক্ষ্ণ মানবিক অবস্থা বা দুর্দশা ও আনন্দের অনুভূতি বোঝাতে বাংলায় মিশে যাওয়া এই আরবি ও ফার্সী শব্দগুলো অতুলনীয় ও অপ্রতিরোধ্য। যেমন ধরুন, ‘নসিব’ শব্দটিই। এখানে ভাগ্য বললে আবেদনটুুকু ফিকে হয়। পক্ষান্তরে ‘নসিব’ শব্দটিতে এক ধরণের সমর্পন ও আধ্যাত্মিক সুর প্রকাশ পায়। তেমনি জেবউন্নিসার কণ্ঠে ‘অপূর্ব বা রূপবতী’ শব্দগুচ্ছের চেয়ে ‘খুবসুরত জেনানা’ই অধিকতর আকর্ষণীয় ও ধিক্কারমূলক।
তেমনি বাংলা সাহিত্যের রসিক পণ্ডিত মুজতবা আলী তার বিখ্যাত ভ্রমণকাহিনী ‘দেশে বিদেশে’র গোটা গ্রন্থটিতেই তো অজস্র আরবি শব্দে দেদারসে ব্যবহার করে গেছেন। আর তা এমনই অকাতরে এবং সুখপাঠ্য উপায়ে যে, গদ্যটা পড়লে হৃদয়টা আনন্দে গদগদ হয়ে ওঠে।
অতএব, কেন আমরা নিঃশঙ্কোচে বলতে পারি না যে, ‘বাংলা গদ্যে আরবি শব্দের ব্যবহার ভাষাকে কেবল সমৃদ্ধই করেনি, বরং এটি বাংলার শংকর সংস্কৃতির পরিচয়কেও বহন করে। এমনকি বাংলা ভাষায় আরবি শব্দগুলো বাংলা বাক্যের সঙ্গে এমনভাবে লীন হয়ে গেছে যে, এগুলো পরিত্যাগ করার অর্থ হলো, বাংলা ভাষার একটি প্রাণবন্ত অংশকে অস্বীকার করা। অধিকন্তু এ-সব শব্দের ব্যবহারেই বাংলা গদ্য বহু জায়গায় অধিকতর সরস ও প্রাণবন্ত মনে হয়।
তুলনামূলক সুবিধা-অসুবিধা বিশ্লেষণ
উপরোক্ত আলোচনায় প্রধানত আমরা আরবি ভাষার সুবিধাগুলোই উল্লেখ করেছি। অর্থাৎ, এ ভাষাটির মাধ্যমে আমাদের কার্যত যেসব লাভগুলো হয়, তা-ই সংক্ষিপ্তভাবে বলা হলো। কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমাদের অসুবিধাগুলি কি?-তা বিশ্লেষণ করতে গেলে প্রধান যে দুটি বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে, তার একটি হলো একাডেমিক চর্চার সম্প্রসারণ, অন্যটি আর্থিকভাবে লাভবান হতে হলে বৈশ্বিক শ্রমবাজারে কথ্য আরবি-জানা জনবলের জোগান। এ তো সত্যিই যে, আমাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া প্রায় হাজার তিনেক আরবি শব্দ ছাড়া আমাদের সাহিত্যিক অর্জন ক্ষুদ্র প্রায়। অর্থাৎ, পুরো বঙ্গে বিগত একশো বছরে ক’জন সুদক্ষ আরবি ভাষার পণ্ডিত আমরা পেয়েছি, ক’টি ধ্রুপদী আরবি গ্রন্থই বাংলায় অনুবাদ করতে পেরেছি? এমনকি হাতে গোনা ক’টি বাংলা ক্লাসিক গ্রন্থই আমরা আরবিতে রূপান্তর করেছি? অথচ, আরবির ব্যাপ্তী সীমাহীন। এর সাহিত্যিক ঐতিহ্য ও সীমানা অন্তহীন। অধিকন্তু অতীব পরিতাপের বিষয় তো এই যে, মাদরাসা শিক্ষাব্যবস্থায়ও এর প্রকৃত দক্ষতার বিষয়টি যাচ্ছেতাই উদাসীন করে রাখা হয়েছে। ফলে, পনেরো বছর ধরে একটা ছেলে মাদরাসায় বিদ্যাচর্চা করে ঠিক, কিন্তু ঠিকঠাক ভাষাটিতে সুদক্ষ হয়ে ওঠে না। দুটি সৃজনশীল পৃষ্ঠা আনন্দ নিয়ে যে লিখবে, সেই শক্তি খুব কম ছাত্রেরই তৈরী হয়। সেখানে মাদরাসা ছাত্ররা যদিও ব্যাকরণ ও ধর্ম বিষয়ক বিপুল জ্ঞানার্জন করে ঠিক, কিন্তু সাহিত্যসমৃদ্ধ সৃজনশীল কিছু লেখার মনস্তত্ত্ব ও পোক্ত হাত-দুটির কোনটাই তেমন বলিষ্ঠ হয় না। ঠিক যেমন, বাংলাদেশের স্কুল, কলেজের ছাত্রদের দশা। এতো বছর ধরে পড়াশোনা করে ঠিক, কিন্তু গুছিয়ে দু পৃষ্ঠা বাংলা বা ইংরেজি লেখার দক্ষতাটুকু অর্জন হয় না। এর ফলে সার্বিকভাবে আমরা জ্ঞানগত ও সুস্থ মনন বিকাশ থেকে বঞ্চিত তো হয়েছিই, সেইসাথে অধুনা বিপদে পড়ছি রুটিরুজির রোজগারে। একটু খুলে বললে, বিষয়টা বোধগম্য হবে আাশকরি। দেখুন, বাংলাদেশে একটা শিশু প্রাথমিক শিক্ষা পেলে, সে অন্তত দু’চারটে ইংরেজি শব্দ বা বাক্য শৈশবেই আত্মস্থ করে নেয়। যার ফলে বাকি জীবনে ইউরোপ, আফ্রিকা যেখানেই সে যাক, ও-ই গোটাকয় ইংরেজি শব্দ দিয়েই কিন্তু কিছু একটা বুঝিয়ে-সুঝিয়ে নিজের কাজটুকু অন্তত করে আসতে পারে। কিন্তু আরবির ব্যাপারেও তথৈবচ। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের এই যে বিশাল অর্থনৈতিক শ্রমবাজার, এখানে যে অমানবিক পরিশ্রম আর বেঁচে থাকার লড়াই, তা আরো ঘনীভূত হয়, যখন একটা বাঙালি অন্ধের মতো অসহায় হয়ে নির্বাক তাকিয়ে থাকে। দু’একটি শব্দও যখন বোধের অগম্য হয়, তখন পরিস্থিতি যে কী ভীষণ অসহায় আর অপ্রীতিকর লাগে, বহুদিন আরব দেশে থেকে হরহামেশাই এ দৃশ্য দেখে আমি তা উপলব্ধি করেছি বেশ। ফলে, মৌলিক অসুবিধা যদি কিছু থেকে থাকে, তা হলো আরবিকে আরো ব্যাপকভাবে সম্প্রসারিত না করা। তাই হোক তা একাডেমিক কিংবা আর্থিক-সুবিধা যদি পেতে চাই, আরো ফলপ্রসূ যদি হতে চাই, তবে ব্যাপকভাবে আরবি ভাষার সম্প্রসারণ অধিকতর লক্ষনীয়। এতে করে কেবল অর্থ বা জ্ঞানই নয়, আরবের সঙ্গে আমদের বাঙালি সংস্কৃতিরও সুখকর আদান-প্রদান হবে বলে আমাদের বিশ্বাস।
