শায়লা নাহার মুক্তি’র কবিতা ও প্রেম
মরণ তোমার - খামখেয়ালী চুম্বনে, খুব আনমনে/ মরণ আমার - সেই দুপুরে সেই সে মধুর দংশনে!
কবিতা, প্রেম
সে আসে না…
অনেকদিন হয় আসে না সে;
মাঝে মাঝে মনে হয়, জানালায় একটু টোকা দিলো কি কেউ!
দরজার বাইরে কামিনী ফুলের মাতাল-করা সৌরভ…
পাশের গলিতে হালকা দ্বিধান্বিত পায়ের আওয়াজ;
ভাবি, এলো কি সে?… অবশেষে?
অভিমানে বসে থাকি স্থির হয়ে
শ্বাস নিতে ভুলে যাই
অথচ জানি খুব ভালোমতোই…
সে আসেনি।
সে আসে —
যখন প্রবল সুনামি ভালোবাসায় ভেসে ডুবে যেতে থাকি
যখন তীব্র বিরহ দহনে পুড়ে পুড়ে ছাই হতে থাকি
তার আসার কোনো সম্ভাবনাই নেই তাই
এখন
রোদন ভরা এ প্রাক-বসন্তে…;
জানুয়ারী ২৩, ২০২৫
চন্দ্রাহত সত্তা এবং একজন বন্ধুর আত্মহত্যা
যখন হঠাৎ তুমি চমকে ওঠো
কোনো এক অস্ফুট অপরাহ্ণে…
কাঁচের ফলকের মতো ভেঙে যায় কারো জীবন।
শুনতে পাও তুমি, ভেসে আসে খবর
আকাশে বাতাসে অন্তরীক্ষে…
তার চলে যাওয়ার খবর
দশ দিগন্ত থেকে
এর মুখে তার চোখে —
তুমি ভাবো: “আমার জানা উচিত ছিলো”
তুমি বলো: “আমারও কিছু করণীয় ছিলো”
গত শুক্রবার তাকে ক্লান্ত দেখাচ্ছিলো খুব;
পাহাড়ে উঠতে উঠতে হারিয়ে যাওয়া একজন আরোহীর মতো
চোখ বুজে শুনছিলো যেন সে হিমবাহ ভেঙে পড়ার আওয়াজ
সুদূরে, অথবা ঠিক তার ক্ষয়ে যাওয়া জুতোর নীচে —
তুমি বলো, “আমিও শুনেছি, কিছু একটা সমস্যা চলছিলো তার…
অমন তো আমারও থাকে, তোমারও… সবারই……
কীভাবে বুঝবো বলো… ও যে সত্যি সত্যিই…”
তারপর রেখে এলে তাকে… পায়ে পায়ে…
সবার সাথে, তুমিও, রেখে এলে বন্ধুকে
৬ ফুট মাটির নীচে;
সেই রাতে, পাশ ফিরলে যখন তুমি
তোমার নরম বিছানায়;
চন্দ্রোদয় দেখতে চাইছিলো তোমার ক্লান্ত হৃদয়…
জানালার ওপার থেকে - চাঁদটাও ব্যথিত চোখে দেখছিলো তোমাকেই,
তুমি দেখলে…
একফালি চাঁদ, একটুকরো জোছনা… ঘন আঁধারের ক্যানভাসে…
রহস্যের আবর্তে ঘেরা নিস্তব্ধ রাত্রি;
অনুভব করলে তুমি…
চাঁদের আলোর মায়াবী শুভ্র নদী আর তার শাখাপ্রশাখা
পাতাঝরা নগ্ন গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে বয়ে যায়
অস্পষ্ট আদরে
আর তুমি উপলব্ধি করো —
কোথাও
কোনো একজন মানুষের জন্য
জীবন আরও, আরও অসহনীয় হয়ে যাচ্ছে
প্রতিটি বয়ে যাওয়া মুহূর্তের সাথে সাথে…
(Mary Oliver-এর “Beaver Moon - The Suicide of a Friend” অবলম্বনে।)
জানুয়ারী ২৩, ২৫, ২০২৫
পর সমাচার এই যে - ১০
ঘুমের ঘোরে ছিলাম।
হঠাৎ বাতাসের শব্দ ভেসে এলো নৈঋত কোণ থেকে… শোঁ শোঁ শোঁ…
সাথে হেমন্তশেষের পাতা ঝরে পড়ার শব্দ -
ঝরা পাতা ভাসতে ভাসতে উড়ে চলে যাওয়ার শব্দ।
শুনছিলাম কি আমি, বাস্তবে?
নাকি স্বপ্নে কেউ ডাকছিলো আমায়…?
অসম্ভব সুন্দর আলোকবর্তিকার নিলীনে বিলীন হয়ে যাওয়ার
বার্তা আসছিলো কি… চেতন-অবচেতনের মধ্যবর্তী কোনো সীমান্তে?
