২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ ও অশান্তির কবিতা

‘মূর্খরা শান্তি চায় আর জ্ঞানী চায় যুদ্ধ’ একুশ শতকে বসে এই তত্ত্বে বিতর্কে জড়ায় তেলের দীর্ঘলাইনে ক্লান্ত পাঠাও-পথিক। আর মিথ্যার বাণিজ্য ট্যাংকে মানবতা ঘুমিয়ে আছে।

যুদ্ধ ও অশান্তির কবিতা
পাবলো পিকাসোর চিত্রকর্ম: গের্নিকা

সৌরভ সিকদার সৌরভ সিকদার

Published : 04 Apr 2026, 08:55 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

পেট্রোল হবে?

এই এপ্রিলে এক ঝড়-জলের রাতে

সে আমার খুব কাছে এসেছিল।

তার হাতে ছিল ধ্বস্তাধস্তির ক্লান্তি

আর পায়ে ব্যাবিলনীয় শিকল, 

তার মুখে— ঝরা ধূসর ম্যাপল পাতায়

গড়াগড়ি-খাওয়ার মলিন কোলাজ।

তার সাথে আমার প্রথম দেখা-

শৈশবের উদোম ইরাকি-উঠোনে

এখন সে বেশ বৃদ্ধ হয়েছে— জানি,

এ বয়সে সঙ্গম-শক্তি তার নিভু নিভু

সে শুধু মোলায়েম স্বরে বলেছিল—

কবি, এক লিটার পেট্রোল হবে?

ঈশ্বরের হাত

নারীরা ঋতুর-বৃত্তের বাইরে গেলে যেমন—

তেমনি এখন তার শরীর থেকে মাঝে মাঝে

গরম ভাপ ওঠে,  আর সেই ভাপের তাপে

ডিজিটাল অহি আসে ইথারে— ‘কুন’ !

স্পর্ধা আর দম্ভের অমানবিক শব্দে, 

পৃথিবী পুড়ছে আর নিরোর বাঁশি বেজেই চলেছে।

সুলতানের পেশীরা যেন কৃষি-সভ্যতা ছেড়ে

ড্রনের পাখায় জাতিসংঘ শান্তি মিশনে যাচ্ছে।

ম্যারাডোনা, তোমার ঈশ্বরের হাত কি আরেকবার

এই লোভ আর হিংসার গ্রহে ফিরে আসা সম্ভব?

এখন চল, সবাই মিলে শয়তানের কাছে

 নতজানু হই,  অথবা লখিন্দরের শব নিয়ে

ইন্দ্রের প্রাসাদ অবরোধে শামিল হই।

মিথ্যার বাণিজ্য

বৃষ্টিরা অপেক্ষায় ছিল— মরুতে ফুল ফোটাবে

অথচ ঝড়ের রাতের পর অবশিষ্ট বিষণ্ণতা

হরমুজ প্রণালিতে ভেসে গেল। 

সামান্য অন্তর্বাস না-পরার অপরাধে—

অন্যের স্ত্রী দখলের হালাল প্রয়াস দেখেও

জাতিসংঘ আফিম-ঘোরে মিউমিউ করে।

শুধু কেউ কেউ হারানোর বেদনা নিয়ে 

রাঁদার ভাস্কর্য হয়ে সভ্যতাকে উপহাস করে,

আর কেউ কেউ বিভীষণের চরিত্রে

অভিনয় করে উটের হাততালির অপেক্ষায়।

‘মূর্খরা শান্তি চায় আর জ্ঞানী চায় যুদ্ধ’

একুশ শতকে বসে এই তত্ত্বে বিতর্কে জড়ায়  

তেলের দীর্ঘলাইনে ক্লান্ত পাঠাও-পথিক। আর

মিথ্যার বাণিজ্য ট্যাংকে মানবতা ঘুমিয়ে আছে।