বাতাসের শব্দ বাড়তে থাকলো
মেঘ ডাকতে লাগলো মন্দ্রগম্ভীর স্বরে
বিদ্যুৎচমক চিরে ফেললো নিকষ নিবিড় আকাশের হৃদপিণ্ড
বজ্র কাঁপালো দশদিগন্ত আর আমার সত্তার অন্তঃস্থ কোনো শূন্যতাকে;
ঠিক যেন তার উন্মুক্ত ওষ্ঠের স্পর্শে কেঁপে কেঁপে ওঠা আমার ব্যাকুল তৃষিত অধর
আর আমার অন্তরাত্মা!
তোমাকে খুঁজছে তোমার অতন্দ্রিলা, ঋ,
তুমিও কি খোঁজো তাকে… দেয়ালগুলো যখন তোমায় কংক্রিটের আলিঙ্গনে বেষ্টন করে চূর্ণ বিচূর্ণ করে?
এতো দূরে যেও না…
যেন ঘুরে তাকিয়ে আমায় দেখতেই না পাও; অর্বাচীন তরুণ!
--ইতি, তোমার পথ-হারানো অ্যালবাট্রস
ডিসেম্বর ১৬, ২০২৪, জানুয়ারী ১৬, ২০২৫
পর সমাচার এই যে - ১১
আমাকে দেখতে পাও তুমি এখনো, ঋ?
আমি তোমাকে দেখতে পাই না আর
দেখতে চাই না আর;
মাঝে মাঝে মন যখন চায় তোমাকে স্পর্শ করতে,
ছুঁয়ে আসি তোমার চিঠিগুলোকে।
এক একটি বর্ণ -
তোমার এক একটি চুম্বন!
আমার এক জীবনের চুমু সংরক্ষিত আছে
তোমার আদরমাখা কথার অক্ষরে।
কাউকেই প্রয়োজন নেই আমার আর - এই জীবনে;
অতটাই পূর্ণ করেছিলে আমার সত্তা তুমি, প্রিয় আকাশ আমার…
আমিও কি, তোমার?
তোমার-আমার একটি ভোরের কথোপকথন
জন্ম দিতে পারে এক সহস্র কবিতার!
একদমই অন্যরকম একজন মানুষ তুমি, ঋ,
তুমি কি জানো সেটা?
আমি জানি, এই মুহূর্তে চোখ বন্ধ করে
গাড়ীর জানালায় হাত রাখলাম যখন আমি
অন্য পৃথিবী থেকে তোমার হাতটি রেখেছো তুমি
আমার পাঁচটি আঙুল ছুঁয়ে…
আমাদের সাংকেতিক আদর
স্পর্শ
আঙুলে আঙুল
হাতে হাত
শরীরে শরীর —
শুধু আমাদেরই, প্রিয় কাফকা আমার!
এক জীবনের ছবি এঁকেছি তুমি-আমি
হাতে গোনা কয়েকটি আশ্চর্য দুপুর
মেঘলা বিকেল
মায়াবী সন্ধ্যা
আর নিঃসঙ্গ রাত্রির মৌনতায়।
আমাকে কখনো ছেড়ে যেও না, প্রিয় ঋ,
মনে থাকবে?
ইতি, তোমার গা-ঘেঁষে-বসে-থাকা-আদুরে-পার্সিয়ান-বেড়াল
ডিসেম্বর ২৬, ২০২৪, জানুয়ারী ১৮, ২০২৫
মরণ
মরণ তোমার চোখের ভাঁজে, মরণ তোমার আঙ্গুলে
মরণ আমার বুকের খাঁজে, মরণ সে বাউণ্ডুলে!
মরণ তোমার শ্বাসের ঘোরে… মরণ আমার তৃপ্তিতে
মরণ ভেবে আলিঙ্গনে তোমায় বাঁধি মুক্তিতে!
মরণ আমার - তোমার বুকে ভীষণ কাঁদার স্পন্দনে
মরণ তোমার - আমার পায়ে আলতা দেয়ার রঙ্গনে।
মরণ - যখন কল্পনাতে সাজাও আমায় চন্দনে
মরণ তোমার আমায় ভুলে একলা চলার বন্ধনে!
মরণ আমার - সাত সাগরের এপার থাকার ক্রন্দনে
মরণ তোমার - নিঝুম রাতের হঠাৎ নামা বর্ষণে…
মরণ তোমার - খামখেয়ালী চুম্বনে, খুব আনমনে
মরণ আমার - সেই দুপুরে সেই সে মধুর দংশনে!
মরণ - তোমার শুষ্ক ঠোঁটে আলতো ক্রীমের ছোঁয়ার ক্ষণ
মরণ - আমার পায়েল যখন তোমার অবাধ বৃন্দাবন;
মরণ - সকাল দুপুর সাঁঝে তোমায় আমার সমর্পণ
মরণ - ভ্রান্ত জীবন শেষে আমায় সঁপা তোমার মন।
মরণ যেন কীর্তিনাশার পার ভাঙা সে জলোচ্ছ্বাস
মরণ যেন তোমার বুকে আমার নিঘুম স্বপ্নবাস।
মরণ আমায় ডাক দিয়ে যায়, মরণ তোমায় যায় ছাড়ি
মরণ? - সে তো নিবিড় প্রণয়, বুঝবে কবে ব্রহ্মচারী?
জুন ৩-৬, ২০২৪
